📘 তাতারীদের ইতিহাস > 📄 বুখারা আক্রমণ

📄 বুখারা আক্রমণ


চেঙ্গিজ খান তার সেনাদের নতুন আঙ্গিকে নবসাজে সজ্জিত করল এবং কাজাখস্তানের প্রত্যেকটি অঞ্চল জ্বালিয়ে দিতে অগ্রসর হলো। সর্বপ্রথম (বর্তমান উজবেকিস্তানের অঞ্চল) বুখারা অভিমুখে রওয়ানা হয়। এটি বিখ্যাত হাদীস বিশারদ খ্যাতনামা ইমাম বুখারী রহ.-এর আবাসভূমি। চেঙ্গিজ খান ৬১৬ হিজরীতে এই পুণ্যভূমি অবরোধ করে। জনপদবাসীকে আত্মসমর্পণের শর্তে নিরাপত্তা প্রদান করতে চায়। সে সময় মুহাম্মদ ইবনে খাওয়ারেযম শাহ বুখারা অঞ্চল থেকে দূরে অবস্থান করছিলেন। এতে বুখারাবাসী পেরেশান হয়ে পড়ে। কী করবে, বুঝে উঠতে পারে না। তাদের সামনে দুটি অভিমত উত্থাপিত হয়-

প্রথম অভিমত: আমরা তাতারীদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব এবং আমাদের শহরকে রক্ষা করব।

দ্বিতীয় অভিমত: আমরা নিরাপত্তা গ্রহণ করি। তাতারীদের জন্য দ্বার উন্মুক্ত করে দেই। কিন্তু তারা কী জানত যে, তাতারীরা-

"কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তা কিংবা অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না।”১৬

এভাবে বুখারাবাসী দু-দলে বিভক্ত হয়ে পড়ল। একদল মুজাহিদ, যারা যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তারা শহরে বড় দুর্গে অবস্থান করে। তাদের সঙ্গে শহরে ফকিহ ও আলেম-উলামা মিলিত হন। অপর দিকে দ্বিতীয় দল আত্মসমর্পণকারী। এরা সংখ্যায় অনেক বেশি। তারা তাতারীদের জন্য শহরের ফটক খুলে দেওয়ার এবং তাতারীদের নিরাপত্তা প্রদানের ওপর ভরসা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

তাতারীদের জন্য বুখারা শহরের দ্বার খুলে দেওয়া হলো। চেঙ্গিজ খান শহরে প্রবেশ করল। শহরে প্রবেশের প্রথম দিকে ধোঁকা দেওয়ার জন্য শহরবাসীকে নিরাপত্তা প্রদান করল। এই নিরাপত্তা দুর্গে অবস্থানকারী মুজাহিদ বাহিনীর ওপর প্রভাব বিস্তার পর্যন্ত অবশিষ্ট ছিল।

চেঙ্গিজ খান দুর্গ অবরোধ করল। শহরবাসী মুসলমানদের দুর্গের চারপাশে খন্দক খননে তাদের সহযোগিতা করার নির্দেশ দিল। যাতে তারা অনায়াসে দুর্গে প্রবেশ করতে পারে। শহরবাসী চেঙ্গিজ খানের কথামতো খন্দক খননে সহযোগিতা করল!!

দীর্ঘ দশদিন তারা দুর্গ অবরোধ করে রাখল। অতঃপর বলপূর্বক দুর্গে প্রবেশ করে সকল মুজাহিদকে হত্যা করল!! বুখারা শহরে আর কোনো মুজাহিদ অবশিষ্ট রইল না।

এরপরই চেঙ্গিজ খান প্রতিশ্রুতি ভঙ্গ শুরু করল। সে শহরবাসীর কাছে তাদের ধন-সম্পত্তি, অর্থ-কড়ি, স্বর্ণ-রূপা চাইল। তাদের সব সম্পত্তি নিজের করে নিল। অতঃপর পুরো মুসলিম শহরকে তার সৈন্যবাহিনী তথা তাতারীদের জন্য অবাধ ঘোষণা করল। এরপর তারা সেখানে এমনসব ঘৃণ্য কাজ করল, যা কেউ কল্পনাও করতে পারে না! আল্লামা ইবনে কাছীর রহ. আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন—

"তারা এত বিপুলসংখ্যক মানুষ হত্যা করেছে, যার সঠিক সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। তারা শিশু ও নারীদের বন্দী করেছে। নারীদের সঙ্গে তাদের পরিবার-পরিজনের উপস্থিতিতে অশ্লীল কর্মসাধন করেছে!! (পিতার উপস্থিতিতে মেয়ের সঙ্গে, স্বামীর উপস্থিতিতে স্ত্রীর সঙ্গে অপকর্ম করেছে!!!) যারা নিজেদের আত্মমর্যাদা রক্ষার লড়াই করেছে, তাদের তারা নির্বিচারে হত্যা করেছে। বন্দীদের বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করেছে। শহরের আকাশ বাতাস নারী-পুরুষ ও শিশু-কিশোরদের আর্তনাদে কেঁপে উঠেছে। এরপর তারা বুখারার মাদরাসা ও মসজিদগুলোতে আগুন লাগিয়ে দেয়। শহর পুড়ে ভস্ম হয়ে বিরানভূমিতে পরিণত হয়।”

এই ছিল ইবনে কাছীর রহ. এর বর্ণনা। আল্লাহই একমাত্র সাহায্যকারী। চিরসত্য। আল্লাহই একমাত্র সাহায্যকারী।

একটি মুসলিম শহর (বুখারা) ধ্বংসস্তূপে পরিণত হলো!! ধৈর্যশীল মুজাহিদ বাহিনী ধ্বংস হলো। অনুরূপ আত্মসমর্পণকারী লাঞ্ছিত মুসলিমরাও ধ্বংস হলো।


ইমাম বুখারী ও মুসলিম রহ. উম্মুল মুমিনীন যয়নব বিনতে জাহাশ রা. এর সূত্রে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন-

"ইয়া রাসূলাল্লাহ, আমাদের মাঝে নেককার সৎ লোকেরা উপস্থিত থাকলেও কি আমরা ধ্বংস হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হ্যাঁ! যখন মন্দ কাজ বৃদ্ধি পাবে।”১৭

সে দেশে খুব বেশি পরিমাণে মন্দকাজ বৃদ্ধি পেয়েছিল।

একটি মন্দ কাজ হলো, নিজেদের দ্বীন-ধর্ম, ইজ্জত-সম্মান ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলমানগণ তরবারি উত্তোলন করত না।
আরেকটি মন্দ কাজ হলো, মুসলমানগণ কাফেরদের প্রতিশ্রুতিকে সত্যজ্ঞান করত।
আরেকটি মন্দ কাজ হলো, যারা জিহাদের পতাকা উত্তোলন করত, মুসলমানগণ তাদের শত্রুপক্ষের কাছে অর্পণ করত।
আরেকটি মন্দ কাজ হলো, মুসলমানগণ নিজেরা বহু দলে বিভক্ত হয়েছিল। তারা পরস্পর যুদ্ধ করত।
আরেকটি মন্দত্ব হলো, মুসলমানগণ কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা কুরআন হাদীসের বিচার কামনা করত না।

উল্লিখিত সবকিছুই হলো মন্দত্ব! ঘৃণ্য কাজ! 'যখন মন্দ কাজ বৃদ্ধি পাবে, আবশ্যম্ভাবীভাবে ধ্বংস নেমে আসবে!' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যথার্থ বলেছেন।

এভাবেই বুখারা ৬১৬ হিজরীতে ধ্বংসস্তূপে পরিণত হয়!!!

কিন্তু এটিই কি ছিল শেষ ট্রাজেডি? এটিই কি ছিল শেষ বিপর্যয়? না; বরং এটি ছিল বিপর্যয়ের প্রথম পৃষ্ঠা। ঘটনার শুরুভাগ! তুফানের শুরু, ধ্বংসের সূচনা। সামনের ঘটনাগুলো আরও শোকার্ত, অধিক রক্তক্ষয়ী। মুসলমানগণ ৬১৭ হিজরীতে পদার্পণ করছে, যা মুসলমানদের সুদীর্ঘ ইতিহাসের সবচেয়ে বড় ফেতনা ও দুর্যোগের বছর। নিকৃষ্ট ও ঘৃণ্য, অবক্ষয় ও অধঃপতনের বছর।

টিকাঃ
১৬ সুরা তাওবা: ১০১।
১৭ বুখারী: ৩৩৪৬, মুসলিম: ২৮৮০।

📘 তাতারীদের ইতিহাস > 📄 ৬১৭ হিজরী মুসলিম উম্মাহর রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের বছর

📄 ৬১৭ হিজরী মুসলিম উম্মাহর রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের বছর


শুরু হলো ৬১৭ হিজরী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আবির্ভাবের পর থেকে আজ পর্যন্ত ৬১৭ হিজরীর চেয়ে অধিক ভয়াবহ ও মর্মান্তিক কোনো বছর মুসলিম উম্মাহর ওপর অতিক্রম হয়নি। সে বছর তাতারীদের গগন তারকা মধ্যাকাশে জ্বলজ্বল করছিল। মুসলিম সাম্রাজ্য তাতারী আগ্রাসনের থাবায় পরিণত হয়েছিল। যার নজির পৃথিবীর ইতিহাসে নেই। তারা এমন সব অপকর্ম ও ভয়াবহ দুর্টনার অবতারণ করেছে যে, যা কেউ শোনেনি, কেউ কখনো কল্পনাও করেনি।

তাতারী আগ্রাসনের বিবরণ উল্লেখ করার পূর্বে আমি ভূমিকাস্বরূপ ইসলামী ইতিহাসবিদ ইবনে আছীর জাযারী রহ. এর উক্তি উল্লেখ করাকে যথার্থ মনে করছি। এ বিষয়ে তাঁর বক্তব্য অত্যধিক গুরুত্বপূর্ণ। অন্যের তুলনায় এ বিষয়ে তাঁর অভিমত অধিক মূল্যবান। কারণ, তিনি ছিলেন তাতারী আগ্রাসনের সমসাময়িক।

শুনুন! ঐতিহাসিক ইবনে আছীর রহ. কী বলেন? তিনি তাতারী হামলার ইতিহাস লিখতে গিয়ে তার মনোবেদনা ও হৃদয়-যন্ত্রণা চেপে রাখতে পারেননি। তিনি বলেন—

"এ ঘটনা এমনই লোমহর্ষক ও হৃদয়বিদারক যে, কয়েক বছর আমি লিখব কি লিখব না এই দ্বন্দেই ছিলাম। একবার ভাবি লিখব, আরেকবার ভাবি না, লিখব না। আসলে ইসলামের দুর্দশা এবং মুসলিম উম্মাহর সর্বনাশের কাহিনি লিখতে পারে এমন কলিজা কারই বা আছে। হায়! যদি আমার জন্মই না হতো, কিংবা এর আগেই আমি মরে যেতাম এবং আমার অস্তিত্ব বিস্মৃত হয়ে যেত। কিন্তু কিছু বন্ধুর দাবি, এ ঘটনা আমি যেন ইতিহাসের পাতায় সংরক্ষণ করি। তবু দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ভেবে দেখলাম, না লেখার মধ্যেও কোনো ফায়েদা নেই।

এ ছিল এমন বিপদ ও দুর্যোগ যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর নেই। যদিও এর প্রধান শিকার ছিল মুসলিম জাতি, তবুও এর বিস্তার ছিল অন্যান্য জাতি পর্যন্ত। কেউ যদি দাবি করে যে, আদম আ. থেকে আজ পর্যন্ত দুনিয়ায় এমন ঘটনা আর ঘটেনি, তাহলে তার দাবি মিথ্যা হবে না। কারণ, এর ধারে-কাছের ঘটনাও ইতিহাসের পাতায় নেই এবং কেয়ামত পর্যন্ত সম্ভবত দুনিয়া এমন ঘটনা আর দেখবে না, ইয়াজুজ- মা'জুজের ঘটনা ছাড়া। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ কারও প্রতি এই পশুরা কোনো দয়া করেনি। যাকে পেয়েছে তাকেই খুন করেছে, পেট ফেড়ে গর্ভের সন্তান পর্যন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালাকুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিইয়িল আজীম।

এ ফেতনা ছিল বিশ্বব্যাপী ও সর্বগ্রাসী। যা এক ভয়ংকর তুফানের মতো ধেয়ে এসেছিল এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল।”১৮

টিকাঃ
১৮ ইবনে আছীর রচিত আল কামিল: ১৩/২০১-২০৩।

📘 তাতারীদের ইতিহাস > 📄 ৬১৭ হিজরীতে কী ঘটেছিল?

📄 ৬১৭ হিজরীতে কী ঘটেছিল?


৬১৭ হিজরীতে যা ঘটেছিল তার বিবরণ নিচে দেওয়া হলো:

📘 তাতারীদের ইতিহাস > 📄 সমরকন্দ অভিমুখে তাতারী বাহিনী

📄 সমরকন্দ অভিমুখে তাতারী বাহিনী


তাতারী বাহিনী সুবিশাল বিস্তৃত বুখারা শহর ও বুখারার অধিবাসী জনপদ, মসজিদ ও মাদরাসাসমূহ ধ্বংস করার পর পার্শ্ববর্তী শহর সমরকন্দ অভিমুখে রওয়ানা হয়। (সমরকন্দ বর্তমান উজবেকিস্তান রাজ্যের একটি শহর।) তারা বুখারা থেকে বিপুলসংখ্যক মুসলিম বন্দীদের নিয়ে রওয়ানা হয়। ইবনে আছীর রহ. বলেন, অতি নিকৃষ্ট পন্থায় তারা তাদের সঙ্গে নিয়ে চলল। কেউ দুর্বল হয়ে হাঁটতে না পারলে তাকে হত্যা করে ফেলত।

কেন তারা বন্দী মুসলমানদের সঙ্গে নিল? বিভিন্ন কারণে তারা মুসলমান বন্দীদের সঙ্গে নিয়েছিল-
এক. তারা প্রত্যেক দশজনের দলকে তাদের পতাকা প্রদান করেছিল। যাতে তারা তাতারীদের পতাকা উঁচিয়ে চলে। দূর থেকে কেউ তাদের দেখলে যেন মনে করে যে, এরাও তাতারীদের দলভুক্ত। ফলে শত্রুবাহিনী তাদের বিপুলসংখ্যক মনে করে যুদ্ধ করার কল্পনাও না করে। এতে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পূর্বেই শত্রুপক্ষ মানসিকভাবে হেরে যেত।

দুই. তারা বন্দীদের শত্রুদের বিপক্ষে যুদ্ধ করতে বাধ্য করত। কেউ যুদ্ধ করতে অস্বীকার করলে কিংবা কারও মাঝে যুদ্ধ করার মতো শক্তি না থাকলে তারা তাকে হত্যা করে ফেলত।

তিন. তাতারীরা তাদের রণক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করত। তাদের প্রথম কাতারে দাঁড় করাত। পেছনে তারা আত্মরক্ষা করত। তাদের পেছন থেকে তারা তির-বর্শা নিক্ষেপ করত। মুসলমান বন্দীরা নিজেদের জীবন দিয়ে তাদের জীবন রক্ষা করত।

চার. শহরের প্রধান ফটকগুলোতে তাতারীরা মুসলমান বন্দীদের রক্তবন্যা বইয়ে দিত। যাতে শত্রুদের অন্তরে তাদের ভীতি ছড়িয়ে পড়ে এবং যেন একথা জানতে পারে যে, যে-ই তাতারীদের বিরোধিতা করবে এমন হবে তার শেষ পরিণতি।

পাঁচ. কোথাও তাতারী সৈন্যরা বন্দী হলে মুসলমান বন্দীদের বিনিময়ে তারা নিজেদের বন্দীদের ফিরিয়ে নিত। তবে এমন খুব কমই ঘটেছে। কারণ, তাতারীরা খুব কমই হেরেছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00