📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 ওযীফা ও আমলের হাকীকত

📄 ওযীফা ও আমলের হাকীকত


ওযীফা, যিকির ও আমলের দৃষ্টান্ত শক্তিবর্ধক জিনিসের ন্যায়। শক্তিবর্ধক জিনিসের মূলনীতি এই যে, অনেক সময় অসুস্থ ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় শক্তিবর্ধক জিনিস খেলে তার শক্তি বৃদ্ধি না পেয়ে উল্টো রোগ শক্তিশালী হতে থাকে। অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে। অন্তরে যদি তাকাব্বুর ভরা থাকে, উজুব ভরা থাকে আর বসে বসে ওযীফা পাঠ করে, যিকির করে তাহলে অনেক সময় এর ফলে ইসলাহের পরিবর্তে তাকাব্বুর আরো বেড়ে যায়। এজন্য বলা হয় যে, যখনই কোনো ওযীফা পাঠ করবে বা যিকির করবে, কোনো শাইখের দিকনির্দেশনায় করবে। কারণ শাইখ জানেন যে, এর চে' বেশি যিকির দিলে তার মধ্যে অহংকার সৃষ্টি হবে। এজন্য তিনি থামিয়ে দেন যে, এখন অধিক যিকিরের প্রয়োজন নেই। হযরত হাকীমুল উম্মাত (কু.সি.) চিকিৎসা স্বরূপ অনেক মানুষের ওযীফা ও যিকির বন্ধ করে দিয়েছেন। যখন দেখেছেন যে, তার জন্য এ ওযীফা ক্ষতির কারণ হচ্ছে তখন তা ছাড়িয়ে দিয়েছেন।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 মুজাহাদার আসল উদ্দেশ্য

📄 মুজাহাদার আসল উদ্দেশ্য


কিন্তু আজকাল তাসাওউফ ও পীর মুরীদির পুরো জোর আমল ওযীফার উপর। অমুক সময় এই যিকির করবে, অমুক সময় এই যিকির করবে এখানেই শেষ। তারা শুধু যিকিরের পিছনে লেগে আছে। ভিতরে যতো ব্যাধি উদ্বেলিত হোক না কেন সে দিকে লক্ষ নেই। আগের জামানায় সূফীয়ায়ে কেরাম আত্মশুদ্ধির প্রথম ধাপ হিসেবে মুরীদের ইসলাহের ফিকির করতেন। এরজন্য মুজাহাদা করাতেন, সাধনা করাতেন, ঘষা মাজা করাতেন। এর ফলে মানুষ পরিশুদ্ধ হতো, যোগ্য হতো।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 শাইখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহীর রহ.-এর নাতীর ঘটনা

📄 শাইখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহীর রহ.-এর নাতীর ঘটনা


হযরত শাইখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহী রহ. খুব উঁচু স্তরের আল্লাহর ওলী ছিলেন। আমাদের বুযুর্গদের শাজারার মধ্যে তাঁর অবস্থান অনেক উঁচুতে। তাঁর একজন নাতী ছিলেন। শাইখ জীবিত থাকতে নাতীর মধ্যে আত্মশুদ্ধির চিন্তা জাগেনি। সারা দুনিয়ার মানুষ এসে দাদার থেকে ফয়েয লাভ করতো কিন্তু তিনি সাহেবযাদা হওয়ার চিন্তায় নিমজ্জিত ছিলেন। নিজের আত্মশুদ্ধির জন্য দাদার শরণাপন্ন হননি। শাইখের ইন্তেকাল হলে তার আফসোস হয় যে, হায় আল্লাহ! আমি তো চরম বঞ্চিত হলাম। কতো দূর-দূরান্তের মানুষ এসে ফয়েয লাভ করলো আর আমি ঘরে থেকেও কিছু লাভ করতে পারলাম না! বাতির নীচে অন্ধকার। আফসোস জাগলে চিন্তা করতে লাগলেন যে, এখন কি করি? ক্ষতিপূরণ কি করে হতে পারে? মনে হলো, আমার দাদার থেকে যেসব লোক আত্মশুদ্ধির এই দৌলত লাভ করেছেন তাদের মধ্য থেকে কোনো একজনের শরণাপন্ন হই। দাদার খলিফাদের মধ্য উঁচু স্তরের বুযুর্গ কে তা খোঁজ করতে আরম্ভ করলেন। জানতে পারলেন যে, বলখে উঁচু স্তরের একজন বুযুর্গ আছেন। কোথায় গাঙ্গুহ্, আর কোথায় বলখ! যখন ঘরে এই দৌলত ছিলো, সবসময় তার শরণাপন্ন হতে পারতো, তখন কিছু অর্জন করেনি। অবশেষে বলখের এই দীর্ঘ কষ্টকর পথ সফর করতে হলো। সত্যিকারের অন্বেষণ ছিলো এজন্য তিনি সফরে বের হলেন।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 শাইখের নাতীর ইন্তিকবাল

📄 শাইখের নাতীর ইন্তিকবাল


বলখে অবস্থান রত শাইখের খলীফা যখন জানতে পারলেন যে, আমার শাইখের নাতী আসছে তখন তিনি নিজের শহর থেকে বাইরে বের হয়ে অত্যন্ত রাজকীয়ভাবে তাকে স্বাগত জানালেন। সসম্মানে বাড়ীতে নিয়ে আসলেন। জাঁকজমকপূর্ণ খাবার তৈরী করালেন। উঁচু স্তরের দাওয়াতের আয়োজন করলেন। ভালো মানের থাকার ব্যবস্থা করলেন। গালিচা বিছিয়ে দিলেন। আরো কতো কিছু যে করলেন তা আল্লাহই ভালো জানেন।

এক-দুই দিন অতিবাহিত হওয়ার পর তিনি বললেন যে, হযরত আপনি আমার সঙ্গে অত্যন্ত স্নেহের আচরণ করেছেন, অত্যন্ত সম্মানজনক আচরণ করেছেন। কিন্তু আমি তো এসেছি অন্য এক উদ্দেশ্যে। তিনি জিজ্ঞাসা করলেন কি সেই উদ্দেশ্য? তিনি বললেন, আমার উদ্দেশ্য হলো আপনি আমাদের বাড়ি থেকে যেই দৌলত নিয়ে এসেছেন তার কিছু অংশ আমাকেও দিন। এজন্য এসেছি। শাইখ বললেন, আচ্ছা! ঐ দৌলত নিতে এসেছো? তিনি বললেন, জি হ্যাঁ। শাইখ বললেন, ঐ দৌলত যদি নিতে এসে থাকো তাহলে এই গালিচা, এই সম্মান, খানা-পিনার এই ব্যবস্থা সব বন্ধ করে দাও। উন্নত মানের থাকার ব্যবস্থা ত্যাগ করো। তিনি জিজ্ঞাসা করলেন, এখন আমি কি করবো? শাইখ বললেন, আমাদের মসজিদের পাশে একটি হাম্মাম রয়েছে। সেখানে ওযুকারীদের জন্য পানি গরম করো। এটাই তোমার কাজ। বাইয়াত নয়, ওযীফা নয়, যিকির নয়, মামুলাত নয়, অন্য কিছুও নয়। তিনি জিজ্ঞাসা করলেন, থাকবো কোথায়? শাইখ বললেন, রাতে যখন ঘুমাতে হয় তখন ঐ হাম্মামের কাছেই ঘুমিয়ে পড়বে। কোথায় এতো সম্মান ও শুভেচ্ছা, গালিচা বিছানো হচ্ছে, খানা পাকানো হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে আর এখন হাম্মামে আগুন জ্বালানোর কাজে নিয়োজিত!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00