📘 তাতারীদের ইতিহাস > 📄 আল মালিকুস সালেহ নাজমুদ্দীন আইয়ূব রহ. এর ইন্তেকাল

📄 আল মালিকুস সালেহ নাজমুদ্দীন আইয়ূব রহ. এর ইন্তেকাল


১২ই শাবান ৬৪৭ হিজরীতে খ্রিস্টানরা দিময়াত শহর থেকে কায়রোর উদ্দেশে নীলনদ পাড়ি দেওয়ার জন্য রওয়ানা হয়। নিশ্চিত ছিল যে, তারা মানসুরা নগরীর পাশ দিয়ে অতিক্রম করবে। যেমনটি নাজমুদ্দীন আইয়ূব রহ. ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু আল্লাহর কী মহিমা! ১৫ ই শাবান দিবাগত রজনী ৬৪৭ হিজরীতে আল মালিকুস সালেহ নাজমুদ্দীন আইয়ূব রহ. ইন্তেকাল করেন। তখন তিনি কায়রো রক্ষার উদ্দেশ্যে মানসুরা শহরে সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিলেন। আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করুন, তার প্রতি রহমত নাজিল করুন এবং তাকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করুন। আমীন।
আন নুজুমুয যাহেরা ফি মুলুকি মিশর ওয়াল কাহেরা নামক কিতাবের লেখক ইবনে তাগরী বারদী রহ. [মৃত্যু ৮৭৪ হি.] লেখেন—
'মুসলমানদের রক্ষা করার উদ্দেশ্যে মানসুরা নামক স্থানে দুরারোগে আক্রান্ত অবস্থায় যুদ্ধের প্রস্তুতি গ্রহণ ব্যতীত মালিকুস সালেহ নাজমুদ্দীন আইয়ূব রহ. অন্য কোনো নেক আমল না থাকলেও তার নাজাতের জন্য এটিই যথেষ্ট।'
এরপর তিনি লেখেন, তিনি ছিলেন ধৈর্যের পাহাড় ও সুমহান ব্যক্তিত্বের অধিকারী।
মুসলমানদের জন্য এ ছিল মহাসংকট! শুধু মুসলিম নেতার বিয়োগের কারণে নয়, বরং তৎকালীন সংকটময় মুহূর্তে মুসলিম খলিফার ইন্তেকালের কারণে, যখন দেশ ছিল বিপদসংকুল, দিময়াত বন্দর ছিল বেদখল। খ্রিস্টান বাহিনী ছিল মাঝপথে।
তখন সুলতান নাজমুদ্দীন রহ. এর স্ত্রী বিজ্ঞোচিত পদক্ষেপ গ্রহণ করেন। তার নাম ছিল 'শাজারাতুদ দুর'। শাজারাতুদ দুর মূলত তুর্কী কিংবা আর্মেনিয়ার বাঁদি ছিলেন। সুলতান তাকে ক্রয় করে পরবর্তীতে আজাদ করে বিয়ে করেন। তাই তিনিও মূলত মমলুক ছিলেন।

📘 তাতারীদের ইতিহাস > 📄 নাজমুদ্দীনের মৃত্যুর পর স্ত্রী শাজারাতুদ দুর কর্তৃক গৃহীত পদক্ষেপ

📄 নাজমুদ্দীনের মৃত্যুর পর স্ত্রী শাজারাতুদ দুর কর্তৃক গৃহীত পদক্ষেপ


স্ত্রী শাজারাতুদ দুর সুলতানের মৃত্যুর সংবাদ গোপন রেখে বললেন, ডাক্তারগণ তার সঙ্গে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন এবং তিনি সুলতানের ছেলে তাওরান শাহ ইবনে নাজমুদ্দীন আইয়ূব, [যিনি কিফা নামক শহরের গভর্নর ছিলেন]। তার নিকট খুব দ্রুত তার পিতার মৃত্যুসংবাদ জানিয়ে এই মর্মে চিঠি প্রেরণ করেন যে, তিনি যেন ফিরে এসে মিশর ও সিরিয়ার রাজত্বভার গ্রহণ করেন। তিনি মুখ্যমন্ত্রী ফখরুদ্দীন ইউসুফের সঙ্গে তাকে যাবতীয় দায়িত্ব অর্পণের ব্যাপারে একমত হন এবং ফারেসুদ্দীন আকতাই ও রুকন উদ্দীন বাইবার্সকে মানসুরার যুদ্ধপ্রস্তুতি জারি রাখার নির্দেশ প্রদান করেন। শাজারাতুদ দুরের বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার কারণে সুলতানের মৃত্যুর পরও সবকিছু ঠিকঠাক চলতে থাকে। সুলতানের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করার কথা ছিল, তা আর হয় না।
শাজারাতুদ দুর কর্তৃক যাবতীয় সতর্কতা অবলম্বন সত্ত্বেও সুলতানের মৃত্যু সংবাদ ধীরে ধীরে জনগণের কাছে পৌঁছে যায়। এমনকি খ্রিস্টানদের পর্যন্ত পৌঁছে যায়। এতে খ্রিস্টানদের সাহস বেড়ে যায় এবং মিশরীয় বাহিনীর মনোবল হ্রাস পায়। যদিও তারা মানসুরা ভূমিতে অবিচল থাকে। ফারেসুদ্দীন আকতাই ও রুকন উদ্দীন বাইবার্স ফ্রান্স বাহিনীর মোকাবেলায় চমৎকার পদক্ষেপ গ্রহণ করেন এবং তা শাজারাতুদ দুরের সামনে পেশ করেন। তাওরান শাহের আগমন পর্যন্ত শাজারাতুদ দুর ভারপ্রাপ্ত সুলতানের ভূমিকা পালন করেন। তিনি তাদের যুদ্ধকৌশলকে সমর্থন করেন এবং মিশরীয়বাহিনী যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে।

📘 তাতারীদের ইতিহাস > 📄 মানসুরার যুদ্ধ

📄 মানসুরার যুদ্ধ


৪ ই যিলকদ ৬৪৭ হিজরীতে মানসুরা নগরীতে এক মহাযুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মুসলমানরা কল্পনাতীত জয়লাভ করেন। যুদ্ধের চমৎকার ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে, তবে স্থান অনুপযোগী হওয়ায় তা ছেড়ে দেওয়া হলো।
৭ই যিলকদ ৬৪৭ হিজরীতে লুইস তাসে'র সৈন্যবাহিনীর ওপর মানসুরার বাইরে আরেক বার আক্রমণ হয়। তবে লুইস তাসে' কোনোমতে এই আক্রমণ প্রতিরোধ করে।
এই দ্বিতীয় আক্রমণের দশ দিন পর ১৭ই যিলকদ ৬৪৭ হিজরীতে তাওরান শাহ আগমন করেন এবং রাজত্বভার গ্রহণ করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে মালিকুস সালেহ নাজমুদ্দীন আইয়ূব রহ. এর ইন্তেকাল ও তার ক্ষমতাসীন হওয়ার ঘোষণা দেন। তিনি নতুনভাবে খ্রিস্টানদের আক্রমণ করার পরিকল্পনা করতে শুরু করেন। তখন খ্রিস্টান বাহিনী ছিল বিপর্যস্ত। দিময়াত নগরী ছেড়ে তারা পালাতে শুরু করেছিল। তারা বিগত পরাজয়সমূহ বিশেষত মানসুরার যুদ্ধে পরাজিত হওয়ার ফলে এবং তাওরান শাহের আগমনসংবাদ পেয়ে মনোবল হারিয়ে ফেলেছিল।
সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ শেষে তাওরান শাহ ইবনে সালেহ আইয়ূব মানসুরার যুদ্ধের দুই মাস পর ৬৪৮ হিজরীর মহররম মাসের শুরুর দিকে দ্বিতীয়বার খ্রিস্টানদের ওপর আক্রমণ করার জন্য ফারেসকুর নামক শহরের কাছে মিশরীয় বাহিনীকে প্রস্তুত করেন। সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে খ্রিস্টান বাহিনী পিষ্ট হয়। লুইস তাসে' গ্রেপ্তার হয়। লুইস তাসে'কে বেড়ি পরিয়ে টেনে-হেঁচড়ে মানসুরা নগরীতে নিয়ে আসা হয় এবং ফখরুদ্দীন ইবরাহীম ইবনে লুকমানের ঘরে তাকে বন্দী করে রাখা হয়। খ্রিস্টান বাহিনী পালাবার কোনো সুযোগ পায়না। নিহত হয় অথবা বন্দী!
বন্দীদশা থেকে মুক্তি পেতে লুইস তাসে'র সামনে কঠিন কয়েকটি শর্তারোপ করা হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো— ১. আট লক্ষ স্বর্ণমুদ্রা অর্পণ করতে হবে। অর্থেক নগদ, অর্ধেক বাকি। ২. অবশিষ্ট স্বর্ণমুদ্রা প্রদান পর্যন্ত অন্যান্য সৈন্য বন্দী থাকবে। ৩. মুসলিম বন্দীদের ছেড়ে দিতে হবে। ৪. দিময়াত নগরী মুসলমানদের হাতে ছেড়ে দিতে হবে। ৫. দুই দলের মাঝে দশ বছর যুদ্ধবিরতি থাকবে।
সার্বিক বিবেচনায় মুসলমানগণ অভাবনীয় বিজয় লাভ করেছিল।
লুইস তাসে' বহু কষ্টে চার লক্ষ স্বর্ণমুদ্রা ব্যবস্থা করে। এরপর তাকে তৎকালীন খ্রিস্টানদের প্রধান সাম্রাজ্য আক্কা নগরীতে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ যেন আক্কা নগরীকে ইহুদীদের অশুভ থাবা থেকে রক্ষা করেন। আমীন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00