📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্যের সহজ পন্থা
এই আনুগত্য অর্জনের সহজ ও সংক্ষিপ্ত ব্যবস্থাপত্র, যা আল্লাহ পাক কুরআনুল কারীমে মহব্বত পয়দা করা সম্পর্কে বলেছেন, তা হলো,
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ
'আল্লাহ তা'আলা হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি সকল ঈমানদারকে বলুন, যদি সত্যিই তোমরা আল্লাহ তা'আলাকে মহব্বত করো, এর আরেকটি অর্থ হতে পারে, যদি তোমরা আল্লাহ তা'আলার সাথে মহব্বত করতে চাও তাহলে এর সহজ রাস্তা এই যে, তোমরা আমার অনুসরণ করো। অর্থাৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এর ফলে আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন।'
টিকাঃ
১. আলে ইমরান ১৩
📄 হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন, আল্লাহ তা‘আলা মহব্বত করবেন
বাহ্যত বলা দরকার ছিলো যে, আল্লাহকে মহব্বত করার সহজ রাস্তা হলো, তোমরা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে তখন আল্লাহ পাকের মহব্বত পয়দা হবে এবং তোমরা আল্লাহ তা'আলাকে মহব্বত করতে শুরু করবে, কিন্তু এভাবে বলেননি। বরং বলেছেন, যদি আল্লাহ তা'আলাকে মহব্বত করতে চাইলে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তা'আলা তোমাদেরকে মহব্বত করবেন। এভাবে কেন বললেন? প্রকৃতপক্ষে এর দ্বারা এদিকে ইঙ্গিত করা উদ্দেশ্য যে, তোমরা আল্লাহর সাথে মহব্বত করতে চাও কীভাবে! আল্লাহ কোথায়, আর তোমরা কোথায়! তোমাদের অস্তিত্ব অসম্পূর্ণ, তোমাদের সত্তা অসম্পূর্ণ ও সীমাবদ্ধ। ওদিকে আল্লাহর সত্তা অবিনশ্বর ও অসীম। সুতরাং তোমরা আল্লাহ তা'আলার সাথে মহব্বত কীভাবে করবে? আল্লাহ তা'আলার সাথে প্রকৃত ভালোবাসা ও তার পূর্ণতা তোমাদের কীভাবে লাভ হতে পারে? অবশ্য তোমরা যদি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ তা'আলা তোমাদেরকে মহব্বত করবেন। পরে এই মহব্বতের প্রতিবিম্ব তোমাদের অন্তরে পড়বে। এই প্রতিবিম্বের নামই আল্লাহ তা'আলার মহব্বত।