📄 বিলোপই শুরু, বিলোপই শেষ
হযরত হাকীমুল উম্মত (কু.সি.) বলেন, আমাদের শাইখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কী রহ.-এর প্রথম ও শেষ সবক ছিলো 'বিলোপ আর বিলোপ'। অর্থাৎ, নিজেকে মিটানো। তিনি বলেন, যে শাইখগিরি, পীরগিরি ও শান-শওকতের পথ অবলম্বন করে, আমাদের তরীকার বাতাসও তার গায়ে লাগেনি। এজন্য সাধারণ মানুষের মতো থাকো। শান-শওকত বানানোর প্রয়োজন নেই। আড়ম্বর পরিহার করো। নিজের প্রকৃত অবস্থা সামনে রাখো। এর দ্বারা আল্লাহ তা'আলার নিয়ামতের উপলব্ধি আসবে, শোকরের তাওফীক লাভ হবে এবং আল্লাহ পাকের মহব্বত পয়দা হবে।
📄 চতুর্থ পদ্ধতি: আল্লাহওয়ালাদের সোহবত
হযরত থানভী রহ. মহব্বত সৃষ্টিকারী চতুর্থ উপায় বর্ণনা করতে গিয়ে বলেন, 'কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা'। এটাও আল্লাহর মহব্বত পয়দা করার শক্তিশালী মাধ্যম। বরং সম্ভবত সর্বাধিক শক্তিশালী মাধ্যম। এজন্য আল্লাহওয়ালাদের সাথে যতো মহব্বত হবে, যতো সম্পর্ক কায়েম হবে, যতো এঁদের সাথে ওঠা-বসা হবে, যতো সঙ্গ লাভ হবে; অন্তরে আল্লাহর মহব্বত ততো বৃদ্ধি পাবে। আমাদের হযরত একটি কবিতা পড়তেন,
ملنے والوں سے راہ پیدا کر
ان سے ملنے کی یہی اک راہ
তাঁর মিলন লাভের পদ্ধতি এই যে, যারা তাঁর মিলন লাভ করেছেন তাদের পথ ধরো, তাদের সাথে সম্পর্ক গড়ো; তাহলে ইনশাআল্লাহ তাঁকেও লাভ করতে পারবে। সুতরাং যারা আল্লাহওয়ালা, যাদের আত্মা আল্লাহ তা'আলার মহব্বতে পরিপূর্ণ, তাদের সাহচর্য অবলম্বন করার দ্বারা, তাদের নিকটে অবস্থান করার দ্বারা, তাদের সাথে সম্পর্ক স্থাপন করার দ্বারা, তাদেরকে মহব্বত করার দ্বারা আপনার আত্মার আল্লাহর মহব্বত পয়দা হবে।
📄 আল্লাহর মহব্বত বদ্ধমূল করছি
আমার ওয়ালেদ মাজেদ হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী' ছাহেব রহ. প্রায়ই এই ঘটনা শোনাতেন যে, একবার হযরত থানভী রহ. তাঁর মজলিসে আল্লাহ তা'আলার মহব্বত ও তাঁর রাসূলের মহব্বত নিয়ে আলোচনা করছিলেন। হযরত খাজা আযীযুল হাসান মাজযূব রহ.-ও সেখানে উপস্থিত ছিলেন। বয়ানের মাঝখানে হযরত খাজা ছাহেব বললেন, হযরত! আল্লাহর ওয়াস্তে আমার আত্মার আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বত ভরে দিন। হযরত থানভী রহ. বললেন, আমি এছাড়া আর কি করছি! এই যে বয়ান হচ্ছে, এর দ্বারা তোমার অন্তরে আল্লাহর মহব্বত ভরা হচ্ছে। এছাড়া আমি আর কি করছি!
মোটকথা, যখন মানুষ আল্লাহওয়ালদের সোহবতে বসে, তাঁদের কথা শোনে, তাঁদের বাণী আহরণ করে এবং তাঁদের কার্যকলাপ দেখে, তখন এর দ্বারা আল্লাহ তা'আলার মহব্বত পয়দা হয়। আল্লাহ তা'আলার সাথে সম্পর্ক সুদৃঢ় হয়। এজন্য হযরত থানভী রহ. বলেন, কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করো।
📄 পঞ্চম পদ্ধতি: নিয়মিত ইবাদত করা
হযরত বলেন, আল্লাহর মহব্বত লাভের পঞ্চম উপকরণ 'নিয়মিত ইবাদত করা'। অর্থাৎ, আল্লাহ তা'আলার বিধিবিধান মেনে চলা। যতো বেশি আনুগত্য করবে ততো বেশি মহব্বত বৃদ্ধি পাবে। আল্লাহ তা'আলা 'মহব্বত' ও 'আনুগত্যে'-র মধ্যে অদ্ভুত সম্পর্ক রেখেছেন। তা হচ্ছে এই যে, 'আনুগত্য' দ্বারা মহব্বত সৃষ্টি হয় এবং সেই 'মহব্বত' দ্বারা অধিক 'আনুগত্য' লাভ হয়। আবার এই আনুগত্যের ফলে আরো অধিক 'মহব্বত' লাভ হয়। এ এক অনিঃশেষ ধারা, যা কখনও শেষ হয় না।