📄 এক নাপিতের ঘটনা
আমার ওয়ালেদ মাজেদ (কু.সি.) একটি ঘটনা শোনাতেন যে, এক নাপিতকে বাদশাহ ক্ষৌরকার্যের জন্য ডেকে পাঠান। নাপিত সেখানে গিয়ে দেখে বাদশাহ ঘুমিয়ে পড়েছে। নাপিত এতো দক্ষতার সাথে চুল কেটে দেয় যে, বাদশাহ বুঝতেই পারে না। সে ঘুমিয়েই থাকে। ঘুম থেকে জেগে দেখে অতি চমৎকারভাবে চুল কাটা হয়েছে। সে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হয়েছে? এক ব্যক্তি বললো, নাপিত এসেছিলো আপনার ঘুমের অবস্থাতেই সে ক্ষৌরকার্য সম্পাদন করে দিয়েছে। বাদশাহ বললো, খুব দক্ষ নাপিত।
📄 সব কাজ আলাহর জন্য করবে
এজন্য হযরত থানভী রহ. বলতেন যে, কোনো কাজই মানুষের প্রশংসা লাভের জন্য করো না, সব কাজ আল্লাহ তা'আলার খাতিরে করো। এর ফলে মানুষের ব্যাপারে সব ধরনের অভিযোগ শেষ হয়ে যাবে। কারণ, আজকাল চিন্তা করে যে, আমি অমুককে এতোগুলো টাকা দিলাম, কিন্তু সে একটি প্রশংসার শব্দও মুখে আনলো না। আমি অমুকের সাথে এতো সহমর্মিতা দেখালাম, কিন্তু ঐ আল্লাহর বান্দা কৃতজ্ঞতামূলক একটা শব্দও উচ্চারণ করলো না। এর ফলে অন্তরে অভিযোগ সৃষ্টি হয়। এসব এজন্য হয় যে, সমবেদনার সময় লক্ষ থাকে আমি তার সঙ্গে সদাচরণ করলে সে আমার প্রশংসা করবে, আমার শুকরিয়া আদায় করবে। আর যদি এটা উদ্দেশ্য না হতো বরং অন্তরে একথা থাকতো যে, আমি তো আল্লাহর জন্য দিচ্ছি। সে শুকরিয়া আদায় করুক বা না করুক, তাহলে অন্তরে কোনো প্রকার অভিযোগ সৃষ্টি হবে না। যদিও তার উচিৎ শুকরিয়া আদায় করা। কারণ, হাদীসের ভাষ্য মতো যে ব্যক্তি মানুষের শোকর আদায় করে না, সে আল্লাহর শোকর আদায় করে না। কিন্তু এতদসত্ত্বেও যদি শুধু আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য কাজ করা হতো তাহলে এ ধরনের অভিযোগ সৃষ্টি হতো না। তাই মানুষের গুরুত্বহীন সন্তুষ্টিকে পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টির ফিকির করা উচিত।
📄 পদলিপ্সার চিকিৎসা
হযরত ডা. আব্দুল হাই ছাহেব রহ. পদলিপ্সার এই চিকিৎসা বলতেন যে, যখনই এমন কোনো কাজ করবে, যার সম্পর্কে চিন্তা জাগবে যে, এর ফলে মানুষ আমার প্রশংসা করবে তখন একবার মনে মনে বলো যে, হে আল্লাহ! আমি অমুক কাজটি করতে যাচ্ছি, এতে মানুষ আমার প্রশংসা করবে, সেই প্রশংসার ফলে আমার নফসকে খারাপ হতে দিবেন না। কারণ এ প্রশংসা মূলত আপনার। আপনি তাওফীক দিয়েছেন বলে এটা আমি করতে পারছি। আমি আপনার শোকর আদায় করছি যে, মানুষ আমার প্রশংসা করছে। আপনি তাদের আত্মা থেকে আমার দোষসমূহ লুকিয়ে রেখেছেন এবং গুণ প্রকাশ করেছেন। আপনি যদি তা না করতেন আর আমার ভিতরের অবস্থা সবার সামনে চলে আসতো তাহলে মানুষ আমাকে ঘৃণা করতো। আমার পাশে বসতেও রাজী হতো না। হে আল্লাহ! এটা আপনার সাত্তার গুণের বদৌলতে হয়েছে। আপনি আমার দোষসমূহ ঢেকে দিয়ে আমার একটি আমলকে এভাবে প্রকাশ করেছেন যার ফলে মানুষ আমার প্রশংসা করছে। হে আল্লাহ! এ প্রশংসার ফলে আমার নফসকে খারাপ হওয়া থেকে রক্ষা করুন। এমন সব ক্ষেত্রে আল্লাহ তা'আলার কাছে এভাবে দু'আ করো তারপর দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তা'আলা অবশ্যই হেফাজত করবেন।
📄 ভালো কোনো কাজ হলে
যখনই ভালো কোনো কাজ হবে তখনই অবিলম্বে আল্লাহ তা'আলার শোকর আদায় করো যে, হে আল্লাহ! আপনার শোকর যে, এ কাজের তাওফীক আপনি আমাকে দিয়েছেন, অন্যথায় এ কাজের সাধ্য আমার ছিলো না। এ কেবল আপনারই দয়া। এর ফলে আপনি আমার আত্মাকে খারাপ হতে দিবেন না। তবে নিজের নিয়তকে সংশোধনের চেষ্টা থাকতে হবে। আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের ফিকির থাকতে হবে। মানুষের সন্তুষ্টি লাভের চিন্তা না থাকতে হবে। মানুষের সন্তুষ্টি মূল্যহীন। যখনই মানুষের সন্তুষ্টির কথা চিন্তায় আসবে সাথে সাথে এই চিন্তা করবে যে, সব মানুষ তো ধ্বংস হয়ে যাবে, তাই তাদের সন্তুষ্টির কোনো মূল্য নেই। আল্লাহর দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ রাখবে। জনৈক কবি বড়ো চমৎকার বলেছেন,
یہ کہاں کا فسانہ سود و زیاں جو گیا سو گیا جو ملا سو ملا کہو دل سے جو فرصت عمر ہے کم جو دلا تو خدا ہی کی یاد دلا
এ কিসের লাভ-লোকসানের কাহিনী! যা গেছে গেছে, যা লাভ হয়েছে হয়েছে। আত্মাকে বলো, জীবনের সময় কম! অন্তরে কেবল আল্লাহর স্মরণ গেঁথে নাও!
যে যাই বলুক না কেন, তা নিয়ে চিন্তা করবে না। বরং আল্লাহর দিকে মনযোগী হয়ে তার সন্তুষ্টির ফিকির করবে। আল্লাহ তা'আলার কাছে দু'আ করছি, তিনি যেন নিজ রহমতে এ হাকীকত আমাদের অন্তরে বসিয়ে দেন এবং এর উপর আমল করার তাওফীক দান করেন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ