📄 গোনাহের পঞ্চম ক্ষতি বৃষ্টি বন্ধ হওয়া
গোনাহের পঞ্চম ক্ষতি এই যে, গোনাহের আসল শাস্তি তো আখেরাতে হবে তবে এই দুনিয়াতেও গোনাহের অশুভ প্রভাব গোনাহগারের জীবনের উপর পতিত হয়। হাদীস শরীফে এসেছে, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ তা'আলা বৃষ্টি বন্ধ করে দেন।
📄 গোনাহের ষষ্ঠ ক্ষতি রোগ সৃষ্টি হওয়া
গোনাহের ষষ্ঠ ক্ষতি এই যে, মানুষের মধ্যে যখন অশ্লীলতা, নগ্নতা ও অপকর্ম বিস্তার লাভ করে তখন আল্লাহ তা'আলা তাদেরকে এমন সব ব্যাধিতে আক্রান্ত করেন, যেগুলো সম্পর্কে তাদের পূর্বপুরুষ কখনো শোনেনি যে, এমন রোগও হয়ে থাকে। এ হাদীসকে সামনে রেখে এইডস রোগের দিকে লক্ষ করুন, আজ সারা পৃথিবীতে যে রোগের প্রাদুর্ভাব ঘটেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশ বছর পূর্বে বলে গেছেন এমন সব রোগ দেখা দিবে। প্রত্যেক গোনাহের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর বর্হিপ্রকাশ এই দুনিয়াতেও হয়ে থাকে। আল্লাহ তা'আলা যেগুলো চোখের সামনে দেখিয়ে দেন। গোনাহের অশুভ পরিণতি এভাবে আচ্ছন্ন করে।
📄 গোনাহের সপ্তম ক্ষতি খুন-খারাবি
হাদীস শরীফে আছে,
يَأْتِي عَلَى النَّاسِ يَوْمٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ قَتَلَ، وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ، فَقِيلَ: كَيْفَ يَكُونُ ذَلِكَ ؟ قَالَ : الْهَرَجُ الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ.
'শেষ জামানায় এমন এক সময় আসবে, যখন খুন-খারাবির বিস্তার ঘটবে। মানুষ হত্যা করা হবে, কিন্তু হত্যাকারীও জানবে না কেন সে হত্যা করলো এবং নিহত ব্যক্তিও জানবে না কি কারণে তাকে হত্যা করা হলো? তখন হত্যাকারী ও নিহত উভয়ে জাহান্নামে যাবে।'
আগের জামানায় কোনো হত্যাকাণ্ড ঘটলে জানা যেতো যে, শত্রুতা ছিলো এজন্য হত্যা করা হয়েছে।
হাদীসটি পড়ুন আর বর্তমান যুগে যে সব হত্যাকাণ্ড ঘটছে সেদিকে দেখুন, মানুষ কিভাবে মরছে! আজ যদি কেউ নিহত হয় আর তার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কেন হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে, তাহলে কারো কাছে তার উত্তর নেই। মনে হয় যেন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশ বছর পূর্বে বর্তমান যুগের অবস্থা প্রত্যক্ষ করে এ কথা বলেছেন। এগুলো আমাদের পাপের ফল ও বদ আমলের পরিণতি। গোনাহের আধিক্য এ পরিস্থিতি সৃষ্টি করেছে。
টিকাঃ
১. সহীহ মুসলিম, হাদীস নং ৫১৭৮
📄 খুন-খারাবির একমাত্র সমাধান
আজ আমরা এ সমস্ত হত্যাকাণ্ড ও খুন-খারাবির বিভিন্ন সমাধান খুঁজছি। কেউ বলছে রাজনৈতিক সমাধান প্রয়োজন এবং কেউ বলছে পারস্পরিক আলোচনার প্রয়োজন। বিভিন্ন উপায় আমরা তালাশ করছি। কিন্তু আমাদের জানা নেই যে, এ সব বিপর্যয়ের মূল কারণ গোনাহের বিস্তার ঘটা। কোনো জাতির মধ্যে যখন গোনাহের বিস্তার ঘটে তখন আল্লাহ তা'আলার পক্ষ থেকে তাদের বদ আমলের পরিণতি স্বরূপ এই অবস্থার বিস্তার ঘটানো হয়। এজন্য সেদিকে মনযোগ দেওয়া উচিত। আল্লাহ তা'আলা আমাদেরকে সুস্থ বুদ্ধি দান করুন। এসব গোনাহ ছাড়ার তাওফীক দান করুন। আমাদের প্রথম কাজ আল্লাহ তা'আলার সামনে নিজেদের সমস্ত গোনাহ থেকে তাওবা করা। বদ আমলের পরিণতি থেকে পানাহ চাওয়া। আল্লাহ তা'আলার নিকট দু'আ করুন, হে আল্লাহ! আমাদের থেকে আমাদের মন্দ কর্মের অশুভ পরিণতি দূর করে দিন।