📄 শা'বান মাসে বেশি বেশি রোযা রাখা
শা'বান মাস অত্যন্ত বারকাতের মাস। তাই এ মাসে বেশি বেশি রোযা রাখা মুস্তাহাব্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম নিজেও অন্য যে কোনো মাসের চাইতে এ মাসে বেশি করে রোযা রাখতেন। উম্মুল মু'মিনীন 'আয়িশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ "আমি তাঁকে শা'বান মাসে যে অধিক হারে রোযা রাখতে দেখেছি, অন্য কোনো মাসে তাঁকে সে হারে রোযা রাখতে দেখিনি।”৫০১ কিন্তু এ মাসে নির্দিষ্টভাবে কেবল ১৫ তারিখ রোযা রাখার প্রসঙ্গটি কোনো বিশুদ্ধ হাদীস থেকে সুপ্রমাণিত নয়। এতদসংক্রান্ত বর্ণিত হাদীসটি অত্যন্ত দুর্বল। অনেকেই এ হাদীসটিকে মাওদূ' (জাল) বলেও আখ্যায়িত করেছেন। ৫০২
টিকাঃ
৫০১. বুখারী, আস-সাহীহ, (কিতাব: আস-সাওম), হা. নং: ১৮৬৮; মুসলিম, আস-সাহীহ, (কিতাব: আস-সিয়াম), হা. নং:২৭৭৯
৫০২. এ বিষয়ে বিস্তারিত জানা পড়ুন, বিদ'আত ৩য় খণ্ড, পৃ. ১১২-৪
📄 সপ্তাহে শনি ও রোববার রোযা রাখা
সপ্তাহে শনি ও রোববার রোযা রাখাও মুস্তাহাব্ব। কেননা এ দিন দুটি মুশরিকদের সাপ্তাহিক 'ঈদের দিন। তাই এ দিনগুলোতে রোযা রাখা প্রকারান্তরে তাদের বিরোধিতা করার নামান্তর। বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তাদের সাথে সাদৃশ্য রক্ষা করা থেকে সতর্ক করেছেন। তিনি নিজেও এ দিন দুটিতে প্রায়ই রোযা রাখতেন। উম্মুল মু'মিনীন 'উম্মু সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, أكْثَرُ مَا كَانَ يَصُوْمُ مِنَ الْأَيَّامِ يَوْمُ السَّبْتِ وَالْأَحَدِ ، كَانَ يَقُولُ : إِنَّهُمَا يَوْمًا عِيْدٍ لِلْمُشْرِكِينَ وَأَنَا أُرِيدُ أَنْ أُخَالِفَهُمْ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম যে দিনগুলোতে অধিকাংশ রোযা রাখতেন, তা হলো শনিবার ও রোববার। তিনি বলতেন, এ দিন দুটি মুশরিকদের উৎসবের দিন। আমি চাই যে, তাদের বিরোধিতা করি। ৫০০
টিকাঃ
৫০৩. ইবনু হিব্বান, আস-সাহীহ, (কিতাব: আস-সাওম), হা. নং: ৩৬১৬; ইবনু খুযায়মাহ, আস-সাহীহ, (কিতাব: আস-সিয়াম), হা. নং: ২১৬৭ বিশিষ্ট মুহাদ্দিস শু'আইব আল-আরনাউত (রাহ.) বলেন, হাদীসটির সনদ শক্তিশালী। শাইখ আলবানী (রাহ.)-এর মতে, এটি হাসান।