📄 নিজের আমল নিয়ে গর্ব করবেন না
এই হাদীস দ্বারা শিক্ষা লাভ হয় যে, কোনো ব্যক্তি নিজের আমল নিয়ে গর্ব করবে না যে, আমি অমুক আমল করছি। কারণ, এসব আমল ধর্তব্য নয়। ধর্তব্য হলো জীবনের শেষ আমল'। যেমন এক হাদীসে এসেছে,
إِنَّمَا الْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ
'শেষ অবস্থায় সে কেমন আমল করেছিলো তাই র্ধতব্য।"২
অর্থাৎ, কোনো আমলের অশুভ পরিণতি যেন জাহান্নামীদের আমলের দিকে নিয়ে না যায়। এজন্য নেক আমল করা অবস্থায়ও ভয় করা উচিত。
টিকাঃ
২. সহীহ বুখারী, হাদীস নং ৬০১২, মুসনাদে আহমাদ, হাদীস নং ২১৭৬৮
📄 মন্দ আমলের অশুভ পরিণতি
একটি বিষয় খুব ভালো করে বুঝতে হবে যে, ঐ ব্যক্তির দ্বারা জাহান্নামের কাজ জোরপূর্বক করানো হবে না, যাতে সে এর ফলে জাহান্নামে চলে যায়। বরং এ সমস্ত আমল সে নিজ ইচ্ছাতেই করবে। বাধ্য হয়ে করবে না। কিন্তু এসব আমলের অশুভ পরিণতি এমন হয় যে, তার পিছনের সমস্ত নেক আমলের ছওয়াব এবং পুরস্কার শেষ হয়ে যায় এবং মন্দ আমলের দিকে মানুষকে টেনে নিয়ে যায়। কতক গোনাহের অশুভ পরিণতি এমন হয় যে, তার ফলে মানুষ অন্য গোনাহে লিপ্ত হয়ে যায়। দ্বিতীয় গোনাহের অশুভ পরিণতির ফলে তৃতীয় গোনাহে লিপ্ত হয়ে যায়। আস্তে আস্তে সে গোনাহের মধ্যে এমনভাবে ডুবে যায় যে, তার ফলে তার বিগত জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এজন্য বুযুর্গগণ বলেছেন, কোনো গোনাহকেই ছোট মনে করে করবে না। কারণ জানা তো নেই, এই ছোট গোনাহ আপনার জীবনের সমস্ত আমলকে খতম করে দিতে পারে। আর কোনো গোনাহকে ছোট মনে করে করা সেই গোনাহকে বড়ো গোনাহ বানিয়ে দেয়। আর তার নগদ পরিণতি এই হয় যে, সেই গোনাহ অন্য গোনাহকে আকর্ষণ করতে থাকে, ধীরে ধীরে সে অন্যনা্য গোনাহে লিপ্ত হতে থাকে।
📄 সগীরা ও কবীরা গোনাহের দৃষ্টান্ত
হযরত থানভী রহ. বলেন, ছোট গোনাহের দৃষ্টান্ত ছোট অগ্নিস্ফুলিঙ্গের মতো, আর বড়ো গোনাহের দৃষ্টান্ত বড়ো আগুন বা বড়ো অঙ্গারের মতো। এখন কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে, এটা তো ছোট অগ্নিস্ফুলিঙ্গ, বড়ো আগুন তো আর নয় তাই তা আমার সিন্ধুকের মধ্যে রেখে দেই। তাহলে পরিণতিতে সেই ছোট স্ফুলিঙ্গই পুরো সিন্ধুক এবং কাপড় জ্বালিয়ে ছাই করে ফেলবে।
📄 বুযুর্গদের সাথে বেয়াদবি করার বিপদ
এমনিভাবে আল্লাহওয়ালাদের অসম্মান করা, তাদের শানে বেয়াদবি করা, তাদের অন্তরে কষ্ট দেয়া এটা এমন এক জিনিস, যা অনেক সময় মানুষের মত ও চেতনাকে বদলে দেয়। এজন্য কোনো আল্লাহওয়ালার সাথে আপনার মতোবিরোধ থাকলে সেই মতোবিরোধকে তার সীমানার মধ্যে রাখুন। কিন্তু আপনি যদি তাঁর শানে গোস্তাখি করেন, বেয়াদবি আরম্ভ করেন, তাহলে এর অশুভ পরিণতিতে আপনি গোনাহের মধ্যে ফেসে যেতে পারেন।
আমার ওয়ালেদ মাজেদ হযরত মুফতী মুহাম্মাদ শফী ছাহেব রহ.-এর একটি পুস্তিকা রয়েছে, যার নাম 'দরসে ইবরাত'। এর মধ্যে তিনি অনেক বড়ো এক বুযুর্গের শিক্ষণীয় একটি ঘটনা লিখেছেন। যিনি সারাজীবন শাইখ, বুযুর্গ ও আল্লাহওয়ালা ছিলেন, হঠাৎ করে তার মনের গতি ফিরে যায়। ফলে তিনি খারাপ কাজে লিপ্ত হন। তো অনেক সময় এই ছোট গোনাহের আপদে এরূপ হয়ে থাকে। এজন্য বলা হয় যে, কোনো গোনাহকেই ছোট মনে করে করো না। কারণ, এমন যেন না হয় যে, ঐ গোনাহের পরিণতিতে আপনার শেষ অবস্থা খারাপ হয়ে গেলো। এজন্য সকল বুযুর্গ সব সময় শেষ পরিণতি ভালো হওয়ার জন্য দু'আ করেছেন।