📄 মুনীবও থেকে বাঁচতে ও দূর করতে বালা-তাগার ব্যবহার
বিপদ-আপদ থেকে বাঁচার জন্য অথবা তা দূরীকরণের জন্য সুতা ও গোলাকার কোন কিছু ব্যবহার করা, শির্কের অন্তর্ভুক্ত।
মহান আল্লাহ বলেন, قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ (الزمر: ۳۸)
অর্থাৎ, “বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার তঅনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো, তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে?” (সূরা যুমারঃ ৩৮)
((عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ أَنَّ النَّبِيَّ ﷺ رَأَى رَجُلًا فِي يَدِهِ حَلْقَةٌ مِنْ صُفْرٍ فَقَالَ: ((مَا هَذِهِ الْحَلْقَةُ ؟ )) قَالَ : هَذِهِ مِنْ الْوَاهِنَةِ، قَالَ: انْزِعْهَا فَإِنَّهَا لَا تَزِيدُكَ إِلَّا وَهْنًا، فَإِنَّكَ لَوْ مِتَّ وَهِيَ عَلَيْكَ مَا أَفْلَحْتَ أَبَدًا))
অর্থাৎ, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ এক ব্যক্তির হাতে পিতলের গোলাকার একটি জিনিস দেখে বললেন, "এটা কি?” সে বললো, ব্যাধির জন্য এটা ব্যবহার করেছি, তিনি বললেন, "এটা খুলে ফেলে দাও। কারণ, এতে তোমার ব্যাধি বৃদ্ধি পাবে, কমবে না. আর তুমি যদি এই জিনিসটা নিয়েই মৃত্যু বরণ করো, তাহলে কখনোই মুক্তি পাবে না.” (ইমাম আহমদ দোষমুক্ত সনদে এই হাদীস বর্ণনা করেছেন, ইমাম আহমদ (রাহঃ) উকবা ইবনে আমের থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন,
( ( مَنْ تَعَلَّقَ تَمِيمَةٌ فَلَا أَتَمَّ اللهُ لَهُ، وَمَنْ تَعَلَّقَ وَدَعَةٌ فَلَا وَدَعَ اللَّهُ لَهُ )) وفي رواية: ((مَنْ عَلَّقَ تَمِيمَةٌ فَقَدْ أَشْرَكَ))
অর্থাৎ, “যে তাবীজ ব্যবহার করলো, আল্লাহ যেন তার আশা পূরণ না করে. আর যে ব্যক্তি ঘুঙ্গুর ঝুলালো, আল্লাহ যেন তাকে রক্ষা না করে.” অন্য আর এক বর্ণনায় এসেছে, "যে তাবীয ব্যবহার করলো, সে শির্ক করলো.” আবূ হাতেমের পুত্র হুযাইফা থেকে বর্ণনা করেছেন যে, তিনি এক ব্যক্তির হাতে জ্বরের জন্য ব্যবহারকৃত সূতা দেখলে, তিনি তা কেটে ফেলেন এবং আল্লাহর এই বাণী পাঠ করেন,
وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ﴾ (يوسف: ١٠٦)
অর্থাৎ, “অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শির্ক করে.” (সূরা ইউসুফঃ ১০৬)
যে বিষয়গুলো জানা গেলো, ১. গোলাকার কোন জিনিস ও সূতা প্রভৃতি ব্যবহারের ব্যাপারে কঠোরভাবে নিষেধ দান. ২. যদি সাহাবীর এরই উপর মৃত্যু হতো, তাহলে তিনি মুক্তি পেতেন না. এটা সহাবায়ে কেরাম-এর এই মন্তব্যের সাক্ষ্য হয়ে যায় যে, ছোট শির্ক কাবীরা گোনাহের থেকেও মারাত্মক. ৩. অজ্ঞতার ওযর-আপত্তি গ্রহণীয় নয়.
৪. বালা ও সূতা পরিধানে ব্যাধির কোন উপশম ঘটবে না, বরং এতে ব্যাধি বৃদ্ধি পাবে।
৫. কঠোরভাবে তার প্রতিবাদ, যে এ রকম করে।
৬. এ কথা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে, যে ব্যক্তি কোন কিছু ঝুলাবে, তাকে তারই উপর নির্ভরশীল করা দেওয়া হবে।
৭. এ কথাও পরিষ্কার যে, যে ব্যক্তি তাবীয ব্যবহার করলো, সে শির্ক করলো।
৮. জ্বরের জন্য সূতা বাঁধাও শির্কের অন্তর্ভুক্ত,
৯. হুযাইফা -এর আয়াত পাঠ এ কথা প্রমাণ করে যে, সাহাবায়ে কেরামগণ বড় শির্কের আয়াতকে ছোট শির্কের উপর দলীল সাব্যস্ত করতেন, যেমন ইবনে আব্বাস সূরা বাক্বারার আয়াতে উল্লেখ করেছেন,
১০. নজরদোষ থেকে বাঁচার জন্য ঘুঙ্গুর ব্যবহার করাও শির্কের অন্তর্ভুক্ত
১১. যে তাবীয ব্যবহার করে, তার জন্য এই বলে বদ্দুআ করা, আল্লাহ যেন তার মনোবাসনা পূরণ না করেন, আর যে ঘুঙ্গুর ব্যবহার করে, আল্লাহ যেন তাকে রক্ষা না করেন।
ব্যাখ্যা-বিশ্লেষণঃ এই অধ্যায়কে তখনই বুঝতে পারবে, যখন উপায়-উপকরণের বিধান সম্পর্কে জানবে, অর্থাৎ, উপকরণ ও মাধ্যমের ব্যাপারে তিনটি বিষয় জানা প্রত্যেক বান্দার উপর ওয়াজিব। (আর তা হলো,)
১. সেই জিনিসকেই মাধ্যম মনে করবে, যার মাধ্যম হওয়ার কথা শরীয়ত কর্তৃক সাব্যস্ত।
২. মাধ্যমের উপরেই ভরসা করবে না। বরং শরীয়ত সমর্থিত মাধ্যম গ্রহণ করে যিনি মাধ্যম বানিয়েছেন ও নির্ধারিত করেছেন, তাঁরই উপর ভরসা করবে এবং উপকারী মাধ্যম গ্রহণ করতে আগ্রহী হবে।
৩. এই মাধ্যমগুলো যতই বড় ও বলিষ্ঠ হোক না কেন, সবই আল্লাহর ফয়সালা ও তাঁর ক্ষমতাধীন। আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারে না। মহান আল্লাহ যেভাবে চান এগুলোর নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাঁর হিকমতের দাবী অনুপাতে যদি চান মধ্যবর্তিতা বাকী রাখেন, যাতে বান্দারা তা অবলম্বন করে আল্লাহর পূর্ণ হিকমত সম্পর্কে অবহিত হয়। আবার যদি চান মাধ্যমের প্রভাব বাকী রাখেন না, যাতে বান্দারা যেন তার উপর ভরসা না করে এবং তারা যেন আল্লাহর পূর্ণ ক্ষমতা সম্পর্কে অবহিত হয় যে, নিয়ন্ত্রণ ক্ষমতা এবং যা ইচ্ছা তা-ই করার ইখতিয়ার কেবল আল্লাহর জন্যই নির্দিষ্ট। মাধ্যমগুলোর ব্যাপারে এই ধরনের ধ্যান-ধারণা রাখাই হলো বান্দার উপর ওয়াজিব। এই অবগতির পর যে ব্যক্তি বালা অথবা সূতা বা এই ধরনের কোন জিনিস আসন্ন বিপদ থেকে মুক্তি লাভের জন্য, অথবা আগত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করবে, সে মুশরিক বিবেচিত হবে। কারণ, তার এই বিশ্বাস যদি হয় যে, তাই রক্ষাকারী, তাহলে তা বড় শির্ক গণ্য হবে। আর এটা আল্লাহর রুবুবিয়্যাতে শির্ক করা হবে। কারণ, সে এই বিশ্বাস রাখলো যে, সৃষ্টি করা ও ব্যবস্থাপনায় আল্লাহর কেউ শরীক আছে। আবার এটা তাঁর ইবাদতেও শির্ক হবে। কারণ, তার অন্তর লাভের আশা ও আকাঙ্ক্ষায় অন্যের সাথে জড়িত। আর সে যদি এই বিশ্বাস রাখে যে, আল্লাহই রক্ষাকারী, কিন্তু সে এই জিনিসগুলো মাধ্যম হিসাবে ব্যবহার করেছে, তাহলে সে এমন জিনিসকে মাধ্যম বানিয়েছে, যা শরীয়ত কর্তৃকও মাধ্যম বলে উল্লেখ হয় নি এবং বাস্তবের আলোকেও তা মাধ্যম নয়। বরং এটা হারাম এবং শরীয়ত ও বাস্তবতার উপর মিথ্যা আরোপ।
শরীয়তী মাধ্যম এটা নয়, কারণ শরীয়ত এ থেকে কঠোরভাবে নিষেধ দান করেছে, আর যা থেকে শরীয়ত নিষেধ দান করে, তা উপকারী মাধ্যম হতে পারে না। বাস্তবতার আলোকেও এটা মাধ্যম নয়, কারণ, এতে কোন উদ্দেশ্য সাধন হয় বলে জানা যায় নি। আর এটা বৈধ ফলপ্রসূ কোন ঔষধ নয়। অনুরূপ এটা শির্কের মাধ্যমসমূহের অন্যতম। কারণ, যে এসব ব্যবহার করে, তার অন্তর এর সাথে জড়িয়ে থাকে। আর এই (জড়িয়ে থাকা) এক প্রকার শির্ক ও তার মাধ্যম।
এই জিনিসগুলো যখন রাসূলুল্লাহ কর্তৃক প্রমাণিত শরীয়তী মধ্যম নয়, যা আল্লাহর সন্তুষ্টি ও তাঁর নেকীর আশায় অবলম্বন করা যায় এবং বাস্তবতার আলোকেও তার কোন উপকার জানা যায় নি, যেমন বৈধ ঔষধ দ্বারা উপকার পাওয়া যায়, তখন তা ত্যাগ করাই হলো মু'মিনের জন্য জরুরী, যাতে তার ঈমান ও তাওহীদ পরিপূর্ণ হয়। কেননা, তাওহীদ পরিপূর্ণ থাকলে, অন্তর তার পরিপন্থী বিষয়ের সাথে জুটবে না। ক্ষতি ব্যতীত কোন প্রকারের উপকার যাতে নাই, তা ব্যবহার করা অজ্ঞতারই পরিচয় হবে। শরীয়তের মূল লক্ষ্য হলো, মানুষকে মূর্তি পূজা ও সৃষ্টির উপর ভরসা করা থেকে মুক্ত করে তাদের দ্বীনকে পরিপূর্ণ করা এবং কুসংস্কার ও মিথ্যা জিনিস থেকে মুক্ত করে এমন জিনিসের প্রচেষ্টায় লাগানো, যা জ্ঞানের জন্য হবে উপকারী, নাফসের জন্য হবে পবিত্রকারী এবং দুনিয়া ও আখেরাতের যাবতীয় বিষয়ের জন্য হবে সংশোধনকারী, আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
📄 ঝাড়-ফুঁক প্রসঙ্গে
ঝাড়-ফুঁক প্রসঙ্গে
((في الصحيح عن أبي بشير الأنصاري أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ الله ﷺ في بعض أسفاره ، فأرسل رسول الله ﷺ رَسُولاً أَنْ لَا يَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلَادَةٌ مِنْ وَتَرٍ أَوْ قِلَادَةٌ إِلَّا قُطِعَتْ))
সহী হাদীসে আবূ বাশীর আনসারী থেকে বর্ণিত যে, তিনি কোন এক সফরে রাসূলে কারীম -এর সাথে ছিলেন, রাসূলুল্লাহ তাঁকে এই মর্মে পাঠালেন যে, কোন উটের গর্দানে ধনুকের অথবা অন্য কোন কিছুর হার যেন না থাকে। থাকলে তা যেন ছিঁড়ে ফেলা হয়।” ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন,
(( إِنَّ الرُّقَى وَالتَّمَائِمَ وَالتَّوَلَةَ شِرْكٌ)) رواه أحمد وأبو داود
অর্থাৎ, “নিশ্চয় ঝাড়-ফুঁক, তাবীয ব্যবহার এবং যাদু-বিদ্যা শির্ক” (আহমদ ও আবূ দাউদ) আব্দুল্লাহ ইবনে উকাইম থেকে বর্ণিত যে,
((مَنْ تَعَلَّقَ شَيْئاً وكلَ إِلَيْهِ)) رواه أحمد والترمذي
অর্থাৎ, “যে ব্যক্তি কোন কিছু ঝুলাবে, তাকে তারই উপর নির্ভর- শীল করে দেওয়া হবে।”
'তামীমাহ' এমন জিনিস, যা নজরদোষ থেকে বাঁচার জন্য শিশুদের গলায় (বা শরীরের কোন স্থানে) ঝুলানো হয়, তবে যা ঝুলানো হয়, তা যদি কুরআন থেকে হয়, তাহলে সালফে সালেহীনদের কেউ কেউ অনুমতি দিয়েছেন, আবার কেউ কেউ তার অনুমতি দেন নাই। বরং তা নিষিদ্ধ জিনিসের মধ্যেই গণ্য করেছেন। ইবনে মাসউদ হলেন এদের অন্যতম।
'আরুক্বা' বা ঝাড়-ফুঁক, এর তাপর নাম 'আযায়েম', শির্কমুক্ত ঝাড়-ফুঁক প্রমাণাদির ভিত্তিতে সাধারণ ঝাড়-ফুঁকের ব্যতিক্রম। কেননা, রাসূলুল্লাহ নজরদোষ ও বিষাক্ত প্রাণির দংশনে তার অনুমতি দিয়েছেন। আর 'তিওয়ালাহ' হলো এমন জিনিস, যার আশ্রয় মানুষ এই ধারণা নিয়ে গ্রহণ করে যে, এর দ্বারা স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর প্রেম আকর্ষণ সৃষ্টি হয়, ইমাম আহমদ 'রুআইফা' থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ বলেছেন,
(( يَا رُوَيْفِعُ لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ بَعْدِي، فَأَخْبِرُ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحِيْتَهُ أَوْ تَقَلَّدَ وَتَرَا أَوْ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ أَوْ عَظْمٍ فَإِنَّ مُحَمَّدًا بَرِيءٌ مِنْهُ ))
অর্থাৎ, “হে রুআইফা, হতে পারে তুমি দীর্ঘ জীবন লাভ করবে, কাজেই মানুষদের এই খবর জানিয়ে দিবে যে, যে ব্যক্তি দাড়িতে গিরা দিবে অথবা তাবীয-কবয কিছু ঝুলাবে কিংবা জানোয়ারের গবর, বা হাড় দিয়ে ইস্তিঞ্জা করবে, মুহাম্মাদ তার থেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা করছেন।” সাঈদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত, তিনি বলেন,
(( مَنْ قَطَعَ تَمِيْمَةٌ مِنْ إِنْسَانٍ كَانَ كَعَدْلِ رَقَبَةٍ)) رواه وكيع
অর্থাৎ, “যে ব্যক্তি কোন মানুষের তাবীয ছিঁড়ে ফেলে, সে এক ক্রীতদাস স্বাধীন করার নেকী পায়। আর ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সালফে সালেহীনগণ যাবতীয় তাবীয অপছন্দ করতেন, তাতে তা কুরআন থেকে হোক, বা অন্য কিছু থেকে।
যে বিষয়গুলো জানা গেলো, ১. 'আরুক্বা' এবং 'তামায়েম' এর ব্যাখ্যা। ২. 'তেওয়ালা'র ব্যাখ্যা। ৩. কোন ব্যতিক্রম ছাড়াই এ তিনটি শির্কের অন্তর্ভুক্ত। ৪. নজরদোষে ও কোন বিষাক্ত প্রাণির দংশনে সত্য বাক্য দ্বারা ঝাড়- ফুঁক করা শির্কের আওতায় পড়ে না। ৫. তাবীয যদি কুরআন থেকে হয়, তাহলে তা জায়েয হবে কিনা এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ৬. বদ-নজর থেকে বাঁচার জন্য জানোয়ারের গলায় ধনুক ইত্যাদি ঝুলানো শির্কের অন্তর্ভুক্ত। ৭. তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, যে ধনুক ঝুলাবে। ৮. তার ফযীলতের কথা, যে কোন মানুষের তাবীয ছিঁড়ে ফেলে। ৯. ইবরাহীম (রাহঃ) এর মন্তব্য উল্লিখিত মতভেদের বিপরীত নয়। কেননা, তাঁর উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ-এর সহচরবৃন্দ।
ব্যাখ্যা-বিশ্লেষণঃ তাবীয ব্যবহার করা, বালা ও সূতা ব্যবহার করার মতনই, যার কথা আগে বলা হয়েছে। কোন কোন তাবীয তো বড় শির্কের আওতায় পড়ে, যেমন শয়তান অথবা কোন সৃষ্টির সাহায্য কামনা করা হয়েছে এই ধরনের তাবীয। কারণ, গায়রুল্লাহর নিকট সাহায্য চাওয়া, যার সে শক্তি রাখে না, বড় শির্ক গণ্য হয়। আগত অধ্যায়ে এর বয়ান আসবে ইনশা---- আবার কোন কোন তাবীয হারাম, যেমন, এমন সব নাম বিশিষ্ট তাবীয, যার অর্থ বোধগম্য নয়, এই তাবীয শির্ক পর্যন্ত নিয়ে যায়, তবে যা ঝুলানো হয়, তা যদি কুরআন অথবা হাদীস কিংবা পবিত্র কোন দুআ হয়, তাহলে তাও ত্যাগ করাই উত্তম।
কেননা, প্রথমতঃ, শরীয়তে এর উল্লেখ হয় নি। দ্বিতীয়তঃ, এটা অন্যান্য হারাম জিনিস ব্যবহারের মাধ্যম হয়ে যাবে। তৃতীয়তঃ, যে ঝুলায়, সে এর সম্মান দেয় না। এই তাবীয নিয়ে নোংরা স্থানেও সে প্রবেশ করে। তবে ঝাড়-ফুঁকের ব্যাপারে ব্যাখ্যা এসেছে, আর তা হলো, যদি তা কুরআন অথবা সুন্নাত কিংবা ভাল বাক্য দ্বারা হয়, তাহলে যে ঝাড়-ফুঁক করে দেয়, তার জন্য তা জায়েয, কেননা, তা অনুগ্রহের আওতায় পড়ে এবং তাতে উপকারও রয়েছে, আর এটা তার জন্যও বৈধ, যাকে ঝাড়া হয়, তবে উচিত প্রথমেই কারো নিকট ঝেড়ে দেওয়া কামনা না করা, কারণ, বান্দার (আল্লাহর উপর) পূর্ণ ভরসা এবং বলিষ্ঠ প্রত্যয় হলো, সৃষ্টির কারো কাছে ঝাড়-ফুঁক প্রভৃতি তলব না করা, তবে যদি ঝাড়ে গায়রুল্লাহকে আহ্বান করা হয় এবং গায়রুল্লাহর নিকট আরোগ্য কামনা করা হয়, তাহলে তা বড় শির্ক বলে গণ্য হবে। কারণ, এটা হলো গায়রুল্লাহর নিকট প্রার্থনা করা এবং তার কাছে ফরিয়াদ করা। এই ব্যাখ্যাটা ভাল করে বুঝে নিতে হবে। যেহেতু ঝাড়-ফুঁকের মাধ্যম ও উদ্দেশ্য বিভিন্ন প্রকারের, তাই শুধু এক রকম বিচার করলে হবে না। (বরং এ ব্যাপারে ব্যাখ্যার প্রয়োজন আছে,
📄 বৃক্ষ ও পাথর প্রভৃতির দ্বারা বরকত অর্জন করা
যে ব্যক্তি বৃক্ষ অথবা পাথর প্রভৃতির দ্বারা বরকত অর্জন করে
মহান আল্লাহ বলেন,
أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّى، وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَى) (النجم: ١٩-٢٠)
অর্থাৎ, "তোমরা কি ভেবে দেখেছো লাত ও ওযযা সম্পর্কে? এবং তৃতীয় আর একটি মানাত সম্পর্কে?” (সূরা নাজমঃ ১৯-২০)
عن أبي واقد الليثي قال : (( خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ إِلَى حُنَيْنِ، وَنَحْنُ حُدَثَاءُ عَهْدٍ بِكُفْرٍ، وَلِلْمُشْرِ كِيْنَ سِدْرَةٌ يَعْكِفُوْنَ عِنْدَهَا وَيَنُوطُوْنَ بِهَا أَسْلِحَتَهُمْ، يُقَالُ لَهَا ذَاتُ أَنْوَاطٍ، فَمَرَرْنَا بِسِدْرَةٍ فَقُلْنَا : يَا رَسُوْلَ اللهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا هُمْ ذَاتُ أَنْوَاطٍ، فَقَالَ رَسُوْلُ الله ﷺ: الله أكبر إنها السنن، قُلْتُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ كَمَا قَالَ قَوْمُ مُوسَى اجْعَلْ لَنَا إِنَّهَا كَمَا لَهُمْ آهِمَةً، قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ ﴾ لَتَرْكَبُنَّ سُنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ سُنَّةٌ سُنَّةٌ ))
অর্থাৎ, "আবু ওয়াক্বিদ আল-লায়সী থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করীম -এর সাথে হুনাইন অভিমূখে রওনা হই আমরা তখন নবাগত মুসলমান ছিলাম। মুশরিকদের একটি কুলের (বরই) গাছ ছিলো। সেখানে তারা বসতো এবং তাতে তাদের অস্ত্র ঝুলিয়ে রাখতো। এই গাছটিকে ‘যাতু আনওয়াত’ বলা হতো। আমরাও একটি কুলের গাছের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন রাসূলুল্লাহ -কে বললাম, ওদের মত করে আমাদের জন্যও একটি 'যাতু আনওয়াত' নির্দিষ্ট করে দিন। এ কথা শুনে রাসূলুল্লাহ ﷺ বললেন, 'আল্লাহু আকবার' এটা তো (ভ্রান্ত জাতির) রীতি-নীতি, সেই আল্লাহর শপথ করে বলছি, যাঁর হাতে আমার জান, এটা ঐ ধরনের কথা, যা বানী ইস্রাইলরা মূসাকে বলেছিল, তারা বলেছিল, 'হে মূসা! আমাদের উপাসনার জন্যও তাদের মূর্তির মতই একটি মূর্তি নির্মাণ করে দিন'। তোমরা পূর্বেকার (বিভ্রান্ত জাতির) রীতি-নীতির অনুসরণ করবে। (তিরমিযী)
যে বিষয়গুলো জানা গেলো, ১. সূরা নাজমের আয়াতের ব্যাখ্যা। ২. তাদের চাওয়া জিনিসটির বাস্তব পরিচয় দান। ৩. তাদের শির্ক করার ইচ্ছা ছিলো না। ৪. তাদের এই চাওয়ার মাধ্যমে উদ্দেশ্য ছিলো, আল্লাহর নৈকট্য লাভ। কারণ, তাদের ধারণা ছিলো এটা আল্লাহ পছন্দ করেন। ৫. সাহাবায়ে কেরামগণ যখন এ ব্যাপারে অজ্ঞ ছিলেন, তখন অন্যদের অজ্ঞ হওয়া খুবই স্বাভাবিক। ৬. সাহাবায়ে কেরামদের রয়েছে এমন পূণ্য-পুরস্কার এবং ক্ষমার প্রতিশ্রুতি, যা অন্যদের নেই। ৭. রাসূলুল্লাহ ﷺ এই ব্যাপারে সাহাবায়ে কেরামগণের ওযর কবুল করেন নাই, বরং তাঁদের প্রতিবাদ করে বলেন, 'আল্লাহু আকবার' এটা তো (ভ্রান্ত জাতির) রীতি-নীতি, তোমরা পূর্বের (ভ্রান্ত জাতির) রীতি-নীতির অনুসরণ করবে। এই তিনটি বাক্যের দ্বারা তিনি এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। ৮. বড় গুরুত্বপূর্ণ বিষয়, আর এটাই এখানে লক্ষণীয়, রাসূলুল্লাহ ﷺ জ্ঞাত করালেন যে, তাদের এই চাওয়া বানী ইস্রাইলদের চাওয়ার মতনই, তারা মূসাকে বলেছিলেন, 'আমাদের জন্যও একটি উপাস্য বানিয়ে দাও।'
৯. অতি সূক্ষ্ম রহস্যবৃত হলেও এসবের বরকতের অস্বীকার করা হলো, 'লা-ইলাহা ইল্লাল্লাহ'র তাৎপর্যের অন্তর্ভুক্ত।
১০. তিনি ফাতাওয়ার উপর শপথ গ্রহণ করেছেন।
১১. শির্কের মধ্যে ছোট ও বড় রয়েছে, কারণ, এই চাওয়ার কারণে তাদেরকে মুর্তাদ ভাবা হয় নি।
১২. তাদের কথা, 'আমরা নবাগত মুসলিম ছিলাম' থেকে জানা গেল যে, অন্যদের ওযর গ্রহণীয় নয়।
১৩. আশ্চর্য বোধ করলে, তাকবীর পাঠ করা। যারা অপছন্দ করে, তাদের বিরুদ্ধে এটা দলীল।
১৪. শির্কের পথ বন্ধ করা।
১৫. জাহেলী যুগের লোকদের সাদৃশ্য গ্রহণ করা থেকে নিষেধ প্রদান।
১৬. শিক্ষাদানের সময় রাগান্বিত হওয়া।
১৭. একটি সর্ব সম্মত নিয়ম রাসূলুল্লাহ ﷺ-এর বাক্যের দ্বারা প্রমাণিত হয় যে, 'এটা পূর্ববর্তীদের রীতি-নীতি।
১৮. এটা নবুওয়াতের নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন, কারণ, তিনি যার খবর দিয়েছেন, তা-ই সংঘটিত হয়েছে।
১৯. আল্লাহ তা'য়ালা যে জন্য ইয়াহুদী ও খ্রীষ্টান জাতির দুর্নাম করেছেন, তা আমাদের জন্যও।
২০. তাদের সর্ব সম্মত স্বীকৃতি যে, ইবাদতের মূল উৎস হলো, (আল্লাহর) নির্দেশ। এ থেকে কবরের জিজ্ঞাসাবাদের গুরুত্ব প্রকাশ পায়। এতে রয়েছে 'তোমার রব কে'? এটা জিজ্ঞাসাবাদ খুবই স্পষ্ট আর এতে রয়েছে 'তোমার নবী কে'? এটা রাসূলুল্লাহ-এর ভবিষ্যদ্বাণীর দ্বারা অবগত হওয়া যায়। এতে আরো রয়েছে, ‘তোমার দ্বীন কি’? এটা তাদের কথার দ্বারা অবগত হওয়া যায় যে, ‘আমাদের জন্যও মা'বুদ নির্দিষ্ট করে দিন।’ ২১. বাতিলকে ত্যাগ করে (ইসলামের) দিকে মত পরিবর্তনকারীর অন্তরে উক্ত বাতিলের কোন কিছু অবশিষ্ট থাকা অস্বাভাবিক কিছুই নয়।
ব্যাখ্যা-বিশ্লেষণঃ বৃক্ষ অথবা পাথর প্রভৃতির দ্বারা বরকত অর্জন শির্ক ও মুশরিকদের আমলের অন্তর্ভুক্ত। কারণ, আলেমগণ এ ব্যাপারে এক মত যে, বৃক্ষাদি, পাথর এবং কোন পবিত্র স্থান ইত্যাদির মাধ্যমে বরকত অর্জন করা জায়েয নয়। কারণ, এগুলোর দ্বারা বরকত অর্জন করার অর্থ হলো, এগুলোর ব্যাপারে বাড়াবাড়ি করা। আর এই জিনিসই ধীরে ধীরে তার নিকট দুআ করার ও তার ইবাদতের দিকে ঠেলে দিবে। আর এটা বড় শির্কের আওতায় পড়ে। এই হুকুম সাধারণ হুকুম। তাই মাক্কামে ইবরাহীম, রাসূলুল্লাহ ﷺ-এর হুযরা এবং বায়তুল মুক্বাদ্দাসের পাথরসহ কোন মর্যাদাসম্পন্ন স্থান দ্বারা বরকত অর্জন করা যাবে না। তবে হাজরে আসওয়াদকে স্পর্শ করা ও চুমা দেওয়া এবং কা'বার রুকনে ইয়ামানীকে স্পর্শ করা হলো, আল্লাহর ইবাদত। আর এতে আল্লাহকেই সম্মান করা হয় এবং তাঁরই জন্য নত হওয়া হয়। অতএব এটা হলো, স্রষ্টাকে সম্মান দেওয়া ও তাঁর ইবাদত করা, আর ওটা হলো, সৃষ্টিকে সম্মান দেওয়া ও তার পূজা করা। এই দু'টি জিনিসের মধ্যে পার্থক্য হলো, আল্লাহর নিকট দুআ ও সৃষ্টির নিকট দুআ করার মত। আল্লাহর নিকট দুআ করা হলো, তাওহীদ ও ইখলাস, আর কোন সৃষ্টির নিকট দুআ করা হলো, শরীক ও অংশীদার স্থাপন করা।
📄 গায়রুল্লাহর নামে জবাই করা
গায়রুল্লাহর নামে জবাই করা প্রসঙ্গে
মহান আল্লাহ বলেন,
قُلْ إِنَّ صَلاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَاتِي اللَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ) (الأنعام: ١٦٢-١٦٣)
অর্থাৎ, “আপনি বলুন, নিশ্চয় আমার নামায, আমার কোরবানী এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্যে। তাঁর কোন অংশীদার নেই।” (সূরা আনআমঃ ১৬২-১৬৩) তিনি আরো বলেন,
﴿فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ﴾ (الكوثر : ٢)
অর্থাৎ, “তোমার প্রতিপালকের জন্য নামায পড়ো এবং তাঁরই জন্য কোরবানী করো” (সূরা কাউষারঃ ২)
عَنْ عَلِيٌّ قَالَ : حَدَّثَنِي رَسُولُ الله ﷺ بِأَرْبَعِ بِكَلِمَاتٍ: لَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ، وَلَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ الله، وَلَعَنَ اللهُ، مَنْ آوَى مُحْدِثًا، وَلَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ)) رواه مسلم
অর্থাৎ, “আলী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ চারটি জিনিস সম্পর্কে আমাকে অবহিত করেছেন (আর তা হলো,) “তার প্রতি আল্লাহর লানত, যে তার পিতা-মাতাকে অভিসম্পাত করে। তার প্রতিও আল্লাহর লানত, যে গায়রুল্লাহর নামে জবাই করে। আর তার প্রতি আল্লাহর লানত, যে কোন বিদআতীকে আশ্রয় দেয়, এবং তার প্রতিও আল্লাহর লানত, যে যমীনের চিহ্ন পরিবর্তন করে দেয়.' (মুসলিম)
عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: (( دَخَلَ الجنة رَجُلٌ فِي ذُبَابٍ، وَدَخَلَ النَّارَ رَجُلٌ فِي ذُبَابٍ)) قَالُوا: وَكَيْفَ ذَلِكَ يَا رَسُولَ اللهِ ؟ قَالَ: (( مَر رَجُلانِ عَلَى قَوْمٍ هُمْ صَنَمٌ لا يجوزه أَحَدٌ حَتَّى يُقَرِّبُ لَهُ شَيْئًا، فَقَالُوا لأحدهما : قرب، قال: لَيْسَ عندي شَيءٌ أَقرَبُ، قَالُوْا لَهُ: قَرِبْ وَلَوْ ذُبَاباً، فَقَرب ذباباً فَخَلُوا سَبِيلَهُ، فَدَخَلَ النار. وقالوا للآخر: قرب، قال: ما كنت لأقرب لأحد شيئا دون الله عز وجل، فضربوا عنقه، فدخل الجنة)) رواه احمد
তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে, আর এক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে প্রবেশ করেছে।” সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল এটা কিভাবে হলো? তিনি ﷺ বললেন, “দুই ব্যক্তি এমন এক জাতির পাশ দিয়ে যাচ্ছিলো, যাদের মূর্তি ছিলো। তারা কাউকে ততক্ষণ পর্যন্ত ছাড়তো না, যতক্ষণ না মূর্তির জন্য কোন কিছু পেশ করতো। তারা একজনকে বললো, কিছু পেশ করো। সে বললো, আমার কাছে পেশ করার মত কিছুই নেই। তারা বললো, পেশ করো, যদিও একটি মাছি হয়। তখন সে একটি মাছি পেশ করে দিলে তারা তাকে ছেড়ে দিলো। ফলে সে জাহান্নামে প্রবেশ করলো। অতঃপর অপরজনকে বললো, পেশ করো, সে বললো, আমি গৌরবময় আল্লাহ ব্যতীত কারো জন্যে কোন কিছু পেশ করতে পারি না। তখন তারা তাকে হত্যা করলো। ফলে সে জান্নাতে প্রবেশ করলো।” (আহমদ)
যে বিষয়গুলো জানা গেলো, ১. সূরা আনআমের আয়াতের ব্যাখ্যা। ২. সূরা কাউসারের আয়াতের ব্যাখ্যা।
৩. তার প্রতি লা'নতের ব্যাপার দিয়ে আরম্ভ করা, যে গায়রুল্লাহর নামে জবাই করে।
৪. তার প্রতি আল্লাহর লা'নত যে তার পিতা-মাতাকে অভিসম্পাত করে। আর এটাও পিতা-মাতার প্রতি লা'নত করার পর্যায় পড়ে যে, তুমি কারো পিতা-মাতাকে লা'নত করবে, ফলে সেও তোমার পিতা-মাতাকে লা'নত করবে।
৫. তার প্রতি আল্লাহর লা'নত, যে কোন বিদাআতীকে আশ্রয় দেয়। অর্থাৎ, এমন ব্যক্তি যে দ্বীনে কোন কিছু আবিষ্কার করার কারণে তার উপর আল্লাহর বিধান বাস্তবায়ন অপরিহার্য হয়ে গেলো, আর তখন সে কারো আশ্রয় কামনা করলে, তাকে সে আশ্রয় দিলো।
৬. তার প্রতি আল্লাহর লা'নত, যে যমীনের চিহ্নকে পরিবর্তন করে। অর্থাৎ, এমন চিহ্ন, যা তোমার ও তোমার প্রতিবেশীর যমীনের অংশের মধ্যে পার্থক্য করে, তা আগে বা পিছে সরিয়ে পরিবর্তন করা।
৭. কোন নির্দিষ্ট মানুষের প্রতি লা'নত এবং সাধারণভাবে কারো প্রতি লা'নত করার মধ্যে পার্থক্য।
৮. একটি মাছির কারণে জান্নাতে ও জাহান্নামে যাওয়ার ঘটনা, বড় গুরুত্বপূর্ণ ঘটনা।
৯. মাছির কারণে জাহান্নামে গেল, অথচ তার উদ্দেশ্য তাদের অনিষ্ট থেকে মুক্তি লাভ ছাড়া আর কিছুই ছিলো না।
১০. মু'মিনদের অন্তরে শির্ক কত ভয়াবহ যে, হত্যা হওয়াকে মেনে নিলো। কিন্তু তাদের সাথে তাদের চাওয়ার ব্যাপারে একমত হতে পারলো না। অথচ বাহ্যিক আমল ব্যতীত তাদের অন্য কোন উদ্দেশ্য ছিলো না।
১১. যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো, সে মুসলমান ছিলো, কারণ, কাফের হলে রাসূলুল্লাহ ﷺ এ কথা বলতেন না যে, “একটি মাছির কারণে জাহান্নামে প্রবেশ করলো।”
১২. এই হাদীস সেই হাদীসের সমর্থন করে, যাতে আছে, “জান্নাত তোমাদের কারো নিকট তার জুতার ফিতার থেকেও নিকটে এবং জাহান্নামও অনুরূপ।”
১৩. অন্তরের আমলই বড় লক্ষণীয়, এমনকি মূর্তিপূজকদের নিকটেও।
ব্যাখ্যা-বিশ্লেষণঃ গায়রুল্লাহর নামে জবাই করা শির্ক, কারণ, কিতাব ও সুন্নাহর দলীলাদি পরিষ্কারভাবে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জবাই করাকে নির্দিষ্ট করে। যেমন পরিষ্কারভাবে নামাযের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তা'য়ালা তাঁর কিতাবের বহু স্থানে জবাই করাকে নামাযের সাথে উল্লেখ করেছেন, আর এ কথা যখন প্রমাণিত যে, জবাই হলো মহান ইবাদত এবং বড় আনুগত্যের কাজ, তখন তা গায়রুল্লাহর নামে সম্পাদন করা হবে, ইসলাম থেকে বহিষ্কারকারী বড় শির্ক, কেননা, বড় শির্কের সংজ্ঞা এবং তার যে ব্যাখ্যায় সমস্ত প্রকারকে জমা করে দেওয়া হয়েছে তা হলো, কোন প্রকারের ইবাদত বা ইবাদতের কোন কিছুকে গায়রুল্লাহর নামে সম্পাদন করা। কাজেই যে কোন বিশ্বাস অথবা কথা ও কাজ শরীয়ত কর্তৃক নির্দেশিত হবে, তা কেবল আল্লাহর জন্য সম্পাদন করা হবে তাওহীদ, ঈমান এবং ইখলাস, আর গায়রুল্লাহর জন্য করলে হবে। শির্ক ও কুফরী, বড় শির্কের এই সংজ্ঞা মনে রাখো, যা থেকে কোন কিছু বাদ পড়বে না। যেমন ছোট শির্কের সংজ্ঞা হলো, ইচ্ছা এবং কথা ও কাজের এমন অসীলা ও মাধ্যম, যা বড় শির্ক পর্যন্ত পৌঁছে দেয়, তবে তা ইবাদতের ধাপে পৌঁছে না। ছোট ও বড় শির্কের এই সংজ্ঞা মনে রাখো, কারণ, এটা তোমাকে বিগত ও আগত অধ্যায় বুঝতে সাহায্য করবে। আর এরই মাধ্যমে তুমি সন্দেহজনক অনেক বিষয়ের পার্থক্য করতে পারবে। আল্লাহই সাহায্যকারী।