📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 কোনো সুন্নাতই ছোট নয়

📄 কোনো সুন্নাতই ছোট নয়


আমাদের শাইখ হযরত ডা. আবদুল হাই আরেফী রহ. বলতেন, কোনো বান্দা কোনো সুন্নাতের উপর আমল করলে, তা দেখতে যতো ছোটই হোক না কেন, ঐ বান্দা আল্লাহর প্রিয়পাত্র হয়ে যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাতই ছোট নয়। প্রতিটি সুন্নাতই অসাধারণ। যেমন আপনি মসজিদে প্রবেশ করার সময় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা চিন্তা করে ডান পা দিয়ে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করতে মাসনুন দু'আ اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ পাঠ করলেন।' যদিও এটা ছোট একটা আমল। কিন্তু সুন্নাতের অনুসরণের উদ্দেশ্যে আপনি যখন আমলটা করবেন, তখন আপনি আল্লাহর প্রিয়পাত্র হয়ে যাবেন।

টিকাঃ
১. সহীহ মুসলিম, হাদীস নং ১১৬৫, সুনানে নাসায়ী, হাদীস নং ৭২১, সুনানে আবী দাউদ, হাদীস নং ৩৯৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৭৬৪, মুসনাদে আহমাদ, হাদীস নং ১৫৪৭৭, সুনানে দারেমী, হাদীস নং ১৩৫৮, দু'আর অর্থ: হে আল্লাহ। আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 তখন আপনি আল্লাহর প্রিয়পাত্র হলেন

📄 তখন আপনি আল্লাহর প্রিয়পাত্র হলেন


আপনি বাথরুমে প্রবেশ করছেন, তখন এই নিয়তে বাম পা দিয়ে এবং প্রবেশের পূর্বের নির্ধারিত দু'আ পাঠ করে প্রবেশ করলেন যে, এটা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে আপনি আল্লাহ তা'আলার প্রিয়পাত্র হয়ে গেলেন। বাথরুম থেকে বের হওয়ার সময় আপনি এই নিয়তে ডান পা আগে বের করলেন এবং বাইরে বেরিয়ে মাসনুন দু'আ পাঠ করলেন যে, এটা হুযূর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে আপনি আল্লাহর প্রিয়পাত্র হয়ে গেলেন। কেননা আপনি আল্লাহর মাহবুবের সুন্নাতের উপর আমল করেছেন। সুতরাং আপনি যতো বেশি সুন্নাতের অনুসরণ করতে থাকবেন, ততো বেশি আল্লাহর মহব্বত বৃদ্ধি পেতে থাকবে এবং পরিণতিতে দ্বীনের উপর আমল করা আপনার জন্য অধিকতর সহজ হতে থাকবে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 যেসব সুন্নাতে কোনো কষ্ট নেই

📄 যেসব সুন্নাতে কোনো কষ্ট নেই


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনেক। জীবনের প্রত্যেক শাখায় তাঁর সুন্নাত রয়েছে। কিন্তু কিছু কিছু সুন্নাত এমন আছে, যা অবলম্বন করতে কোনো কিছু ব্যয় করতে হয় না। সময় ব্যয় করতে হয় না। অর্থ ব্যয় করতে হয় না। কষ্ট-মেহনতও করতে হয় না। শুধু খেয়াল করলেই হয়। যেমন এইমাত্র বললাম, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা এবং বাম পা দিয়ে বের হওয়া সুন্নাত। বলুন, এটুকু আমল করতে কী এমন কষ্ট হয়? কতটা সময় ব্যয় হয়? কী পরিমাণ অর্থ ব্যয় হয়? আরে ভাই! পা তো বের করতেই হবে, শুধু একটু খেয়াল করার বিষয়। খেয়াল না করার কারণে সুন্নাতের রহমত ও বরকত থেকে আমরা বঞ্চিত হই। কেউ যদি প্রশ্ন করে, ডান পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া কি গোনাহ? জবাবে বলা হবে- না, গোনাহ নয়। তবে কী বাম পা দিয়ে বের হওয়া ফরয বা ওয়াজিব? না, ফরয-ওয়াজিব কোনোটাই নয়। তবে এর উপর আমল না করার কারণে বড়ো একটা রহমত থেকে বঞ্চিত হতে হয়। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফলে যেই রহমত নাযিল হয় এবং আল্লাহ তা'আলার যেই মহব্বত লাভ হয়, সহজ এ আমলটি না করার ফলে ঐ নিয়ামত থেকে বঞ্চিত হতে হয়। এমনিভাবে ডান হাতে খানা খাওয়া, বিসমিল্লাহ বলে খানা খাওয়া, খানার শেষে শোকর আদায় করা এবং দু'আ পাঠ করা সুন্নাত। এগুলো কি ফরয ওয়াজিব? না, ফরয ওয়াজিব নয়। এমনটি না করা কি গোনাহ? না, গোনাহ নয়। এমনটি না করলে আল্লাহ তা'আলা পাকড়াও করবেন না। তবে না করার ফলে মানুষ নিজেকে এক বিশাল নিয়ামত থেকে বঞ্চিত করছে, যে নিয়ামত বিনামূল্যে লাভ হচ্ছিলো।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 ‘উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ সুন্নাতের ডায়েরী

📄 ‘উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ সুন্নাতের ডায়েরী


সুতরাং সব মানুষই নিজের কর্ম-কাণ্ডে সমীক্ষা করে দেখবে যে, আমি কোথায় কোথায় হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিয়েছি। আমাদের হযরতের কিতাব 'উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম' প্রসঙ্গে তিনি বলেন, তোমাদের জন্য আমি সুন্নাতের ডায়েরী বানিয়ে দিয়েছি। এই কিতাবকে সামনে রেখে সমীক্ষা চালাতে থাকো, কোথায় কোথায় তুমি সুন্নাতের প্রতি আমল করছো, আর কোথায় কোথায় ছেড়ে দিয়েছো। যেখানে আমল ছেড়ে দিয়েছো সেখান থেকে আমল শুরু করে দাও। এমন অনেক সুন্নাত রয়েছে, যেখানে কেবল আপনার সামান্য মনোযোগ প্রয়োজন। তাতে কোনো মেহনত, কষ্ট, পয়সা বা সময় ব্যয় হয় না। তবে কিছু সুন্নাত এমন আছে, যা সময় ও মেহনতের দাবীদার। সামান্য মেহনত করলে সেগুলোও আদায় করা সহজ হয়ে যাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00