📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 যেসব সুন্নাতে কোনো কষ্ট নেই

📄 যেসব সুন্নাতে কোনো কষ্ট নেই


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনেক। জীবনের প্রত্যেক শাখায় তাঁর সুন্নাত রয়েছে। কিন্তু কিছু কিছু সুন্নাত এমন আছে, যা অবলম্বন করতে কোনো কিছু ব্যয় করতে হয় না। সময় ব্যয় করতে হয় না। অর্থ ব্যয় করতে হয় না। কষ্ট-মেহনতও করতে হয় না। শুধু খেয়াল করলেই হয়। যেমন এইমাত্র বললাম, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা এবং বাম পা দিয়ে বের হওয়া সুন্নাত। বলুন, এটুকু আমল করতে কী এমন কষ্ট হয়? কতটা সময় ব্যয় হয়? কী পরিমাণ অর্থ ব্যয় হয়? আরে ভাই! পা তো বের করতেই হবে, শুধু একটু খেয়াল করার বিষয়। খেয়াল না করার কারণে সুন্নাতের রহমত ও বরকত থেকে আমরা বঞ্চিত হই। কেউ যদি প্রশ্ন করে, ডান পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া কি গোনাহ? জবাবে বলা হবে- না, গোনাহ নয়। তবে কী বাম পা দিয়ে বের হওয়া ফরয বা ওয়াজিব? না, ফরয-ওয়াজিব কোনোটাই নয়। তবে এর উপর আমল না করার কারণে বড়ো একটা রহমত থেকে বঞ্চিত হতে হয়। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফলে যেই রহমত নাযিল হয় এবং আল্লাহ তা'আলার যেই মহব্বত লাভ হয়, সহজ এ আমলটি না করার ফলে ঐ নিয়ামত থেকে বঞ্চিত হতে হয়। এমনিভাবে ডান হাতে খানা খাওয়া, বিসমিল্লাহ বলে খানা খাওয়া, খানার শেষে শোকর আদায় করা এবং দু'আ পাঠ করা সুন্নাত। এগুলো কি ফরয ওয়াজিব? না, ফরয ওয়াজিব নয়। এমনটি না করা কি গোনাহ? না, গোনাহ নয়। এমনটি না করলে আল্লাহ তা'আলা পাকড়াও করবেন না। তবে না করার ফলে মানুষ নিজেকে এক বিশাল নিয়ামত থেকে বঞ্চিত করছে, যে নিয়ামত বিনামূল্যে লাভ হচ্ছিলো।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 ‘উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ সুন্নাতের ডায়েরী

📄 ‘উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ সুন্নাতের ডায়েরী


সুতরাং সব মানুষই নিজের কর্ম-কাণ্ডে সমীক্ষা করে দেখবে যে, আমি কোথায় কোথায় হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিয়েছি। আমাদের হযরতের কিতাব 'উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম' প্রসঙ্গে তিনি বলেন, তোমাদের জন্য আমি সুন্নাতের ডায়েরী বানিয়ে দিয়েছি। এই কিতাবকে সামনে রেখে সমীক্ষা চালাতে থাকো, কোথায় কোথায় তুমি সুন্নাতের প্রতি আমল করছো, আর কোথায় কোথায় ছেড়ে দিয়েছো। যেখানে আমল ছেড়ে দিয়েছো সেখান থেকে আমল শুরু করে দাও। এমন অনেক সুন্নাত রয়েছে, যেখানে কেবল আপনার সামান্য মনোযোগ প্রয়োজন। তাতে কোনো মেহনত, কষ্ট, পয়সা বা সময় ব্যয় হয় না। তবে কিছু সুন্নাত এমন আছে, যা সময় ও মেহনতের দাবীদার। সামান্য মেহনত করলে সেগুলোও আদায় করা সহজ হয়ে যাবে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 যতক্ষণ বাজারে লাউ পাবে অবশ্যই কিনবে

📄 যতক্ষণ বাজারে লাউ পাবে অবশ্যই কিনবে


আমাদের হযরত বলতেন, হযরত থানভী রহ. বলেন, আমি আমার বাড়িতে দেখতাম যে, দস্তরখানে লাউয়ের তরকারী থাকতো। বেশ কিছুদিন ধরে এ ধারা চলছিলো। বিবি সাহেবাকে জিজ্ঞাসা করলাম, লাগাতার লাউয়ের তরকারী পাকাচ্ছো যে? তিনি জবাবে বললেন, আমি একটি কিতাবে পড়েছি, লাউ হুযূর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দ ছিলো। এজন্য বাজারকারীকে বলেছি, যতো দিন বাজারে লাউ পাওয়া যাবে, অবশ্যই কিনবে। যাতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য ইত্তিবা নসিব হয়। হযরত থানভী রহ. বলেন, বিবি সাহেবার এই কথা শুনে আমার শরীর কেঁপে ওঠলো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটি না ফরয, না ওয়াজিব, বরং এটি তাঁর একটি অভ্যাস মাত্র। এই মহিলার সুন্নাতের প্রতি এতটা গুরুত্ব! আর আমরা নিজেদেরকে আলেম বলে থাকি, লোকেরা আমাদেরকে আলেম বলে জানে অথচ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এতটা গুরুত্ব আমাদের মধ্যে নেই।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 তিন দিন পর্যন্ত নিজের কর্ম-কাণ্ডের উপর সমীক্ষা চালাই

📄 তিন দিন পর্যন্ত নিজের কর্ম-কাণ্ডের উপর সমীক্ষা চালাই


এরপর থেকে আমি প্রতিজ্ঞা করি যে, যতক্ষণ পর্যন্ত আমি গোটা জীবনের কর্ম-কাণ্ড সমীক্ষা করে দেখবো যে, কোথায় কোথায় আমি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করছি না, ততক্ষণ পর্যন্ত আমি সম্মুখে অগ্রসর হবো না। সুতরাং তিন দিন পর্যন্ত নিজের কর্ম-কাণ্ডের উপর সমীক্ষা চালাতে থাকি। দেখলাম, কোথায় কোথায় সুন্নাতের অনুসরণ থেকে বঞ্চিত। পরে আল্লাহ পাকের ফযল ও করমে আমলের পথ স্পষ্ট হয়ে গেলো এবং যে সকল সুন্নাত ছুটে গেছিলো আল্লাহ সেগুলোর উপর আমল করার তাওফীক দান করেন। মোটকথা, এই ইত্তেবায়ে সুন্নাত এমন এক জিনিস, আপনি এর দিকে যতো অধিক পরিমাণে অগ্রসর হবেন, আল্লাহ তা'আলার মহব্বত ততো বেশি বদ্ধমূল হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00