📄 সমরকন্দ পরাজয়ের বিবরণ
সে সময় সমরকন্দ ছিল দুনিয়ার সবচেয়ে সভ্য ও ধনী নগরী। শহরটি ছিল সুউচ্চ প্রাচীর ও মজবুত দুর্গে বেষ্টিত। শহরটি রণকৌশলগত দিক থেকে শক্তিশালী ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে সম্রাট মুহাম্মদ ইবনে খাওয়ারেষম শাহ তা সংরক্ষণের জন্য পঞ্চাশ হাজার খাওয়ারেষমী সৈন্য নিয়োগ দেন। তা ছিল নাগরিক সংখ্যার প্রায় অর্ধেক। শহরটির জনসংখ্যা ছিল আনুমানিক লক্ষাধিক। এদিকে মুহাম্মদ ইবনে খাওয়ারেষম শাহ তখন উরজিন্দা (তুর্কমেনিস্তান) রাজধানীতে অবস্থান করতেন।
চেঙ্গিজ খান সমরকন্দে পৌঁছে চারপাশ থেকে তা ঘিরে ফেলে। এ অবস্থায় খাওয়ারেষমের সুসংগঠিত সৈন্যবাহিনী মোকাবেলার উদ্দেশ্যে দুর্গ থেকে বেরিয়ে আসাই পরিস্থিতির দাবি ছিল। কিন্তু আফসোস! তারা ভীত-বিহ্বল হয়ে পড়ে। জীবনকে তারা লাঞ্ছনার অতল গহ্বরে নিক্ষেপ করে। তারা শহর রক্ষার স্বার্থে বের হতে অস্বীকৃতি জানায়।
অবশেষে শহরবাসী সৈন্যদলের পক্ষ থেকে কোনোরূপ সহযোগিতার আশ্বাস না পেয়ে একত্রিত হয়ে এ বিষয়ে চিন্তা-ভাবনা করতে শুরু করে। কতিপয় পাহাড়সম সুদৃঢ় মনোবলচিত্ত সাধারণ লোক তাতারীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। যেই সিদ্ধান্ত সেই কাজ! কৃষক-মজুর, ছাত্র-শিক্ষক ও শহরের দৃঢ়সাহসী যুবকদের সত্তর হাজার তাজাপ্রাণ তাতারীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। তারা সবাই পদব্রজে বেরিয়ে পড়ে। তাদের সঙ্গে কোনো ঘোড়া কিংবা উট তথা কোনো বাহন ছিল না। তাদের কাছে উল্লেখযোগ্য যুদ্ধসরঞ্জামাদিও ছিল না, যা দিয়ে তারা শত্রুর মোকাবেলা করতে পারে। এত কিছুর পরেও তারা সেই দায়িত্ব আঞ্জাম দিয়েছে, সেনাবাহিনীর যে দায়িত্ব আঞ্জাম দেওয়ার কথা ছিল। আফসোস! তাদের সেই দায়িত্ববোধ জাগ্রত হলো না, তাদের ভেতরে আত্মমর্যাদাবোধ জাগ্রত হলো না।
তাতারীরা সমরকন্দবাসীকে বের হতে দেখে মারাত্মক ধোঁকার আশ্রয় নিল। তারা প্রথমত পলায়নপরভাব প্রকাশ করলে শহরের চারপাশের প্রাচীর পথে তারা প্রত্যাবর্তন শুরু করে। এদিকে মুসলিম মুজাহিদরা শহর ছেড়ে বেরিয়ে পড়লে তারা শহর দখল করে নেয়। এভাবেই তাতারীদের রণকৌশল সফল হয়। রণকৌশলে অনভিজ্ঞ মুসলিম মুজাহিদরা যখন শহর থেকে বহু দূরে চলে যায়, তখন তাতারী বাহিনী মুসলমানদের বেষ্টন করে ফেলে। শুরু হয় মুসলিম নিধন, নির্বিচার হত্যাযজ্ঞ!
📄 এই অপ্রতিরোধ্য হত্যাযজ্ঞে নিহত মুসলমানদের সংখ্যা
তারা সকলকে হত্যা করেছে...!! মুসলমানদের সর্বশেষ ব্যক্তিও শহীদ হয়েছে ...!!
মুসলমানগণ সমরকন্দ যুদ্ধে তাতারীদের এক অভিযানে সত্তর হাজার মুসলিম সেনা হারিয়েছে। (একটু ভেবে দেখুন, সেদিন মুসলমানগণ কীরূপ বেদনাবিভোর হয়েছিলেন, যেদিন তারা সত্তর হাজার সৈন্য হারিয়েছিলেন!!) এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং যা হবার ছিল তা-ই হয়েছে। এ যুদ্ধে মুসলমানগণ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ না করা ও নবপ্রজন্মকে রণকৌশল শিক্ষা না দেওয়ার মূল্য দিয়েছে। মূল্য দিয়েছে শক্তিশালী শত্রুর প্রতি মনোনিবেশ না করার।
ফলে তাতারীরা নব উদ্যমে সমরকন্দ অবরোধ করতে ফিরে এসেছে। আর সুসংহত খাওয়ারেষমী সৈন্যবাহিনী লাঞ্ছনার জীবন বেছে নিয়েছে!!
তারা নিরাপত্তার বিনিময়ে সমরকন্দ শহর তাতারীদের হাতে অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ তারা খুব ভাল জানত যে, তাতারী জাতি প্রতিশ্রুতি রক্ষায় শ্রদ্ধাশীল নয়, তারা কোনো সন্ধিচুক্তি রক্ষা করে না। বুখারার পবিত্র ভূমিতে মুসলিমনিধনের ঘটনা খুব দূরের নয়! কিন্তু হায়! তারা জীবনের মায়া ত্যাগ করতে পারেনি! সাধারণ জনগণ তাদের বলেছিল, তাদের সঙ্গে তাতারীরা কী আচরণ করেছে, তা তো ইতিহাসের পাতায় সমুজ্জ্বল। তবু তারা তাদের সঙ্গে যুদ্ধ করার কল্পনাও করতে পারত না। অভ্যাসমতো তাতারীরা সমরকন্দবাসীকে ভুয়া নিরাপত্তা প্রদানে একমত হলো। সৈন্যবাহিনী তাদের জন্য সমরকন্দ শহর উন্মুক্ত করে দিল। সাধারণ জনগণ কিছুতেই তাদেরকে বাধা দিতে পারল না। খাওয়ারেষমের সৈন্যরা নিজ গোত্রে ছিল বাঘ, আর শত্রুবাহিনীর সামনে ছিল বিড়াল!!
তারা তাতারী বাহিনীর সামনে কাতর আত্মসমর্পণ করল। তাতারীরা তাদের বলল, তোমাদের অস্ত্র-শস্ত্র, ধন-সম্পত্তি ও বাহনজন্তুগুলো আমাদের হাতে অর্পণ করো। আমরা তোমাদের নিরাপদ স্থানে নিয়ে যাব। তারা নতিস্বীকারকরতঃ হুকুম তামিল করল। তাতারীরা তাদের অস্ত্র-শস্ত্র ও বাহন জন্তুগুলো নিয়ে নেওয়ার পর তা-ই করল, যা তাতারী জাতির কাছে আশা করা যায়। তারা তরবারি কোষমুক্ত করে তাদের সবাইকে নির্দয়ভাবে হত্যা করল। মুসলিম সেনারা মনোবলহীনতার প্রতিদান দিল!! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ!
এরপর তাতার বাহিনী রক্তে ভাসমান সমরকন্দে প্রবেশ করে সেই সব ঘৃণ্য কাজে লিপ্ত হলো, ইতিপূর্বে তারা বুখারায় যেসব কাজে লিপ্ত হয়েছিল। তারা অগণিত নারী-পুরুষ ও শিশু বাচ্চাদের হত্যা করল। শহরের সব সম্পত্তি ছিনিয়ে নিল। নারীদের ইজ্জত-সম্ভ্রম কেড়ে নিল। লোকদের বিভিন্ন ধরনের মর্মান্তিক শাস্তি দিল। অসংখ্য শিশু ও নারী বন্দী করল। বয়সের ভার কিংবা শারীরিক দুর্বলতার কারণে যারা বন্দী উপযুক্ত ছিল না, তাদের অমানবিক হত্যা করল। কেন্দ্রীয় মসজিদ জ্বালিয়ে দিল। সমরকন্দ শহরকে বিরানভূমিতে পরিণত করল।
আহ! পৃথিবীর মুসলমানগণ এই হত্যাযজ্ঞের কথা শুনে কীভাবে আরাম আয়েশে বিভোর ছিল!! গগনবিদারী আহাজারি কি তাদের কানে পৌঁছেনি?! তবু কেন তারা তাতারীদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হলো না?!
ধন-সম্পত্তি, ইজ্জত-সম্মান, জান-প্রাণ ও দ্বীন-ধর্ম নিশ্চিত ধ্বংস জেনেও তারা কীভাবে বিভাজন-বিভক্তি, আত্মকলহ ও দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত থেকেছে?! মুসলিম শাসকবৃন্দ ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য পরিচালনা করত এবং সেখানে স্বাধীন পতাকা উত্তোলন করত। তারা একথা বিশ্বাস করত যে, যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষুদ্র রাজ্যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি না হয়, ততক্ষণ তারা নিরাপদ জীবনযাপন করবে!! তারা ভুয়া নিরাপত্তার স্বপ্নে বিভোর হয়ে নিজেদের ধোঁকা দিত। এমনকি নিজ রাজ্য থেকে কয়েক মাইল দূরেও যুদ্ধ হলে তাদের টনক নড়ত না! আমার কথা শুনে আপনি বিস্ময়াভিভূত হবেন না! অনুগ্রহপূর্বক আল্লাহর ওয়াস্তে আমাকে বলুন তো, কয়জন মুসলিম সৈন্য ফালুজা বা ফিলিস্তিনের মুসলমানদের বাঁচানোর জন্য গা নড়ে বসেছে? কয়জন মুসলিম সৈন্য ফিলিস্তিনীদের বাঁচাও, বাঁচাও আর্তনাদ শুনে শিহরিত হয়েছে?!
মুসলিম শাসকগণ একথা চিন্তা করেননি যে, তারা এই ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন। বুখারা ও সমরকন্দ এলাকায় যে হত্যাযজ্ঞ ঘটেছে, তা সকল মুসলমানের ভবিষ্যৎ অবশ্যম্ভাবী ভয়ানক পরিস্থিতির ভূমিকামাত্র। কাছের দূরের কেউই তা থেকে রক্ষা পাবে না। ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
📄 নিকৃষ্ট সমাপ্তি
চেঙ্গিজ খান-তার ওপর আল্লাহর লানত অবতীর্ণ হোক-সমরকন্দ অঞ্চলে অবস্থান শুরু করল। সে সময় আমলাকা শহরের দিকে তার কুদৃষ্টি পড়ল। এর পূর্বে সে এর চেয়ে দৃষ্টিনন্দন কোনো শহর দেখেনি। আমলাকা দখলের জন্য সে যে দুরভিসন্ধি এঁটেছে, তা হলো, সর্বপ্রথম এই সাম্রাজ্যের সম্রাটকে হত্যা করতে হবে। যাতে শহর দখলের পথে সৈন্যবাহিনীর সঙ্ঘবদ্ধ হওয়ার কোনো আশঙ্কা অবশিষ্ট না থাকে। এ লক্ষ্যে সে মুসলিম সম্রাট মুহাম্মদ ইবনে খাওয়ারেষম শাহকে তলব করার জন্য বিশ হাজার সৈন্য প্রেরণ করল।
চেঙ্গিজ খান কর্তৃক মাত্র বিশ হাজার সৈন্য প্রেরণের মাধ্যমে মূলত মোহাম্মদ ইবনে খাওয়ারেষম ও তাঁর প্রজাদের প্রতি নেহায়েত তুচ্ছ-তাচ্ছিল্য প্রদর্শন করা হয়েছে। কারণ, এই স্বল্পসংখ্যক তাতারী বাহিনীকে বিশাল মুসলিম বাহিনী অনায়াসে ছিন্নভিন্ন করে ফেলতে পারে। এই ক্ষুদ্রসংখ্যক তাতারী বাহিনী কী করল, তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ! চেঙ্গিজ খান তাদের বলল, “খাওয়ারেষম শাহকে ডেকে নিয়ে এসো। সে যেখানেই থাকুক না কেন, আসমানের সঙ্গে ঝুলে থাকলেও।”
চেঙ্গিজ খানের নির্দেশে তাতারী বাহিনী উরজিন্দা (তুর্কমেনিস্তান) অভিমুখে রওয়ানা হলো, যে শহরে সম্রাট মুহাম্মদ ইবনে খাওয়ারেষম শাহ অবস্থান করতেন। শহরটি জাইহুন (আমুদরিয়া) নদীর পশ্চিম তীরে অবস্থিত। তাতারী বাহিনী নদীর পূর্ব দিক থেকে আগমন করল। ফলে নদী দুই দলের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল। মুসলমানগণ তাতারীদের প্রতিহত করার জন্য দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এল। তাদের দৃঢ় প্রত্যয়ের কারণ ছিল, তারা জানত, নদী তাদের মাঝে প্রতিবন্ধক আর তাতারী বাহিনীর সঙ্গে কোনো নৌকা নেই।
📄 তাতারী বাহিনী কী পন্থা অবলম্বন করল
তাতার বাহিনী বাঁশের বড় বড় খাঁচা তৈরি শুরু করল। এরপর খাঁচাগুলোকে গরুর চামড়া দ্বারা আবৃত করল, যাতে খাঁচায় পানি প্রবেশ না করে। সেসব খাঁচায় অস্ত্র, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখল। এরপর ঘোড়াগুলোকে পানিতে নামাল। ঘোড়া তো খুব সাঁতার জানে। এরপর তারা শক্ত করে ঘোড়ার লেজ আঁকড়ে ধরল। অবস্থা এই দাঁড়াল যে, ঘোড়াগুলো সাঁতার কাটছে। সৈন্যরা লেজ আঁকড়ে ঝুলে আছে। আর তাদের পিঠে বাঁশের খাঁচা। যাতে রয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।
এই অভিনব পদ্ধতিতে তাতারী বাহিনী আমুদরিয়া পাড়ি দিল। আমি জানি না, তখন খাওয়ারেষম বাহিনীর গুপ্তচররা কোথায় ছিল? মুসলিম সৈন্যরা হঠাৎ তাতারী বাহিনী নিজেদের কাছাকাছি দেখতে পেয়ে হতভম্ব হলো। বিপুলসংখ্যক মুসলিম বাহিনী সত্ত্বেও তারা তাতারীদের দেখে ভীতসন্ত্রস্ত হলো। একটু পূর্বে তারা লড়াই করার জন্য দৃঢ় প্রত্যয়ী ছিল কেবল এই জন্য যে, তারা জানত তাদের মাঝে নদী রয়েছে। আর এখন...। এখন তাদের সামনে একটাই পথ। আপনি কী মনে করেছেন, তা লড়াইয়ের পথ? না; বরং তা পালাবার পথ!! যেমনটি ইবনে আছীর রহ. বলেন—
"সম্রাট খাওয়ারেষম শাহ তাঁর বিশেষ ফোর্সের সহযোগিতা ছাড়াই তুর্কমেনিস্তান ছেড়ে বেরিয়ে পড়লেন। নিশাপুর অভিমুখে রওয়ানা হলেন (নিশাপুর বর্তমানে ইরানে অবস্থিত)। মুসলিম বাহিনী বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ!"
এ যাত্রায় তাতারী বাহিনীর নির্দিষ্ট লক্ষ্য ছিল মুহাম্মদ ইবনে খাওয়ারেষম শাহকে খুঁজে বের করা। তাই তারা তুর্কমেনিস্তান ছেড়ে মুসলিম সাম্রাজ্যের সুবিশাল বিস্তৃত ভূমি পাড়ি দিয়ে নিশাপুর অভিমুখে রওয়ানা হলো।
তারা সংখ্যায় বিশ হাজারের অধিক ছিল না! চেঙ্গিজ খান সমরকন্দেই অবস্থান করছিল। মুসলিম সাম্রাজ্যের যেকোনো ভূখণ্ডে তাতারী বাহিনীর এই ক্ষুদ্র দলকে অবরোধ করা অতি সহজ ছিল। কিন্তু তাতারীদের ভয়ভীতি মুসলমানদের অন্তরে চেপে বসেছিল। তারা সর্বত্রই তাদের দেখলে পলায়নপর হতো। ফলে তারাও সম্রাটের অনুকরণের পালাবার পথ ধরল। সেই সম্রাট নিয়মিত এক শহর থেকে অন্য শহরে পলায়ন করছে, যা আমরা প্রত্যক্ষ করলাম।
এই যাত্রায় তাতারী বাহিনীর লক্ষ্য হত্যা, লুণ্ঠন, কিংবা জনপদ ধ্বংস করা ছিল না। তাদের লক্ষ্য ছিল সুস্পষ্ট। তাদের একমাত্র লক্ষ্য ছিল মুসলিমপ্রধান সম্রাটকে পাকড়াও করা। তারা গনিমত সঞ্চয় কিংবা হত্যার পেছনে পড়ে সময় বিনষ্ট করতে চায়নি। অন্য দিকে তাদের বাধা দিলে পাল্টা আক্রমণ ও বিপদের শঙ্কায় সাধারণ জনগণও তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
এভাবেই তাতারী বাহিনী অল্প কিছুদিনের ভেতরে নিশাপুর শহরের নিকটে পৌঁছল। সম্রাট মুহাম্মদ ইবনে খাওয়ারেষম শাহ সেনাবাহিনী সুসংহত করার সুযোগ পাননি। সময় ছিল খুবই সংকীর্ণ। আর দুর্বার তাতারী বাহিনী ছিল তাঁর পেছনে। তারা নিশাপুরের কাছাকাছি পৌঁছেছে শুনে সম্রাট নিশাপুর ছেড়ে (ইরানের এক শহর) 'মাজিন্দারান' অভিমুখে রওয়ানা হলেন। তাতারী বাহিনী এ সংবাদ পেয়ে নিশাপুর গমন না করেই তাঁর পিছু ধাওয়া করল। ফলে সম্রাট মাজিন্দারান ছেড়ে রায়নগরী অতঃপর হামাদান নগরীর অভিমুখে রওয়ানা হলেন (রায় ও হামাদান ইরানের দুটি শহরের নাম)। তাতারী বাহিনী তাঁর পিছু পিছুই রয়েছে। এরপর সম্রাট মাজিন্দারান শহরে পালিয়ে এলেন। এ পলায়নপরতা সম্রাটের জন্য ছিল বড়ই লজ্জা ও অপমানকর। তারপর সম্রাট কাযবীন সমুদ্রতীরে অবস্থিত তবারিস্তান অঞ্চলের দিকে রওয়ানা হলেন। তিনি সেখানে একটি জাহাজে আরোহণ করে সমুদ্রের মাঝে চলে গেলেন। তাতারী বাহিনী সমুদ্র পাড়ে দাঁড়িয়ে রইল। সমুদ্র পাড়ি দেওয়ার মতো তারা কোনো নৌযান পেল না।
এতক্ষণে সফল হলেন মুসলিম সম্রাট খাওয়ারেষম শাহ!! সফল হলো তাঁর পলায়নপরতা।
মুহাম্মদ ইবনে খাওয়ারেষম শাহ কাযবীন সমুদ্রের মধ্যখানে অবস্থিত একটি দ্বীপে আশ্রয় গ্রহণ করলেন। তিনি সেখানকার একটি দুর্গে অবস্থান করলেন। আহ! হতদরিদ্র অবস্থায় দুর্বিষহ জীবনযাপন। তিনি সেই সম্রাট, যিনি সুবিশাল বিস্তৃত সাম্রাজ্য ও অঢেল সম্পত্তির মালিক। কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বিভীষিকাময় জীবনযাপন পেয়েও তিনি সন্তুষ্টচিত্ত।
সুবহানাল্লাহ! মৃত্যুর হাত থেকে তো কেউই বাঁচতে পারবে না। কয়েক দিন অতিবাহিত না হতেই সেই উপত্যকার দুর্গের ভেতরে পলায়নপর ঘরছাড়া হতদরিদ্র অবস্থায় মুসলিম সম্রাট মুহাম্মদ ইবনে খাওয়ারেষম শাহ ইন্তেকাল করেন। এমনকি তারা কাফন দেওয়ার মতো কিছু পায়নি। অবশেষে যে বিছানায় তিনি ঘুমাতেন, সেই বিছানাতেই তাঁকে কাফন দেওয়া হয়!!!