📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 আমার ওয়ালেদ মাজেদ রহ. ও দুনিয়ার মহব্বত

📄 আমার ওয়ালেদ মাজেদ রহ. ও দুনিয়ার মহব্বত


আল্লাহ তা'আলা আমার ওয়ালেদ মাজেদ হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী ছাহেব (কু.সি.)-এর ব্যক্তি সত্তার মধ্যে আমাদেরকে শরীয়ত ও তরীকতের অসংখ্য নমুনা দেখিয়েছেন। আমরা যদি তাকে না দেখতাম তাহলে আমাদের বুঝে আসতো না যে, সুন্নাতের বাস্তব জীবন কেমন হয়ে থাকে? তিনি দুনিয়াতে থেকে সব কাজ করেছেন। দরস্-তাদরীস করেছেন, ফতওয়া লিখেছেন, গ্রন্থ রচনা করেছেন, ওয়ায ও তাবলীগ করেছেন, পীর মুরীদি করেছেন, একই সাথে পরিবার পরিজনের হক আদায় এবং জীবিকার ব্যবস্থার জন্যে ব্যবসাও করেছেন। কিন্তু এতো সব সত্ত্বেও আমি দেখেছি তার অন্তরে সরীষা দানার পরিমাণ দুনিয়ার মহব্বত প্রবেশ করেনি।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 ঐ বাগান আমার আত্মা থেকে বের হয়ে গেছে

📄 ঐ বাগান আমার আত্মা থেকে বের হয়ে গেছে


আমার ওয়ালেদ মাজেদের বাগান বানানোর খুব শখ ছিলো। পাকিস্তান হওয়ার পূর্বে দেওবন্দেই খুব আগ্রহের সাথে একটি বাগান তৈরী করেন। দারুল উলূম দেওবন্দের চাকরির সময় বেতন কম এবং পোষ্য বেশি ছিলো। ঐ বেতন দিয়ে অতি কষ্টে দিনাতিপাত হতো। কিন্তু তা থেকেই অতি কষ্টে কিছু ব্যবস্থা করে আমের বাগান লাগান। এ বাগানে প্রথম যখন ফল আসে ঐ বছরই পাকিস্তান হওয়ার ঘোষণা হয়। তিনি হিজরত করার সিদ্ধান্ত নেন। হিজরত করে পাকিস্তানে আসেন। ঐ বাগান এবং বাড়ি হিন্দুরা দখল করে নেয়। পরবর্তীতে অনেক বার হযরত ওয়ালেদ ছাহেবের মুখে এ বাক্য শুনেছি যে, যেদিন আমি ঐ বাড়ি ও বাগান থেকে পা বের করেছি, সেদিন থেকে ঐ বাগান ও বাড়ি আমার আত্মা থেকে বের হয়ে গেছে। ভুলেও আমার অন্তরে কখনো চিন্তা জাগেনি যে, আমি কেমন বাগান বানিয়েছিলাম এবং কেমন ঘর তৈরী করেছিলাম। এর কারণ এই ছিলো যে, এসব কাজ তিনি অবশ্যই করেছিলেন, কিন্তু উদ্দেশ্য ছিলো পোষ্যদের হক আদায় করা। এগুলোর সাথে তার আত্মা আটকা ছিলো না।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 দুনিয়া লাঞ্ছিত হয়ে চলে আসে

📄 দুনিয়া লাঞ্ছিত হয়ে চলে আসে


সারাজীবন হযরত ওয়ালেদ ছাহেবের এ নিয়ম দেখেছি যে, যখনই কোনো ব্যক্তি কোনো জিনিসের ব্যাপারে বিনা কারণে তার সাথে ঝগড়া করতো তখনই হযরত ওয়ালেদ ছাহেব হকের উপর থাকা সত্ত্বেও বলতেন, আরে ভাই! ঝগড়া বাদ দাও, এটা নিয়ে যাও। নিজের হক ছেড়ে দিতেন। তিনি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শোনাতেন,
وَمَنْ تَرَكَ الْبَرَاءَ وَهُوَ مُحِقِّ بُنِي لَهُ فِي وَسَطِهَا
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঐ ব্যক্তিকে জান্নাতে ঘর দেওয়ানোর দায়িত্ব নিচ্ছি, যে সত্যের উপর থেকেও ঝগড়া পরিহার করবে।"

হযরত ওয়ালেদ ছাহেবকে সারাজীবন এ হাদীসের উপর আমল করতে দেখেছি। অনেক সময় আমাদের মনে হতো, তিনি হকের উপর আছেন, অটল থাকলে তিনি নিজের হক পেয়ে যেতেন। কিন্তু তিনি হক ছেড়ে দিয়ে চলে আসতেন। পরবর্তীতে আল্লাহ তা'আলা তাকে দুনিয়াও দান করেন। এমন লোকদের কাছে দুনিয়া লাঞ্ছিত হয়ে আসে, যেমন হাদীস শরীফে এসেছে,
أَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ
অর্থাৎ, যে ব্যক্তি একবার এ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তা'আলা তার নিকট দুনিয়াকে অপমানিত করে দেন। দুনিয়া তার পায়ের উপরে এসে আছড়ে পড়ে। কিন্তু তার অন্তরে দুনিয়ার মহব্বত থাকে না।'

টিকাঃ
১. সুনানে তিরমিযী, হাদীস নং ১৯১৬, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৫০
২. সুনানে তিরমিযী, হাদীস নং ২৩৮৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪০৯৫, মুসনাদে আহমাদ, হাদীস নং ২০৬০৮, সুনানে দারেমী, হাদীস নং ২৩১

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 দুনিয়া ছায়ার ন্যায়

📄 দুনিয়া ছায়ার ন্যায়


জনৈক ব্যক্তি দুনিয়ার বড়ো চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন, তিনি বলেছেন, দুনিয়ার দৃষ্টান্ত মানুষের ছায়ার ন্যায়। কেউ যদি নিজের ছায়ার পশ্চাদ গমন করতে চায় এবং তাকে ধরতে চায় তাহলে তার ফল এই হবে যে, সে তার ছায়ার পিছনে যতো দৌড়াবে তার ছায়া আরো সম্মুখে দৌড়াতে থাকবে। কখনই তাকে ধরতে পারবে না। কিন্তু মানুষ যদি তার ছায়া থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বিপরীত দিকে দৌড়াতে আরম্ভ করে তাহলে ছায়া তার পিছনে পিছনে আসবে। আল্লাহ তা'আলা দুনিয়াকেও এমনই বানিয়েছেন। দুনিয়ার অনুসন্ধানী হয়ে এবং তার ভালোবাসা অন্তরে নিয়ে তার পিছনে পিছনে যদি দৌড়াও তাহলে এ দুনিয়া তোমার আগে আগে দৌড়াবে। কখনই তুমি তাকে ধরতে পারবে না। কিন্তু যেদিন একবার তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিবে তখন দেখবে, আল্লাহ তা'আলা কিভাবে তাকে লাঞ্ছিত করে নিয়ে আসেন। এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যে, দুনিয়া এমন ব্যক্তির কাছে আসে আর সে তাকে লাথি মারে। কিন্তু এ দুনিয়া আবারো তার পায়ের উপরে এসে পড়ে। এর জন্যে একবার খাঁটি অন্তরে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। আর এটা লাভ হয় দুনিয়ার স্বরূপ বুঝলে। দুনিয়ার স্বরূপ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের হাদীসসমূহে বর্ণনা করেছেন, এসব হাদীস পড়ে দুনিয়ার ভালোবাসা আত্মা থেকে বের করার চিন্তা ও চেষ্টা করা উচিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00