📘 তাযকিয়াতুন নাফস 📄 সকল অবস্থায় আল্লাহকে ভয় করে কাজ করা

📄 সকল অবস্থায় আল্লাহকে ভয় করে কাজ করা


বান্দাহ যখন যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় আল্লাহ তা'আলাকে স্মরণ রাখবে, তাঁকে ভয় করে চলবে, তাঁর বিধি-নিষেধ পালনের প্রতি মনোযোগী হবে। ইতঃপূর্বে উল্লেখ করা হয়েছে যে, তাঁর যিকরের প্রতিফলিত স্বরূপ হলো তাঁর বিধি-নিষেধের পরিপূর্ণ আনুগত্য। সুতরাং যে ব্যক্তি সর্বাধিক তাঁকে ভয় করে চলবে এবং তাঁর আনুগত্য করবে, প্রকৃত অর্থে সে-ই সকলের চাইতে বেশি যিকরকারী রূপে গণ্য হবে এবং সফলকাম হবে। প্রকারান্তরে যে মুখে আল্লাহর যিকর করে; কিন্তু তাঁর বিধি-নিষেধ অমান্য করে চলে, প্রকৃত অর্থে সে যেন আল্লাহর কোনো যিকর-ই করে নি। সা'ঈদ ইবনু যুবাইর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
الذِّكْرُ طَاعَةُ اللهِ ، فَمَنْ لَمْ يُطِعْهُ لَمْ يَذْكُرْهُ وَإِنْ أَكْثَرَ التَّسْبِيحَ وَالتَّهْلِيلَ وَقِرَاءَةَ الْقُرْآنَ.
যিকর হলো আল্লাহর আনুগত্যের নাম। কাজেই যে ব্যক্তি তাঁর আনুগত্য করবে না, সে (প্রকৃত অর্থে) তাঁর যিকরই করেনি। যদিও সে বেশি বেশি তাসবীহ-তাহলীল পড়েছে এবং কোরআন তিলাওয়াত করেছে। ৫৭৫
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا . يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
হে মু'মিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তবেই তিনি তোমাদের 'আমাল-আচরণ সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। ৫৭৬
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ - "আর যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তাঁর ভয়ে নিষিদ্ধ কর্মসমূহ থেকে বিরত থাকে, তারাই কেবল কৃতকার্য।”৫৭৭
এ আয়াতগুলোতে মু'মিনদের প্রতি আল্লাহকে ভয় করার চলার নির্দেশ দেয়া হয়েছে। আর এর বাস্তব স্বরূপ হলো আল্লাহ ও রাসূলের পরিপূর্ণ আনুগত্য। সুতরাং আল্লাহ ও রাসূলের আনুগত্য ছাড়া যেমন মুত্তাকী হওয়া সম্ভব নয়, তেমনি প্রকৃত যিকরকারীর মর্যাদা লাভ করাও সম্ভব নয়।

টিকাঃ
৫৭৫. কুরতুবী, আল-জামি' লি-আহকামিল কোরআন, খ. ২,পৃ. ১৭১, খ. ১৮,পৃ. ১০৯
৫৭৬. আল-কোরআন, সূরা আল-আহযাব, ৩৩ ৭০-৭১
৫৭৭. আল-কোরআন, সূরা আন-নূর, ২৪ ৫২

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية