📄 এই তিতা ঢোক পান করতে হবে
আমি আমার শাইখ হযরত ডা. আব্দুল হাই ছাহেব (কু.সি.) থেকে শুনেছি, তিনি বলতেন, দৃষ্টির অপব্যবহার মানুষের আত্মার জন্য জীবননাশক বিষতুল্য। যদি কেউ আত্মশুদ্ধি করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম দৃষ্টির হেফাজত করতে হবে। এই কাজটি খুব মশকিল মনে হয়। চেষ্টা করা সত্ত্বেও চোখের হেফাজত করা কঠিন হয়ে পড়ে। সর্বত্র বেপর্দা, নগ্নতা, অশ্লীলতার সয়লাব। এমন পরিস্থিতিতে নিজের দৃষ্টিকে বাঁচানো মুশকিল মনে হয় কিন্তু কেউ যদি ঈমানের মধুরতা লাভ করতে চায় আল্লাহ তা'আলার সাথে সঠিক সম্পর্ক ও ভালোবাসা অর্জন করতে চায়, নিজের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা ও পবিত্রতা লাভ করতে চায়, তাহলে তাকে এই তিতা ঢোক পান করতেই হবে। এই তিতা ঢোক পান করা ছাড়া সম্মুখে অগ্রসর হওয়া যাবে না। কিন্তু এই তিতা ঢোক এমন যে, শুরুর দিকে তা খুব তিতা মনে হলেও একবার তার অভ্যাস করে নেওয়া হলে এ পরিমাণ মিষ্টি হয়ে যায় যে, এটা ছাড়া শান্তি পাওয়া যায় না।
📄 আরবদের কফি
আরবের লোকেরা কফি পান করে থাকে। আপনারাও দেখেছেন তারা ছোট ছোট পিয়ালায় কফি পান করে। আমার স্মরণ আছে, আমি যখন শিশু ছিলাম ঐ সময় কাতারের এক শাইখ করাচী এসেছিলেন। আমার ওয়ালেদ ছাহেবের সঙ্গে আমিও তার সঙ্গে সাক্ষাত করতে যাই। সেই সাক্ষাতকালে সেখানের বৈঠকে সর্বপ্রথম সেই কফি দেখি। সবাইকে কফি পান করতে দেওয়া হয়। কফি শব্দ শুনতেই মাথায় আসে যে এটা মিষ্টি জিনিস। কিন্তু মুখে লাগিয়ে দেখি তা এ পরিমাণ তিতা যে, গলাধঃকরণ করাও মুশকিল। কফি ছিলো সামান্য। সবার সামনে মজলিসের মধ্যে কুলি করে ফেলে দিতেও পারছিলাম না। বাধ্য হয়ে কোনো মতে তা গিলে ফেলি। কিন্তু যখন গলা থেকে ভিতরে যায় তখন তার স্বাদ অনুভব হয়। তারপর পরবর্তীতে আরেকটি মজলিসে এই কফি পান করার সুযোগ হয়। আস্তে আস্তে অবস্থা এই দাঁড়িয়েছে যে, এখন তা এতো মজার ও স্বাদের অনুভূত হয় যে, তার কোনো শেষ নেই। কারণ এখন তা পান করা অভ্যাসে পরিণত হয়েছে।
📄 এরপর মধুরতা ও স্বাদ উপভোগ হবে
এমনিভাবে এটাও এমন তিতা ঢোক যে, প্রথম প্রথম তা পান করা কঠিন মনে হয়, কিন্তু পান করার পর যখন তার আনন্দ ছেয়ে যাবে তখন দেখবে তার মধ্যে কত মজা রয়েছে। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এই মধুরতা দান করুন। মোটকথা, এটা এমন তিতা জিনিস একবার তার তিক্ততা সহ্য করো, অন্তরে পাথর বেঁধে একবার তার তিক্ততা গলাধঃকরণ করো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তা'আলা এমন মধুরতা, এমন স্বাদ, এমন উপভোগ দান করবেন যে, তার সামনে এই কুদৃষ্টির স্বাদ অত্যাধিক গৌণ ও তুচ্ছ মনে হবে। তার সামনে এর কোনোই মূল্য থাকবে না।
📄 চোখ অনেক বড়ো নেয়ামত
এই চোখ একটি মেশিন। এটি আল্লাহ তা'আলার এমন নেয়ামত যে, মানুষ তার কল্পনাও করতে পারে না। যা না চাইতেই পাওয়া গেছে। বিনামূল্যে পাওয়া গেছে। এর জন্য কোনো মেহনত করতে হয়নি, পয়সা ব্যয় করতে হয়নি। এ জন্য এই নেয়ামতের কদর নেই। যারা এই নেয়ামত থেকে বঞ্চিত, যারা অন্ধ, যাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে বা শুরু থেকেই যাদের এই নেয়ামত নেই, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো এই চোখ কতো বড়ো জিনিস। আল্লাহ না করুন! যদি দৃষ্টিশক্তি কমে যায় বা নষ্ট হয়ে যায় তখন সারা পৃথিবী অন্ধকার মনে হবে। সে সময় মানুষ নিজের সমস্ত সম্পদ ব্যয় করে হলেও এই দৌলত লাভ করতে চাইবে। এটা এমন এক মেশিন যে, আজ পর্যন্ত এমন মেশিন কেউ আবিষ্কার করতে সক্ষম হয়নি।