📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 প্রবৃত্তি দুর্বলের জন্য সিংহের ন্যায়

📄 প্রবৃত্তি দুর্বলের জন্য সিংহের ন্যায়


আল্লাহ তা'আলা প্রবৃত্তির মধ্যে এ বৈশিষ্ট্যও রেখেছেন যে, কষ্ট হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যদি একবার দৃঢ়তা দেখায় যে, যতো কষ্টই হোক, আত্মা ফেটে চৌচির হোক তবুও এ কাজ আমি করবো না, তাহলে প্রবৃত্তির চাহিদা আপনা-আপনি শিথিল হতে আরম্ভ করবে। নফস ও শয়তান দুর্বলের জন্য সিংহের মতো সবল। যে ব্যক্তি তার সামনে ভেজা বিড়াল হয়ে থাকবে, তার চাহিদা অনুপাতে চলবে, প্রবৃত্তি তার উপর প্রবল হবে এবং আধিপত্য বিস্তার করবে। আর যে ব্যক্তি একবার পোক্ত সংকল্প করে তার সামনে অটল হয়ে দাঁড়াবে এবং সিদ্ধান্ত নিবে যে, যতো চাহিদাই সৃষ্টি হোক, আত্মা যতো ক্লীষ্টই হোক, এ কাজ করবো না, তখন প্রবৃত্তি নরম হয়ে যাবে। এ কাজ না করার ফলে প্রথম দিন যে পরিমাণ কষ্ট হয়েছিলো, দ্বিতীয় দিন তার চেয়ে কম কষ্ট হবে, তৃতীয় দিন আরো কম কষ্ট হবে। ক্রমান্বয়ে একদিন এ কষ্ট মোটেই থাকবে না। প্রবৃত্তি এতে অভ্যস্ত হয়ে যাবে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 প্রবৃত্তি দুগ্ধপোষ্য শিশুর ন্যায়

📄 প্রবৃত্তি দুগ্ধপোষ্য শিশুর ন্যায়


আল্লামা বুসীরী রহ. অনেক বড়ো বুযুর্গ ছিলেন। তাঁর রচিত 'কাসীদায়ে বুরদাহ' অত্যধিক প্রসিদ্ধ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রশস্তিমূলক একটি কাসিদা। তাতে তিনি বিরল বিস্ময়কর এক প্রজ্ঞাপূর্ণ শের বলেছেন,
النَّفْسُ كَالطِفْلِ إِنْ تُهْمِلْهُ شَبَ عَلَى
حب الرَّضَاعِ وَإِنْ تُفْطِمْهُ يَنْفَطِم
অর্থাৎ, মানব-প্রবৃত্তি দুগ্ধপোষ্য শিশুর ন্যায়, যা দুধ পান করতে অভ্যস্ত হয়ে গেছে। তাকে দুধ ছাড়াতে চেষ্টা করলে সে কাঁদবে, চিৎকার করবে, হৈ চৈ করবে। এখন মা-বাবা যদি চিন্তা করে যে, দুধ ছাড়াতে তার খুব কষ্ট হচ্ছে, তাই তাকে ছেড়ে দাও, সে দুধ পান করতে থাকুক। তাহলে সে যুবক হয়ে যাবে কিন্তু দুধ ছাড়ানো যাবে না। কারণ, তুমি তার কষ্ট, চিৎকার ও আহাজারিতে ভয় পেয়ে গেছো। যার ফলে দুধ ছাড়াতে পারোনি। এখন যদি তার সামনে রুটি এনে দেওয়া হয় তাহলে সে বলবে আমি তো রুটি খাবো না। আমি তো দুধই পান করবো। কিন্তু দুনিয়াতে এমন কোন মা-বাবা পাওয়া যাবে না, যে বলবে যে, দুধ ছাড়াতে যেহেতু বাচ্চার কষ্ট হচ্ছে তাই দুধ ছাড়াবো না। মা-বাবা জানে দুধ ছাড়ালে কাঁদবে, চিৎকার করবে, রাতে ঘুম আসবে না, নিজেও জেগে থাকবে, আমাদেরকেও জাগ্রত রাখবে, কিন্তু তার পরেও দুধ ছাড়ায়। কারণ তারা জানে এতেই সন্তানের কল্যাণ। আর যদি তাকে দুধ ছাড়ানো না হয় তাহলে সারা জীবনেও সে রুটি খাওয়ার উপযুক্ত হবে না।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 প্রবৃত্তির গোনাহের স্বাদ লেগেছে

📄 প্রবৃত্তির গোনাহের স্বাদ লেগেছে


আল্লামা বুসীরী রহ. বলেন, মানুষের প্রবৃত্তিও শিশুর ন্যায়। তার মুখে গোনাহের স্বাদ লেগে আছে, মজা লেগে আছে। তুমি যদি তাকে এভাবেই ছেড়ে দাও যে, সে গোনাহ করতে থাকুক। গোনাহ ছাড়ালে কষ্ট হবে। নিষিদ্ধ জায়গায় দৃষ্টি পড়ে, চোখ সরাতে খুব কষ্ট হয়। জিহ্বা মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে গেছে, মিথ্যা বলা ছাড়ালে খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে। প্রবৃত্তি এসবে অভ্যস্ত হয়ে গেছে। ঘুষ নিতে অভ্যস্ত হয়ে গেছে। সুদ খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে। আরো অনেক গোনাহে অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ রক্ষা করুন।
এসব অভ্যাস ছাড়াতে প্রবৃত্তির কষ্ট হচ্ছে। নফসের এই কষ্টে ঘাবড়ে গিয়ে এবং ভয় পেয়ে যদি হাত গুটিয়ে বসে যায় তাহলে এর ফল এই হবে যে, সারা জীবনেও গোনাহ ছুটবে না এবং শান্তি ও স্থিরতা লাভ হবে না。

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 আল্লাহর যিকিরে শান্তি রয়েছে

📄 আল্লাহর যিকিরে শান্তি রয়েছে


মনে রাখবেন, আল্লাহর নাফরমানির মধ্যে শান্তি ও স্থিরতা নেই। সারা পৃথিবীর সমস্ত উপাদান ও উপকরণ একত্রে করেও শান্তি লাভ হচ্ছে না, স্থিরতা লাভ হচ্ছে না। আমি এই মাত্র আপনাদের সামনে পশ্চিমা সমাজের দৃষ্টান্ত দিয়েছি যে, সেখানে টাকা-পয়সার ছড়াছড়ি, উন্নত মানের শিক্ষাব্যবস্থা, ভোগ-উপভোগের সমস্ত দরজা উন্মুক্ত, যেভাবে ইচ্ছা ভোগ করো, কিন্তু এতদসত্ত্বেও ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হচ্ছে। কেন? কারণ, অন্তরে প্রশান্তি নেই। কেন নেই? কারণ, গোনাহের মধ্যে প্রশান্তি খুঁজে ফিরছে। মনে রাখবেন! গোনাহ, নাফরমানি ও অবাধ্যতার মধ্যে শান্তি নেই। শান্তি তো কেবল এক জিনিসের মধ্যেই, আর তা হলো-
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
'আল্লাহর স্মরণে শান্তি ও স্থিরতা রয়েছে।”
এজন্য নাফরমানি করতে থাকবে আর শান্তি লাভ হবে এটা আত্মপ্রবঞ্চনা। মনে রাখবেন সারা জীবনেও তা লাভ হবে না। ছটফট করতে করতে ইহজগত ত্যাগ করবে, কিন্তু গোনাহের কাজ না ছাড়লে শান্তির গন্তব্যে পৌঁছতে পারবে না।
আল্লাহ তা'আলা শান্তি তাদেরকে দান করেন যাদের অন্তরে তাঁর মহব্বত রয়েছে, যাদের অন্তরে তাঁর স্মরণ রয়েছে, যাদের আত্মা তাঁর যিকিরে পল্লবিত। তাদের প্রশান্তি ও পরিতৃপ্তি দেখুন। বাহ্যিকভাবে তারা দুরাবস্থাগ্রস্থ, অভাবের মধ্যে আছে, অনাহারে দিন কাটাচ্ছে, কিন্তু অন্তরে প্রশান্তি ও স্থিরতার নেয়ামত রয়েছে। তাই জাগতিক প্রশান্তি লাভ করতে চাইলেও নাফরমানি ও গোনাহের কাজ ছাড়তে হবে। গোনাহের কাজ ছাড়ার জন্য কিছুটা মুজাহাদা করতে হবে। প্রবৃত্তির বিরুদ্ধে কিছুটা দৃঢ়তা দেখাতে হবে।

টিকাঃ
১. সূরা রা'দ ২৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00