📄 চীন ও আগামীর বিশ্ব
"Let China Sleep, for when she wakes, she will shake the world." - Napoleon Bonaparte
ভূমিকা: বিংশ শতাব্দীতে যুদ্ধ হয়েছিল স্থলে আর একবিংশ শতাব্দীতে যুদ্ধ হবে পানিতে। তাই একুশ শতককে "Naval Century" হিসেবে আখ্যায়িত করা হয়। ইউরোপে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল ভূখণ্ডকে কেন্দ্র করে। এই শতকে পূর্ব এশিয়াতে যুদ্ধ হবে সমুদ্রের দখলকে কেন্দ্র করে। তাই বলা হয়- “Europe is a landscape; East Asia is a seascape”। শক্তির দিক থেকে চীন একইসাথে অনেক বড় এবং অনেক ছোট। চীন অনেক বড় ও শক্তিশালী এই অর্থে যে, রাশিয়ার পূর্ব সীমানা থেকে শুরু করে দূরপ্রাচ্য, সেন্ট্রাল এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত চীনের বহিরাগত আধিপত্য। আর চীন অনেক ছোট ও দুর্বল এই অর্থে যে, চীনের মূল ভূখণ্ডের ভিতরেই অনেক জাতিগোষ্ঠী (Turks, Tibetans, Inner-Mongolians) রয়েছে যারা আসলে চাইনিজ জাতীয়তাবাদে বিশ্বাসী না। ফলে চীনে যে-কোনো সময় ইথনিক কনফ্লিক্ট দেখা দিতে পারে। এমনকি বর্তমানে হংকং ও তাইওয়ান প্রচণ্ড চীন বিরোধী; যা চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি। চীন সেই অভ্যন্তরীণ আগাম হুমকি মোকাবিলার জন্য তিব্বতি, তাইওয়ানিজ, এমনকি বিরুদ্ধ মতবাদে বিশ্বাসী রাজনৈতিক নেতাদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে। যে কারণে পশ্চিমারা চীনকে "Prison of Nations" হিসেবে অভিহিত করছে। একই ভাবে ‘পূর্ব তুর্কিস্তান স্বাধীনতা আন্দোলন' দমনের নামে উইঘুরদের উপর অমানবিক দমন-পীড়ন চালাচ্ছে চীন। এই নির্যাতনের মাধ্যমে বর্তমান চীনা সরকার উইঘুর অঞ্চলটিকে একটি Political Limbo বা রাজনৈতিক জাহান্নামে পরিণত করেছে। তাই এই অধ্যায়ে আমরা পরাশক্তি হিসেবে চীনের উত্থান, চীনকে কেন্দ্র করে ভূরাজনৈতিক সমীকরণ এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব।
চীন যেভাবে পরাশক্তি হয়ে ওঠে
উন্নত অ্যাকাডেমিক ডিসকোর্সে আধুনিকীকরণ বা modernization শব্দটি সর্বত্র এবং অধিক ব্যবহৃত হওয়ায় একটি জনপ্রিয় শব্দে পরিণত হয়েছে। একই ভাবে বিভিন্ন ডিসিপ্লিনে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হওয়ায় শব্দটি দ্ব্যর্থবোধকও বটে। শক্তির দিক থেকে সামরিক অগ্রগতিকে বলা হচ্ছে আধুনিকীকরণ। অর্থনৈতিক দিক থেকে শিল্পায়ন, নগরায়ণ ও পশ্চিমাদের অনুসরণকে বলা হচ্ছে আধুনিকীকরণ। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সমাজের পুরাতন কিছু বাদ হওয়া এবং নতুন করে কোনো কিছু যোগ হওয়া তথা সমাজের পরিবর্তনকেই বলা হচ্ছে আধুনিকীকরণ। দর্শনের দৃষ্টিকোণ থেকে পরিবর্তন প্রথমে আসে মনে তথা আমাদের চিন্তা চেতনায় যে পরিবর্তন, রাজনীতিবিদ ও এলিটদের মননে মগজে সমষ্টিগত দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন সেটাই আধুনিকীকরণ (Progressive Realization)। চীনের আধুনিকীকরণের যাত্রা শুরু হয় ১৮৪০ সাল থেকে। মোট পাঁচটি ধাপে চীন আজকের পরাশক্তিতে পরিণত হয়েছে।
China's First Attempt: Military Modernization
মানব সভ্যতার অন্যতম সূতিকাগার চৈনিক সভ্যতা। এটি গড়ে উঠেছিল হুয়াংহো নদীর তীরে। চীন ছিল পূর্ব এশিয়ার সবচেয়ে আধিপত্য বিস্তারকারী সভ্যতা। প্রাচীনকাল থেকেই চীন বিভিন্ন স্থানীয় সাম্রাজ্য কর্তৃক শাসিত হয়েছে। আজকের আধুনিক চীন অতীতে ছোট ছোট রাজ্যেও বিভক্ত ছিল। প্রাচীনকাল থেকে ১৪ শতাব্দী পর্যন্ত সিয়া সাম্রাজ্য, শাং সাম্রাজ্য, চৌ রাজবংশ, ছিন সাম্রাজ্য, জিন সাম্রাজ্য, সুই সাম্রাজ্য, তাং সাম্রাজ্য, সং, লিয়াও, ঝিন এবং পশ্চিম সিয়া সম্রাজ্য, ইউয়ান সাম্রাজ্য ইত্যাদি চীনকে শাসন করে। কাগজ, ছাপাখানা, বারুদ, চীনামাটি, রেশম এবং দিকনির্ণায়ক কম্পাস সবই চীনে প্রথম উদ্ভাবিত হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে। তারপর ১৩৬৮ থেকে ১৬৪৪ সাল পর্যন্ত শক্তিশালী মিং সাম্রাজ্য চীনকে শাসন করে। মিং শাসকরা একচ্ছত্র স্বৈরশাসক হলেও তাদের আমলেই ব্যক্তিগত দাসপ্রথা রহিত করা হয়। ফলশ্রুতিতে চীনে স্বাধীন কৃষকশ্রেণির আবির্ভাব হয়। তাদের শাসনামলে কৃষি নির্ভর চীন সমাজে ধীরে ধীরে দারিদ্র্য কমতে থাকে। তারপর আসে কিং রাজবংশ (Qing Dynasty)। চীনের ইতিহাসের সর্বশেষ রাজবংশ হচ্ছে এই কিং রাজবংশ। তাদের শাসনামল ছিল ১৬৪৪ থেকে ১৯১১ পর্যন্ত। এই কিং সাম্রাজ্যের বিখ্যাত শাসক হচ্ছেন কিয়ালং সম্রাট, যার শাসনামলে চীনের অনেক সমৃদ্ধি সাধিত হয়। কিন্তু পরবর্তী শাসকরা সেই সমৃদ্ধি ধরে রাখতে পারেনি। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো পূর্ব এশিয়ায় আগমন করলে চীনের রাজনৈতিক শক্তি বিপদাপন্ন হয়ে পড়ে। ১৯ শতকে এসে ধীরে ধীরে দুর্বল হতে থাকে কিং সাম্রাজ্য। পশ্চিমা শক্তির দ্বারা নানা হুমকির সম্মুখীন হয়। ১৮৪০ সালে প্রথম আফিম যুদ্ধে (Opium War) চীন ব্রিটিশ সাম্রাজ্যের কাছে পরাজিত হয়। ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং চীনের হাতছাড়া হয়ে যায়। এর আগে পুর্তগিজরা দখল করে নিয়েছিল চীনের ম্যাকাও প্রদেশ। পশ্চিমারা চীনের বাজার দখল করে নেয়। চীন পরিণত হয় পশ্চিমাদের করদ রাজ্যে (Tributary State)। হংকং হাতছাড়া হওয়া, নানকিং চুক্তি, চীন পশ্চিমা ষড়যন্ত্রের শিকার হওয়া ইত্যাদি বিষয়গুলো চীনের ইতিহাসে Military Humiliation বা মানহানিকর হিসেবে পরিচিত।
তখন চায়নার বুদ্ধিবৃত্তিক সমাজ এবং নীতিনির্ধারকরা বুঝতে পারল যে, সাম্রাজ্যবাদী শক্তি থেকে রক্ষা পেতে চীনকে সামরিকভাবে শক্তিশালী হতে হবে। তখন ১৮৬০ সালে লি হংজ্যাং ও জেং গোফানের নেতৃত্বে শুরু হয় সামরিক বাহিনীর আধুনিকায়ন। চীনে চালু হয় মিলিটারি অ্যাকাডেমি, সিনিয়র কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ইউরোপে পাঠানো হয়, অস্ত্র ও জাহাজ তৈরির কারখানা তৈরি হয়, কারখানাগুলোতে তৈরি করা হয় আধুনিক বন্দুক ও মেশিন, চীনে শুরু হয় ব্যাপক হারে শিল্পায়ন। চীনকে শক্তিশালী করার এই প্রোগ্রামগুলো টার্ম হিসেবে "Self-Strengthening Movement" বা China's First Attempt At Modernization হিসেবে পরিচিত। যেহেতু সবগুলো প্রোগ্রাম ছিল চীনকে সামরিকভাবে শক্তিশালী করার প্রয়াস তাই এটিকে Military Modernization বা সামরিক আধুনিকীকরণও বলা হয়। যে-সকল চৈনিক নাগরিক উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন তথা ইউরোপে গিয়েছিল তাদেরকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ডিপ্লোমেটিক সার্ভিসের বিভিন্ন উচ্চপদে বসানো হয়।
China's Second Attempt: Political Modernization
চীনের আধুনিক হওয়ার প্রথম পদক্ষেপটি তথা সামরিক আধুনিকীকরণ অনেকটা ব্যর্থ হয়। কারণ ১৮৯৫ সালে জাপান পুনরায় চীনে আক্রমণ করে এবং জাপানের সাথে চীন পরাজিত হয়। চীনের অবস্থা একেবারে শোচনীয় পর্যায়ে পৌঁছে। কিং সাম্রাজ্য অভ্যন্তরীণ কোন্দলে একেবারে পতনের মুখে পতিত হয়। তখন ১৮৯৮ সালে উহানের গভর্নর জেনারেল জেং জিদং এবং কিং সাম্রাজ্যের প্রভাবশালী গৃহশিক্ষক ওয়েং ডং এর নেতৃত্বে শুরু হয় রাজনৈতিক সংস্কার। উল্লেখ্য, ওয়েং ডং ছিলেন কনফুসিয়াস দর্শনের একজন পণ্ডিত। তারা মত দিলেন যে, চীনকে শুধু সামরিকভাবে শক্তিশালী হলেই চলবে না বরং রাজনৈতিকভাবে সুসংগঠিত হতে হবে এবং জনগণকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এরই অংশ হিসেবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তকে কনফুসীয় দর্শন অন্তর্ভুক্ত করা হয়। রাজনৈতিক আধুনিকীকরণের লক্ষ্যে চীনের লিগ্যাল সিস্টেমে পরিবর্তন আনা হয়, ন্যাশনাল অ্যাসেম্বলি প্রতিষ্ঠা করা হয়, বেইজিং এ একটি পার্লামেন্ট তৈরি করা হয়, একটি সংবিধানও প্রণীত হয়। রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কার আনয়নের উদ্দেশ্যে গ্রহণ করা হয় "Hundred Day Reform" নামে একটি কর্মশালা। ১৮৯৮ সালের ১১ জুন থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই সংস্কার কর্মসূচি চলে। উপরিউক্ত এই রাজনৈতিক পদক্ষেপগুলো চীনকে আধুনিক করে তোলার দ্বিতীয় পদক্ষেপ (Second Attempt) হিসেবে পরিচিত; যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক আধুনিকীকরণ।
China's Third Attempt: Fragmented Modernization
১৯১২ সাল থেকে ১৯৪৯ পর্যন্ত সময়টি চীনের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এই সময়টিতে চীনকে বলা হতো "চীন প্রজাতন্ত্র"। দীর্ঘ দুই হাজার বছর ধরে চলমান রাজতন্ত্রের অধীনে চীনের আশানুরূপ উন্নত হয়নি। দুর্বল চীনকে কখনো আক্রমণ করতে থাকে জাপান, কখনো ব্রিটেন, কখনো আবার জার্মানি। চীন একেক করে হারাতে থাকে তার ভূখণ্ড। চীনের সাথে অযৌক্তিক নানা চুক্তি সম্পাদনের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করতে থাকে ইউরোপীয়রা। চীনের পার্শ্ববর্তী রাষ্ট্র জাপান ভৌগোলিক সীমানা এবং জনসংখ্যা উভয় দিক থেকেই চীনের তুলনায় নগণ্য। কিন্তু সম্রাট মেইজি যখন জাপানের ক্ষমতায় বসে তখন রাতারাতি পাল্টে গিয়েছিল জাপান। জাপান হয়ে ওঠে অনেক শক্তিশালী। আজকের কোরিয়া শত শত বছর ধরে চীনের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রদেশ ছিল। কিন্তু জাপানের সহযোগিতায় কোরিয়া চীন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আজকের একুশ শতকে এসেও জাপানের সাথে চীনের যে শত্রুতা সেটির গোড়াপত্তন অতীতকাল থেকেই। চীনা রাজতন্ত্রের দুর্বলতার কারণে বিংশ শতাব্দীর শুরুতেই চীনে রাজতন্ত্র বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। ১৯১১ সালে তরুণ নাগরিক থেকে শুরু করে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং ছাত্রসমাজ রাজতন্ত্র উৎখাত করতে আন্দোলন শুরু করেন। এই জাতীয়তাবাদী আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন সান ইয়াত সেন। তাই তাঁকে আধুনিক চীনের জনক বলা হয়। রাজতন্ত্র উচ্ছেদের পূর্বে সেনাপতি ইউয়ান সিকাই এর সাথে একটি চুক্তি হয়েছিল সান ইয়াত সেনের। চুক্তি অনুযায়ী সান ইয়াত সেন হবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, আর ইউয়ান সিকাই হবেন চীনের পরবর্তী প্রেসিডেন্ট। কারণ সান ইয়াত সেনের কাছে ক্ষমতায় থাকা মূল বিষয়বস্তু ছিল না। মূল বিষয় ছিল যে করেই হোক রাজতন্ত্রের উৎখাত। অবশেষে তাদের নেতৃত্বে ১৯১২ সালের ফেব্রুয়ারিতে পতন হয় চীনা রাজতন্ত্রের। দীর্ঘ দুই হাজার বছরের রাজতন্ত্র অবসানের পর চীন আত্মপ্রকাশ করে চীন প্রজাতন্ত্র হিসেবে (The Republic of China)। ১৯১৬ সালে মারা যান ইউয়ান সিকাই, আর ১৯২৫ সালে মারা যান আধুনিক চীনের জনক সান ইয়াত সেন।
তারপর চীনের রাজনীতি মোড় নেয় অন্যদিকে। চীনে তখন রাজনৈতিক পার্টি ছিল দুইটি। একটি হচ্ছে জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যার নাম Chinese Nationalist Party। জাতীয়তাবাদী নেতা সান ইয়াত সেনকে সম্মানার্থে এই দলের আজীবন প্রিমিয়ার হিসেবে রাখা হয়েছে। ১৯১৯ সালে গঠিত হওয়া এই দলটির আরেকটি ঐতিহাসিক নাম হচ্ছে কুয়িমিংতাং (Kuomintang)। পরবর্তীতে এই পার্টির সর্বেসর্বা হন জেনারেল চিয়াং কাইশেক। অন্যদিকে চীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলটি হচ্ছে Chinese Communist Party (CCP), যা সমাজতান্ত্রিক রাজনৈতিক দল। কমিউনিস্ট দলটি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাও সেতুং এই কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার পর শুরু হয় রাজনৈতিক অস্থিতিশীলতা। চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি ও চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে শুরু হয় কনফ্লিক্ট। ১৯২৭ সালে ন্যাশনালিস্ট পার্টির চিয়াং কাইশেক কমিউনিস্টদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। চিয়াং কাইশেক ও ন্যাশনালিস্ট পার্টিকে সহযোগিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মাও সেতুংও শুরু করলেন লং মার্চ। উভয় দলের কোন্দলে চীনে শুরু হয় গৃহযুদ্ধ। মাও সেতুং ও কমিউনিস্ট পার্টিকে সহযোগিতা করে রাশিয়া। চীনে যখন এরকম অরাজকতা বিরাজমান এই সুযোগে ১৯৩৭ সালে সাম্রাজ্যবাদী জাপান আক্রমণ করে বসে চীনে। রাজধানী নানজিং এ গণহত্যা চালায় জাপানি সৈন্যরা। জাপানকে মোকাবিলা করতে দুই পার্টি সাময়িক সময়ের জন্য দ্বন্দ্ব ভুলে একত্রিত হয়। ১৪ বছর যাবত চীন-জাপান যুদ্ধ চলমান ছিল (১৯৩১-৪৫)। এটিকে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অংশও বলা যায়। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর ১৫ আগস্ট চীন-জাপান যুদ্ধের অবসান হয়।
যুদ্ধ শেষে সোভিয়েত রাশিয়ার নেতা স্ট্যালিনের সহায়তায় মাও সেতুং ও তার কমিউনিস্ট দল শক্তিশালী হয়ে ওঠে। তাই চিয়াং কাইশেকের ন্যাশনালিস্ট দলের উপর চলে দমন-পীড়ন অভিযান। ফলশ্রুতিতে ১৯৪৯ সালে চিয়াং কাইশেক ও তার দলের বিপুল সংখ্যক নেতাকর্মী চীনের মূল ভূখণ্ড ছেড়ে পালিয়ে তাইওয়ানে আশ্রয় গ্রহণ করেন। মূল চীনে কমিউনিস্ট পার্টির ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৯ সালের ১লা অক্টোবর মাও সেতুং গণপ্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন। উল্লেখ্য, ১৯১১ সালে রাজতন্ত্র পতনের পর চীনের নাম রাখা হয়েছিল চীন প্রজাতন্ত্র (The Republic Of China)। কিন্তু ১৯৪৯ সালে চীনে মাও সেতুং এর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর চীনের নতুন নাম রাখা হয় গণপ্রজাতান্ত্রিক চীন (The People's Republic of China)। ১৯১২-১৯৪৯ এই দীর্ঘ সময় ধরে চীনে অস্থিতিশীলতা, গৃহযুদ্ধ, চীন-জাপান যুদ্ধ ইত্যাদির কারণে তেমন উন্নয়ন ঘটেনি। তাই এই সময়টিকে বলা হয় Fragmented Modernization বা খণ্ড-বিচ্ছিন্ন আধুনিকীকরণ।
China's Fourth Attempt: Soviet Model Modernization
১৯৪৯ সালে চীন সোভিয়েত ইউনিয়নের অন্যতম মিত্রে পরিণত হয়। মাও সেতুং মস্কো সফর করেন এবং সোভিয়েত ইউনিয়নের কাছে আর্থিক সহায়তার কথা বলেন। তখন চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, সকল কৃষি জমি ও ইন্ডাস্ট্রি রাষ্ট্রায়ত্ত করা হয়। কৃষির পরিবর্তে ব্যাপক শিল্পায়নের প্রতি জোর দিলেন মাও সেতুং সরকার। কিন্তু কয়েকবছরের মধ্যেই দেখা যায় চীনে সোভিয়েত স্টাইল সমাজতন্ত্র কাজ করছে না। মাও সেতুং সিদ্ধান্ত নিলেন শিল্পায়নের পরিবর্তে পুরাতন কৃষি ব্যবস্থায় ফিরে যাবেন। মাও নতুন অর্থনৈতিক পলিসি গ্রহণ করলেন যেটি ইতিহাসে "The Maoist Model" হিসেবে পরিচিত। এই মাওয়িস্ট মডেলের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল ব্যক্তিমালিকানাধীন কৃষি জমির পরিবর্তে সমবায় ভিত্তিক কৃষি কাজ শুরু করা। বিশাল সংখ্যক কৃষক একসাথে কাজ করার এই সিস্টেমকে কমিউন সিস্টেম (Commune System) বলা হয়। মাও সেতুং এর অর্থনীতিতে মাওয়িস্ট মডেল আর কৃষিতে কমিউন সিস্টেম ইত্যাদি পলিসিকে Great Leap Forward বলা হয়। মাও সেতুং এর এসব পলিসি ১৯৬০ সালে ব্যর্থতায় পর্যবসিত হয়। ১৯৬৬ সালে মাও সেতুং নতুন করে আরেকটি পরিকল্পনা গ্রহণ করেন। নতুন এই প্রোগ্রামের নাম দেন Cultural Revolution বা সাংস্কৃতিক বিপ্লব। সাংস্কৃতিক বিপ্লবের অংশ হিসেবে পুরো দেশে কমিউনিজম প্রচারে মাও ছাত্র থেকে শুরু করে শিক্ষক, কৃষক, সেনা কর্মকর্তা, সরকারি আমলা সবাইকে শাসনব্যবস্থায় অন্তর্ভুক্ত করেন।
সময়টি তখন স্নায়ুযুদ্ধ চলাকালীন। আমেরিকার সাথে সোভিয়েত ইউনিয়নের দ্বন্দ্ব চরমে। সোভিয়েত ইউনিয়নেও ক্ষমতার পালাবদল হয়েছিল। স্ট্যালিনের পর ১৯৫৪ সালে সোভিয়েত প্রেসিডেন্ট হয়েছিলেন নিকিতা ক্রুশ্চেভ। নিকিতা ক্রুশ্চেভের সাথে চীনের মাও সেতুং এর সম্পর্ক ভালো ছিল না। চীন মনে করল সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের আসল আদর্শ থেকে সরে গিয়েছে, তাই চীনই একমাত্র সমাজতন্ত্রের রক্ষাকর্তা। ১৯৬৯ সালে চীন-সোভিয়েত সীমান্তে একটি দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একটি সংঘাত হয়। চীনা সৈন্যদের আক্রমণে প্রায় অর্ধশতাধিক সোভিয়েত সৈন্য নিহত হয়। এভাবে চীনের সাথে রাশিয়ার সম্পর্ক কিছুটা খারাপ হয়। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। চীন-সোভিয়েত দ্বন্দ্বের এই সুযোগে রিচার্ড নিক্সন চীনের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিলেন। ১৯৭২ সালে চীন সফরে আসেন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। এই সফরের ফলশ্রুতিতে জাতিসংঘ থেকে তাইওয়ানের সদস্যপদ বাতিল করা হয়। ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘে চীনকে প্রতিনিধিত্ব করেছিল তাইওয়ান। তারপর থেকেই জাতিসংঘে চীন বলতে মেইন ল্যান্ডকেই বোঝানো হয়। ১৯৭৬ সালে মাও সেতুং মারা যায়।
China's Fifth Modernization: The Dengist Model
মাও সেতুং এর মৃত্যুর পর দেং জিয়াওপিং কমিউনিস্ট পার্টির একচ্ছত্র নেতা হিসাবে আবির্ভূত হন। দেং জিয়াওপিং ১৯৭৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চীনের নেতা ছিলেন। যদিও তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না কিন্তু কমিউনিস্ট পার্টিতে তার দৃঢ় প্রভাব ছিল এবং তার কথামতোই সকল পলিসি গৃহীত হতো। তিনি লক্ষ্য করলেন ১৯৪৯ সালে চীনে সোভিয়েত স্টাইলের সমাজতন্ত্র কায়েমের তিন দশক হয়ে গেলেও চীনের অর্থনীতিতে কোনো উন্নতি হয়নি। চীনের আশি শতাংশ লোক এখনো দরিদ্র। তাই তিনি সংস্কার আনলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পলিসিতে। সিদ্ধান্ত নিলেন চীনের রাজনীতি হবে সমাজতান্ত্রিক কিন্তু অর্থনীতি হবে পুঁজিবাদী। অর্থাৎ- Socialism in politics, Capitalism in economics। চীনে একদলীয় শাসনই বজায় থাকবে কিন্তু অর্থনীতি হবে পশ্চিমা ধাঁচের ক্যাপিটালিস্টিক।
দেং এর বিখ্যাত একটি উক্তি আছে, "বিড়াল সাদা নাকি কালো সেটি বড় কথা নয়, বড় কথা হলো বিড়াল ইঁদুর মারতে পারে কি না।" এই উক্তি দ্বারা দেং মূলত বোঝাতে চেয়েছেন, সমাজতান্ত্রিক অর্থনীতি নাকি পুঁজিবাদী অর্থনীতি এসব কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে ধরনের অর্থনীতি চীনের জন্য উপযোগী সেটাই আমরা গ্রহণ করব। দেং জিওয়াপিং এর নেতৃত্বে চীন অর্থনীতিতে পুঁজিবাদী সিস্টেম গ্রহণ করে এবং পশ্চিমা বিনিয়োগকারীদের জন্য চীনের বাজার উন্মুক্ত করে দেয়। কমিউনিস্ট পার্টির ভাষায় যাকে বলা হলো চৈনিক পদ্ধতির সমাজতন্ত্র (Chinese Model of Socialism)। তারপর থেকেই বিদ্যুৎ গতিতে চীন বদলে যেতে লাগল। ১৯৯৭ সাল পর্যন্ত দেং জিয়াওপিং চীনের ক্ষমতায় ছিলেন। এছাড়াও তিনি চীনকে আধুনিক ও পরাশক্তি করে গড়ে তুলতে চারটি পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমত, Agriculture (কৃষি)- কৃষিকে বলা হলো চীনা অর্থনীতির মেরুদণ্ড। তাই কৃষিকে আধুনিকায়ন করতে গ্রহণ করা হলো 'Agricultural Responsibility System'। এর মানে হচ্ছে, পূর্বের সমবায় পদ্ধতি বাতিল করে কৃষি জমির মালিকানা সরকারের পরিবর্তে কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো, কৃষকদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দেওয়া হলো, প্রতিটি গ্রামাঞ্চলে বিদ্যুৎ সাপ্লাইয়ের ব্যবস্থা করা হলো, কৃষকদেরকে উন্নত কীটনাশক সরবরাহ করা হলো, কৃষি পরামর্শ দেওয়ার জন্য এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হলো। রাতারাতি পাল্টে যায় চীনের কৃষি ব্যবস্থা। দ্বিতীয়ত, Industry (কলকারখানা)- আধুনিকীকরণের দ্বিতীয় পদক্ষেপ কলকারখানা নিয়ে।
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে সুযোগ করে দেওয়া হয়। সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে শুরু করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন। টুরিজম সেক্টরকে উন্মুক্ত করে দেওয়া হয়, শিল্পায়নের অর্থায়ন যোগাতে বৈদেশিক ঋণ গ্রহণ করা হয়, প্রাইভেট ফাইনেন্সিং সিস্টেম চালু করা হয়। তৃতীয়ত, Science and Technology- পূর্ববর্তী সকল পলিসি বাতিল করে বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দেওয়া হয়। উচ্চশিক্ষা ও অ্যাকাডেমিক যোগ্যতার উপর গুরুত্বারোপ করা হয়, হাজার হাজার স্কলারদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়, গুরুত্বপূর্ণ পদে বিশেষজ্ঞদের বসানো হয়। চতুর্থত, Defence (প্রতিরক্ষা খাত)- চীনা সেনাবাহিনীর পুনর্গঠন এর সিদ্ধান্ত নেওয়া হয়। সেনাবাহিনীদের মধ্যে দেশপ্রেম জাগ্রতকরণ থেকে শুরু করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মূলত কৃষি ও কলকারখানায় ইতোমধ্যে ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ায় আধুনিক মিলিটারি সরঞ্জাম ক্রয় করতে বেগ পোহাতে হয়নি চীনের। এ যেন নতুন এক চীন। ১৯৪৯ সালের চীন আর ২০০০ সালের চীনের মধ্যে আকাশ পাতালের ফারাক। মাত্র পঞ্চাশ বছরেই চীন বিশ্বের পরাশক্তি হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। মাঝখানে ১৯৮৯ সালে চীনে একটু রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। চীনে একদলীয় শাসনব্যবস্থার সমালোচনা করে গণতন্ত্রের দাবিতে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে ছাত্রদের বিশাল বিক্ষোভ হয়েছিল। কিন্তু কমিউনিস্ট সরকার সেই বিক্ষোভ সফলতার সাথে দমন করে। ২০০১ সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করে। ফলশ্রুতিতে পণ্যদ্রব্য বিশ্ববাজারে রপ্তানি করার সুযোগ পায় চীন। পরবর্তীতে জিয়াং জেমিন ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত চীনের প্রেসিডেন্ট ছিলেন।
২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত হু জিনতাও (Hu Jintao) চীনের প্রেসিডেন্ট ছিলেন। তারপর ২০১৩ থেকে এখন অবধি শি জিনপিং চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং এর নেতৃত্বে বিশ্বজুডে চীন তার রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাবকে ব্যাপক প্রসারিত করেছে। বর্তমানে আমরা যে চীন নিয়ে আলোচনা করছি তা হলো দেং জিয়াওপিংয়ের দ্বিতীয় বিপ্লবের বাস্তব রূপ। এজন্য শি জিনপিংকে বলা হয় দেং জিয়াওপিং এর যোগ্য উত্তরসূরি। চীন এখন শি জিনপিংয়ের 'তৃতীয় বিপ্লব' এর যুগে প্রবেশ করেছে। এই বিপ্লবের উদ্দেশ্য বিশ্বব্যাপী রাজনৈতিক চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হওয়া। বর্তমানে পৃথিবীর এক-পঞ্চমাংশ জনগোষ্ঠী চীনে বাস করে। চিন্তার আধিপত্যবাদের অংশ হিসেবে চীনও কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে দুনিয়াজুড়ে তাদের ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য ছড়িয়ে দিতে প্রয়াস চালাচ্ছে। ব্রিটেন, আমেরিকার মতো চীনও তার সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে মরিয়া হয়ে উঠছে। চীনা বিজনেস করপোরেশন, চায়না মোবাইল, হুয়াওয়ে, লেনোভো, টেনসেন্ট হোল্ডিংস, আন্ট গ্রুপ, আলিবাবা, বাইদু ইন করপোরেটেড এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না ইত্যাদি বিশ্বব্যাপী চীনা ব্যবসা বিস্তারের অন্যতম ল্যান্ডস্কেপ হয়ে উঠছে। এমনকি ভারতের সাথে চীনের বিদ্বেষ থাকলেও ভারতে ব্যবহৃত প্রধান চারটি স্মার্টফোনই চীনের তৈরি। হুয়াওয়ে দখল করে নিয়েছে ব্রাজিলের ফাইভ-জির মার্কেট।
শি জিনপিং শুধু আন্তর্জাতিকভাবে চীনের আধিপত্য প্রতিষ্ঠা করাই নয় বরং নিজের ক্ষমতাকেও পাকাপোক্ত করে নিয়েছেন। ২০১৮ সালের শুরুতে চীনের শীর্ষ নেতা শি জিনপিং এর নির্দিষ্ট মেয়াদের সময়সীমা প্রত্যাহারের প্রস্তাব ন্যাশনাল পিপলস কংগ্রেসে অনুমোদিত হয়েছে। নব্বই এর দশকে চীনে প্রেসিডেন্টের জন্য দু মেয়াদ নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ একজন দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না। কিন্তু এখন এ বিধান প্রত্যাহার করে নেয়ায় প্রেসিডেন্ট শি জিনপিং 'আজীবন ক্ষমতায়' থাকতে পারবেন। ২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তার বর্তমান মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন। তাছাড়াও চীনের অসংখ্য মানুষ শি জিনপিংকে দেবতার (Demigod) মতো মনে করে। তার মতাদর্শ জণগণের মধ্যে ছড়িয়ে দিতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। স্কুল-কলেজের বই সংস্করণ করে সেখানকার সিলেবাসের মধ্যে তার ভিশন, পরিকল্পনা, চিন্তা ও মতাদর্শকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যে-সকল রিয়ালিটি শো পশ্চিমা সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত সেগুলো চীন থেকে নিষিদ্ধ করা হয়েছে। অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে কমিউনিস্ট পার্টির মতাদর্শ অনুযায়ী কনটেন্ট তৈরি করার। এখন পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির উপর সেনাবাহিনীর সমর্থন থাকায় চীনে একদলীয় শাসন টিকে আছে। অর্থনীতিতে চীন নানা পলিসি নিচ্ছে, এক পলিসি কাজ না করলে অন্য পলিসি নিচ্ছে কিন্তু রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে চীন অনেক সতর্ক। চীনের সকলকে একদলীয় শাসন মেনে নিয়েই থাকতে হচ্ছে। কমিউনিস্ট পার্টির উপর চীনা সেনাবাহিনী সমর্থন যতদিন থাকবে চীনে একদলীয় শাসনও ততদিন টিকে থাকবে। এজন্যই সেনাবাহিনীর প্রথম দিকের পদগুলোতে বসানো হচ্ছে পার্টির উপর লয়াল্টি আছে এমন সব লোকদের।
ভূরাজনৈতিক দ্বন্দ্ব ও কিছু সমীকরণ
চীনের বর্তমান রাজনীতি বুঝতে কিছুটা ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণের দাবি রাখে। যেহেতু অনেকগুলো বিষয় একসাথে তাই এই পর্বটি একটু জটিল হলেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চীনের অভ্যন্তরীণ কোন্দল, প্রতিবেশি রাষ্ট্রগুলোর সাথে বৈরিতা, এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সাথে দ্বন্দ্ব, দক্ষিণ চীন সাগরের অংশীদার রাষ্ট্রগুলোর সাথে নানামুখী সংঘাত ইত্যাদি একুশ শতকের চীনকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। বিতর্কিত অঞ্চলগুলো নিয়ে দেখা দেবে বহুমাত্রিক ভূরাজনৈতিক দ্বন্দ্ব। যেটিকে আমরা 'Geopolitical Tug Of War' হিসেবেও কল্পনা করতে পারি।
১. সীমান্তে প্রতিযোগিতা: The Geopolitical Jousting
মোট ১৪টি রাষ্ট্রের সাথে চীনের সীমান্ত রয়েছে। চীনের পূর্ব দিকে উত্তর কোরিয়া, উত্তর দিকে মঙ্গোলিয়া, উত্তর-পূর্ব দিকে রাশিয়া, উত্তর-পশ্চিম দিকে কাজাকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল ও ভুটান, দক্ষিণ দিকে মিয়ানমার, লাওস ও ভিয়েতনাম। বিতর্কিত অঞ্চলে ভারত-সহ অন্যান্য প্রতিবেশি দেশগুলোর সাথে চীনের প্রতিদ্বন্দ্বিতা চলছে।
২. দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশ: The Incursion in South China Sea
ভৌগোলিক বিবেচনায় দক্ষিণ চীন সাগর পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গায় অবস্থিত। এই সাগরের আশেপাশের দেশগুলো হলো চীন, ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পূর্ব তিমুর, জাপান ও কোকোস আইল্যান্ড (অস্ট্রেলিয়া)। কিন্তু চীন দক্ষিণ চীন সাগরকে একাই দখল করে নিতে চায়। এই সাগর নিয়ে বিরোধের কারণ হচ্ছে -এর নিচে থাকা ১১ বিলিয়ন ব্যারেল তেল ও ১৯০ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস। তেল, গ্যাস, মৎস্য ইত্যাদি সম্পদের দাবিদার এই অঞ্চলের দেশ ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম, যা নিয়ে চীনের সাথে দ্বন্দ্বের সূত্রপাত। এটি নিয়ে একটু পরেই আমরা বিস্তারিত আলোচনা করব।
৩. ইন্দো-প্যাসিফিক অঞ্চল: Naval Aggression in the Indo Pacific Region
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হয়ে উঠেছে পরাশক্তিগুলোর সামরিক শক্তি প্রদর্শনের অন্যতম জায়গা। প্রথমত, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলতে মূলত দূরপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওশেনিয়া মহাদেশ নিয়ে গঠিত বিস্তৃত অঞ্চলকে বোঝায়, যেখানে ত্রিশটিরও অধিক রাষ্ট্র রয়েছে। দ্বিতীয়ত, জাপানের হনসু, হোক্কাইডো, ওয়াকিনওয়া এবং ইন্দোনেশিয়ার জাভা, সুমাত্রা, বোর্নিও এর মতো গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ এ অঞ্চলেই অবস্থিত। বিরোধপূর্ণ কুড়িল, শাখালিন, স্প্রাটলী, প্যারাসেল দ্বীপপূঞ্জ এ অঞ্চলেই। তৃতীয়ত, মালাক্কা, ম্যাকসার, সুন্দা, লুজান, জাভা, পক প্রণালির মতো গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বিশ্ববাণিজ্যের হৃৎপিন্ডে (The Heart of World Trade) পরিণত করেছে। উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানি পথ মালাক্কা প্রণালি। চতুর্থত, জিবাল্টার প্রণালি হয়ে ভূমধ্যসাগর, তারপর সুয়েজখাল পাড়ি দিয়ে লোহিত সাগর, তারপর বাব এলমান্দেব দিয়ে আরবসাগর হয়ে ভারত মহাসাগর, তারপর বঙ্গোপসাগর ও মালাক্কা প্রণালি হয়ে দক্ষিণ চীন সাগর পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটেজিক সমুদ্রপথ আন্তজার্তিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। কারণ বিশ্বঅর্থনীতির এক-তৃতীয়াংশ বাণিজ্য হয়ে থাকে এই পথ দিয়েই। তাই এই এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক জোট কোয়াড বা অকাসকে মোকাবিলা করতে চীনও তার নৌবাহিনীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি করছে।
৪. লাদাখ নিয়ে চীন-ভারত দ্বন্দ্ব: The Border Provocations in Ladakh
৪৭' এ দেশ ভাগের পর থেকেই লাদাখ অঞ্চলটি নিয়ে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে সংঘাত শুরু হয়। ভৌগোলিক ও কৌশলগত কারণে লাদাখের অবস্থান গুরুত্বপূর্ণ। লাদাখের পূর্বে রয়েছে চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চল, দক্ষিণে হিমাচল প্রদেশ রাজ্য, ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমে পাকিস্তান শাসিত গিলগিত-বালতিস্তান এবং জিনজিয়াংয়ের দক্ষিণ-পশ্চিম কোণটির সুদূর উত্তরে কারাকোরাম পাস। ভারতের দাবি অতীতে আকসাই চীন এবং নুব্রা উপত্যকাও লাদাখের অংশ ছিল। ১৯৬২ সালে চীন আকসাই চীন দখল করে নিয়েছে। সেখান দিয়েই তিব্বত থেকে পাকিস্তানের মধ্যে রাস্তা যাচ্ছে। এটি নিয়ে ভারতের আপত্তি রয়েছে। অন্যদিকে তিব্বতি সংস্কৃতি দ্বারা লাদাখ প্রচণ্ডভাবে প্রভাবিত বলে এই অঞ্চলকে ক্ষুদ্র তিব্বতও বলা (Little Tibets) হয়ে থাকে। মধ্যযুগে লাদাখ অঞ্চলটি "The Great Tibet" হিসেবেও পরিচিত ছিল। চীনের দাবি তিব্বতি বিদ্রোহীদের ভারত মদত দিচ্ছে। তিব্বতি নেতা দালাইলামাকেও ভারত আশ্রয় দিয়েছে। ২০২০ সালের জুন মাসে এই অঞ্চলকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে সংঘাত চরমে পৌঁছে। সীমান্ত উত্তেজনার একপর্যায়ে গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি হয়। এতে একাধিক (প্রায় ২০ জন) ভারতীয় সেনার মৃত্যু হয়। তারপর থেকে লাগাতার বাকবিতন্ডা (Standoff) চলছে দুই দেশের মধ্যে। এই উত্তেজনার মধ্যেই রাশিয়া ভারতের কাছে পূর্ব চুক্তিনুযায়ী অস্ত্র সাপ্লাই দিয়েছিল, যা নিয়ে মস্কো ও বেইজিং সম্পর্কে কিছুটা ফাটল তৈরি হয়েছিল।
সীমান্তের দুই ধারে বর্তমানে চীন-ভারত দুই দেশই সেনা মোতায়েন করে রেখেছে। লাদাখে বর্তমানে ভারত এবং চীনের মধ্যে মোট ছয়টি এলাকা নিয়ে বিতর্ক রয়েছে। এই এলাকাগুলোকে টার্ম হিসেবে 'Hotspots' বলা হচ্ছে। এর মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে চারটি এলাকা নিয়ে মীমাংসায় পৌঁছানো গেলেও দুইটি অঞ্চল এখনো অমীমাংসিত। দুই দেশের মধ্যে প্যাংগং লেকের দুই প্রান্ত, গালওয়ানের মতো এলাকাগুলোর সাময়িক সমাধান হয়েছে। কিন্তু ডেপসাং এবং হটস্প্রিং অঞ্চল নিয়ে এখনো দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় ওই এলাকায় দুই দেশের সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে আছে। চীন দাবি করছে বিতর্কিত অঞ্চলগুলো চীনের, অন্যদিকে ভারতও বলছে অঞ্চলগুলো ভারতের। তাই সীমানা থেকে সেনা প্রত্যাহার কেউ করছে না। কারণ সেনা প্রত্যাহার করার মানে হচ্ছে নিজের দাবি থেকে সরে আসা। বিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, সীমান্তের একেবারে দ্বারপ্রান্তে গিয়ে সড়ক ও অবকাঠামো নির্মাণ নিয়ে।
প্রথমত, লে থেকে দারবুক, শাইয়োক হয়ে দৌলত বেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটি পর্যন্ত রাস্তা নির্মাণ করছে ভারত। দৌলত বেগ ওন্ডিতে ১৬,৬১৪ ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ এয়ারস্ট্রিপ নির্মাণ করেছে ভারত সরকার। এই রাস্তা কারাকোরাম পাসের কাছে সিয়াচেন হিমবাহ পর্যন্ত গিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা লাগোয়া এই রাস্তাই হলো বিরোধের অন্যতম কারণ। ভারত ভবিষ্যতে এই রাস্তাকে আরও বিস্তার করতে চাইছে। ফলশ্রুতিতে ভারত এখন দৌলত বেগ ওন্ডি পর্যন্ত সহজে সেনা নিয়ে যেতে পারবে। এর পূর্ব দিকেই আকসাই চীন অঞ্চল এবং চীনের হাইওয়ে রয়েছে। উত্তরদিকে আবার সাকসাম উপত্যকা যেটি পাকিস্তান চীনকে দিয়ে দিয়েছে। ভৌগোলিকভাবে জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় চীন ভারতের এই রাস্তাটি নিয়ে এতটা চিন্তিত।
দ্বিতীয়ত, পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের ভিতর দিয়ে চীন গুঞ্জেরা পাস হয়ে, স্কার্ড হয়ে, ইসলামাবাদ গোয়াদার পোর্ট পর্যন্ত রাস্তা বানিয়েছে। কিন্তু শীত ও বর্ষায় রাস্তাটি বারবার বন্ধ হয়ে যায়। তাই চীন বিকল্প রাস্তা বানাতে চাইছে। যেটি তিব্বত থেকে সোজা স্কার্ড পর্যন্ত যাবে। কিন্তু ভারতের দাবি চীনের পরিকল্পিত এই রাস্তা ভারতীয় ভূখণ্ডের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে চীন। চীনেরও দাবি, ভারত লাদাখ এবং অরুণাচল সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা মানছে না। ভারত, চীন ও ভুটান সীমান্তে ডোকলামে রাস্তা বানানো নিয়ে অতীতে ৭৩ দিন ধরে সংঘাত ও উত্তেজনা চললেও লাদাখ নিয়ে এই সংঘাত ভবিষ্যতে আরও দীর্ঘায়িত হবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।
৫. সমৃদ্ধিশালী তিব্বত যে-কারণে চীনের প্রয়োজন: Conflict over Tibetan identity
তিব্বত। চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। যার রাজধানী লাসা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত তিব্বত অঞ্চলটি। তিব্বতীয় মালভূমি হলো পৃথিবীর সর্বোচ্চ এবং বৃহত্তম মালভূমি; যার কারণে এই অঞ্চলকে পৃথিবীর ছাদও বলা হয়। ১৯১৩ সালে তৎকালীন তিব্বতি নেতারা চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিব্বতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন। ১৯৫০ সালের দিকে চীনের সাথে এক যুদ্ধে তিব্বত পরাজিত হয়। ১৯৫১ সালে তিব্বতের প্রতিনিধিরা চীনের কেন্দ্রীয় সরকারের সাথে একটি ১৭ দফা চুক্তি স্বাক্ষর করেন। শর্তানুযায়ী তিব্বত চীনের একটি সার্বভৌম অঞ্চলে পরিণত হয়। পরবর্তীতে তিব্বতকে স্বায়ত্তশাসন দেওয়া হয়। ১৯৫৯ সালে তিব্বতি নেতা দালাই লামা ভারত পালিয়ে আসেন এবং ১৭ দফা চুক্তিপত্রটি বর্জন করেন। সেই থেকে চীনের সাথে দ্বন্দ্ব বিরাজমান। তিব্বতিরা চীনের অধীনে থাকতে নারাজ। কিন্তু বিশাল খনিজ সম্পদ ও ভূরাজনৈতিক গুরুত্বের কারণে চীন এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। তিব্বতের সাথে চীনের দ্বন্দ্বের পেছনে ভাষাগত, জাতিগত দ্বন্দ্ব ছাড়াও আরও অনেক কারণ রয়েছে। তিব্বতি জনগণের দাবি তাদের অঞ্চলের সম্পদ নিয়ে যাওয়া হচ্ছে চীনের মূল ভূখণ্ডে। ভারতের লাদাখের সাথে তিব্বতের সাংস্কৃতিক মিল থাকায় উইঘুরদের মতো তিব্বতিদেরকেও “Re-education” এর নামে জোরপূর্বক নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের নিজস্ব তিব্বতি পরিচিতি মুছে চীনের মূলধারার সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ (Erasure of Tibetan identity)। প্রশ্ন হচ্ছে- কোন কোন কারণে চীনের কাছে তিব্বত গুরুত্বপূর্ণ?
প্রথমত, তিব্বতের ভৌগোলিক অবস্থান। অঞ্চলটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কাছাকাছি। তাই তিব্বতের উপর নিয়ন্ত্রণ রাখতে পারা মানেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপর নিয়ন্ত্রণ রাখার সমার্থক। তিব্বত হাতছাড়া হয়ে গেলে এখানে ভারত ও যুক্তরাষ্ট্রের অধিপত্য বৃদ্ধি পাবে, যা চীনের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দ্বিতীয়ত, ভারত ও চীনের ঠিক মাঝখানে তিব্বতের অবস্থান। তাই তিব্বত চীনের নিয়ন্ত্রণে থাকলে ভারত সীমান্তের একেবারে নিকটে চীন তার সেনাবাহিনী মোতায়েন করতে পারে, যা ভারতের জন্য অস্বস্তিকর। তৃতীয়ত, বিশুদ্ধ পানির মজুদ রয়েছে তিব্বতীয় মালভূমিতে। তিব্বতীয় মালভূমিতে ১,০০০ এর অধিক পানির উৎস। ধারণা করা হয় যে, উত্তর মেরু ও দক্ষিণ মেরুর পর পৃথিবীর সবচেয়ে বেশি হ্রদ রয়েছে। সিন্দু, গঙ্গা ও ব্রহ্মপুত্র-সহ এশিয়ার দীর্ঘতম নদীগুলোর উৎপত্তিস্থল কিন্তু তিব্বতেই। অসংখ্য জলপ্রপাত, হিমবাহ ও বিশাল বিশাল হ্রদ তিব্বতীয় মালভূমিকে মিঠা পানির ভান্ডারে পরিণত করেছে। তাই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ তিব্বত থেকে আসা পানির উপর অধিক নির্ভরশীল (দেখুন: China, tibet and the strategic power of water, Circle of Blue, May 8, 2008)।
চতুর্থত, তিব্বতের রয়েছে বিশাল খনিজ সম্পদের মজুদ। লোহা, সীসা, তামা, দস্তা, সোনা, রূপা, লিথিয়াম, ক্যাডমিয়াম, বোরাক্স, রেডিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, আর্সেনিক, ক্রোমাইট ইত্যাদির মজুদ রয়েছে তিব্বতে। এসব আর্থিক কারণেই তিব্বত এতটা গুরুত্বপূর্ণ চীনের কাছে। এজন্যই চীন বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। Geely, Chery, Honggi, Brilliance Auto, BYD, SAIC Motor, FAW Group ইত্যাদি বিখ্যাত কার ইন্ডাস্ট্রিগুলো অনেকাংশে তিব্বতের তামার উপরেই নির্ভরশীল। ল্যাপটপ, স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল পণ্যের ব্যাটারির জন্য প্রয়োজন লিথিয়ামের। চীন বর্তমান বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও ল্যাপটপ উৎপাদনকারী দেশ। তাই লিথিয়ামের উপর চীনা কোম্পানিগুলোকে নির্ভর করতে হয় তিব্বতের উপর। পঞ্চমত, মধ্যপ্রচ্যের দেশগুলোর রয়েছে Oil Weapons বা তেল অস্ত্র। আর চীনের রয়েছে Water weapons বা পানি অস্ত্র; যা দিয়ে চীন রিমোট কন্ট্রোলের মতো ভূরাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম ইত্যাদি দেশগুলো প্রধানত কৃষি কাজের উপর নির্ভরশীল। তিব্বতে উৎপন্ন হওয়া নদীগুলোর উপর চীন বাঁধ নির্মাণ করে উপরিউক্ত দেশগুলোর আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। কারণ খরা মৌসুমে পানির অভাব দেখা দিলে চীন বাঁধ দিয়ে পানি আটকে রেখে নিম্ন অববাহিকার দেশগুলোতে কৃত্রিম খরা সৃষ্টি করতে পারে। আবার একই ভাবে বর্ষাকালে যখন অতিরিক্ত পানি জমে যায়, তখন বাঁধের পানি ছেড়ে দিয়ে চীন নিম্ন অববাহিকার দেশগুলোতে কৃত্রিম বন্যা তৈরি করতে পারে। তাই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বশে রাখতে চীনের প্রয়োজন তিব্বতের নদীগুলোর উপর একক নিয়ন্ত্রণ। এসব নদীর পানিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চীন। ঐসব বাঁধ থেকে আবার পজেটিভ এক্সটার্নালিটি হিসেবে চীন বিদ্যুৎ উৎপাদনও করতে পারে।
৬. তাইওয়ান দখলের পরিকল্পনা: The Tug of War
যদি আগামীতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধে তাহলে সেটি হবে তাইওয়ানকে কেন্দ্র করে। তাইওয়ান হবে আগামী যুদ্ধের ফ্লাশপয়েন্ট। তাইওয়ান একটি গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসিত রাষ্ট্র। চীন বলছে তাইওয়ান চীনের অংশ, তাইওয়ানিজরা বলছে তারা চীন থেকে আলাদা, তাইওয়ানে আবার রয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ। ১৬৮৩ থেকে ১৮৯৪ পর্যন্ত দুশো বছর তাইওয়ানকে শাসন করেছে কিং ডাইনেস্টি। তারপর ১৯৪৪ সাল পর্যন্ত পঞ্চাশ বছর জাপান দখল করে রেখেছিল তাইওয়ানকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার পর তাইওয়ান পুনরায় চীনের দখলে আসে। ১৯১১ থেকে ১৯৪৯ পর্যন্ত চীনের রাজনৈতিক দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছিল। চিয়াং কাইশেক ও মাও সেতুং এর মধ্যে চলছিল গৃহযুদ্ধ। মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি দখল করে নিয়েছিল চীনের বর্তমান মূল ভূখণ্ড। আর ১৯৪৯ সালে চিয়াং কাইশেকের নেতৃত্বে ন্যাশনালিস্ট পার্টি চীন থেকে পালিয়ে সরকার গঠন করেছিল তাইওয়ানে। তখন চীন বলতে দুটি রাষ্ট্রের উত্থান হয়। একটি বেইজিং এ, যার অফিশিয়াল নাম দেওয়া হলো The People's Republic of China। সংক্ষেপে PRC বলা হয়। আর অন্যটি তাইওয়ানে, যার নাম দেওয়া হলো The Republic of China। সংক্ষেপে ROC বলা হয়। এখন পর্যন্ত তাইওয়ানের নাম 'ROC'। তখন স্নায়ুযুদ্ধ সবেমাত্র শুরু, আর যুক্তরাষ্ট্র ছিল কমিউনিজম বিরোধী। তাই রাষ্ট্র হিসেবে প্রথমদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল তাইওয়ান বা ROC এর প্রতি। এজন্যই জাতিসংঘে চীন বলতে তাইওয়ানকে বোঝানো হতো। কিন্তু ১৯৭১ সালে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ লাভের পর তাইওয়ান সদস্য পদ হারায়। জাতিসংঘের নতুন রেজুলেশন পাশ হয়, সেখানে বলা হয় তাইওয়ান নয় বরং চীনকে প্রতিনিধিত্ব করবে চীনের মূল ভূখণ্ড। তারপর থেকে তাইওয়ানের রাজনৈতিক স্ট্যাটাস পাল্টে যায়। বেইজিং বলছে চীন হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র, আর তাইওয়ান হচ্ছে চীনের একটি অংশ। তাইওয়ানে বর্তমানে স্বায়ত্তশাসন রয়েছে (self-governing system)। কিন্তু চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ভিশন ভিন্ন। আর মাত্র ত্রিশ বছর পর তথা ২০৪৯ সালে চীনের শতবর্ষ পূরণ হবে। তার আগেই তাইওয়ানকে চীনের সাথে একীভূত করতে চায় চীন। আর তাইওয়ানকে মাদারল্যান্ডের সাথে একীভূত করার পরিকল্পনাকে টার্ম হিসেবে Nations Rejuvenation বলা হচ্ছে। চীনের এহেন পদক্ষেপে তাইওয়ানের বর্তমান সরকার বলছে তারা চীনের অংশ নয়। আবার একই সাথে তারা প্রকাশ্যে চীন থেকে স্বাধীনতার ঘোষণাও দিচ্ছে না। তাদের মতে এমনিতেই তারা একটি স্বাধীন রাষ্ট্র। তাই তাইওয়ানের প্রেসিডেন্ট বলছেন তাইওয়ানকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।
লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের চায়না ইনস্টিটিউটের অধ্যাপক স্টিভ সাং। অধ্যাপক সাং এর মতে, শি জিনপিং নিজেকে এক বিরাট ঐতিহাসিক ব্যক্তিত্ব বলে মনে করেন। তিনি মনে করেন, মাও সেতুং থেকে শুরু করে চীনের আগের অনেক বড় বড় নেতা যে কাজ শেষ করতে পারেননি, সেটি শেষ করার দায়িত্ব তার কাঁধে বর্তেছে। তাকেই এটা করতে হবে। তাই তাইওয়ানকে একীভূত করাটাও তার দায়িত্ব। তিনি বলেন, “দেং জিয়াওপিং তাইওয়ানকে ফিরিয়ে আনতে পারেননি। এমনকি চেয়ারম্যান মাও পর্যন্ত পারেননি। এখন যদি শি জিনপিং তাইওয়ানকে চীনের কাছে নিয়ে আসতে পারেন, তিনি কেবল দেং শিয়াওপিং এর চাইতে বড় নেতা হবেন না, তিনি চেয়ারম্যান মাও এর চেয়েও বড় নেতায় পরিণত হবেন।” প্রেসিডেন্ট শি জিনপিং যে অত দীর্ঘ সময় অপেক্ষা করতে চান না, তার কারণ আছে। প্রেসিডেন্ট শি জিনপিং চীনা জনগণের যে বিরাট পুনরুজ্জীবনের কথা বলছেন, তার সেই পরিকল্পনার সময়সীমা ২০৪৯ সাল। তাই এই সময়ের মধ্যেই চীন তাইওয়ান দখল করে নিতে চায়।
এখন যুক্তরাষ্ট্রের অবস্থান কোন দিকে? যুক্তরাষ্ট্রের অবস্থান আখ্যায়িত করা যায় 'Strategic ambiguity' হিসেবে। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে চীনের অংশ হিসেবেই মনে করে। এমনকি তাইওয়ানের রাজধানী তাইপেতেও যুক্তরাষ্ট্রের কোনো অ্যাম্বাসি নেই। আবার একইসাথে যুক্তরাষ্ট্র চাচ্ছে চীন যেন তাইওয়ানকে একা ছেড়ে দেয়, চীন যেন তাইওয়ানকে নিজের মতো করে চলার স্বাধীনতা দেয়। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে মিলিটারি সাপোর্ট দেবে বলেও ঘোষণা দিয়েছে। তথা যুক্তরাষ্ট্র একদিকে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিচ্ছে না, আবার তাইওয়ানে চীনের হস্তক্ষেপকেও মেনে নিচ্ছে না। আর এটাই অফিশিয়ালি 'Strategic ambiguity' হিসেবে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে তাইওয়ান কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ? প্রথমত, এর ভৌগোলিক অবস্থান। তাইওয়ানের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ানকে 'First Island Chain' বলা হয়। যার উত্তরে জাপান এবং দক্ষিণে ইন্দোনেশিয়া। জাপান ও ইন্দোনেশিয়া দুটোই যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র। ইন্দোনেশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আলাদা স্ট্র্যাটেজি রয়েছে। তাইওয়ান দখলের পর চীন যখন সেখানে মিলিটারি ঘাঁটি স্থাপন করবে তখন সেটি হবে জাপানের নিরাপত্তার জন্য থ্রেট। এই অঞ্চলে জাপান হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র (ally)।
দ্বিতীয়ত, মাইক্রোচিপ বা Semiconductor technology উৎপাদনে তাইওয়ান বিশ্বে প্রথম। মাইক্রোচিপ উৎপাদনে তাইওয়ান হচ্ছে বিশ্বের লিডার। বিশ্বের ৯০ শতাংশ মাইক্রোচিপ তাইওয়ানে উৎপাদন হয়। স্মার্টফোন ও এয়ারক্রাফটে ব্যবহৃত এই অত্যাধুনিক মাইক্রো চিপের দখল নিতে চায় চীন। তাই তাইওয়ান দখল করলে এই চিপ উৎপাদন চীনের দখলে চলে যাবে। যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো বার্তা দিচ্ছে না। তৃতীয় কারণটি হচ্ছে আদর্শগত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার জন্য কথিত লড়াই করে যাচ্ছে। তাইওয়ানের গণতন্ত্রটি যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ কিংবা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোর মতোই অত্যন্ত পরিপক্ক। তাই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৈতিক দায়িত্ব তাইওয়ানকে চীনের হাত থেকে রক্ষা করা। এমনটাই দাবি করছেন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাইওয়ানের ব্যপারে অতটা আগ্রহী ছিল না। তাইওয়ানের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান ছিল আরামদায়ক (Cozier)। কিন্তু জো বাইডেন ক্ষমতায় এসেই তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। জো বাইডেন ঘোষণা দিয়েছেন- 'America is Back'। তথা বৈশ্বিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে পুনরায় ফিরিয়ে আনা। এবার প্রশ্ন হচ্ছে- তাইওয়ানের জনগণের অবস্থান কোন দিকে? ইউএনডি সার্ভে অনুযায়ী তাইওয়ানের মোট জনসংখ্যা প্রায় ২৪ মিলিয়ন। তার মধ্যে ১০% চীনের সাথে একীভূত হয়ে যেতে ইচ্ছুক। আর ৩৪% চীন থেকে সম্পূর্ণ স্বাধীনতা চায়। তারা তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আর ৫১% তাইওয়ানিজ চাচ্ছে বর্তমানে তাইওয়ান যেভাবে আছে সেভাবেই থাকুক (Autonomous)। অর্থাৎ তারা তাইওয়ানে স্বায়ত্তশাসন চায়।
৭. দক্ষিণ চীন সাগর দ্বন্দ্ব: Is it a Fudge Factor?
দক্ষিণ চীন সাগর। নতুন নৈরাজ্য সৃষ্টি হতে যাচ্ছে যেখানে। হাজার বছর ধরে চীনের স্থলবাহিনী রয়েছে। কিন্তু চীনের তেমন বেশি নৌবাহিনী ছিল না। কিন্তু চীন এখন তার নৌ শক্তিকে অনেক বেশি শক্তিশালী করতে চায়। চীন এখন তার নৌ শক্তিকে প্রধানত দুটি জায়গায় ব্যবহার করতে চায়; একটি Indian Ocean, আর অন্যটি Pacific Ocean। সারা বিশ্বের সাথে সে যেন বাণিজ্য করতে পারে এবং তার অর্থনৈতিক চালিকাশক্তি ধরে রাখতে পারে, সেজন্য এই দুই সমুদ্রের তেল-গ্যাস চীনের প্রয়োজন। এজন্যই চীন প্রথমে দক্ষিণ চীন সাগরকে দখল করতে চায়। তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপিনস, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া তারাও চায় এখানে তাদের seabed oil এবং Fishing grounds ধরে রাখতে। আর যুক্তরাষ্ট্র চাচ্ছে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথগুলো (Shipping lanes) ধরে রাখতে। যুক্তরাষ্ট্র এই সমুদ্রের উপর দিয়ে মিলিয়ন ডলারের বাণিজ্য করে। তাই যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে স্বাধীনতা চায়।
Nine Dash Line: ১৯২৯ সালে চীন ব্রিটিশদের থেকে কিছু পুরোনো নৌ চলাচলের মানচিত্র (sailing charts) সংগ্রহ করেছিল। তারপর চীন মানচিত্র নির্মাতাকে চীনের বর্ডার আকার নির্দেশ দিলেন। মানচিত্র নির্মাতা সেই মানচিত্রে পুরো দক্ষিণ চীন সাগরের উপর নয়টি ড্যাশ আঁকলেন। সেটাই Nine Dash Line হিসেবে পরিচিত। চীন এখন একশো বছর পর সেই পুরোনো মানচিত্র অনুযায়ী সম্পূর্ণ চীন সাগর নিজের বলে দাবি করছে। চীন শুধু সাগরটাকেই নিজের বলে দাবি করছে না, বরং সাগরের সকল রিজার্ভড তেল-গ্যাস, মৎস্য সম্পদ, পুরো সাগরের আকাশ সীমাও নিজের বলে দাবি করছে। শুধু তা-ই নয়, ২০১৩ সালে চীন সেই পুরোনো মানচিত্রের নয়টি ডট বা ড্যাশের পরিবর্তে নতুন আরেকটি ডট অন্তর্ভুক্ত করে। দশ নাম্বার ডট চিহ্নটি তাইওয়ানের উপর আঁকে এবং তাইওয়ানকেও দখল করার পরিকল্পনা করে। তাইওয়ানকে নতুন করে অন্তর্ভুক্ত করায় সেই নাইন ড্যাশ লাইন এখন Ten Dash Line এ পরিণত হয়েছে। তাইওয়ান এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে এ নিয়ে চলছে দীর্ঘ বিরোধ।
Militarisation of South China Sea: দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জে চীন ছোট ছোট অসংখ্য মিলিটারি ফাঁড়ি (Outposts) ও ঘাঁটি স্থাপন করেছে। প্যারাসেলের দ্বীপগুলোর ছোট ছোট জেলে গ্রামগুলোতে আধুনিক আবাসন তৈরি করেছে চীন। প্রাথমিক স্কুল থেকে শুরু করে ব্যাংক, হাসপাতাল এবং মোবাইল যোগাযোগের ব্যবস্থাও স্থাপন করা হয়েছে। মূল ভূখণ্ড চীন থেকে সেখানে পর্যটকরা নিয়মিত প্রমোদতরীতে দ্বীপগুলো ভ্রমণে যায়। দক্ষিণ চীন সাগরের আরেকটি বিতর্কিত দ্বীপপুঞ্জ হচ্ছে স্পার্টলি দ্বীপপুঞ্জ, যেটা ফিলিপাইন ও মালয়েশিয়া উভয়ই নিজেদের বলে দাবি করছে। চীন সেটাতেও নিজেদের মিলিটারি বেইজ স্থাপন করেছে। স্পার্টলির ছোট ছোট প্রবালদ্বীপে গত পাঁচ-ছয় বছরে চীন নৌ প্রকৌশল-সহ নানা সামরিক স্থাপনা গড়ে তুলেছে। বিমান অবতরণ ক্ষেত্র থেকে শুরু করে নৌবাহিনীর রসদের মজুদ ও বিমান ঘাঁটি, গোলাবারুদের বাঙ্কার, রাডার এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরঞ্জাম সবই আছে সেখানে। এসব প্রবাল দ্বীপের বাসিন্দাদের জন্যও রয়েছে ফাইভ-জি মোবাইল ডেটার সুবিধা। গত পাঁচ ছয় বছর ধরে পুরো সাগর জুড়েই চীন তাদের মিলিটারি স্থাপনা তৈরি করছে। এমনকি একটি প্রবাল দ্বীপের সামুদ্রিক গবেষণা কেন্দ্রে চীনা বিজ্ঞান অ্যাকাডেমিও স্থাপন করা হয়েছে ২০১৯ এর জানুয়ারি মাসে। যুক্তরাষ্ট্র বলছে চীনের এই কার্যক্রম তাদের কাছে অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র প্রায়ই ভারত মহাসাগর এবং প্যাসিফিক অঞ্চলে সামরিক মহড়া দেয়। যুক্তরাষ্ট্র কখনো কখনো এসব অঞ্চল এবং বঙ্গোপসাগরে জাপান ও ফ্রান্সকে নিয়ে যৌথভাবে সামরিক মহড়া দিচ্ছে। পেন্টাগন বলছে, এই মহড়ার উদ্দেশ্য "সমুদ্রপথের স্বাধীনতা" সুরক্ষিত রাখা। দক্ষিণ চীন সাগরে যখন যুক্তরাষ্ট্র ও চীন একসাথে সামরিক মহড়া চালায় তখন সেখানে একটি উত্তেজনা তৈরি হয়। তাই চীন যুক্তরাষ্ট্রকে উত্তেজনা সৃষ্টিকারী (Troublemaker) হিসেবে আখ্যায়িত করে।
Exclusive Economic Zone: সবাই চায় চীন যেন সমুদ্রের আইন মেনে চলে। একটি দেশের তটরেখা (Coastline) থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সেই দেশের মালিকানাধীন। এই দুশো নটিক্যাল মাইল পর্যন্তই একটি দেশের বিশেষ অর্থনৈতিক জোন। তাই আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর দাবি চীন এটা মেনে নিচ্ছে না। ফিলিপাইনের কোস্টাল এরিয়ার অধিকাংশ জনগণ সম্পূর্ণ মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। তাই তাদের কাছে দক্ষিণ সাগর অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিলিপাইনে কয়েকদিন পরপর চীন বিরোধী আন্দোলনও হয়। তাছাড়াও এই সাগরের উপর দিয়ে প্রতি বছর $3.37 ট্রিলিয়ন বাণিজ্য হয়, যা গোটা বিশ্বের মোট বাণিজ্যের তিন ভাগের এক ভাগ। বিশ্বের ৪০ শতাংশ গ্যাসের মজুদ এখানে। তাই প্রফেসর স্টিভ সাং এর মতে, “এখন যে দশকটি চলছে, ২০২০ থেকে ২০৩০, এটি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক দশক।" নিজের স্বার্থ বিবেচনায় চীন যা করছে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ আসিয়ান নেতাদের। বিশ্লেষকদের মতে চীন যা করছে সেটি অর্থহীন বা Fudge Factor। চীন চাইলে প্রতিবেশি দেশগুলোর সাথে মীমাংসায় এসে শান্তিপূর্ণভাবে এই অঞ্চলে তার কর্তৃত্ব স্থাপন করতে পারত। কিন্তু চীন এগুচ্ছে আগ্রাসী মনোভাব নিয়ে। যা সংঘাতকে আরও ত্বরান্বিত করবে।
If you want peace, prepare for war
ল্যাটিন আমেরিকার ভাষায় একটি প্রবাদ আছে- “Si vis pacem para bellum” তথা যদি তুমি শান্তি চাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সম্প্রতি চীন তার পররাষ্ট্রনীতিতে এই প্রবাদটি অন্তর্ভুক্ত করেছে। তাৎক্ষণিক যুদ্ধে জড়ানো চীনের কোনো ইচ্ছে নেই, কিন্তু চীন চাচ্ছে যে করেই হোক দক্ষিণ চীন সাগর যেন তার দখল থেকে ছুটে না যায়। দক্ষিণ চীন সাগরের মাত্র তিন স্কোয়ার কিলোমিটার দূরত্বে ভারত মহাসাগরের অবস্থান, যেটা যুক্তরাষ্ট্রের মিত্রদের (ভারত, অস্ট্রেলিয়া) দখলে। ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলোর অনেক নৌবাহিনী এবং ওয়েপনস রয়েছে। যুক্তরাষ্ট্র যে-কোনো সময় ভারত মহাসাগর দিয়ে চীনের যাতায়াত বন্ধ করে দিতে পারে। আর চীনের ভয় এখানেই।
চীন কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ চীন সাগর তার সমুদ্র এলাকার গুরুত্বপূর্ণ একটি অংশ। হাইনান দ্বীপে চীনের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার যে সামুদ্রিক ঘাঁটি রয়েছে শুধু সে কারণেই নয়, চীনের বিশাল বৈশ্বিক উন্নয়ন প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে সিল্ক রোডের সামুদ্রিক পথও এই সাগর এলাকা। এই সামুদ্রিক অঞ্চল রক্ষায় চীন প্রয়োজনে যুদ্ধে জড়িয়ে পড়তেও দ্বিধা করবে না। তাই এই অঞ্চল নিয়ে চীন এগুচ্ছে পরিকল্পিতভাবে। চীনের উদ্দেশ্য দীর্ঘস্থায়ী। মিলিটারি শক্তি প্রয়োগ করে দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি নতুন দ্বীপগুলোকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আমেরিকা অবশ্যই রাখে। কিন্তু এসব নিয়ে যুক্তরাষ্ট্র চীনের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে কি না সামনের দিনগুলোই বলে দেবে।
Question to think about?
শাটার জোন (Shatter Zones) বলা হয় এমন রিজিওনকে যেখানে যুদ্ধ ও দ্বন্দ্ব হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। চীনের আশেপাশের অঞ্চলগুলো খুবই ঝুঁকিপূর্ণ। যেমন- এই অঞ্চলে কোরিয়ান পেনিনসুলা নিয়ে দুই কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছে, উত্তর চীন সাগর নিয়ে জাপান ও চীনের দ্বন্দ্ব চলমান, কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে চলছে রাশিয়া ও জাপানের মধ্যে সংঘাত, সাউথ চায়না সি নিয়ে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সাথে চীনের দ্বন্দ্ব ক্রমাগত বিরাজমান। তাইওয়ানকে ঘিরে চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রিমাত্রিক সংকট তৈরি হয়েছে। তাছাড়া তিব্বত ও লাদাখ ইস্যুতে ভারতের সাথে উল্লেখযোগ্য হারে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ভূরাজনীতি বিশেষজ্ঞ রবার্ট কাপলানের মতে, মানচিত্র আমাদেরকে বলে দেয় আগামীর সংঘাত বা যুদ্ধ কোথায় হতে যাচ্ছে। শ্যাটার জোনগুলো বিশ্লেষণ করলে আমরাও সহজে অনুধাবন করতে পারি যে, আগামীর যুদ্ধ বা সংঘাতগুলো কোথায় হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে- এই শ্যাটারজোনে উদীয়মান সংকটগুলোকে আমলে নিয়ে পূর্ব সতর্কতা (Precaution) হিসেবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি প্রণয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন?
সহায়ক গ্রন্থাবলি:
1. Mahbubani, Kishore (2020), Has China Won?: The Chinese Challenge to American Primacy, Public Affairs
2. Hutchings, Graham (2003), Modern China: A Guide to a Century of Change, Harvard University Press
3. Corr, Anders (2017), Great Powers, Grand Strategies: The New Game in the South China Sea, US Naval Institute Press
4. Lorteau, Steve (2018), China's South China Sea Claims as Unprecedented: Sceptical Remarks, Canadian Yearbook of International Law
5. Kittrie, Orde (2016), Lawfare: Law as a Weapon of War, Oxford University Press.
6. Bush, R. and O'Hanlon, M. (2007), A War Like No Other: The Truth About China's Challenge to America, Wiley
7. Carpenter, T. (2006), America's Coming War with China: A Collision Course over Taiwan, Palgrave Macmillan
8. Copper, J. (2006), Playing with Fire: The Looming War with China over Taiwan, Praeger Security
9. Gill, B. (2007), Rising Star: China's New Security Diplomacy, Brookings Institution Press
10. Shirk S. (2007), China: Fragile Superpower: How China's Internal Politics Could Derail Its Peaceful Rise, Oxford University Press
11. Lintner, Bertil (2018), China's India War: Collision Course on the Roof of the World, Oxford University Press
12. Jacques, Martin (2009), When China Rules the World: The End of the Western World and the Birth of a New Global Order, Penguin Books
13. Raine, Sarah; Le Miere, Christian (2013). Regional Disorder: The South China Sea Disputes. Routledge for IISS.
14. Rowan, Joshua P. (2005), The U.S.-Japan Security Alliance, ASEAN, and the South China Sea Dispute, Asian Survey
📄 বাংলাদেশ-চীন সম্পর্ক এবং বাংলাদেশের করণীয়
"We have no eternal allies, and we have no perpetual enemies. Our interests are eternal and perpetual, and those interests it is our duty to follow" - Lord Palmerston
ভূমিকা: শুধু ১৯৬২ সালে ভারতের সাথে একটি যুদ্ধ ব্যতীত উল্লেখযোগ্য বৃহৎ আকারের আর কোনো যুদ্ধে এ পর্যন্ত জড়িত হয়নি চীন। তাই ১৯৬২ তে ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া চীনের কাছে একটি স্মরণীয় ব্যাপার। সেই যুদ্ধের এক দশকের মাথায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে ভারত বাংলাদেশের পক্ষে অবস্থান করায় চীনের কাছে সেটি পছন্দ হয়নি। চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং এটিকে পাকিস্তানের একটি অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দেয়। স্বাধীনতার পর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করলে ১৯৭২ সালের ১০ আগস্ট চীন সেখানে ভেটো দেয়। এমনকি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য মাওলানা ভাসানী চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইকে চিঠি পাঠিয়েছিলেন। অবশেষে ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তখন চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয় এবং চুয়াত্তরের বন্যায় চীন প্রথমবারের মতো বাংলাদেশকে সাহায্য প্রদান করে। তারপর ১৯৭৫ সালের ৪ অক্টোবর চীন বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আর এদিনই চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চীনের রাজধানী বেইজিংয়ে আমাদের একটি দূতাবাস এবং হংকং ও কুনমিংয়ে কনস্যুলেট রয়েছে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম সহযোগী মিত্র। আমাদের বৃহত্তম আমদানি বাজার হচ্ছে চীন।
একুশ শতকে কেমন হওয়া উচিত বাংলাদেশ-চীন সম্পর্ক
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী পামারস্টোনের একটি উক্তি আছে- "আমাদের কোনো চিরস্থায়ী বন্ধু নেই, এবং নেই কোনো চিরস্থায়ী শত্রু। আমাদের স্বার্থই কেবল চিরস্থায়ী, আর আমাদের দায়িত্ব হচ্ছে সেই স্বার্থ অনুযায়ী চলা।” এই উক্তিটি আজও আন্তর্জাতিক রাজনীতিতে যথার্থ। কারণ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থই শেষ কথা। একাত্তরে চীনের ভূমিকা ছিল হতাশাজনক এবং একুশ শতকের তৃতীয় দশকে এসেও চীনের ভূমিকা একটি কারণে আমাদের জন্য দুঃখজনক। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ চীনকে পাশে পাচ্ছে না। চীনের অবস্থান বার্মিজ সেনাদের পক্ষেই। তারপরেও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশের কাছে চীনের বিকল্প নেই। ভূরাজনৈতিক সমীকরণে বাংলাদেশকে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রয়োজন রাজনৈতিক স্বার্থে; কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রাধান্য একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়া। ঠিক এজন্যই অর্থনৈতিক সহযোগী হিসেবে চীনকে আমাদের অনেক বেশি প্রয়োজন। চীন আমাদের নিকট প্রতিবেশি দেশ। বাংলাদেশ থেকে চীনের সীমান্ত খুব বেশি দূরে নয়। ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে আসলে "ঢাকা-বেইজিং সম্পর্ক" নতুন দিকে মোড় নেয়। চীনা প্রেসিডেন্ট সোনাদিয়া কিংবা পায়রায় একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু বাংলাদেশ তার সার্বভৌমত্বের কথা বিবেচনা করে কোনো বিদেশি কোম্পানির হাতে এই দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্র কিংবা ভারতের থেকে চীনের অবস্থান ভিন্ন। অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চীনের তেমন আগ্রহ নেই, চীনের আগ্রহ শুধু বাণিজ্যে ও অর্থনীতিতে। চীনের আগ্রহ আঞ্চলিক আধিপত্য বিস্তারে।
শ্রীলঙ্কার হাম্বানটোটায় ও কলম্বোতে চীনের অর্থায়নে দুটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হয়েছে। বর্তমানে চীনা বিশেষজ্ঞদের দিয়ে বন্দরগুলো পরিচালিত হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে- হাম্বানটোটায় দায়িত্ব ও মালিকানার প্রায় নব্বই ভাগই চীনের হাতে, তাহলে শ্রীলঙ্কার লাভ কি? প্রথমত, আমার যেখানে সমুদ্রবন্দর নির্মাণে আর্থিক সক্ষমতা নেই, যেখানে আমাদের দক্ষ জনশক্তি নেই, সেখানে চীন নিজে অর্থায়ন দিয়েছে এবং বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। তাই চীনের মালিকানা থাকাটাই স্বাভাবিক। তাই এটিকে Big Game হিসেবে দেখা উচিত না। আমার সার্বভৌমত্ব বজায় রেখে চীনের থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করে নেওয়াটাই মুখ্য। যে হাম্বানটোটা আগে জঙ্গলে পরিপূর্ণ ছিল তা আজকে আন্তর্জাতিক সমুদ্রবন্দরে পরিণত হয়েছে। এতে শ্রীলঙ্কারও লাভ কম হয়নি।
বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর বাণিজ্যের জন্য অতটা উপযোগী নয়। কারণ চট্টগ্রাম বন্দরে বড় বড় জাহাজ প্রবেশ করতে পারে না। তাই ছোট ছোট জাহাজে পণ্য আনতে হয়। বড় জাহাজগুলো চট্টগ্রামে পণ্য খালাস করতে বেগ পেতে হয়। ফলশ্রুতিতে সময়ের অপচয় হয় প্রচুর। তাই সোনাদিয়া কিংবা পায়রায় একটি গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে বড় বড় জাহাজে পণ্য নিয়ে আসা যাবে, সময়ও বেঁচে যাবে, চট্টগ্রাম বন্দরের উপর চাপও কমে যাবে অনেক। কিন্তু চীনের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব বাংলাদেশ দেবে কি না সেটাও দেখার বিষয়। কারণ এতে আপত্তি তুলতে পারে ভারত। ভারত চাচ্ছে না তার কোনো মিত্র রাষ্ট্র চীনের সাথে ওঠাবসা করুক। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য ব্যবহৃত মোট সমরাস্ত্রের ৭৫ ভাগ চীন থেকে নিয়ে আসা হচ্ছে। ট্যাংক থেকে শুরু করে ফাইটার প্লেন, সাঁজোয়া যান ইত্যাদি চীন থেকে ক্রয় করছে বাংলাদেশ। বাংলাদেশ 'এমএফ-৯০' ক্ষেপণাস্ত্রও চীন থেকে ক্রয় করেছে। ২০১৭ সালে বাংলাদেশের নৌবাহিনীর জন্য চীন থেকে 'নবযাত্রা' ও 'জয়যাত্রা' নামে দুইটি সাবমেরিন ক্রয় করে। চীনের সাথে বাংলাদেশের এমন অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক স্থাপনের কারণে প্রতিবেশি অনেক দেশের মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে। তাই সরকারকেও এসব বিষয়ে দক্ষতার সাথে ব্যালেন্স করতে হচ্ছে।
গোটা পৃথিবীই অর্থনৈতিক স্বার্থের উপর চলছে। বৈশ্বিক রাজনীতি এখন অর্থনৈতিক রাজনীতি। চীনের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যই হচ্ছে চীন থেকে সহযোগিতা নিয়ে আর্থিকভাবে লাভবান হওয়া। এখন প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক দিক থেকে চীন ও ভারতের মধ্যে কে শক্তিশালী? বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য চীন ও ভারতের মধ্যে কার সক্ষমতা বেশি? উত্তর যদি হয় চীন তাহলে বলব বেইজিং এর সাথে ঢাকার সম্পর্ক উন্নয়নে নয়াদিল্লি যদি কিছুটা বিরাগভাজনও হয় তাতে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। স্বার্থ ছাড়া একুশ শতকে সম্পর্ক হয় না। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পেছনে চীনেরও স্বার্থ রয়েছে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে বাংলাদেশ অংশীদার। বাংলাদেশ চীনের এই প্রকল্পটিতে স্বাক্ষর করে ২০১৬ সালে। তবে আমাদের কূটনৈতিক অদক্ষতার জায়গাটি এই জায়গায় যে, ভারত ও চীন উভয়ই বাংলাদেশকে যা দিচ্ছে তার থেকে অধিক পরিমাণে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। চীন ও ভারত উভয়ের সাথেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিশাল। এবিষয়ে ঢাকাকে আরও বেশি সতর্ক হতে হবে এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে। চীন হয়তোবা ভবিষ্যতে পুনরায় মুক্ত বাণিজ্য চুক্তি করার আগ্রহ প্রকাশ করতে পারে। সে দিকেও বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। কেননা চীনা পণ্যে দেশীয় বাজার সয়লাব হওয়ার একটি শঙ্কা তৈরি হতে পারে। যার প্রভাব পড়বে আমাদের ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিগুলোর উপর।
প্রথমত, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের একটি পরোক্ষ সুবিধাও রয়েছে। এতে করে ভারতের সাথে বাংলাদেশের Bargaining Power বৃদ্ধি পাবে। বাংলাদেশ নিয়ে ভারত ও চীনের প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে যদি বাংলাদেশ সেটি কাজে লাগাতে পারে। দ্বিতীয়ত, কাপড় ও যন্ত্রপাতির মতো পণ্যগুলোর প্রায় সবই চীন থেকে আমদানি করা হয়। বাংলাদেশ চীনে যে পরিমাণ রপ্তানি করে তার থেকে ১২ গুণ বেশি চীন থেকে আমদানি করায় আমাদের বাণিজ্য ঘাটতি ব্যাপক। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে। তৃতীয়ত, চীন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে পরিমাণ বিনিয়োগ করছে বাংলাদেশ সে তুলনায় চীনা বিনিয়োগ আনতে পারছে না। "চীন আগ্রহ প্রকাশ করেছে" শুধু এতটুকুতেই থেমে থাকলে হবে না। চীনের সাথে কূটনৈতিক দক্ষতায় ঢাকাকে আরও কৌশলী হতে হবে। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে আসলে চীন এবং বাংলাদেশের মধ্যে প্রায় ২৭টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। সেই চুক্তিগুলো বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। চুক্তি বাস্তবায়নে তৃতীয় পক্ষ থেকে কোনো বাঁধা আসলে আমাদের ডিপ্লোমেটিক ক্যাপিটাল ব্যবহার করে সেই বাঁধা অতিক্রম করতে হবে। চতুর্থত, রপ্তানি পণ্যের কাঁচামাল, এক্সেসরিজ-সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের উপর বাংলাদেশের নির্ভরতা অনেক হলেও ভূরাজনৈতিক কারণে চীনেরও প্রয়োজন বাংলাদেশকে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের অবস্থান সুদৃঢ় করার মাধ্যমে চীন পৃথিবীব্যাপী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় চীনের আরেকটি প্রকল্প হচ্ছে "মুক্তার মালা নীতি” (string of pearls)। "স্ট্রিং অব পার্লস” হলো চীনা নৌবাহিনীর ভূকৌশলগত একটি পরিকল্পনা। এই পরিকল্পনায় চীনা নৌবাহিনী সমুদ্রপথে হংকং থেকে শুরু করে পোর্ট সুদান পর্যন্ত নিরবচ্ছিন্ন তেল আমদানি করার জন্য একটি "সী কমিউনিকেশন চ্যানেল” তৈরি করতে চায়। এই যাত্রা পথে যে দেশগুলোর অবস্থান সেখানে চীন গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে এবং করতে চাচ্ছে; যা ম্যাপের আকারে অনেকটা মুক্তার মালার ন্যায়। এই মুক্তার মালার অন্তর্ভুক্ত কয়েকটি চেক পয়েন্ট হচ্ছে- বাব এল মান্দেব (লোহিত সাগর), হরমুজ প্রণালি (ইরান), মালাক্কা প্রণালি (মালয়েশিয়া), লম্বোক প্রণালি (ইন্দোনেশিয়া), পক প্রণালি (শ্রীলঙ্কা), গোয়াদর বন্দর (পাকিস্তান), দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, হাম্বানটোটা (শ্রীলঙ্কা), চট্টগ্রাম (বাংলাদেশ), সিটাওয়ে ও রেঙ্গুন (মায়ানমার)। লক্ষ্য করলে দেখা যায় যে, উপরিউক্ত অধিকাংশ চেকপয়েন্টগুলোতে ইতোমধ্যে চীনের আধিপত্য প্রতীয়মান। তাই Pearl Trade Policy বাস্তবায়নের জন্য বাংলাদেশকে প্রয়োজন চীনের। তাই বাংলাদেশের এই কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে চীন থেকে আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ আদায় করে নিতে হবে।
পঞ্চমত, ভারত মহাসাগর হয়ে বর্তমানে নয়াদিল্লি, মুম্বাই কিংবা অন্যান্য ভারতীয় শহরে চীনা পণ্য পৌঁছাতে প্রায় ১৪/১৫ দিনের সমুদ্রযাত্রার প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশের পায়রা বন্দর দিয়ে চীন তাদের পণ্য কুনমিং বন্দর থেকে সহজেই পায়রার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করাতে পারে। তবে বাংলাদেশের পায়রা বন্দরে চীনা বিনিয়োগের বিষয়টি নয়াদিল্লি ভালো চোখে দেখছে না। তাই বাংলাদেশের উচিত হবে পায়রা সমুদ্রবন্দরের স্বত্বাধিকারী কারো হাতে না দিয়ে চীনকে এখানে বিনিয়োগের সুযোগ করে দেওয়া। বন্দরের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের হাতে রেখে উইন-উইন চুক্তিতে যেতে হবে। তা-না হলে চীনের Debt Trap এ পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
বাংলাদেশ নিয়ে চীন ও ভারতের প্রতিযোগিতা
দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির গতি-প্রকৃতি নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে দুজন হচ্ছে ফরেস্ট কুকসন ও টম ফেলিক্স জোয়েনক। "China and India's geopolitical tug of war for Bangladesh” এই শিরোনামে লেখক কুকসন ও টম ফেলিক্স অস্ট্রেলিয়ার গবেষণা প্রতিষ্ঠান 'ইস্ট এশিয়া ফোরামে' একটি নিবন্ধ লিখেছেন। সেখানে উঠে এসেছে বাংলাদেশ নিয়ে চীন এবং ভারতের ভূরাজনৈতিক দ্বন্দ্ব-যুদ্ধ। তাদের মতে বাংলাদেশকে নিয়ে ভারত ও চীনের প্রতিযোগিতার পেছনে ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক ও ধর্মীয় কারণে বাংলাদেশকে প্রয়োজন। জাতীয় নিরাপত্তার বিষয়টি হচ্ছে, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সহায়তা ভারতের আবশ্যক। রাজনৈতিক বিষয়টি হচ্ছে, বাংলাদেশের মধ্যে চীন বা অন্য কোনো পরাশক্তির উপস্থিতি ভারতের জন্যও অস্বস্তিকর। লেখক ফরেস্ট কুকসনের মতে, ধর্মীয় কারণটি হলো ভারত মনে করে বাংলাদেশের ইসলামি মৌলবাদী গোষ্ঠীগুলো ভারতের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের সীমানা না থাকলেও চীনের বাংলাদেশকে প্রয়োজন তার আঞ্চলিক আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক কারণে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ বাংলাদেশ। ভারত চাচ্ছে বাংলাদেশ যেন চীন থেকে সামরিক অস্ত্র ক্রয় করার পরিবর্তে ভারত থেকে ক্রয় করে। কিন্তু ভারতের সামরিক অস্ত্রের মান নিয়ে বাংলাদেশের সন্দেহ রয়েছে বলে উল্লেখ করেন কুকসন। ভারতের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক মিল রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে। চীনের তুলনায় ভারত যেদিকে এগিয়ে আছে, তা হলো বাংলাদেশের উপর ভারতের সাংস্কৃতিক প্রভাব। এর বিপরীতে চীনের সাংস্কৃতিক প্রভাব নগণ্য। ঢাকায় চীন একটি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। সেখানে চীনা ভাষা শেখানো হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে দুটি দেশই সুবিধেজনক অবস্থানে আছে। দুটি দেশ বাংলাদেশকে যা দিচ্ছে তার চেয়ে বহুগুণ নিয়ে যাচ্ছে। ফরেস্ট কুকসন ও টিম ফেলিক্সের গবেষণায় উঠে এসেছে চীন বাংলাদেশে রপ্তানি করে প্রায় ১৬ হতে ১৭ বিলিয়ন ডলারের পণ্য। অন্যদিকে এত পরিমাণ রপ্তানির বিপরীতে বাংলাদেশে থেকে চীন আমদানি করে মাত্র ৭৫ কোটি ডলারের পণ্য। বাংলাদেশকে চীন বাৎসরিক একশো কোটি ডলারের সাহায্য দেয়। তবে ২০১৬ সালে বাংলাদেশ সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৪ বিলিয়ন বা দুই হাজার চারশো কোটি ডলারের সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দেন। চীনের বিপরীতে ভারত বাংলাদেশে বাৎসরিক রপ্তানি করে প্রায় আট বিলিয়ন ডলারের পণ্য। কিন্তু আমদানি করে মাত্র ২৬ কোটি ডলারের। তাছাড়াও ভারতের অনুকূলে দুদেশের মধ্যে অনেক Informal Trade বা অবৈধ বাণিজ্য হয়। এর পরিমাণ কমপক্ষে দুই হতে তিন বিলিয়ন ডলারের সমান হবে বলে উল্লেখ করেন কুকসন। বাংলাদেশে যে-সকল ভারতীয় নাগরিক কাজ করেন তাদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণও দুই হতে চার বিলিয়ন ডলারের মতো। ভারত বাংলাদেশকে বছরে ১৫ কোটি ডলারের বৈদেশিক সহায়তা করে। কুকসনের দাবি যত অর্থ তারা বাংলাদেশকে ঋণ দেয়, তার চেয়ে আরও অনেক বেশি অর্থ তারা নিয়ে নিচ্ছে। তৃতীয়ত, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতে, সমুদ্রবন্দর স্থাপনে ও রেল প্রকল্পে চীন ও ভারত উভয়ের সমান আগ্রহ রয়েছে। অবকাঠামো খাতে চীন-ভারতের এই প্রতিযোগিতা থেকে বাংলাদেশ খুব একটি লাভবান হয়নি। অন্যদিকে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এবং জ্বালানি খাতে চীন বা ভারত, কেউই বড় কোনো বিনিয়োগে যায়নি। তারা শুধু আগ্রহ দেখায়।
ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জোয়েনক বলছেন, বঙ্গোপসাগরকে ঘিরে এই ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ কোনো নিস্ক্রিয় ভিক্টিম (passive victim) নয়, বরং নিজের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এটি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তারা বলছেন, বাংলাদেশও বুঝতে পেরে গিয়েছে যে, দুটি দেশই আসলে বাংলাদেশকে যা দেয়, তার উল্টো অনেক বেশি নিয়ে যাচ্ছে। আর তাদের অবকাঠামো এবং ম্যানুফ্যাকচারিং প্রকল্পগুলো জাপান ও দক্ষিণ কোরিয়ার তুলনায় খুব নিম্নমানের। কুকসন এবং টম ফেলিক্স জোয়েনক তাদের প্রবন্ধে উল্লেখ করেছেন যে, রোহিঙ্গা সংকটও বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে চীন এবং ভারত আসলে কেবল 'সুদিনের বন্ধু' (Fair-Weather Friends)। মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যে-কোনো পদক্ষেপ চীন আটকে দিচ্ছে। এটাকে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ কোনো কাজ বলে মনে করে না। অন্যদিকে ভারতের অবস্থাও বাংলাদেশের অনুকূল নয়। বাংলাদেশ তাদের আচরণকে 'Unfriendly Act' হিসেবে বিবেচিত করেছে। তারাও এই ইস্যুতে মিয়ানমারকে সমর্থন দিয়ে যাচ্ছে। চীন-ভারত দ্বন্দ্বের ভবিষ্যৎ নিয়ে তারা মনে করেন, শেষ পর্যন্ত এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে দুই দেশের বাণিজ্য নীতি। দুটি দেশের কোনোটিই নিজেদের স্বার্থ ব্যতীত বাংলাদেশকে রপ্তানির ক্ষেত্রে কোনো ছাড় এখনো পর্যন্ত দিচ্ছে না। বরং দুটি দেশই বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে ব্যাপক 'আন্ডার ইনভয়েসিং' এর সুযোগ দিচ্ছে, যেটি কি না বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতির লঙ্ঘন। "Under-Invoicing" এই টার্মটির মানে হচ্ছে, নিজ দেশের পণ্যদ্রব্য অন্যদেশে রপ্তানি করার সময় এমন ভাব নেওয়া যেন প্রকৃত মূল্য থেকেও আরও কম মূল্যে পণ্য সাপ্লাই দিচ্ছি। কিন্তু দেখা যায় প্রকৃত মূল্যের থেকেও অনেক বেশি মূল্য নিয়ে নেওয়া হচ্ছে রপ্তানিকৃত দেশ থেকে। তাই আন্ডার ইনভয়েসিং আন্তর্জাতিক বাণিজ্যে অনৈতিক। যত অর্থ তারা বাংলাদেশকে ঋণ দেয়, তার চেয়ে আরও অনেক বেশি অর্থ তারা নিয়ে নেয় এভাবে। উপসংহারে তারা বলেছেন, চীনের অর্থনীতি ভারতের তুলনায় অনেক বড়। বাণিজ্যেও ভারত থেকে চীন এগিয়ে। কাজেই বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য চীন যদি কোনোদিন তাদের বাজার খুলে দেয়, এই চীন-ভারত দ্বন্দ্বে সুস্পষ্টভাবেই চীন জয়ী হবে, আর বাংলাদেশও ঝুঁকে পড়বে চীনের দিকেই। (বিস্তারিত দেখুন: China and India's geopolitical tug of war for Bangladesh, East Asia Forum, 11 April 2018)
ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি ও বাংলাদেশ
"There are two ways to conquer and enslave a country: One is by the sword; the other is by debt." - John Adams
জন এডামসের বিখ্যাত এই উক্তিটি বর্তমান বৈশ্বিক রাজনীতিতে খুব বেশি প্রাসঙ্গিক। শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও মালদ্বীপের পর উগান্ডা হতে যাচ্ছে চতুর্থ রাষ্ট্র যে কি না চীনের Debt Trap বা ঋণের ফাঁদে পড়েছে। পাকিস্তান, থাইল্যান্ড, কেনিয়া, সুদান, জিবুতি, ইথিওপিয়া, লাওস ও কম্বোডিয়া ঋণের ফাঁদে পড়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। আরও অসংখ্য রাষ্ট্র চীনের Debt-trap diplomacy'র শিকার হতে যাচ্ছে। বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতায় 'ঋণ' হয়ে উঠেছে কূটনৈতিক নিয়ন্ত্রণের চাবিকাঠি। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের মধ্যে ৫০টি দেশ চীনের কাছ থেকে বিভিন্ন খাতে ঋণ নিয়েছে। বর্তমানে উগান্ডা সবচেয়ে বড় ন্যাশনাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। ২০১৫ সালে পূর্ব আফ্রিকার এই দেশটির সাথে চীনের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চীনা এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক থেকে ২০৭ মিলিয়ন ইউএস ডলার ঋণ নিয়েছিল উগান্ডা সরকার। এখন সেই লোন পরিশোধ করতে ব্যর্থ হয়েছে উগান্ডা। তাই শর্তানুযায়ী উগান্ডার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর 'এন্টেবা এয়ারপোর্ট' চীনের দখলে চলে যাচ্ছে।
যদিও উগান্ডার প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বিমানবন্দরের উপর অধিকার ধরে রাখতে চীনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন, আমার মনে হয় তিনি খুব বেশি সফল হবেন না। চীনের হাতে হাতছাড়া হয়ে যাবে দেশের একমাত্র এন্টেবা এয়ারপোর্ট। কারণ এই এয়ারপোর্ট চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ। চীন ইতোমধ্যে বিশ্বের মোট ১৬৩টি দেশে রাস্তা, সেতু, বন্দর ও হাসপাতাল তৈরিতে বিলিয়ন ডলার (প্রায় ৮৪,৩০০ কোটি ডলার) বিনিয়োগ করেছে। এই তালিকায় আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকা সব অঞ্চলই রয়েছে। এই অর্থের অধিকাংশই হচ্ছে চীনের বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংক থেকে আসা। বিশ্লেষকরা যাকে “ঝুঁকিপূর্ণ ঋণ” হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ ঋণের ফাঁদে ফেলে দিয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র ও বিমানবন্দর কজায় নেওয়া চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' প্রকল্পেরই একটি কৌশল। ঋণের ফাঁদে ফেলে কোনো একটি রাষ্ট্রকে নিজের ছায়াতলে নিয়ে আসাকেই Debt Trap Diplomacy বলা হয়। পাকিস্তানে 'চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর' (যেটিকে সংক্ষেপে সিপেক বা সিপিইসি বলে) ও গোয়াদর সমুদ্রবন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্রবন্দর ও কলম্বো চায়নিজ সিটি, মালদ্বীপের আন্তঃদ্বীপ যোগাযোগ সেতু, মিয়ানমারের কিয়াকফ্যু গভীর সমুদ্রবন্দর ও তেল-গ্যাস পাইপলাইন- ইত্যাদি সবগুলোই চীনা ঋণের ফাঁদের টেক্সটবুক উদাহরণ। শ্রীলঙ্কা তার হাম্বানটোটা বন্দরটি চীনের কাছে ৯৯ বছরের জন্য ইজারা দিতে বাধ্য হয়েছে। ছোট রাষ্ট্রগুলো এটি থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও বিপদে পড়তে হবে। চীনের এসব ঋণকে টার্ম হিসেবে বলা হচ্ছে “China's Leverage" বা "চীনের উদ্দেশ্য হাসিল করার মাধ্যম"।
ব্রেটনউডস প্রতিষ্ঠানসমূহের ঋণ প্রকল্পের সাথে চীনা ঝণ প্রকল্পের পার্থক্য
বিংশ শতাব্দীর শেষ দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশগুলোকে এরকম ঋণের ফাঁদে ফেলেছিল। যদিও এখনো তার ধারাবাহিকতা বজায় রয়েছে। বিশ্বব্যাংক, এডিবি, এএফডিবি, সিডিবি ও আইডিবি ইত্যাদি প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ছোট রাষ্ট্রগুলোকে ঋণের ফাঁদে ফেলে সেখানে আধিপত্য বিস্তার করার। এখন একুশ শতকের তৃতীয় দশকে এসে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভূরাজনৈতিক আধিপত্য মোকাবিলায় একই কাজটি চীন করছে একটু ভিন্ন ওয়েতে ও আকর্ষণীয়ভাবে। চীন তার বিশ্ব আধিপত্য নিশ্চিত করার লক্ষ্যে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতে ইউটিলিটি, টেলিযোগাযোগ, মহাসড়ক, রেলপথ, গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট, খনিজ আহরণ প্রকল্প ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগের উদ্দেশ্যে সহজ শর্তে ঋণ দিচ্ছে। নিজেদের অর্থনৈতিক সংকটের বাস্তবতায় দরিদ্র রাষ্ট্রগুলো সহজ শর্তে এসব ঋণ লুফে নেওয়া থেকে নিজেদের বিরত রাখতে পারছে না। এমনকি প্রকল্প বাস্তবায়নে চীনের সমর্থন পেয়ে ঋণগ্রহীতা অনেক দেশ তাদের দেশে চীনা সেনাবাহিনীর উপস্থিতিও মেনে নিচ্ছে। নিজেদের সার্বভৌমত্ববিরোধী নানা সুবিধা চীনকে দিতে বাধ্য হচ্ছে। মহাদেশজুড়ে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি শুধু সামরিক শক্তি প্রদর্শনের জন্যই নয়, এইসব অঞ্চলে থাকা বিশাল চীনা বিনিয়োগকে রক্ষা করার জন্যও বটে।
অনুন্নত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে তাদেরকে নিজের আয়ত্তে নিয়ে আসার যে কৌশলটি তা প্রথম প্রবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই কৌশলটি বাস্তবায়ন করার জন্য অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে ব্রেটনউডসের প্রতিষ্ঠানসমূহ (বিশ্বব্যাংক, আইএমএফ)। নব্বইয়ের দশকে চীনকে বলা হতো "Sleeping Giant" বা "ঘুমন্ত দানব"। তবে বর্তমান একুশ শতকের তৃতীয় দশকে এসে চীন এখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি। তাই যুক্তরাষ্ট্রের ঋণ প্রদানের মাধ্যমে আধিপত্য বিস্তার চেষ্টার যে কৌশল সেটিকে চ্যালেঞ্জ করার জন্যই চীনও সহজ শর্তে ঋণ প্রদানের প্রকল্পকে বেছে নিয়েছে। চীনের এই ঋণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে চীনা এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-সহ আরও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। চীনের এই নয়া ঋণ কৌশলের মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি তার মিত্র রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে হাতে নিয়েছে "Built Back Better World" পলিসি। এই যে অনুন্নত দেশগুলোর অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্র এবং চীন আধিপত্য বিস্তারের লক্ষ্যে ঋণ প্রদানের যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তাকে "Infrastructure War" হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে- ব্রেটনউডস প্রতিষ্ঠানগুলোর ঋণ প্রদান পদ্ধতির সাথে চীনা প্রতিষ্ঠানগুলোর ঋণ প্রদান পদ্ধতির তফাত কোথায়? কেন উন্নয়নশীল দেশগুলো চীনা ঋণের প্রতি ঝুঁকে যাচ্ছে। প্রথমত, বিশ্ব ব্যাংকের ঋণ শর্তের তুলনায় চীন অনেক সহজ শর্তে ঋণ দিচ্ছে। যার ফলে উন্নয়নশীল দেশগুলো চীনের থেকে ঋণ গ্রহণে বেশি উৎসাহী হয়। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশের পদ্মা বহুমুখী সেতু নির্মাণের অর্থায়নে বিশ্বব্যাংক নানামুখী শর্তারোপ করলে বাংলাদেশ তখন চীনমুখী হয়। দ্বিতীয়ত, বিশ্বব্যাংক সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ দিয়ে থাকে। অন্যদিকে চীন নির্দিষ্ট সময়ের জন্য ঋণ দিয়ে থাকলেও তার পরিমাণটি থাকে বিশ্ব ব্যাংকের তুলনায় অনেক বেশি।
বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে পড়বে কি না
এখন একটি প্রশ্ন হচ্ছে- বাংলাদেশ এই ফাঁদে পা দেবে কি না? বাংলাদেশ সরকার অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পে চীনের ঋণ সহায়তা নিয়েছে। তার কয়েকটি উদাহরণ হলো-
• কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গপথ চীনা অর্থায়নে স্থাপিত হচ্ছে যার দৈর্ঘ্য ৩ হাজার ৪০০ মিটার।
• পটুয়াখালীর পায়রায় নির্মিতব্য ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে চীন বিনিয়োগ করেছে ১৬ হাজার কোটি টাকার মতো।
• পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (CIC)। এ প্রকল্পে ২১ হাজার ৩৬ কোটি টাকা বিনিয়োগ করেছে চীনের এক্সিম ব্যাংক。
• প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের অর্থায়ন করেছে চীন।
• ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় ঢাকার বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ, আধুনিকায়ন ও শক্তিশালীকরণ ইত্যাদি প্রকল্পে চীন বিনিয়োগ করেছে ১১ হাজার ৯২৪ কোটি টাকা।
• ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ১০ হাজার ৯৫০ কোটি টাকার বিশাল অর্থায়ন করছে চীন।
উপরের উদাহরণ থেকে এটি স্পষ্ট যে, বাংলাদেশে চীনের বিনিয়োগ ও অর্থায়নের পরিমাণ কতটা ব্যাপক। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে চীনা বিনিয়োগের দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা। আর পাকিস্তান হচ্ছে এই তালিকায় প্রথম। তাই অনেক বিশ্লেষক মনে করছেন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের মতো বাংলাদেশের পায়রা বন্দরের নিয়ন্ত্রণও চীনের হাতে চলে যেতে পারে। বলে রাখা জরুরি বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। দক্ষতার সঙ্গে বৈদেশিক ঋণের ব্যবস্থাপনা করায় বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা খুবই কম বলে মত দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে যে ২৭টি প্রকল্পে ২৪ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা হয়েছিল সেগুলো নিয়ে বাংলাদেশ যথেষ্ট সচেতন।
বাংলাদেশ চীন থেকে ঋণ গ্রহণে একটি কূটনৈতিক চতুরতা (Diplomatic Manoeuvre) দেখিয়েছে যাতে চীন কোনো একটি প্রকল্পে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না পারে। পায়রা বন্দর চীনের দখলে যে চলে যাবে না তার অন্যতম কয়েকটি কারণও রয়েছে। প্রথমত, সম্পূর্ণ বন্দরের দায়িত্ব বাংলাদেশ চীনের হাতে তুলে দেয়নি। পায়রা বন্দরটি সফলভাবে বাস্তবায়ন এবং ঋণের ফাঁদ থেকে বাঁচার জন্য সরকার সম্পূর্ণ বন্দরের কাজটি বিভিন্ন ইউনিট বা কম্পোনেন্টে ভাগ করেছে। যেমন- বন্দরের ড্রেজিং কাজে বাংলাদেশ নিজে অর্থায়ন করছে, ভারত একটি টার্মিনাল নির্মাণে অর্থায়ন করছে, কিছু কম্পোনেন্ট জাপান, কিছু কম্পোনেন্ট চীন, কিছু আবার বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে নির্মিত হচ্ছে। এভাবে বাংলাদেশ তার অধিকাংশ বড় প্রকল্প কোনো একটি একক দেশের উপর ছেড়ে না দিয়ে বিভিন্ন দেশকে অন্তর্ভুক্ত করেছে। তার মানে চীন কখনোই এসে দাবি করতে পারবে না যে, বন্দরটি আমাকে দিয়ে দাও। কারণ এখানে চীন ছাড়াও আরও অনেক দেশের বিনিয়োগ বিদ্যমান। দ্বিতীয়ত, বিশ্বব্যাংক ও আইএমএফ এর তথ্যমতে, একটি দেশের বৈদেশিক ঋণের পরিমাণ যখন ঐ দেশের মোট জিডিপির ৪০ শতাংশের বেশি ছাড়িয়ে যায় তখন সেটি বিপজ্জনক (Danger Mark)। কিন্তু বর্তমানে বাংলাদেশের বৈদেশিক লোনের পরিমাণ মোট জিডিপির ১৫ শতাংশ। তথা বাংলাদেশ Safe Zone এ অবস্থান করছে। তাই বলা যায় বর্তমানে বাংলাদেশের ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নেই। তৃতীয়ত, অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে বাংলাদেশ যাদের কাছ থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে তাদের মধ্যে অন্যতম হলো বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাপানের প্রতিষ্ঠান জাইকা চীন, রাশিয়া ও ভারত থেকে। অর্থাৎ তথ্যগুলো থেকে এটি পরিষ্কার যে, ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ভিন্ন ভিন্ন স্টকহোল্ডারের দ্বারস্থ হয়েছে। বাংলাদেশ ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনো একটি একক রাষ্ট্রের উপর ঝুঁকে পড়েনি। তাছাড়াও পায়রা বন্দরের নজরদারির দায়িত্ব বাংলাদেশ তার নিজের হাতে রেখেছে। শ্রীলঙ্কা যেটি করেছে তা হলো সম্পূর্ণ বন্দরের নজরদারির দায়িত্ব চীনের উপর ছেড়ে দিয়েছিল।
তাই একটু কৌশলী হলে একটি নির্দিষ্ট দেশ থেকে নেওয়া ঋণের চাপে পড়ার আশঙ্কা খুবই কম। তবে এটির একটি ফ্লিপ সাইডও রয়েছে। কারণ একটি নির্দিষ্ট প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দেশকে একসাথে অন্তর্ভুক্ত করলে প্রকল্পের কাজে অগ্রগতি আসে না। তারপরেও চীন যেহেতু বাংলাদেশের অনেক মেগা প্রজেক্টে বিনিয়োগ করছে তাই 'ঋণের ফাঁদ' বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ চীন এগুচ্ছে “Machiavellian Strategy” নিয়ে। এই স্ট্র্যাটেজির মানে হচ্ছে একটি রাষ্ট্র দখলের এমন একটি পদ্ধতি যেখানে দখলকৃত রাষ্ট্র প্রাথমিকভাবে বুঝতেই পারবে না যে তাকে দখল করার প্রক্রিয়া চলমান। তবে আমরা আশাবাদী যে, আগামীর দিনগুলোতে বাংলাদেশ দক্ষতার সাথেই এসব বিষয় মোকাবিলা করবে।
Question to think about?
চীন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে পরিমাণে বিনিয়োগ করছে বাংলাদেশ সে-তুলনায় আশানুরূপ চীনা বিনিয়োগ আনতে পারছে না। এমন পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা মাথায় রেখে চীনের সাথে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্রগুলো কীভাবে বাড়ানো যায় বলে আপনি মনে করছেন? দ্বিতীয়ত, চীন এবং ভারত উভয়ের সাথেই বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তাই এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য বাংলাদেশ কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে?
সহায়ক গ্রন্থাবলি:
1. Winston, Rachel A. (2021), Belts and Roads Under Beijing's Thumb: Economic Domination & Debt-Trap Diplomacy, Lizard Publishing
2. McMahon, Dinny (2018), China's Great Wall Of Debt: Shadow Banks, Ghost Cities, Massive Loans, and the End of the Chinese Miracle, Harper Business
3. Church, Sally K. (2004), The Giraffe of Bengal: A Medieval Encounter in Ming China, The Medieval History Journal
4. Hellström, Jerker (2009), China's Emerging Role in Africa: a Strategic Overview, Swedish Defence Research Agency
5. Wyatt, Don J. (2009), The Blacks of Premodern China. Encounters with Asia, University of Pennsylvania Press
6. Garver, John W. (2018), China's Quest: The History of the Foreign Relations of the People's Republic, comprehensive scholarly history
7. Yahuda, Michael (2016), End of Isolationism: China's Foreign Policy After Mao, Macmillan International Higher Education
📄 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও ভূরাজনৈতিক বাস্তবতা
Theme: From a Nation to a State
পূর্বপাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট
দীর্ঘ দুইশো বছর শাসন করার পর, ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করার সময় সিদ্ধান্ত নিল ধর্মের ভিত্তিতে দুটি দেশ গঠিত হবে। হিন্দু ধর্মের ভিত্তিতে ভারত, আর ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান। ১৯৪৭ সালের ১৮ জুলাই ইন্ডিয়ান 'ইন্ডিপেন্ডেন্স এ্যাক্ট' এ ভারতবর্ষের দুটি প্রধান মুসলিম অধ্যুষিত অঞ্চল (পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান) নিয়ে পাকিস্তান নামের রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। অবশেষে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান নামের এই দুটি মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হলো 'পাকিস্তান' নামের স্বাধীন একটি দেশ। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল ১২শো মাইলেরও বেশি এবং এই দুই পাকিস্তানের মধ্যখানে ছিল বিশাল ভারত। সেই পশ্চিম পাকিস্তানে বসেই পূর্ব পাকিস্তানকে শাসন করা হতো। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশ। হাজার হাজার মাইল দূরত্বের এই দুই পাকিস্তানের মধ্যে শুধু ধর্ম ছাড়া আর কোনো মিল ছিল না। পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু, আর পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা। ভাষাগত অমিল-সহ নানা বৈষম্যের কারণে দুই পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংকট দেখা দেয়। রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত ছিল পশ্চিম পাকিস্তানে এবং দুই পাকিস্তানের মধ্যে ক্ষমতার ভারসাম্য ছিল না। যে-কারণে রাষ্ট্রের শাসন ক্ষমতাও সেখানেই কুক্ষিগত হয়ে পড়ে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রশাসন, প্রতিরক্ষা-সহ রাষ্ট্রের সমস্ত সেক্টরে পূর্ব পাকিস্তানের নাগরিকরা পদে পদে বৈষম্যের শিকার হয়।
দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য
পাকিস্তান সৃষ্টি হওয়ার পর ১৯৪৭ সালে উভয় পাকিস্তানের মাথাপিছ আয় ছিল প্রায় সমান কিন্তু বৈষম্যের কারণে ১৯৭০ সালের দিকে পশ্চিম পাকিস্তানের মানুষদের মাথাপিছু আয় পূর্ব পাকিস্তানের মানুষদের তুলনায় দ্বিগুণ বেড়ে যায়। পূর্ব পাকিস্তানে বিনিয়োগের অভাবে শত শত স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়, অথচ পশ্চিমে বেড়ে গিয়েছিল তিন গুণ। গুরুত্বপূর্ণ সরকারি পদে, সেনাবাহিনীর উচু পদে বাঙালিদের নিয়োগ পাওয়া খুব কঠিন ছিল। বড় বড় সকল কলকারখানা গড়ে তোলা হয় পশ্চিম পাকিস্তানে। অবহেলায় পূর্ব পাকিস্তান হয়ে উঠেছিল পশ্চিমের কলকারখানার কাঁচামালের যোগানদাতা এবং তাদের উৎপাদিত পণ্যের প্রধান ক্রেতা। এমনকি পূর্ব পাকিস্তানের সম্পদ ব্যবহার করা হয়েছিল পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য। এসকল বৈষম্যের কারণেই বাঙালিরা নিজেদেরকে পশ্চিম পাকিস্তানিদের থেকে আলাদা ভাবতে শুরু করে।
আওয়ামী লীগের উত্থান
ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের জন্য ভারতীয় উপমহাদেশে কতগুলো রাজনৈতিক দল গড়ে উঠেছিল। হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য কংগ্রেস নামের রাজনৈতিক দলটি ছিল সবচেয়ে বেশি প্রভাবশালী। তাই ভারত স্বাধীন হওয়ার পর কংগ্রেস ভারতের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। আর মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য মুসলিম লীগ নামের এই রাজনৈতিক দলটি ছিল অন্যতম। পাকিস্তান স্বাধীন হওয়ার পর মুসলিম লীগ হয়ে উঠে পাকিস্তানের ক্ষমতার একচ্ছত্র অধিকারী। মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান হন। মুসলিম লীগের প্রায় সব নেতারাই ছিল পশ্চিম পাকিস্তানের। তাই মুসলিম লীগের রাজনীতির বিপরীতে পূর্ব পাকিস্তানের নেতারা শক্তিশালী ও অসাম্প্রদায়িক চেতনার একটি রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু করে, যার প্রেক্ষাপটে প্রথমে ছাত্রলীগ (১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি) এবং পরে আওয়ামী মুসলিম লীগ (১৯৪৯ সালের ২৩শে জুন) গঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী পূর্ব পাকিস্তানের জন্য দলের নামকরণ করা হয় 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ'। সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় 'নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ', যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পরবর্তীতে ১৯৫৫ সালে মুসলিম শব্দটি কেটে দলের নাম রাখা হয় আওয়ামী লীগ। অধিকার আদায়ের ক্ষেত্রে এই আওয়ামী লীগ হয়ে উঠে পূর্ব পাকিস্তানের একমাত্র আস্থা।
ভাষা আন্দোলন
পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে আসছিল। পাকিস্তান সরকার এ যৌক্তিক দাবির সম্পূর্ণ বিরোধিতা করে। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে একমাত্র সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে ক্রমবর্ধমান প্রতিবাদ শুরু হয়। এ প্রতিবাদে পুনরুজ্জীবিত হয়েই ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্ররা একত্রিত হয়। পুলিশ এ জনসমাবেশের উপর গুলি চালানোর ফলে রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকেই শহীদ হয়। আর এটাই ভাষা আন্দোলন নামে পরিচিত লাভ করে।
যুক্তফ্রন্টের নির্বাচন
প্রশাসনিক কাজের সুবিধার্থে পাকিস্তানকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল। সিন্ধু, পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত ও বেলুচিস্তান এগুলো ছিল পশ্চিম পাকিস্তান অংশের প্রভিন্স বা প্রদেশ। আর পূর্ব পাকিস্তান পুরোটা মিলে ছিল একটি প্রদেশ। ১৯৫৪ সালে প্রদেশগুলোতে নির্বাচন আয়োজন করা হয়। পূর্ব পাকিস্তানের এই প্রাদেশিক বা আঞ্চলিক নির্বাচনে দুটি দল দাঁড়ায়। একটি হলো কেন্দ্রীয় মুসলিম লীগ, আরেকটি হলো পূর্ব পাকিস্তানের সবগুলো দল একজোট। করে আওয়ামী লীগ পর্যন্ত ইত্যাদির মধ্যে একটি ভাঙন তৈরি হয়েছিল। এমনকি দেশের বিভিন্ন অঞ্চলে চরমপন্থি কিছু রাজনৈতিক দলের উত্থান হয়। বিভিন্ন জায়গায় হত্যা, সন্ত্রাস, দেশের সম্পদ লুটপাট ইত্যাদি ছিল নিয়মিত ঘটনা। ভিন্ন ভিন্ন স্বার্থ নিয়ে অনেক রাজনৈতিক দলের উত্থান হলে বাংলাদেশে তখন একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরকম নৈরাজ্যময় পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু রাষ্ট্রের সবগুলো রাজনৈতিক দল নিয়ে শুধু একটি অভিন্ন রাজনৈতিক প্লাটফর্ম গঠন করার সিদ্ধান্ত নেন। আর এই অভিন্ন প্লাটফর্মটি 'বাকশাল' হিসেবে পরিচিত।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং কিছু ভূরাজনৈতিক সমীকরণ
অবশেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপথগামী কিয়দংশ এবং স্বীয় দলের কিছু রাজনীতিবিদের ষড়যন্ত্রে সংঘটিত অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল ভারত ও রাশিয়া। যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরোধিতা করেছিল। সময়টি যেহেতু ছিল কোল্ড ওয়ার পিরিয়ড তাই সমাজতান্ত্রিক দেশ রাশিয়া বাংলাদেশের পক্ষ নেওয়ায় স্বভাবগতভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে ছিল। তাই বাংলাদেশের জয় মানেই এই অঞ্চলে রাশিয়ার জয় হয়েছে বলে মনে করত মার্কিনীরা। তৎকালীন মার্কিন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের বিদেশি শত্রুর তালিকায় যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনজন হলো চিলির প্রেসিডেন্ট আলেন্দে, ভিয়েতনামের থিউ এবং বাংলাদেশের শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে কিসিঞ্জার তার ব্যক্তিগত পরাজয়ের শামিল ছিল বলে মনে করেন। তাই বলা হয় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে বিদেশি (আমেরিকার) ষড়যন্ত্রও ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নীলনকশায় আমরা লরেন্স লিফশুলজের সেই Track I এবং Track II পলিসির কথা স্মরণ করতে পারি। দ্বিতীয়ত, ১৯৭৩ সালে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের একটি যুদ্ধ হয়, যেটা "আরব-ইসরায়েল যুদ্ধ” নামে পরিচিত। ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সদ্য স্বাধীন বাংলাদেশ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে আরবদের সমর্থন দিয়েছিল। আরবদের প্রতি সমর্থন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মিশরে চা উপহার পাঠিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। আরব-ইসরায়েল যুদ্ধের পর মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বাংলাদেশের পাঠানো উপহারের কথা ভুলেননি। ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে মিশরের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসেন। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আনোয়ার সাদাত বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে ৩০টি ট্যাংক উপহার দিয়েছিলেন। আনোয়ার সাদাতের দেওয়া উপহার সেই ট্যাংক দিয়েই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যার মাত্র পাঁচ বছর পরেই মিশরের আনোয়ার সাদাতকেও হত্যা করা হয়। ঠিক এই কারণেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যে বিদেশি ষড়যন্ত্র ছিল সেটাও স্পষ্ট।
নৈরাজ্যময় এক বাংলাদেশ
বঙ্গবন্ধু নিহত হওয়ার পরবর্তী ৩ মাসে রাষ্ট্র ক্ষমতা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একাধিক অভ্যুত্থান ও পাল্টা-অভ্যুত্থান চলতে থাকে, যার পরিসমাপ্তিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়ার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল কিছুটা সোভিয়েত ঘেঁষা। সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী এমন রাষ্ট্রনেতাদের সাথে বঙ্গবন্ধুর ভালো বোঝাপড়া ছিল। কিন্তু জিয়াউর রহমান এর শাসনামলে বাংলাদেশ পূর্বের পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে সোভিয়েত বিরোধী জোটগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করে। ১৯৮১ সালে জিয়া চট্টগ্রাম সফরের সময় আরেকটি অভ্যুত্থানে নিহত হন। চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে জিয়া নিহত হওয়ার পর নিয়ম অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ও বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে থাকেন।
স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের পুনরুত্থান
তারপর ১৯৮২ সালের মার্চ মাসে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ রক্তপাতবিহীন আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এরশাদের আমলে ১৯৯০ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ ইরাকের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেয়। তখন বাংলাদেশের সেনারা প্রথমবারের মতো কোনো বৈদেশিক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার শাসনামলেই বাংলাদেশ থেকে সোভিয়েত রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করা হয়েছিল। এরশাদ ১৯৯০ সাল পর্যন্ত দেশ শাসন করেন। ১৯৯০ সালে আওয়ামী লীগ ও বিএনপি-সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলে। সেই গণ অভ্যুত্থানের তোপে পড়ে এরশাদ ক্ষমতা ত্যাগ করলে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নব্বই পরবর্তী ক্ষমতার পালাবদল
১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ এই পনেরো বছরের মিলিটারি শাসনের অবসান ঘটিয়ে ১৯৯১ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়। এই নির্বাচনে রাজনৈতিক দল বিএনপি জয়ী হয় এবং দলের নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল হতে ১৯৯৬ সাল পর্যন্ত এই পাঁচ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারপর ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয় এবং দলনেতা হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ হতে ২০০১ সাল পর্যন্ত এই পাঁচ বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারপর ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি পুনরায় জয়ী হয় এবং বেগম খালেদা জিয়া পুনরায় প্রধানমন্ত্রী হন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু ২০০৬ সালে যখন জাতীয় নির্বাচনের সময় আসে তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমদ নির্বাচন অনুষ্ঠিত না করে সেনাবাহিনীর সমর্থন নিয়ে নিজেই ক্ষমতা দখল করে নেন। পরবর্তীতে জনগণের কঠোর সমালোচনায় ফখরুদ্দিন আহমেদ ২০০৮ সালে জাতীয় নির্বাচনের আয়োজন করেন। এই নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ জয়ী হয় এবং শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব লাভ করেন। তারপর ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়।
বাংলাদেশের রাজনীতির তিনটি পর্যায়
এতক্ষণ আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে একটি ধারাবাহিক ধারণা পেলাম। এখন আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের তিনটি পর্যায় সম্পর্কে জানব।
১. Nationalist (১৯৪৭-১৯৭১): ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই সময়টিকে 'Nationalist Period' বলা হয়। পাকিস্তানের অধীনে এই পঁচিশ বছরের শাসনামলে বাঙালিরা ছিল ঐক্যবদ্ধ। পাকিস্তানিদের যে-কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সকল বাঙালিরা একসাথে আন্দোলন করেছে। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে সবাই একসাথে দেশ স্বাধীন করেছে। নিজ স্বার্থের কথা বিবেচনা না করে সবাই জাতীয় স্বার্থে একসাথে কাজ করেছে (Collective Goal)।
২. Reformist (১৯৭১-১৯৯০): দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সাল থেকে ১৯৯০ সালে এরশাদের পতন পর্যন্ত এই সময়টি 'Reformist Period' হিসেবে পরিচিত। এই বিশ বছরের সময়টিতে বাংলাদেশের যুবকরা ঘনিষ্ঠভাবে (Closely) তেমন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। অর্থাৎ যুবকরা কোনো একক রাজনৈতিক পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। জিয়াউর রহমানের সেনা শাসন কিংবা এরশাদের শাসনামলে যুবকরা এক হয়ে রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের জন্য আন্দোলন করেছে। এমনকি ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদকে এই যুবকরাই আন্দোলন করে হটিয়েছে। অর্থাৎ যুবকরা একটি ইনডিপেনডেন্ট এজেন্ট হিসেবে রাজনৈতিক ভূমিকা পালন করেছে (Youth as Independent agent)।
৩. Opportunistic (১৯৯০-বর্তমান): ১৯৯০ সালে এরশাদের পতনের পর যখন “আওয়ামী লীগ বনাম বিএনপি” রাজনীতি শুরু হয় তখন বাংলাদেশের যুবকরা ঘনিষ্ঠভাবে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হয়ে যায়! যুবকরা ভাগ হয়ে পার্টি বা দলভিত্তিক রাজনীতি শুরু করে। যেটাকে রাষ্ট্রবিজ্ঞানে 'Clientlike Political Culture' হিসেবে আখ্যায়িত করা হয়। ১৯৯০ পরবর্তী সময়ে বাংলাদেশে একটি দলীয় রাজনীতির সংস্কৃতি গড়ে ওঠে।[বিস্তারিত দেখুন- Youth for Democratic Resilience: Prospects Beyond the Degeneration of Youth Politics in Bangladesh]
বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও শাটল ডিপ্লোমেসি
দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত ও রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তুলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য জোর দিয়েছিলেন। পাকিস্তান, চীন ও সৌদি আরবের সাথে জিয়াউর রহমানের সুসম্পর্ক ছিল। তারপর এরশাদের শাসনামলেও বাংলাদেশ মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করে। পরবর্তী সরকাররা বঙ্গবন্ধুর গৃহীত "Friendship to all, malice to none” এই পররাষ্ট্রনীতি গ্রহণ করে। অর্থাৎ সব রাষ্ট্রের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, কোনো রাষ্ট্রের সাথেই শত্রুতা নয়। আজকের একুশ শতাব্দীতে এসে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে ২০১৭ সালে যে-সকল রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো। তাই বাংলাদেশ এখন "Shuttle Diplomacy” এর দিকে প্রবেশ করেছে। ধীরে ধীরে শাটল ডিপ্লোমেসির দিকে ঝুঁকছে বাংলাদেশ। যে কারণে কূটনীতির এই পরিভাষাটি সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের সরকারের সাথে ইসরায়েল সরকারের একটি সরাসরি সম্পর্ক বা যোগাযোগ রয়েছে। একই ভাবে তুরস্কের সাথে ইরান সরকারেরও সরাসরি সম্পর্ক রয়েছে (Direct Relationship)। সরাসরি সম্পর্ক বলতে মূলত বোঝায় দুটি দেশের সরকারের মধ্যে নিয়মিত ফোনালাপ, উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একে অপরের দেশে ভ্রমণ, দুটি দেশের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে ডায়ালগ ইত্যাদি। দুটি দেশের সরকারের মধ্যে এই ডিরেক্ট সম্পর্কটিকে আমরা বলি "Principal-to-Principal Contact"। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন দ্বন্দ্ব, ক্রাইসিস কিংবা যুদ্ধের কারণে একটি দেশ অপর আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। যেমন- রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের সাথে মিয়ানমার সরকারের সরাসরি কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। ইসরায়েল ও প্যালেস্টাইন এই দুটি দেশের সরকারের মধ্যেও তেমন কোনো সরাসরি যোগাযোগ নেই। একই ভাবে Spying বা নজরদারির কারণে একসময় যুক্তরাষ্ট্র তার দেশ থেকে রাশিয়ার সকল কূটনীতিকদের বহিষ্কার করেছিল। পরবর্তীতে রাশিয়া সরকারও তার দেশ থেকে যুক্তরাষ্ট্রের সকল কূটনীতিকদের বহিষ্কার করে। ফলস্বরূপ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। একে অপরের সাথে রেষারেষি, দ্বন্দ্ব কিংবা যুদ্ধের কারণে সম্পর্কচ্ছেদ হলে তখন তৃতীয় আরেকটি দেশের প্রয়োজন হয় এই দুটি দেশের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য। যেমন- জেরুজালেমকে কেন্দ্র করে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে তৃতীয় দেশ হিসেবে তুরস্ক ও মিশর এগিয়ে এসেছিল। তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় পরবর্তীতে যুদ্ধবিরতি হয়। বিবদমান দুটি দেশের মধ্যে মীমাংসা করতে যখন তৃতীয় পক্ষের প্রয়োজন হয় তখন সেটাকে "Shuttle Diplomacy” বলা হয়।
বাংলাদেশ এখন এই শাটল ডিপ্লোমেসি ব্যবহার করছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি মধ্যস্থতার লক্ষ্যে এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্দেশ্যে বাংলাদেশ এখন তৃতীয় একটি পক্ষকে খুঁজে বেড়াচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ তৃতীয় পক্ষ হিসেবে চীনের সমর্থন চাচ্ছে, কখনো আবার রাশিয়ার কাছে। অর্থাৎ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি রাজনৈতিক সমাধান করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ তৃতীয় একটি দেশকে খুঁজে বেড়াচ্ছে। আর এটাকেই বলা হচ্ছে 'শাটল ডিপ্লোমেসি'। আরও সহজ করে বললে দুইটি রাষ্ট্রের সরকারের মধ্যে যখন কূটনৈতিক সম্পর্ক খারাপ হয় এবং তাদের সরাসরি যোগাযোগ সম্ভব হয় তখন অন্য কোনো পক্ষ বা মধ্যস্থতাকারীর মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার নামই শাটল ডিপ্লোমেসি। মধ্যস্থতা করার জন্য একটি দেশই যে হতে হবে এমন কোনো শর্ত নেই, আন্তর্জাতিক কোনো সংস্থাও হতে পারে এই মধ্যস্থতাকারী।
Shuttle Diplomacy এর প্রথম উদ্ভব ও বিকাশ ঘটেছিল ১৯৭০-র দশকে। হেনরি কিসিঞ্জার এ কূটনীতির উদ্ভাবক। হেনরি কিসিঞ্জার সর্বপ্রথম এই ডিপ্লোমেসির প্রয়োগ ঘটিয়েছিলেন ইসরায়েল, মিশর ও সিরিয়ার মাঝে। শাটল ডিপ্লোমেসি এর আরেকটি উদাহরণ দেওয়া যাক। "ফকল্যান্ড” হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটিশদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলছিল। এমনকি এই দ্বীপকে কেন্দ্র করে ১৯৮২ সালে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে একটি যুদ্ধ হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুটি দেশের মধ্যে একটি মীমাংসা হয়। যে-কারণে ফকল্যান্ড দ্বীপের এই সংকট নিরসনকে বলা হয় শাটল ডিপ্লোমেসি এর জ্বলন্ত উদাহরণ। রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য তৃতীয় পক্ষ হিসেবে রাশিয়া, ভারত, জাপান, চীন, আমেরিকা কাউকেই বাংলাদেশ পাশে পাচ্ছে না। মধ্যস্থতা করিয়ে দেওয়ার জন্য কোনো রাষ্ট্রই এগিয়ে আসছে না। তাই অনেকে বলছেন বাংলাদেশ তুরস্ককে মধ্যস্থতাকারী হিসেবে আহ্বান করতে পারে। আসলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি মধ্যস্থতা করে দেওয়ার জন্য বাংলাদেশ কোন দেশটিকে পাশে পাবে সেটা নির্ভর করছে দক্ষিণ এশিয়াকে নিয়ে পরাশক্তিগুলোর ভূরাজনীতির উপর।
বাংলাদেশের জন্য সতর্কতা ও ভূরাজনৈতিক বাস্তবতা
আমাদের সবার মাথায় কয়েকটি প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরপাক খায়। সেগুলো হচ্ছে ভারত কেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে না? রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে কখনো এই আরাকান অঞ্চলে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। এসব কারণে এই আরাকান রাজ্যটি চীনের প্রয়োজন। আর এজন্যই রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বাংলাদেশের বিরোধিতা করছে এবং মিয়ানমারের সেনাবাহিনীকে সহায়তা দিচ্ছে।
ভারত
জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ এশিয়ার অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা ভোটদানে বিরত থাকার চেষ্টা করে। আর বাংলাদেশের পক্ষে পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ ইত্যাদি রাষ্ট্র ভোট দিয়ে থাকে। তথা তিনটিই মুসলিম প্রধান দেশ। তার মানে কি এই যে, এই ভোটাভুটিতে রোহিঙ্গাদের ধর্মীয় পরিচয় একটি বড় নিয়ামক? নাকি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা প্রতিবেশি ভারতকে অনুসরণ করে ভোটদানে বিরত থেকেছে? প্রশ্ন দুটি গুরুত্বপূর্ণ এ কারণে যে, জাতিসংঘের মতো একটি বৈশ্বিক অঙ্গনে ভোট দেওয়া বা ভোটদানে বিরত থাকার বিষয়টি শুধু সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয়ের অন্তর্ভুক্ত নয়। বরং এটি সেই দেশের পুরো পররাষ্ট্রনীতিরও অংশ। এবার আসি রোহিঙ্গা ইস্যুতে ভারত কেন নিরপেক্ষ থাকছে তা নিয়ে।
প্রথমত, ভারতের সাথে মিয়ানমারের সেনাবাহিনীর একটি কৌশলগত সম্পর্ক রয়েছে। দ্বিতীয়ত, মিয়ানমারের সেনাবাহিনীর সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে অন্যতম আরেকটি কারণ হলো, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে বিদ্রোহী তৎপরতায় লিপ্ত যোদ্ধাদের অনেকেই মিয়ানমারের জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। ফলে তাদের শায়েস্তা করতে মিয়ানমারের সেনাবাহিনীর সহযোগিতা ভারতের প্রয়োজন। তৃতীয়ত, চায়নার পাশাপাশি মিয়ানমারে ভারতও এখন কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের সাথে যুক্ত। রাখাইন রাজ্যেই ভারত একটি বন্দর এবং নদীপথ প্রকল্পে জড়িত। ভারতের মিজোরাম এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যে একটি সড়ক নির্মাণেও ভারত জড়িত। তাছাড়াও ভারতের মূল উদ্দেশ্য মিয়ানমারে চীনের প্রভাব বলয়ে কিছুটা ফাটল ধরানো। চতুর্থত, রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপস্থিতি ভবিষ্যতে ভূরাজনৈতিক সমীকরণের কারণে জঙ্গি তৎপরতার জন্য সহায়ক হলে তা ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবে বলে মনে করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা। জঙ্গির অজুহাতে ভারতের আশেপাশে মার্কিন সেনাদের উপস্থিতি ভবিষ্যতে ভারতকে অস্বস্তিতে ফেলে দিতে পারে। পঞ্চমত, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থাৎ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে শুধু ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বাংলাদেশের পক্ষে এবং বাকি দেশগুলো মিয়ানমারের পক্ষে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এই দুটি দেশ বাংলাদেশের পক্ষে থাকার অন্যতম কারণ হলো ধর্মীয়। আসিয়ানভুক্ত অন্য সকল দেশ যেমন- সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনাই, কম্বোডিয়া, লাউস সবাই মিয়ানমারের পক্ষে। আর ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আসিয়ান জোটের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। তাই ভারত ভোটদানে বিরত থাকে। সে বাংলাদেশ, মিয়ানমার, আসিয়ানভুক্ত সবগুলো দেশের সাথেই একটি কৌশলগত সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।
রাশিয়া
প্রথমত, মিয়ানমারের জাতীয় রাজনীতি দুইভাগে বিভক্ত। মিয়ানমারের জাতীয় রাজনীতিতে একদিকে নোবেল বিজয়ী অং সান সুচি ও তার রাজনৈতিক দল। আর অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনী। সুচি ক্ষমতায় এসে দীর্ঘদিন ধরে চেয়েছিলেন মিয়ানমারের রাজনীতি থেকে কীভাবে সেনাবাহিনীর প্রভাব কমানো যায়। এই নিয়ে অং সান সুচি ও সেনাবাহিনীর মধ্যে একটি পরোক্ষ দ্বন্দ্ব বিদ্যমান। এই দ্বন্দ্ব প্রত্যক্ষ রূপ নেয় যখন ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের মিলিটারি জান্তারা ক্যু ঘটিয়ে অং সান সুচিকে গ্রেফতার করে এবং মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা দখল করে। অং সান সুচি হলো পশ্চিমাপন্থি আর মিলিটারিরা হলো রাশিয়াপন্থি।
দ্বিতীয়ত: মিয়ানমারের সেনাবাহিনীরা তাদের যাবতীয় অস্ত্র ও মিলিটারি সরঞ্জাম রাশিয়া থেকে ক্রয় করে। অর্থাৎ মিয়ানমার হলো রাশিয়ার জন্য অস্ত্র বিক্রির একটি বড় বাজার। অন্যদিকে বাংলাদেশ বেশির ভাগ অস্ত্র ও মিলিটারি সরঞ্জাম ক্রয় করে চায়না থেকে। এমনকি বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে কিছু অস্ত্র চায়নার পাশাপাশি তুরস্ক থেকেও ক্রয় করছে। অথচ এশিয়া মহাদেশের অস্ত্রের বাজারে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী হলো চীন ও তুরস্ক। রাশিয়া থেকে অস্ত্র না কিনে বরং চীন ও তুরস্ক থেকে অস্ত্র ক্রয় করায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ রাশিয়াকে তার সাথে পাচ্ছে না। এমনকি ২০২১ সালের ১৪ জুলাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন উজবেকিস্তানে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ এ পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে রাশিয়াকে বাংলাদেশের পাশে থাকার কথা বললে রুশ পররাষ্ট্রমন্ত্রী কোনো জবাব না দিয়ে চুপ ছিলেন। এই চুপ থাকার মানে হলো রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়াও বাংলাদেশকে সহায়তা করতে চাচ্ছে না।
তৃতীয়ত, আমার কাছে মনে হচ্ছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই চুপ থাকা বাংলাদেশের জন্য দুটি ভয়ংকর বার্তা দিচ্ছে। মিয়ানমারে বর্তমানে ক্ষমতায় আছে মিলিটারি জান্তারা। একটি সামরিক সরকার ক্ষমতায় টিকে থাকতে যে পরিমাণ অস্ত্র লাগবে বাংলাদেশের কিন্তু সে পরিমাণে অস্ত্র লাগবে না। তাই মিয়ানমারের সেনাবাহিনী রাশিয়া থেকে ভবিষ্যতে আরও বেশি অস্ত্র ক্রয় করতে থাকবে। ঠিক এজন্য রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে রাশিয়া কখনোই মিয়ানমারের বিরাগভাজন হতে চাচ্ছে না। অর্থাৎ ভবিষ্যতে গিয়েও আমরা রোহিঙ্গা ইস্যুতে কখনোই রাশিয়াকে পাশে পাব না এটা নিশ্চিত করেই বলা যায়।
বাংলাদেশের জন্য দ্বিতীয় অশুভ বার্তাটি হচ্ছে রোহিঙ্গাদের নিজেদের মধ্যে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে। তাই রোহিঙ্গারা এই অঞ্চলে একসময় একটি বিগ টেরোরিস্ট হাব হয়ে উঠতে পারে। তখন রাশিয়া এই রোহিঙ্গাদের কাছে তাদের অস্ত্র বিক্রি করার একটি বড় বাজার খুঁজে পাবে (Possibility)। কারণ রাশিয়ার পররাষ্ট্রনীতিতে অস্ত্র বিক্রি একটি মুখ্য বিষয়।
জাপান
আরেকটি প্রশ্ন হতে পারে, জাপান তো বাংলাদেশের অনেক ভালো বন্ধু হিসেবে পরিচিত। বাংলাদেশকে বিদেশি সাহায্যে একক দেশ হিসেবে শীর্ষে আছে জাপান। এমনকি বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে জাপান। তাহলে রোহিঙ্গা ইস্যুতে জাপান কেন বাংলাদেশের পাশে নেই? তার অন্যতম কারণ হিসেবে অনেকে ধর্মীয় বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করেন। তাদের মতে মিয়ানমার হচ্ছে একটি বৌদ্ধধর্মাবলম্বী দেশ। আর জাপানের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। ঠিক এই ধর্মের কারণে অধিকাংশ জাপানিজ কিছুটা মিয়ানমারের পক্ষে। জাপান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে না থাকার পেছনে আসলে ধর্মীয় কারণটি যৌক্তিক নয়। কারণ বর্তমানে জাপানের পররাষ্ট্রনীতিতেও একটি পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে Neutrality বা নিরপেক্ষতা। বর্তমানে যে-কোনো দুটি রাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্বে জাপান নিজেকে জড়াতে চায় না। জাপান নিরপেক্ষ হিসেবে থাকতে চায়। তাই বাংলাদেশে যেভাবে জাপান অনেক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে ঠিক একই ভাবে মিয়ানমারেও জাপান অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।
যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ভারত, চীন, জাপান, রাশিয়া কাউকেই পাশে পাচ্ছে না। এখন বাকি আছে শুধু যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে দিতে বাংলাদেশকে তো আর এমনি এমনিই সহযোগিতা করবে না। যুক্তরাষ্ট্রের মনোভাব হচ্ছে বাংলাদেশ যদি সেন্টমার্টিন কিংবা কক্সবাজারের দিকে যুক্তরাষ্ট্রকে একটি মিলিটারি ঘাঁটি বসানোর সুযোগ দেয় তখনই কেবল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সরাসরি সহযোগিতা করবে। কেননা সোফা (SOFA) চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আগ্রহ আমাদেরকে এটাই ইঙ্গিত দিচ্ছে। তাছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মিলিটারি ঘাঁটি বসাতে পারলে ভারতীয় উপমহাদেশ-সহ এসব অঞ্চলে তাদের একটি কর্তৃত্ব বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে বসেই এসব অঞ্চল থেকে চীনের কর্তৃত্ব হটাতে পারবে। এখন ইতিহাস বলছে কোনো একটি দেশে যুক্তরাষ্ট্রের মিলিটারি ঘাঁটি বসানো মানেই ঐ দেশটি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাওয়া।
আফ্রিকার দেশগুলো
রোহিঙ্গা ইস্যুতে আফ্রিকার দেশগুলোর অবস্থান কী হবে তা নির্ভর করে চীনের উপর। অর্থাৎ চীন বিষয়টিকে কীভাবে দেখছে তার উপর নির্ভর করেই তারা সিদ্ধান্ত নেয়। চীন এই ইস্যুতে গুরুত্বপূর্ণ স্টেইকহোল্ডার। কারণ আফ্রিকার দরিদ্র দেশগুলোকে বেইজিং আর্থিকভাবে সহায়তা করছে এবং সেখানে তাদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে দিচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে সাধারণত কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে ইত্যাদি আফ্রিকান দেশগুলো বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছে এবং মধ্য আফ্রিকার অনেক দেশ ভোটদানে বিরত থেকেছে। তাছাড়া ইতোমধ্যে চীন আফ্রিকার বিরাট অঞ্চল নগদ টাকায় কিনে ফেলেছে। অর্থাৎ পুরো বিষয়টি অর্থনৈতিক। আফ্রিকায় চীনের এই গুরুত্বপূর্ণ অবস্থানই তাদেরকে চীনের বিপক্ষে গিয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে। ফলে তারা এমন কোনো পলিসি গ্রহণ করে না, যা তাদের সাথে চীনের একটি দ্বন্দ্ব তৈরি করবে। তাই চীন যেখানে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে সেখানে তারা বাংলাদেশের পক্ষে ভোট দিয়ে চীনের বিরাগভাজন হতে চায় না। লক্ষণীয় যে আফ্রিকার একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকাই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়। কারণ দক্ষিণ আফ্রিকা দেশটি আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত ও আধুনিক। তাই এই দেশটিতে চীনা বিনিয়োগ তুলনামূলকভাবে কম।
আমরা যতই বলি না কেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের উচিত কূটনৈতিক তৎপরতা বাড়ানো, বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে মিয়ানমারের উপর অর্থনৈতিক অবরোধ দেওয়া কিংবা মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করা ইত্যাদি কথাগুলোর তেমন কোনো গুরুত্ব নেই। কারণ ভারত, চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশ কাকে নিয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করবে? এদেরকে ছাড়া মিয়ানমারের উপর অর্থনৈতিক অবরোধ বাংলাদেশ কীভাবে বসাতে পারবে? এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ।
ইরাক যুদ্ধের কারণে মানবিক দিক বিবেচনা করে মিলিয়ন মিলিয়ন ইরাকি উদ্বাস্তুদের জায়গা দিয়েছিল সিরিয়া। এখন সিরিয়া পরাশক্তির রণক্ষেত্র, পরাশক্তির পাপ বইতে বইতে সিরিয়া এখন ধ্বংসপ্রাপ্ত। এক কথায়, ভূরাজনীতির প্লে গ্রাউন্ডে পরিণত হয়েছে সিরিয়া। বাংলাদেশ বর্তমান সরকারও কিন্তু রোহিঙ্গাদের প্রথমে আশ্রয় দিতে চায়নি। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্মম হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের মানুষ সরকারকে চাপ প্রয়োগ করেছিল রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে এবং বাংলাদেশ সরকারও মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। তাই আমাদের পররাষ্ট্রনীতি যথেষ্ট পরিণত ও দূরদর্শীসম্পন্ন হতে হবে যেন বাংলাদেশের পরিস্থিতি ইরাক কিংবা সিরিয়ার মতো না হয়। তবে আমরা আশাবাদী এই জন্য যে, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনেক পরিবর্তন এসেছে, পূর্বের তুলনায় বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক কৌশলী।
Question to think about?
এটা অস্বীকার করার সুযোগ নেই যে, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি নিরাপত্তা সংকট। কিন্তু বর্তমানে নানা ভূরাজনৈতিক সমীকরণে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন একটি অনিশ্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে বাংলাদেশের একজন নীতিনির্ধারক হিসেবে আপনি কি মনে করেন রোহিঙ্গা শরণার্থীদেরকে বর্তমান পরিস্থিতির স্বীকার বিবেচনা না করে মানবসম্পদ হিসেবে বিবেচনা করা উচিত?
সহায়ক গ্রন্থাবলি:
1. Talukdar, Shawon; Aktar, Sania and Mia, Muhammad Miraj (2022), Youth for Democratic Resilience: Prospects Beyond the Degeneration of Youth Politics in Bangladesh, SJRSS
2. Bass, Gary J. (2014), The Blood Telegram: Nixon, Kissinger, and a Forgotten Genocide, Vintage
3. Raghavan, Srinath (2014), 1971: A Global History of the Creation of Bangladesh, Harvard University Press
4. Abdul Bari, Muhammad (2018), The Rohingya Crisis: A People Facing Extinction, Kube Publishing Ltd
5. Uddin, Nasir (2021), The Rohingya Crisis: Human Rights Issues, Policy Concerns and Burden Sharing, SAGE Publishing India
6. Wade, Francis and French, Paul (2017), Myanmar's Enemy Within: Buddhist Violence and the Making of a Muslim 'Other', Zed Books
7. Karim, Mohd Aminul (2020), Genocide and Geopolitics of the Rohingya Crisis, Nova Science Pub Inc
📄 দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি
Theme: The Politics of Disequilibrium
ভূমিকা: দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এই অঞ্চলের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং চলমান সংকটগুলো বোঝা গুরুত্বপূর্ণ। প্রতিবেশি রাষ্ট্রগুলোর জাতীয় চরিত্র কেমন (National Characters) এবং আমার উপর প্রতিবেশি রাষ্ট্রগুলোর প্রভাব (Neighbourhood Effects) কিরকম সেটি অনুধাবন করতে ব্যর্থ হলে দক্ষ পররাষ্ট্রনীতি প্রণয়ন করা সম্ভব নয়। তাই বাংলাদেশ এই অঞ্চলের রাজনীতিতে নিজেকে সক্রিয় রাখার লক্ষ্যে বিভিন্ন আঞ্চলিক সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠন এবং ঢাকায় বিমসটেক এর স্থায়ী সদরদপ্তর স্থাপন এই অঞ্চলে বাংলাদেশকে একটি নেতৃত্বস্থানীয় পর্যায়ে নিয়ে গিয়েছে। একই ভাবে আমাদের পাশ্ববর্তী অঞ্চল দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্ব বাংলাদেশের কাছে শুধু আর্থিক নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা আসিয়ানকে কাজে লাগিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধান আরও বেগবান করাও বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই অধ্যায়ে আমরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি ও বাংলাদেশের করণীয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্ক (SAARC)
দক্ষিণ এশিয়া কৌশলগত এবং ভূরাজনৈতিক কারণে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত এই অঞ্চলটি মোট আটটি রাষ্ট্র নিয়ে গঠিত। রাষ্ট্রগুলো হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে গড়ে উঠেছিল সার্ক (SAARC)। SAARC এর পূর্ণরূপ হচ্ছে- South Asian Association for Regional Cooperation! যাকে বাংলায় বলা হয়- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। একসময় কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সফলতা হিসেবে দেখা হতো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্কের গঠনকে। কারণ সার্ক (SAARC) গঠিত হয়েছিল বাংলাদেশের প্রস্তাবেই। সার্ককে ঘিরে বর্তমানে যে ভূরাজনীতিটি হচ্ছে সেটি বিস্তারিত না জানলে দক্ষিণ এশিয়ার রাজনীতিও বুঝতে পারা একটু জটিল হবে। সার্কের সফলতা ও ব্যর্থতা নিয়ে বিতর্ক থাকলেও এটি অস্বীকার করার সুযোগ নেই যে, বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠন ছিল তৎকালীন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি বড় মাইলফলক ও অর্জন। বিশ্বে তখন ঢাকার সবচেয়ে বড় কূটনৈতিক সফলতার স্মারক ছিল সার্ক।
সার্ক গঠন করার প্রেক্ষাপট
১৯৭৭-১৯৮১ সাল পর্যন্ত এই পাঁচ বছর বাংলাদেশ শাসন করেছিলেন মেজর জিয়াউর রহমান। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে তিনি ১৯৭৯ সালে শ্রীলঙ্কা সফর করেন। তিনি শ্রীলঙ্কা সফরকালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং নিজে সক্রিয় উদ্যোগ নেন। তারপর জিয়াউর রহমানের এই উদ্যোগে তৎকালীন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীগণ অনুপ্রাণিত হন এবং জিয়াউর রহমানের উদ্যোগে সাড়া দেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, বাংলাদেশের রাজধানী ঢাকা, নেপালের রাজধানী কাঠমুন্ডুতে একাধিক সম্মেলন হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশের প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সার্কের নেতৃত্ব দেন। অবশেষে ১৯৮৩ সালে এই ৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ ভারতের রাজধানী দিল্লিতে সমবেত হয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তারপর ১৯৮৫ সালে ঢাকায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। ১৯৮৭ সালে নেপালের রাজধানী কাঠমুন্ডুকে সার্কের সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হয়।
সার্কের সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান এই ৮টি দেশ সার্কের সদস্য। সার্ক প্রতিষ্ঠার সময় আফগানিস্তান সদস্য ছিল না। ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে। তারপর থেকেই সার্কের মোট সদস্য রাষ্ট্র ৮টি। এবার আসি সার্ক গঠনের উদ্দেশ্য কী কী ছিল সেটি নিয়ে।
সার্কের প্রাথমিক উদ্দেশ্য
1. পারস্পরিক সহযোগিতা (Mutual Cooperation): সার্কের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, কারিগরি, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। একই ভাবে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সঙ্গেও এই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। এমনকি প্রথমদিকে সদস্য রাষ্ট্রগুলোর নানাবিধ সমস্যার সমাধান এবং বিভিন্ন বিষয়ে সাফল্যের ক্ষেত্রে সার্ক যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিল।
2. উন্নয়ন ও স্বাধীনতা রক্ষা (Development): দক্ষিণ এশীয় অঞ্চলের এই রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো ছিল সার্কের আরেকটি অন্যতম উদ্দেশ্য। সার্কের প্রতিটি সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার শপথ নিয়েছিল সদস্য রাষ্ট্রগুলো。
3. যোগাযোগ বৃদ্ধি (Communication): সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্যের আদানপ্রদান এবং সেসব দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। এমনকি প্রথমদিকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে সহজে যাতায়াত ও থাকার জন্য সার্ক ভিসার নিয়মকানুনও শিথিল করতে সক্ষম হয়েছিল।
4. নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ (Security and Preventing Terrorism): দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করাও ছিল অন্যতম উদ্দেশ্য। সিকিউরিটি জোরদার করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও সংবেদনশীলতার পরিবেশ তৈরি করা ইত্যাদি।
5. হস্তক্ষেপ না করা (Sovereignty): সদস্য রাষ্ট্রগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সার্কের চার্টারে বলা হয়েছে দ্বিপাক্ষিক কিংবা অভ্যন্তরীণ বিষয়ে একে অপরের উপরে হস্তক্ষেপ করবে না। যেমন- পাকিস্তান-ভারত দ্বন্দ্ব হলে সেখানে এই দুটি দেশ ছাড়া সেখানে সদস্যভুক্ত অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যেহেতু এটি দ্বিপক্ষীয় সমস্যা তাই ভারত-পাকিস্তান মিলে সমাধান করে নেবে। আর অভ্যন্তরীণ বিষয়টি হচ্ছে এরকম যে, ধরুন ভারতের কাশ্মীরে কাশ্মীরী জনগণ বনাম ভারত সরকারের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দিল, তাই কাশ্মীর যেহেতু ভারতের অংশ তাই সেটি ভারত নিজেই সমাধান করে নেবে। সেখানে সার্কভুক্ত অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না এটি হচ্ছে নিয়ম।
6. মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade): সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃদেশীয় বাজার ও অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি করা। অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি করার উদ্দেশ্যে ২০০৪ সালে সার্কের দ্বাদশ সম্মেলনে সাফটা বা 'দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল' নামে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। এর দ্বারা সার্কের সদস্য রাষ্ট্রগুলো আন্তঃবাণিজ্যে শুল্কের হার ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি আর বাস্তবায়ন হয়নি।
7. পুরস্কার (Accolades): দক্ষিণ এশিয়ার বিশেষ বিশেষ কৃতী মানুষ যারা সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে অথবা বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো সমাজের কল্যাণে অবদান রাখবে তাদেরকে কাজের স্বীকৃতি হিসেবে সার্ক পুরস্কার প্রদানের ব্যবস্থা করবে।
৪. খাদ্য নিরাপত্তা (Food Security): সংকট, দুর্যোগ ইত্যাদি সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অপরের সাহায্য করবে। খাদ্য নিরাপত্তার বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করবে ইত্যাদি।
দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও সার্কের ব্যর্থতা
ভারসাম্যহীনতা (Asymmetric Relationship)
বিভিন্ন দেশের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করতে আমরা সাধারণত Symmetrical Relationship এবং Asymmetric Relationship নামে দুইটি পরিভাষা ব্যবহার করি। পরস্পর সম্পর্কযুক্ত দুটি রাষ্ট্র যখন রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে প্রায় সমান শক্তিশালী হয় তখন সেই দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় থাকে। কারণ সমান শক্তিশালী হওয়ায় কেউ কারো উপর আধিপত্য বিস্তার করতে পারে না এবং উভয়েই একে অপরের উপর সমানভাবে নির্ভরশীল হয়। সমান ক্ষমতাসম্পন্ন দেশগুলোর মধ্য সম্পর্কটিকে বলা হয় Symmetrical relationship বা সমান্তরাল সম্পর্ক। যেমন- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক, ফ্রান্স ও জার্মানির মধ্যকার সম্পর্ক, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক ইত্যাদি। কিন্তু যখন এমন দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয় যেখানে একটি রাষ্ট্র রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী আর অপর রাষ্ট্রটি অনেক বেশি দুর্বল। তখন সেই দুটি রাষ্ট্রের সম্পর্ককে বলা হয় Asymmetric Relationship বা সামঞ্জস্যহীন সম্পর্ক। যেমন- যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক, ভারত ও নেপালের মধ্যকার সম্পর্ক, অস্ট্রেলিয়া ও নাউরুর মধ্যকার সম্পর্ক, চীন ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক ইত্যাদি। একটি বড় রাষ্ট্রের সঙ্গে একটি ছোট রাষ্ট্রের তুলনা করলে দেখা যায় সেখানে ভারসাম্য বজায় থাকে না। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উপর যতটা নির্ভরশীল হবে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের উপর ততটা নির্ভরশীল হবে না। নেপাল ভারতের উপর যতটা নির্ভরশীল হবে ভারত কিন্তু নেপালের উপর ততটা নির্ভরশীল হবে না। এখন সার্ক নিয়ে সমস্যাটি হচ্ছে ঠিক এখানেই। সার্কভুক্ত আটটি দেশের মধ্যে ভারতের একা যে পরিমাণ ইকোনমিক এবং রাজনৈতিক শক্তি রয়েছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ এই সবগুলো দেশ একসাথে করলেও সেই পরিমাণ শক্তি হবে না। কারণ সার্কের বড় দেশ ভারতের অর্থনীতি জোটের অন্য সব দেশের মোট অর্থনীতির সঙ্গে তুলনীয়। সার্কের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, একটি বড় দেশ ও তাকে কেন্দ্র করে কয়েকটি ছোট রাষ্ট্রের সংগঠন। তাই এখানে ভারত 'বড় ভাই' বা 'Big Brother Mind' এর ভূমিকাটি প্রয়োগ করছে। সার্ক ব্যর্থ হওয়ার পেছনে এই Asymmetric Relationship'টি হলো একটি অন্যতম এবং প্রাকৃতিক কারণ। এটিই বাস্তবতা। কারণ দিল্লিতে যে পরিমাণ Capital Flow হয় সেটি কাঠমুন্ডু, ইসলামাবাদ কিংবা ঢাকাতে হয় না। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দিকে লক্ষ্য করুন সেখানে একক আধিপত্য বিস্তারকারী কোনো দেশ নেই। সেখানে ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, ইতালির মতো অনেকগুলো বড় রাষ্ট্র রয়েছে। তাই সেখানে কেউ একক আধিপত্য বিস্তার করতে পারে না। আর সেজন্য সেখানে একটি ভারসাম্য রয়েছে যেটি আমাদের সার্কে নেই।
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব
সার্কভুক্ত ৮টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুইটি রাষ্ট্র হচ্ছে ভারত ও পাকিস্তান। কারণ দুটি দেশেরই আছে পারমাণবিক শক্তি। কিন্তু ১৯৪৭ সালে জন্মের পর থেকেই এই দুটি রাষ্ট্র একে অপরের শত্রু। সীমান্ত নিয়ে চলছে দীর্ঘদিন ধরে বিরোধ। দুটি দেশের মধ্যে সবসময় যুদ্ধযুদ্ধ ভাব বিরাজ করে। তাই আঞ্চলিক স্বার্থে এই দুটি দেশ কখনো একমত হতে পারে না। কারণ দক্ষিণ এশিয়া অঞ্চলকে ঘিরে ভারত ও পাকিস্তানের রয়েছে আলাদা আলাদা স্বার্থ। তার উপর রয়েছে এই অঞ্চল নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মতো দুই পরাশক্তির প্রতিযোগিতা। একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেখানে পাকিস্তান প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বা কোয়াড যেখানে যুক্তরাষ্ট্রের হয়ে এই অঞ্চলে ভারত কাজ করছে। ঠিক একারণে সার্কের কোনো সিদ্ধান্তে ভারত ও পাকিস্তান একমত হতে পারে না। সার্কের গৃহীত কোন সিদ্ধান্তে এই দুই দেশের কোনো একটি ভেটো দিলে সার্কের সেই সিদ্ধান্তটি অকার্যকর হয়ে পড়ে। আজ সার্ক একটি অকার্যকর ও ব্যর্থ সংস্থায় পরিণত হওয়ার মূল এবং একমাত্র কারণ ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। ভারত-পাকিস্তানের রেষারেষি সার্ককে একটি পঙ্গু সংস্থায় পরিণত করেছে। আজকে ইউরোপীয় ইউনিয়ন কেন এত সফল? কারণটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে (ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি ইত্যাদি) সীমানা নিয়ে, আধিপত্য নিয়ে ভারত-পাকিস্তানের মতো এত দ্বন্দ্ব নেই। মূলত, ভারত- পাকিস্তান দ্বিপক্ষীয় বিরোধের ক্রসফায়ারে সার্ক এখন মৃত্যুপথযাত্রী।
আঞ্চলিক বিভেদ (Regional Disintegration)
একটি অঞ্চলে সুসম্পর্ক গড়ে উঠার আরেকটি মাধ্যম হচ্ছে সাংস্কৃতিক সামঞ্জস্যতা (Melting Pot)। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ধর্ম, ভাষা, বর্ণ, গোষ্ঠী ইত্যাদির ভিত্তিতে রয়েছে নানা দল উপদল (Heterogeneous Society)। যে কারণে এই অঞ্চলে জাতিগত দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা, Identity Politics ইত্যাদি প্রকট।
একটি বাস্তব সত্যি হচ্ছে যে, পাকিস্তানি জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাবটি Inherently বা জন্মগতভাবেই চলে আসে কাশ্মীর, সীমান্ত, ধর্মীয় ইত্যাদি কারণে। তেমনিভাবে ভারতের জনগণও ঐতিহাসিকভাবে পাকিস্তানকে নিজেদের শত্রু ভাবে। অন্যদিকে আমরা যদি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই ভারতের প্রতি বাংলাদেশের জনগণের একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিদ্যমান। তার অন্যতম কারণ লিথাল ওয়েপন ব্যবহার করে বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা, বন্যার পানি ছেড়ে দেওয়া, তিস্তা চুক্তি বাস্তবায়ন না হওয়া, ভারতের Citizenship Amendment Act (CAA) ইত্যাদি বিষয়গুলো। শ্রীলঙ্কায় ভারত বিরোধী মনোভাবের অন্যতম দুইটি কারণ রয়েছে। প্রথমত, শ্রীলঙ্কা মনে করছে শ্রীলঙ্কার তামিল জঙ্গিদের সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনার সাথে ভারত জড়িত। শ্রীলঙ্কা মনে করছে তামিল জঙ্গিদেরকে ভারত মদদ দিচ্ছে এবং সহযোগিতা করছে। দ্বিতীয়ত, শ্রীলঙ্কার রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ শ্রীলঙ্কার সাধারণ মানুষ নেতিবাচক দৃষ্টিতে দেখে। অর্থাৎ আঞ্চলিক ঐক্যকে দৃঢ় করবে, এমন কোনো কার্যকরী বৈশিষ্ট্য নেই দক্ষিণ এশিয়াতে। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে ধর্মগত (ইসলাম) একটি মিল থাকলেও মুক্তিযুদ্ধ ইস্যুতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না। একই ভাবে জঙ্গিবাদের ইস্যুতে আফগানিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো নয়। তাই সার্ক ব্যর্থ বা অকার্যকর হওয়ার পেছনে আঞ্চলিক বিভেদ বা Regional Disintegration কে ছোট করে দেখার সুযোগ নেই।
চায়নার উপস্থিতি (China's Role to SAARC)
সার্কভুক্ত ০৮ দেশের মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ হলো ভারত। কিন্তু দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিবেশি রাষ্ট্র চীন অর্থনৈতিক দিক থেকে ভারতের চেয়েও বহুগুণে শক্তিশালী। একই অঞ্চলের বা সার্কভুক্ত দেশ হিসেবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ ইত্যাদি দেশগুলো ভারতের কাছে আশানুরূপ সহযোগিতা পাচ্ছে না। সার্কের বা দক্ষিণ এশিয়ার একটি বড় রাষ্ট্র হিসেবে ভারতের কাছে এই অঞ্চলের রাষ্ট্রগুলোর যে প্রত্যাশা তা ভারত আশানুরূপ মিটাতে পারছে না। এই সুযোগটি কাজে লাগিয়েছে চীন। সার্ক অকার্যকর হওয়ায় ভারতের তেমন লাভ হয়নি বরং ভারতের প্রতিবেশি দেশগুলোতে সহজভাবে প্রভাব তৈরি করতে পেরেছে প্রতিদ্বন্দ্বী চীন। সার্কভুক্ত এই ছোট ছোট দেশগুলোকে 'দুই হাতে' দিচ্ছে বেইজিং। সার্কভুক্ত দেশগুলোর বড় বড় মেগা প্রজেক্টে চীন অর্থায়ন করছে এবং অবকাঠামো খাতে ঋণ দিচ্ছে চীন। তাই বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি রাষ্ট্রগুলো চীনমুখী হচ্ছে। আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তো অবশ্যই চীনের 'All Time Friend' বা 'সব সময়ের বন্ধু' হিসেবে পরিচিত। নেপাল অতীতে দীর্ঘদিন ধরে ভারতের প্রভাবলয়ের মধ্যে থাকলেও গত এক দশকে চীনের কাছ থেকে সড়ক ও অবকাঠামোগত অনেক সহায়তা পেয়েছে, এখনো পাচ্ছে। এমনকি সার্ক নেতারা মাঝে মাঝে কাঠমান্ডুতে যে সরকারি বাসভবনে বসে সম্মেলন করে, তা-ও চীনের সহায়তায় তৈরি। যদিও সার্কভুক্ত দেশগুলোতে চীনের সহায়তা প্রদান ও ঋণদান প্রকল্পে চীনের মূল উদ্দেশ্য তার Debt Trap Policy এবং Belt and Road Initiative প্রকল্প বাস্তবায়ন করা, তবুও বাস্তবতার কারণে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এসব দেশগুলো সার্কের থেকেও অধিক পরিমাণে বেশি নির্ভরশীল হয়ে পড়েছে চীনের উপর।
নিয়মিত হচ্ছে না শীর্ষ সম্মেলন (Irregular SAARC Summit)
১৯৮৫ সালে গঠিত হওয়া সার্কের বয়স ৩৭ অতিক্রম করলেও এখন পর্যন্ত উল্লেখ করার মতো তেমন কোনো অর্জন নেই সার্কের। সার্কভুক্ত দেশগুলোর দেড়শো কোটি মানুষের মধ্যে প্রায় ৪০ ভাগই দারিদ্র্যসীমার নিচে বাস করে। প্রতি দুই বছর পরপর সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি সম্মেলন করা হচ্ছে সার্কের নিয়ম। কিন্তু প্রতি দুই বছর অন্তর আয়োজিত শীর্ষ সম্মেলন এখন অনিয়মিত হয়ে গিয়েছে। যেখানে পৃথিবীর সকল সফল আঞ্চলিক সংস্থাগুলো নিয়মিত সম্মেলন আয়োজন করছে সেখানে দেখা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সার্কের শীর্ষ সম্মেলন হচ্ছে না বললেই চলে। ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানে সার্কের ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত অধিকৃত কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্মেলন বয়কট করে ভারত। ভারতের সাথে সাথে এই সম্মেলন বয়কট করে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এরপর থেকে মোটামুটি অকার্যকর দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময়ী এই সংস্থাটি। পরবর্তীতে আর সম্মেলনটি হয়নি। সার্কের এখন পর্যন্ত ১৮টি শীর্ষ সম্মেলন হয়েছে। এর তিন দশকের ইতিহাসে দ্বিপক্ষীয় বা অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বার্ষিক সার্ক সম্মেলন ১১ বার স্থগিত করা হয়েছে। বিগত বছরগুলোতে সার্কের অধীনে অসংখ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে সেগুলো পর্যাপ্তভাবে এখনো কার্যকর করা সম্ভব হয়নি। দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) প্রায়শই সার্কের একটি বিশিষ্ট ফলাফল হিসেবে হাইলাইট করা হয়, তবে তা এখনো কার্যকর হয়নি। পরবর্তীতে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে করোনাকালীন কোনো দৃশ্যমান গ্রহণযোগ্য উদ্যোগ সার্ক থেকে নেওয়া সম্ভব হয়নি।
বাস্তবায়ন হচ্ছে না সাফটা চুক্তি- [The South Asian Free Trade Area (SAFTA)]
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর মূল কথা ছিল সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মতো কম শুল্কে বাণিজ্য হবে এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা হবে। ২০০৪ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সার্কভুক্তদেশগুলো এ চুক্তি স্বাক্ষর করে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অবশেষে ২০০৬ সালের পহেলা জানুয়ারি সার্ক সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করার মাধ্যমে সাফটা চুক্তি বলবৎ করা হয়েছিল। বিনিয়োগ, উৎপাদন বৃদ্ধির সম্ভাবনার প্রসার, বাণিজ্যের প্রসার ও বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধিসহ অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার মাধ্যমে সার্কভুক্ত দেশসমূহের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় উন্নয়ন নিশ্চিত করাই সাফটার প্রধান উদ্দেশ্য ছিল। সাফটা চুক্তির ভূমিকায়ও সুবিধাজনক বাণিজ্য ব্যবস্থায় সদস্যভুক্ত দেশসমূহে আন্তঃসীমান্ত পণ্য আদান-প্রদানের অসুবিধা দূরীকরণের মাধ্যমে উচ্চ পর্যায়ের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার অভিপ্রায় ও প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করা হয়েছিল। এছাড়া ভিসামুক্ত দক্ষিণ এশিয়া ও অভিন্ন মুদ্রা চালুর ব্যাপারটিও আলোচনা হয়েছিল।
২৫ অনুচ্ছেদ সম্বলিত সাফটা চুক্তিতে নিম্নোক্ত চারটি নির্দিষ্ট উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে :
এক, চুক্তিভুক্ত সদস্যদেশসমূহের বাণিজ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণ ও এ সকল দেশে আন্তঃসীমানা পণ্য আদানপ্রদানের প্রবাহকে সহায়তা প্রদান।
দুই. এ সকল দেশে স্বকীয় অর্থনৈতিক অবস্থার আলোকে মুক্তবাণিজ্য এলাকাভুক্ত অঞ্চলে ন্যায্য প্রতিযোগিতার এবং পক্ষপাতমুক্ত ও ন্যায়বিচারপূর্ণ সুবিধাদির প্রবর্তন।
তিন. সাফটা চুক্তির বাস্তবায়ন ও প্রয়োগের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, যুগ্ম ব্যবস্থাপনা এবং বিরোধের নিষ্পত্তি।
চার. আঞ্চলিক সহযোগিতার অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো স্থাপন এবং পারস্পরিক সুবিধাদি বৃদ্ধি। সার্ক সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল।
বাণিজ্য প্রসারিতকরণের উদ্দেশ্যে সাফটা বা SAFTA চুক্তিটি ছিল সার্কের ইতিহাসে সবচেয়ে বড় সফলতা। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সাফটা চুক্তির ফলে চুক্তিভুক্ত দেশসমূহে বাণিজ্যের প্রসার ঘটেনি। দেখা যায় যে, এ চুক্তির বাস্তবায়ন বাণিজ্য উদারীকরণ পরিকল্পনার মধ্যেই সীমিত। দেশগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও অসহযোগিতামূলক মনোভাবের কারণে এই চুক্তির ফলে বাণিজ্যের পরিধিও বাড়েনি, পরিমাণও বৃদ্ধি পায়নি। উল্লেখ্য, অনেকেই একটি বিষয়ে তালগোল পাকিয়ে ফেলে। সেটি হলো সাফটা (SAFTA) ও সাপটার (SAPTA) মধ্যে (একটিতে 'F' অন্যটাতে 'P')। ২০০৪ সালে স্বাক্ষরিত হওয়া সাফটা চুক্তির পূর্বে বাণিজ্য সংক্রান্ত আরেকটি চুক্তি ১৯৯৩ সালে ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল। ঐ চুক্তিটি ইংরেজিতে SAARC Preferential Trading Arrangement, সংক্ষেপে SAPTA (সাপটা) নামে অভিহিত। সাপটার আওতায় চুক্তিবদ্ধ দেশসমূহের মধ্যে বাণিজ্য উদারীকরণ, বাণিজ্যের ভারসাম্যহীনতার ক্ষতিকর দিক প্রতিরোধ করা, সব পণ্যের জন্য শুল্কহ্রাস, খাতভিত্তিক পণ্যের আদান-প্রদান এবং প্রত্যক্ষ বাণিজ্য ইত্যাদি ছিল সাপটার উদ্দেশ্য। সাপটা (SAPTA) চুক্তি বাস্তবায়ন হয়নি বলেই ২০০৬ সালে সাপটা চুক্তি বিলোপ করে সাফটা (SAFTA) চুক্তি গ্রহণ করা হয়েছিল।
সার্ক মোটরযান চুক্তি (এমভিএ)
২০১৪ সালে নেপালের কাঠমান্ডুতে আয়োজিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় "সার্ক রিজিওনাল মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট” নামে। এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল এরকম যে, সার্কের সবগুলো সদস্য রাষ্ট্র নিয়ে এমন একটি সড়ক তৈরি করা হবে যার মাধ্যমে ঠিক ইউরোপীয় ইউনিয়নের মতোই সার্কভুক্ত দেশগুলোও কোনো ভিসা ছাড়াই নিজের ইচ্ছেমতো এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে পারবে। একই ভাবে রেলপথেও সার্ক অঞ্চলের যে-কোনো দেশে পণ্য ও যাত্রী পরিবহন করা যাবে। এভাবেই স্বপ্ন দেখানো হয়েছিল ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে। 'সার্ক রিজিওনাল মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট ফর সার্ক মেম্বারস স্টেটস' শীর্ষক চুক্তির তৈরি করা খসড়ায় এটিও বলা হয়েছিল সরকারি- বেসরকারি দুই ধরনের ট্রাক বা বাস চলাচল করতে পারবে। অনুমোদন নিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেও ট্রানজিট নিতে পারবেন যে-কোনো সার্ক নাগরিক। তবে পরিবহন গাড়িগুলোর বৈধ নিবন্ধন, ফিটনেস সনদ, বিমা পলিসি থাকতে হবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন সনদও নিতে হবে। আবার পণ্য খালাস ও উঠানো যাবে। তবে গাড়ি প্রবেশের সময় প্রতিটি দেশের নির্ধারিত কাস্টম শুল্ক দিতে হবে। সার্কভুক্ত দেশগুলোতে গাড়ি চালানোর জন্য গাড়িচালকের বিশেষ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যা সার্ক সচিবালয় বা অন্য কোনো কর্তৃপক্ষ অনুমোদন করবে। এছাড়া দুর্ঘটনার বিষয়টি বিবেচনায় রেখে গাড়ির আঞ্চলিক বিমার শর্ত রাখা হয়েছে। যে-কোনো দেশেই এ বিমা করা যাবে। আর যেহেতু শ্রীলঙ্কা ও দ্বীপরাষ্ট্র মালদ্বীপ সরাসরি কোনো রাষ্ট্রের সাথে সংযুক্ত নয় তাই এই দুটি দেশ নির্দিষ্ট সমুদ্র বন্দরে এসে তারপর সেখান থেকে সড়কপথে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। এই এগ্রিমেন্ট নিয়ে দীর্ঘ আলোচনার পর শুধু পাকিস্তান ছাড়া সবগুলো দেশ রাজি হয়েছিল। পাকিস্তান এই চুক্তিতে রাজি না হওয়ার কারণে এটি আর সফল হয়নি। এখন প্রশ্ন হতে পারে- পাকিস্তান কেন এই অভিন্ন সড়কপথের বিরোধিতা করছে? উত্তরটি হচ্ছে দুইটি। প্রথমত, পাকিস্তানের ভয় দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে সংযুক্ত করে এমন একটি সড়ক পথ হলে সেটির সবচেয়ে সুবিধা লাভ করবে ভারত। পাকিস্তান মনে করছে ভারতের বিশাল জনসংখ্যা থাকায় এই সড়কপথে ভারতের আধিপত্য বৃদ্ধি পাবে যা পাকিস্তানের জন্য হুমকি। বিভিন্ন রাষ্ট্রে অবাধ চলাচলের সুযোগ হয়ে গেলে এই অঞ্চলে ভারতের গোয়েন্দা তৎপরতা বহুগুণে বেড়ে যাবে বলে আশঙ্কা পাকিস্তানের। দ্বিতীয়ত, চীন হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে। তাই দক্ষিণ এশিয়াতে যদি একটি অভিন্ন সড়কপথ হয়ে যায় তাহলে সেটি চীনের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ দেশগুলো তখন চীনের প্রকল্পের উপর কম নির্ভরশীল হবে। যেহেতু চীন এটি চাচ্ছে না, তাই পাকিস্তান এই সার্ক মোটরযান চুক্তিতে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
উপ আঞ্চলিকতাবাদ (Sub Regionalism)
সার্ক মোটরযান চুক্তি (এমভিএ) থেকে পাকিস্তান সরে যাওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি। তাই ভারত ও বাংলাদেশ উপ আঞ্চলিকতাবাদের দিকে জোর দিয়েছে। জোর দিচ্ছে উপ আঞ্চলিক "বিবিআইএন” কাঠামোর উপর। বিবিআইএন বা “বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল সংযুক্তি” হলো সার্কভুক্ত চারটি দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি পরিকাঠামো। যেটির উদ্দেশ্য জলের উৎসের সঠিক ব্যবহার এবং এই চারটি দেশের মধ্যে বিদ্যুৎ ও সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। সার্ক গঠনের ১২ বছর পর যখন ১৯৯৭ সালে বিবিআইএন (BBIN) গঠিত হয় তখনই বলা হয়েছিল সার্কের গুরুত্ব কমে যাবে। ভুটান এই উপ আঞ্চলিক উদ্যোগে এখনো আনুষ্ঠানিকভাবে শামিল হয়নি। কারণ ভুটান মনে করে, এই উদ্যোগে শামিল হলে তার পরিবেশ ও প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে। ফলে ভুটানের Gross National Happiness (GNH) বৃদ্ধির লক্ষ্য ব্যাহত হবে। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ ভুটান তার জীবনযাপনের মান বিচার করার জন্য জিডিপি এর পরিবর্তে Gross National Happiness (GNH) কে ব্যবহার করে।
বিমসটেক গঠন, সার্কের সম্ভাবনা ও পুনরায় কার্যকরী করে তোলার উপায়
বিমসটেক বা BIMSTEC এর প্রেক্ষাপট: ১৯৯৭ সালের ৬ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে- ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই চারটি রাষ্ট্র নিয়ে গঠিত হয় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপ-আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা BISTEC (বিসটেক)। সংস্থার নাম দেওয়া হয়েছিল উপরিউক্ত চারটি দেশের নামের অদ্যাক্ষর দিয়ে। পূর্ণরূপ হচ্ছে BISTEC: Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation। পরে ১৯৯৭ সালে যখন মিয়ানমার এতে যোগ দেয় তখন BISTEC- এর সাথে M যুক্ত হয়ে তা হয়ে যায় BIMSTEC। তারপর ২০০৪ সালে নেপাল ও ভুটান জোটে যোগ দেয়। জোটের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় ০৭ টি- ভারত, বাংলাদেশ, নোপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড। এর মধ্যে প্রথম পাঁচটি দেশ দক্ষিণ এশিয়ার আর পরবর্তী দুইটি দেশ (মিয়ানমার ও থাইল্যান্ড) দক্ষিণ- পূর্ব এশিয়ার। আমরা জানি যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য স্বতন্ত্র আঞ্চলিক সংস্থা হচ্ছে সার্ক (SAARC) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য স্বতন্ত্র আঞ্চলিক সংস্থা হচ্ছে আসিয়ান (ASEAN)।
কিন্তু বিমসটেক এমন একটি সংস্থা যেখানে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া এই দুইটি অঞ্চলেরই সমন্বয় ঘটেছে। তাই অনেকে বিমসটেককে Inter-Regional বা আন্তঃআঞ্চলিক সংস্থাও বলে থাকেন। একই ভাবে বিমসটেককে একটি উপ-আঞ্চলিক সংস্থাও বলা হয় এই অর্থে যে, এখানে সার্কের সবগুলো দেশ নেই এবং আসিয়ানেরও সবগুলো দেশ নেই। প্রতিষ্ঠার ৭ বছর পর ২০০৪ সালের ৩১ জুলাই বিমসটেকের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং জোট সদস্য ৭টি দেশের রাষ্ট্রপ্রধানরা এতে অংশগ্রহণ করেন। প্রথম শীর্ষ সম্মেলনে নামের সংক্ষিপ্ত রূপটি অর্থাৎ BIMSTEC এটি ঠিক রেখে পূর্ণরূপটি পরিবর্তন করা হয়। পূর্ণরূপ দেওয়া হয় "BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation"। বিমসটেক এর স্থায়ী সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত এবং ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করেন।
বিমসটেক-এর লক্ষ্য ও উদ্দেশ্য
বিমসটেক এর মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্প ইত্যাদি ক্ষেত্রগুলোতে পরস্পরকে সহযোগিতা করা।
বিমসটেক এর ১৪টি সেক্টর: পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে বিমসটেকে মোট ১৪টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চৌদ্দটি সেক্টরের দায়িত্ব আবার সদস্যভুক্ত সাতটি দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
১. Business: ব্যবসা ও বাণিজ্য খাতে প্রধান ভূমিকা পালন এবং দেখাশোনার দায়িত্বে থাকবে বাংলাদেশ।
২. Climate Change: জলবায়ু পরিবর্তন এর ক্ষেত্রে সদস্যভুক্ত দেশগুলোতে সহযোগিতায় বাংলাদেশ নেতৃত্বে থাকবে।
৩. Transportation: পরিবহন ও যোগাযোগ খাতে ভারত মুখ্য ভূমিকা পালন করবে।
৪. Tourism: পর্যটন খাতের সহযোগিতায় থাকবে ভারত।
৫. Preventing Terrorism: সন্ত্রাস প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় নেতৃত্ব দেবে ভারত।
৬. Environment: পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায়ও সহযোগিতা করবে ভারত।
৭. Natural Resources: প্রাকৃতিক সম্পদ বিশেষ করে Energy খাতের সহযোগিতায় মুখ্য ভূমিকা পালন করবে মায়ানমার।
৮. Agriculture: কৃষি খাতে সহযোগিতায় মিয়ানমার প্রধান ভূমিকা পালন করবে।
৯. Technology: প্রযুক্তি খাতের দায়িত্বে থাকবে শ্রীলঙ্কা।
১০. Fisheries: মৎস্য সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে থাইল্যান্ড।
১১. Communication: জনসংযোগ অথবা বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আন্তঃযোগাযোগ ইত্যাদি বিষয়গুলো দেখাশোনা করবে থাইল্যান্ড।
১২. Public Health: সদস্যভুক্ত দেশগুলোর জনস্বাস্থ্যে নজর রাখবে থাইল্যান্ড।
১৩. Poverty Alleviation: দারিদ্র্য দূরীকরণের দায়িত্বে থাকবে নেপাল।
১৪. Culture: সংস্কৃতি বা সাংস্কৃতিক বিষয়গুলো দেখাশোনা করবে ভুটান।
সার্ক ও বিমসটেক এর মধ্যে তুলনা
বিশ্লেষকদের দাবি বাংলাদেশ ও ভারত দুটি রাষ্ট্রেরই পাকিস্তান ছাড়া এই অঞ্চলে আরেকটি আলাদা জোট গঠন করার অভিপ্রায় ছিল। ২০১৬ সালে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সার্কের সামিট বাতিল হয়ে যাওয়ার পর পাকিস্তানকে বাদ দিয়ে 'BRICS- BIMSTEC Outreach Summit' নামে একটি সম্মেলন হয়। আর সেখানে ভারতেরও প্রস্তাব ছিল SAARC without Pakistan এমন কিছু করার জন্য। তাই বিমসটেকে যেহেতু পাকিস্তান নেই তাই সার্ককে বিমসটেকের বিকল্প ভাবা যেতে পারে। দ্বিতীয়ত, সার্কের গঠনতন্ত্রে বলা হয়েছে দ্বিপাক্ষিক দ্বন্দ্ব নিয়ে সার্কে আলোচনা করা যাবে না। কিন্তু আঞ্চলিক সংস্থা হিসেবে সার্ক আজকে অচল দ্বিপাক্ষিক দ্বন্দ্বের কারণেই। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, আফগানিস্তান-ভারত দ্বন্দ্ব, বাংলাদেশ-ভারত সমস্যা ইত্যাদি দ্বিপাক্ষিক দ্বন্দ্ব যদি সার্ক সমাধান করতে না পারে তাহলে সার্কের কাজ কী? সার্ক যদি এসব দ্বিপাক্ষিক দ্বন্দ্বের সমাধানকে তার গঠনতন্ত্রের বাহিরে রাখে তাহলে সার্কের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে বলাটাই উত্তম। সেদিক থেকে বিমসটেকে গুরুত্বারোপ করাটাই শ্রেয়। তৃতীয়ত, সার্কে কোন প্রস্তাব পাশ হতে হলে সংখ্যাগরিষ্ঠের পরিবর্তে ১০০% ভোট প্রয়োজন। কিন্তু বর্তমানে কোনো প্রস্তাব পাশ হতে শতভাগ সমর্থন পাওয়া অসম্ভব। ভারত যেই প্রস্তাবে হ্যাঁ বলবে পাকিস্তান সেই প্রস্তাবে না বলবে এটাই স্বাভাবিক। তাই কোনো প্রস্তাব শতভাগ ভোটও পাবে না এবং প্রস্তাব আজীবন প্রস্তাব আকারেই থাকবে; কখনো পাশ হবে না। তাই সার্কের পরিবর্তে বিমসটেকে গুরুত্বারোপ করা যেতে পারে। চতুর্থত, বিমসটেকে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সমুদ্র জয়ের পর বাংলাদেশের কাছেও বঙ্গোপসাগরের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ইন্দো-প্যাসিফিক, অকাস, জাপানের বিগ-বি, চীনের আগ্রহ ইত্যাদি বিষয়গুলো প্রমাণ করে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। তাই সার্কের চেয়ে বিমসটেকের দিকে ঝুঁকাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে সদস্য দেশগুলো।
বিমসটেকে কেন আগ্রহ ভারতের?
সার্কের সঙ্গে বিমসটেকের গঠনগত পার্থক্য হলো সার্কের সদস্যভুক্ত আফগানিস্তান, মালদ্বীপ, পাকিস্তান বিমসটেেকে নেই। আবার বিমসটেকের মিয়ানমার ও থাইল্যান্ড সার্কে নেই। গঠনগত এই ভিন্নতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভারত চাইছে সার্কের মৃতদেহের উপর বিমসটেক সক্রিয় হয়ে উঠুক। কারণ, সার্কের একটি স্যাটেলাইট এবং সার্কভুক্ত দেশগুলোয় গাড়ি চলাচলের (মোটরযান চুক্তি) যে প্রস্তাব ভারত দিয়েছিল সেখানে পাকিস্তান বিরোধিতা করেছিল। কারণ পাকিস্তান চীনের সঙ্গে তার অর্থনৈতিক করিডোর গড়ছে। ভারত-পাকিস্তান এসব দ্বন্দ্বের কারণে ভারত বিগত কয়েকবছর ধরে সার্কের পরিবর্তে বিমসটেকে বেশি জোর দিচ্ছে। কারণ বিমসটেক এ পাকিস্তান নেই। এমনকি পাকিস্তানকে সার্কের চেয়ারম্যান হিসেবে দেখতে অনিচ্ছুক ভারত, যার জন্য তারা বিমসটেককে পুনরুজ্জীবিত করেছে। সার্কের পরিবর্তে ভারতের বর্তমান চিন্তা বিমসটেককে নিয়ে। দেখুন এখানে বিমসটেক বলতে বোঝানো হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো। সেটি নামের মধ্যেই স্পষ্ট করে বলা আছে -Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation I
কিন্তু প্রশ্ন হচ্ছে- ভুটান ও নেপাল মোটেই বঙ্গোপসাগর লাগোয়া দেশ নয়। বঙ্গোপসাগরের সঙ্গে তাদের কোনো সীমানাও নেই। ভুটান ও নেপাল হচ্ছে ভারতের উত্তরে অবস্থিত। মূলত, ভারতের চাপে বা অনুরোধেই যে তারা এই জোটভুক্ত হয়েছে, সেটি অনুমান করা যায়। সার্ককে নিষ্ক্রিয় করে বিমসটেককে শক্তি যুগিয়ে ভারত মূলত কয়েকটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে। প্রথমত, পাকিস্তানকে বাদ দেওয়া। এটির মূল পয়েন্ট আঞ্চলিক ক্ষেত্রে পাকিস্তানকে একঘরে করা। পাকিস্তান সার্কে থাকলেও বিমসটেেকে তাদের নেওয়া হয়নি। এমনকি তাদেরকে সদস্য হওয়ার জন্যেও অনুরোধ করা হয়নি। ভারতের উদ্দেশ্য সার্ককে নিষ্ক্রিয় করে বিমসটেককে সক্রিয় করার মাধ্যমে পাকিস্তানকে এই অঞ্চলে কোণঠাসা করা। দ্বিতীয়ত, মিয়ানমারকে অন্তর্ভুক্ত করা। কারণ ভারত দিল্লি থেকে সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো হয়ে মিয়ানমার দিয়ে থাইল্যান্ড পর্যন্ত সড়কপথে যোগাযোগ রক্ষা করতে পারবে। তৃতীয়ত, ভারতের উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের উদীয়মান আধিপত্য মোকাবিলাতেও বিমসটেক কাজে লাগবে। আসলে সার্ককে নিষ্ক্রিয় করে বিমসটেককে সক্রিয় করার মাধ্যমে ভারতে যে খুব বেশি সফলতা পেয়েছে বিষয়টি এরকম নয়। সার্কের মতো বিমসটেকও এখন মৃতপ্রায়। প্রথম কারণ হলো ভারত ও ভুটান ছাড়া বিমসটেকের অপর পাঁচটি দেশ ইতোমধ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরই) যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে, মিয়ানমার এবং বাংলাদেশ উভয়ই বিমসটেকের সদস্য হওয়া সত্ত্বেও রোহিঙ্গা ইস্যুতে কোনো সুফল পাচ্ছে না বাংলাদেশ। একই ভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতও এগিয়ে আসছে না। বরং রোহিঙ্গা সমস্যার শুরুতেই ভারতের সমর্থন মিয়ানমারের দিকে। তাই বাংলাদেশ সার্কের মতো বিমসটেকেও তার আগ্রহ হারিয়েছে।
মূল্যায়ন: সার্কে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করার সুযোগ না থাকলেও অতীতে সার্কের মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্কের চরম উত্তেজনা দুইবার সমাধান হয়েছিল। প্রথমবার ১৯৮৭ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সার্কের দ্বিতীয় সম্মেলনে। ১৯৮৬-১৯৮৭ তে রাজস্থান সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সৈন্য সমাবেশ ঘটেছিল। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউল হক, আর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজিব গান্ধী। 'অপারেশন ব্রাসট্যাক্স' নামে এই সৈন্য সমাবেশের মধ্যেই বেঙ্গালুরুতে সার্কের দ্বিতীয় সম্মেলনে জিয়াউল হক ও রাজীব গান্ধী বিষয়টি নিয়ে আলোচনা করেন। তাদের সেই ব্যক্তিগত আলাপের পর তৎক্ষণাৎ সৈন্য সমাবেশ সরিয়ে পরিস্থিতি ঠান্ডা হয়েছিল। দ্বিতীয়টি ২০০১-২০০২ সালে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে পুনরায় সংঘর্ষ সৃষ্টি হয়। ২০০৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ১২তম সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তান সফর করেন। তাদের সাথে আলোচনা হয়। তারপর হঠাৎ করেই দুই দেশের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু সময়ের অনেক পরিবর্তন হয়েছে। একুশ শতকের তৃতীয় দশকে এসে বিশ্ব রাজনীতির অনেক কিছু সিদ্ধান্ত গ্রহণের নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানকে নিয়ে পরাশক্তি চীনের পরিকল্পনা, ভারতকে নিয়ে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলোকে আরও জটিল করে তুলবে সামনের দিনগুলো। তাই ভারত-পাকিস্তান বৈরিতার কোনো সমাধান আসলে নেই। আমরা যতই বলি যে, সার্ককে পুনরায় কার্যকরী করে তুলতে সার্ক সনদ সংস্কারের প্রয়োজন। আসলে সনদ সংস্কার করেও আদৌ কোনো লাভ নেই যতদিন পর্যন্ত ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কোনো সমাধান না হয়। আর পৃথিবী যতদিন থাকবে ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও ততদিন থাকবে। দু-দেশের মধ্যে শুধু বর্ডার নিয়েই কনফ্লিক্ট নয়, সমস্যাটি মনস্তাত্ত্বিক, ধর্মীয় বিভাজন, তন্মধ্যে আবার কাশ্মীর ইস্যু, আঞ্চলিক আধিপত্য, দু-দেশকে নিয়ে পরাশক্তিগুলোর ভূরাজনীতি ইত্যাদি এই দুই দেশের সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে। তাই সার্ককে কার্যকরী করে তোলার জন্য বুদ্ধিজীবীদের থেকে যতই পরামর্শ আসুক না কেন আদতে কোনো লাভ নেই। তাই সার্ক নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো কিছু নেই। তাই বাংলাদেশেরও উচিত এসব কথিত আঞ্চলিক সংস্থাগুলোর উপর জোর না দিয়ে ধনী রাষ্ট্রগুলোর সাথে কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে নিজের স্বার্থ হাসিল করা যায় সেদিকে মনোযোগ দেওয়া। বাংলাদেশের উচিত জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় শক্তিকে আরও শক্তিশালী করা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সংস্থা আসিয়ান এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে এর ভূমিকা
দক্ষিণ-পূর্ব এশিয়ার তথা আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো-সহ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটিকে পূর্বমুখী পররাষ্ট্রনীতি বা Look East Diplomacy বলা হয়। বাংলাদেশের বর্তমান সরকার তার পররাষ্ট্রনীতি প্রণয়নে এই রাষ্ট্রগুলোকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে। মিয়ানমার, ব্রুনাই, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম ইত্যাদি হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই রাষ্ট্রগুলোর আঞ্চলিক সংস্থা হচ্ছে আসিয়ান (ASEAN)। ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হওয়া এই জোটের পূর্ণরূপ হচ্ছে- Association of Southeast Asian Nations (ASEAN)। আসিয়ান এর মূলনীতি হচ্ছে; (ক) সদস্য দেশগুলোর মধ্যে একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, (খ) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংগঠিত চলমান সংঘাতগুলো নিষ্পত্তিকরণ, (গ) একে অপরের জাতীয় পরিচয়ের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করা ইত্যাদি। এবার আসি আসিয়ানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। এই আঞ্চলিক জোটের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান সংকট নিরসনে আলোচনা করা এবং সমাধানের চেষ্টা করা। দ্বিতীয়ত, শিক্ষা, কারিগরি ও প্রশাসনিক উন্নতি সাধনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর দারিদ্র্য-ক্ষুধা, নিরক্ষরতা এবং স্বাস্থ্য সমস্যা দূরীকরণের মাধ্যমে জীবন যাত্রার মান বৃদ্ধিতে কাজ করা। তৃতীয়ত, ন্যায়বিচার, আইনের প্রতি শ্রদ্ধাবোধ এবং জাতিসংঘ সনদকে আমলে নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করা।
আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর জাতীয় ক্যারেক্টার ভিন্ন ভিন্ন। তাই এই অঞ্চলের যে-কোনো ইস্যুত্তে তাদের অবস্থানও ভিন্ন। রাষ্ট্রগুলোর People to People সম্পর্কের দিকে নজর দিলে দেখা যায় যে, এখানকার বাসিন্দাদের ধর্মপরিচয় ভিন্ন। তবে একটি বিষয় লক্ষণীয় যে, প্রায় সবগুলো দেশেই রয়েছে পরিপক্ক গণতন্ত্রের অভাব। থাইল্যান্ডে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সেনাবাহিনীর সক্রিয়তা লক্ষণীয়। লাওসে আবার একদলীয় শাসন বিদ্যমান (Catch-all Party)। উল্লেখ্য, এই Catch-all Party এর মূল কথা হচ্ছে, রাষ্ট্রের অন্য সকল রাজনৈতিক দলগুলোকে দমিয়ে রেখে একা আধিপত্য বিস্তার করা। এটিকে আবার অনেকে Big Tent হিসেবে উল্লেখ করে। ঐতিহাসিকভাবে মিয়ানমারে সেনাশাসন বিদ্যমান। মাঝখানে যে কয়েকদিন মিয়ানমারে গণতন্ত্র ছিল সেখানে আবার পার্লামেন্টের মোট আসনের ২৫% বরাদ্দ ছিল সেনাবাহিনীর জন্য। এখন আবার পুরো দেশের শাসনক্ষমতা দখলে নিয়েছে দেশটির মিলিটারি জান্তারা। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই এই তিনটি দেশ মুসলিম প্রধান। ব্রুনাইতে রয়েছে রাজতন্ত্র। মালয়েশিয়াতে গণতন্ত্র থাকলেও সেটি অনেকটা নিয়ন্ত্রিত। যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় Controlled Democracy বলা হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে যে-সকল স্বৈরশাসক ক্ষমতায় রয়েছে তাদের মধ্যে অন্যতম কম্বোডিয়ার শাসক। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হলেন হুন সেন, যিনি ১৯৮৪ থেকে এখন পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় আছেন। ভিয়েতনামে চলছে মার্ক্সিস্ট-লেনিনিস্ট মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠা একদলীয় শাসন। উল্লেখ্য, রাষ্ট্রগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন জাতীয় চরিত্র ও একদলীয় শাসনব্যবস্থার প্রভাব থাকলেও আসিয়ান গোষ্ঠীর কার্যপ্রণালিতে মানবাধিকারের বিষয়টি মুখ্য। ফলে আসিয়ানভুক্ত দেশ মিয়ানমারে মানবতা সংকট তথা রোহিঙ্গাদের উপর ইথনিক ক্লিনজিং এর বিষয়টিকে আসিয়ান ভালো চোখে দেখছে না।
দ্বিতীয়ত, আসিয়ানভুক্ত দশটি দেশের মধ্যে তিনটি দেশে রোহিঙ্গা জনগোষ্ঠী উদ্বাস্তু হিসেবে আছে। দেশ তিনটি হলো থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। থাইল্যান্ডে প্রায় ৩০ হাজার, মালয়েশিয়াতে দুই লাখ, ইন্দোনেশিয়াতেও ৩০ হাজার রোহিঙ্গা আশ্রয় গ্রহণ করেছে। তিনটি দেশই বর্তমানে প্রচেষ্টা চালাচ্ছে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে। অর্থাৎ রোহিঙ্গা জনগোষ্ঠীদের যে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে হবে এ নিয়ে আসিয়ানভুক্ত এই তিনটি দেশের অবস্থানই এক। তৃতীয়ত, ২০১৮ সালে আসিয়ান জোটের সেক্রেটারি জেনারেল রাখাইনের সার্বিক পরিস্থিতি ও রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে জোর দেন এবং একটি প্রতিবেদন তৈরি করতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করেন। ২০১৯ সালে পুনরায় আসিয়ান জোট রোহিঙ্গাদের সংকট সমাধান এবং নিরসনের উপায় খুঁজতে বাংলাদেশের ক্যাম্পে অবস্থান করা ১১ লাখ রোহিঙ্গার উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে 'যাচাই-বাছাইয়ের' পর প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা যায় এমন মত দেওয়া হয়েছিল। এই ব্যাপারে আরও বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনে আসিয়ান সচিবালয় সহযোগিতা করতে প্রস্তুত আছে। চতুর্থত, ২০২১ সালে আসিয়ান জোটের সাথে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ বৈঠক হয় ব্রুনেইয়ে। সেই বৈঠকে জোটভুক্ত ০৯টি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করলেও মিয়ানমারকে যোগ দিতে দেওয়া হয়নি। তথা এটি থেকে প্রতীয়মান যে, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি যুক্তরাষ্ট্র-সহ আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোও ভালো চোখে নিচ্ছে না।
যেহেতু আসিয়ানভুক্ত অনেকগুলো রাষ্ট্রেই কমবেশি রোহিঙ্গা উদ্বাস্তু বিদ্যমান তাই ঐ দেশগুলোও চায় এই সমস্যার একটি দীর্ঘস্থায়ী সমাধান হোক। এক্ষেত্রে আসিয়ান সাংগঠনিকভাবে দেশগুলোকে সমর্থন দিচ্ছে। বাংলাদেশও চাচ্ছে এই সমর্থনকে জোরালো করার মাধ্যমে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ আরও বেশি বেগবান করতে。
দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ
দক্ষিণ চীন সাগরের যারা অংশীজন তাদের মধ্যে অধিকাংশই আসিয়ানভুক্ত রাষ্ট্র। পূর্ব চীন সাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত মাঝখানের এই অঞ্চলটিকে বলা হয় 'Global Energy Interstate' বা বৈশ্বিক এনার্জির আন্তঃরাজ্য'। কারণ এখানে রয়েছে প্রচুর তেল-গ্যাস। তাই চীন দখল করে নিতে চায় পুরো দক্ষিণ চীন সাগর। তাই চীন এই অঞ্চল থেকে সরিয়ে দিতে চাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম ও ফিলিপাইনকে। ফিলিপাইন আন্তর্জাতিক আদালতে এ নিয়ে মামলাও করেছে। চীন এখানে কৃত্রিম স্যাটেলাইটও তৈরি করেছে, দক্ষিণ- পূর্ব এশিয়ায় চীনা নৌবাহিনীর তৎপরতা বেড়েছে বহুগুণে। দক্ষিণ চীন সাগরকে বলা হয় এশিয়ার ভূমধ্যসাগর (Asian Mediterranean)। ভূমধ্যসাগর যেমন ইউরোপের প্রবেশদ্বার তেমনিভাবে বৈশ্বিক এনার্জির আন্তঃরাজ্যের প্রবেশদ্বার হচ্ছে দক্ষিণ চীন সাগর। এসব বিবেচনায় আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর রয়েছে একটি স্বতন্ত্র গুরুত্ব।
উপরিউক্ত ঘটনার সাথে আমরা একটি মিল খুঁজে পাই। আর ইতিহাসের মজাটি এখানেই। ভিন্নরূপে যার পুনরাবৃত্তি ঘটে। আজকের একুশ শতকে চীন তেল-গ্যাস সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোকে তাদের ন্যায্য হিস্যা না দিয়ে। ঠিক একই ভাবে ঊনবিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপকে হটিয়ে সমৃদ্ধিশালী ক্যারিবিয়ান সাগর দখল করে নিয়েছিল। সমৃদ্ধিশীল দক্ষিণ চীন সাগরের উপর যুক্তরাষ্ট্রের নজরও দীর্ঘদিনের, এই সাগরের আশেপাশে তথা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের রয়েছে সামরিক ঘাঁটি। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার শাসনামলে দক্ষিণ-পূর্ব এশিয়া নিয়ে স্ট্র্যাটেজি তৈরি করতে সশরীরে থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামে সফর করেছেন। এই অঞ্চলের কথা মাথায় রেখে জো বাইডেন ক্ষমতায় এসেই অস্ট্রেলিয়ার সাথে আবদ্ধ হয়েছেন 'অকাস' চুক্তিতে। ব্রুনেইয়ে অনুষ্ঠিত হওয়া যুক্তরাষ্ট্র ও আসিয়ান জোটের শীর্ষ বৈঠকে (ওয়েবিনার) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জো বাইডেন আসিয়ান ব্লককে ১০ কোটি ২০ লক্ষ ডলার প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছেন।
একুশ শতকের আগামী দশকে এই অঞ্চল কতটা অনিরাপদ হবে তা বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্রের ভূরাজনীতি বিশ্লেষক রবার্ট ক্যাপলানের মতে, “একুশ শতকে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করেই দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা ব্যাপক ঝুঁকিতে পড়বে।” আর এটিকেই টার্ম হিসেবে বলা হচ্ছে The End of a Stable Pacific তথা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির সমাপ্তি। আধিপত্যবাদ বিস্তারের লড়াই নিয়ে সাবেক মধ্যপ্রাচ্যের মতো এই অঞ্চল পরিণত হবে ভূরাজনীতির প্লে-গ্রাউন্ডে। হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধটি হতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে কেন্দ্র করেই। এই অঞ্চলের আশেপাশের অধিকাংশ রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের মিত্র। ভিয়েতনাম ও সিঙ্গাপুরে রয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি (Unipolar Military Dominance)। এই অঞ্চলের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার সাথেও ইসরায়েল বর্তমানে সম্পর্ক নরমালাইজেশন এর দিকে মনোযোগ দিয়েছে।
Question to think about?
মিয়ানমার আসিয়ানভুক্ত একটি রাষ্ট্র। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের আচরণে তেমন কোনো পরিবর্তন ঘটছে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আঞ্চলিক সংস্থা আসিয়ানকে কাজে লাগিয়ে কীভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান বেগবান করতে পারে?
সহায়ক গ্রন্থাবলি:
1. Ganguly, Sumit (2020), India, Pakistan, and Bangladesh: Civil-Military Relations, Oxford: Oxford University Press
2. Khan, Zafar (2019), Balancing and stabilizing South Asia: Challenges and opportunities for sustainable peace and stability, International Journal of Conflict Management
3. Kaplan, Robert D. (2015), Asia's Cauldron: The South China Sea and the End of a Stable Pacific, Random House Trade Paperbacks
4. Beckwith, Christopher I. (2009), Empires of the Silk Road, Princeton University Press
5. Brass, Paul R. (2013), Routledge Handbook of South Asian Politics: India, Pakistan, Bangladesh, Sri Lanka, and Nepal, Routledge
6. DeVotta, Neil (2015), An Introduction to South Asian Politics, Routledge
7. Collins, Allan (2013), Building a People-oriented Security Community the ASEAN Way, Abingdon, Oxfordshire/New York: Routledge,
8. Lee, Yoong, ed. (2011), ASEAN Matters! Reflecting on the Association of Southeast Asian Nations, Singapore: World Scientific Publishing,