📘 তাযকিয়াতুন নাফস > 📄 আত্মশুদ্ধি লাভ

📄 আত্মশুদ্ধি লাভ


লোভ ও কৃপণতা মানুষের নাফসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এ দুটি হচ্ছে নাফসের সবচেয়ে ঘৃণ্য এবং নিকৃষ্ট স্বভাব, কোরআন ও হাদীসের বিভিন্ন জায়গায় জোরালো ভাষায় এ সবের নিন্দা করা হয়েছে। কৃপণ ও লোভী ব্যক্তিরা যাকাত দিতে পারে না। লোভ ও কৃপণতা তাদের অন্তরাত্মাকে সংকীর্ণ এবং সঙ্কুচিত করে দেয়। পক্ষান্তরে যাকাত মানুষের এ অনুদার মনোভাবকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দেয়, আর তার অন্তরকে করে দেয় সুপ্রশস্ত ও মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, بَرِئَ مِنَ الشُّحِّ مَنْ أَدَّى الزَّكَاةَ، وَقَرَى الضَّيْفَ، وَأَعْطَى فِي النَّائِبَةِ- "সে ব্যক্তি মনের কার্পণ্য থেকে মুক্ত, যে যাকাত আদায় করে, অতিথিদের আদর-আপ্যায়ন করে এবং বিপদাপদে লোকদের সাহায্য করে।”১৩০ উল্লেখ্য, যে সব ব্যক্তি কৃপণতা ও সংকীর্ণতা থেকে মুক্ত হতে পারবে, তারাই সফলকাম। আল্লাহ তা'আলা বলেন, وَأَنْفِقُوا خَيْرًا لِأَنْفُسِكُمْ ﴾وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ -"এবং ব্যয় করো। এটা তোমাদের জন্য কল্যাণকর। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম। "১৩৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, وَاتَّقُوا الشُّحَّ فَإِنَّ الشُّحَّ أَمْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ -“তোমরা মনের কার্পণ্য থেকে বেঁচে থেকো। কেননা এটাই তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে। "১৩৫ অন্য হাদীসে তিনি বলেন, وَلَا يَجْتَمِعُ الشُّحُ وَالإِيمَانُ فِي قَلْبِ عَبْدٍ أَبَدًا -"মনের কার্পণ্য ও ঈমান কখনো কোনো বান্দার অন্তরে একত্রিত হতে পারে না। "১৩৬ বস্তুত যাকাতের ক্রমবৃদ্ধি ও পবিত্রতা কেবল ধন-সম্পদের মধ্যেই সাধিত হয় না; বরং যাকাত দানকারীর মন-মানসিকতা ও ধ্যান-ধারণা পর্যন্ত তা পরিব্যাপ্ত হয়। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন, خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهَّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا -"তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। আর এর সাহায্যে আপনি তাদেরকে পূত-পবিত্র করে দিন। "১৩৭

টিকাঃ
১৩০. তাবারানী, আল-মু'জামুল কাবীর, হা. নং: ৪০৯৬; বাইহাকী, শু'আবুল ঈমান, (৭৪: আল-জুদ..), হা. নং: ১০৩৪৮
১৩৪. আল কোরআন, সূরা আত-তাগাবুন, ৬৪: ১৬
১৩৫. মুসলিম, আস-সাহীহ, (কিতাব: আল-বির...), হা. নং: ৬৭৪১
১৩৬. নাসা'ঈ, আস-সুনান, (কিতাব: আল-জিহাদ), হা. নং: ৩১১০; ইবনু হিব্বান, আস-সাহীহ, হা. নং: ৩২৫১; আহমাদ, আল-মুসনাদ, হা. নং: ৯৬৯৩ হাদীসটি সাহীহ। (আলবানী, সাহীহু ও দা'ঈফু সুনানিন নাসা'ঈ, খ.৭, পৃ. ১৮২)
১৩৭. আল কোরআন, সূরা আত-তাওবাহ, ৯: ১০৩

📘 তাযকিয়াতুন নাফস > 📄 রূহানী শক্তি বৃদ্ধি হয়

📄 রূহানী শক্তি বৃদ্ধি হয়


পাশবিকতা রূহানী অশান্তির মূল কারণ, আর বদান্যতা হচ্ছে সকল পাশবিক গুণের বিপরীত। যাকাত মানুষের ভেতরের পাশবিকতাকে অবদমিত করে মানবীয় বিবেক-বুদ্ধি ও রূহানী শক্তির প্রাধান্য ঘটায়। যাকাতদাতাদের মনে আল্লাহর ভয় ও ভালবাসা সবসময় জাগরূক থাকে। তারা একমাত্র ধর্মীয় অনুভূতি নিয়েই স্বেচ্ছাপ্রণোদিতভাবে স্বীয় সম্পদের হিসাব-নিকাশ করে শারী'আত নির্ধারিত খাতে যাকাত প্রদান করে থাকে।

📘 তাযকিয়াতুন নাফস > 📄 উন্নত ও পবিত্র দৃষ্টিভঙ্গি তৈরি করে

📄 উন্নত ও পবিত্র দৃষ্টিভঙ্গি তৈরি করে


যাকাত ব্যবস্থা ইসলামী সমাজকে কৃপণতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, হিংসা- বিদ্বেষ, মনের কঠিনতা ও শোষণ করার সূক্ষ্ম প্রবণতা থেকে পবিত্র করে। উপরন্তু, যাকাতের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা, ত্যাগ, দয়া-দাক্ষিণ্য, নিষ্ঠা, শুভাকাঙ্খা ও সহযোগিতার পবিত্র প্রেরণার সঞ্চার হয় এবং সেগুলো বিকশিত হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00