📘 তাযকিয়াতুন নাফস 📄 তাযকিয়াতুন নাফস-এর বিশুদ্ধ পথ

📄 তাযকিয়াতুন নাফস-এর বিশুদ্ধ পথ


ইতঃপূর্বে উল্লেখ করা হয়েছে, নাফস পরিশুদ্ধ করা এবং তার অশিষ্ট চরিত্র ও প্রবণতাসমূহের বিরুদ্ধে লড়াই করা ফারয। অতএব, এ গুরু কাজের যথার্থ ও বিশুদ্ধ পথ কী?- তাও জানা থাকা সকলের জন্য অত্যাবশ্যক। কারণ, এ কাজের সঠিক পথ জানা না থাকলে পদে পদে বিপথগামী ও সত্যচ্যুত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কার্যতও আমরা এ বিষয়ে অনেকের মধ্যে বহু বিভ্রান্তি লক্ষ্য করি। আমরা তাদেরকে ভুল পথে চলতে ও পরিচালিত হতে দেখতে পাই। তারা নাফসের পরিশুদ্ধি ও উন্নয়নের নামে এমন সকল 'আমাল করেন, একদিকে তা কোরআন ও হাদীসের ভারসাম্যপূর্ণ, বাস্তবসম্মত ও পরিচ্ছন্ন জীবন ব্যবস্থার পরিপন্থী, অপরদিকে তা তাদের নাফসের পরিশুদ্ধির জন্য যথার্থ ও কার্যকর ব্যবস্থাও নয়। ফলে দেখা যায় যে, এ সব 'আমালের মাধ্যমে প্রকৃত অর্থে তাদের নাফস পরিশুদ্ধ তো হয় না; বরং উল্টো তাদের নাফস আরো কলুষিত ও বলবান হয়, সুন্দর ও সুকুমার বৃত্তিসমূহ বিকশিত হবার পরিবর্তে মন্দ ও অশিষ্ট বৃত্তিসমূহেই বিকাশ লাভ করে।
অনেক 'আলিম ও শাইখই নিজেদেরকে পরিশুদ্ধ অন্তরের লোক মনে করেন এবং দাবি করেন যে, তাঁরা লোকদের নাফসের তাযকিয়া ও আত্মশুদ্ধির কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিন্তু পরিতাপের বিষয় হলো- বাহ্য দৃষ্টিতে তাঁদের আচার-আচরণ থেকে প্রতিভাত হয় যে, তাঁদের মধ্যে অনেকের নিজেদের নাফসই কলুষিত ও রোগগ্রস্ত। তাঁরা হিংসা-বিদ্বেষ, গর্ব-অহঙ্কার, পার্থিব মোহ, লোভ-লালসা, আত্মম্ভরিতা ও আত্মশ্লাঘা ইত্যাদি আত্মিক ব্যাধিসমূহে মারাত্মকভাবে আক্রান্ত। অতএব, যে সকল ব্যক্তি দীর্ঘ সাধনার পরেও তাঁদের নিজেদের নাফসকে পরিশুদ্ধ করতে সক্ষম হননি, তা হলে তাঁরা কীভাবে তাঁদের শিষ্যদের নাফসের সংশোধন করবেন, তাদের অন্তরের ব্যাধিসমূহের জন্যই বা কী ব্যবস্থাপত্র দেবেন? বিশিষ্ট 'আবিদ ফুদাইল ইবনু 'ইয়াদ [১০৫-১৮৭হি.] (রাহ.) বলেন,
الْعَالِمُ طَبِيبُ الدِّينِ وَدَوَاءُ الدُّنْيَا فَإِذَا كَانَ الطَّبِيبُ يَحُرُّ الدَّاءَ إِلَى نَفْسِهِ فَمَتَى يُبْرِئُ غَيْرَهُ؟
'আলিম হলো দীনের চিকিৎসক ও দুনিয়ার প্রতিষেধক। অতএব, চিকিৎসক যদি নিজেই রোগগ্রস্ত হয়ে পড়ে, তা হলে সে অন্য লোককে কীভাবে সুস্থ করে তোলবে?⁶⁹
জনৈক কবি কতোই চমৎকার বলেছেন, وَغَيْرُ تَقِي يَأْمُرُ النَّاسَ بِالتَّقَى ... طَبِيبٌ يُدَاوِي النَّاسَ وَهُوَ سَقِيمُ.
মুত্তাকী নয়- এমন ব্যক্তি লোকদেরকে তাকওয়া অবলম্বন করতে নির্দেশ দেয়। এরূপ ব্যক্তির উদাহরণ হলো ঐ চিকিৎসক, যে নিজে রোগাক্রান্ত; কিন্তু লোকদের চিকিৎসা করে চলেছে। ⁷⁰
আমরা মনে করি না যে, আত্মশুদ্ধির ব্যাপারে উপর্যুক্ত 'আলিম ও শাইখদের মধ্যে সকলেরই আন্তরিকতার অভাব রয়েছে। বরং তাঁদের এ বিচ্যুতির প্রধান কারণ হলো- তাঁদের অনেকেই সঠিকভাবে জানেন না যে, 'তাযকিয়াতুন নাফস' বলতে কী বোঝায়, নাফস ও কালবের ব্যাধি ও ত্রুটিগুলো কী কী এবং এগুলো দূরীভূত করার শারী'আতসম্মত কী কী পথ রয়েছে? ফলে তাঁরা এতদুদ্দেশ্যে গতানুগতিক ত্রুটিযুক্ত পদ্ধতি কিংবা আবেগাশ্রিত ও প্রবৃত্তিতাড়িত মনগড়া পদ্ধতি অনুসরণ করেন, যা আত্মশুদ্ধির ক্ষেত্রে কোনো যথার্থ সুফল বয়ে আনে না। এ কারণে কেউ কেউ তাদেরকে সে চিকিৎসকের সাথেও তুলনা করেছেন, যে ধ্বংসাত্মক বিষ প্রয়োগ করে রোগের চিকিৎসা করে। এতে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে মারাই যায়। ⁷¹
নিম্নে আমরা কোরআন ও হাদীসের আলোকে নাফসকে পরিশুদ্ধ করার ও তার সাথে জিহাদ করার যথার্থ ও বিশুদ্ধ পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে প্রয়াস পাবো।

টিকাঃ
৬৯. খাদিমী, বারীকাতুন মাহমুদিয়‍্যাতুন..., খ. ৩, পৃ. ৪৪৪ বিশিষ্ট মুহাদ্দিস সুফইয়ান আস-সাওরী (রাহ.) থেকেও অনুরূপ কথা বর্ণিত রয়েছে। (আবু নু'আইম, হিলইয়াতুল আউলিয়া, খ. ৬, পৃ. ৩৬১; যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা', খ. ৭, পৃ. ২৪৩)
৭০. ইবনু রাজাব, লাতা'য়িফুল মা'আরিফ, পৃ. ১৭, ৮১; ইবনুল হাজ্জ, আল-মাদখাল, খ. ৩, পৃ. ২৭৪; খাদিমী, বারীকাতুন মাহমুদিয়্যাতুন.... খ. ৩, পৃ. ৪৪৪
৭১. 'আবদুল হাদী, ইসলাহুল কুলুব, পৃ. ১৬

ফন্ট সাইজ
15px
17px