📄 আমেরিকার ভীরুতা
আপনারা লক্ষ করছেন, এতো বড়ো পরাশক্তি (আমেরিকা)- যার শক্তি ও ক্ষমতার ঢোল সারা পৃথিবীতে বাজে- সেও নিজের বীরত্ব প্রদর্শনের জন্য দুর্বল মুসলিমদেরকেই হাতে পেয়েছে। আফগানিস্তান যার নিকট না কোনো যুদ্ধ বিমান ছিলো, না আধুনিক সমরাস্ত্র ছিলো, না সুসংহত কোনো সেনাবাহিনী ছিলো, বা ঐ দেশ (ইরাক) যার উপর বছর বছর ধরে নিষেধাজ্ঞা আরোপ করা ছিলো, যে এক পুরিয়া ঔষধও বাহির থেকে আনাতে পারতো না, আকাশে যার বিমানের ওড়ার অনুমতি ছিলো না, তাদের উপর নিজেদের শক্তির প্রদর্শনী করলো। উপরন্তু আমেরিকা একা নয়, বরং ব্রিটেন ও অন্যান্য মিত্র দেশের সৈন্যবাহিনী যৌথভাবে আক্রমণ করলো। যতদিন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) ছিলো, ততদিন কোনো দেশের উপর আক্রমণ করার সাহস তার হয়নি। কিন্তু যখন তার প্রতিপক্ষ শেষ হয়েছে, নিরস্ত্র মুসলিমরা হাতে এসেছে, তখন সেই নিরস্ত্রদের উপর আক্রমণ করার এবং তাদের উপর নিজেদের বীরত্ব প্রকাশ করার সাহস হয়েছ।
📄 কতো দিন পর্যন্ত এমন আক্রমণ হবে?
মুসলিম উম্মাহ্র উপর আক্রমণ করার ইচ্ছা করতে শত্রুর শরীরে কম্পন সৃষ্টি হবে, নিজেদেরকে এমন প্রতিপক্ষ না বানানো পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। কাল আফগানিস্তানের উপর আক্রমণ করেছে, আজ ইরাকের উপর আক্রমণ করেছে, আগামীকাল অন্য কোনো মুসলিম দেশের উপর আক্রমণ করবে। কিন্তু মুসলিম উম্মাহ যদি কুরআনে কারীমের এই হুকুমের উপর আমল করে,
وَأَعِدُّوا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ
অর্থাৎ, যেই শক্তি প্রস্তুত করতে তোমরা সক্ষম সেই শক্তি প্রস্তুত করো', তাহলে ইনশাআল্লাহ শত্রু আমাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস করবে না। তবে দুর্নীতিগ্রস্থ পরিবেশে এমন শক্তি প্রস্তুত হতে পারে না। এমন শক্তি তখন প্রস্তুত হবে, যখন আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবো এবং দুর্নীতিকে বিলুপ্ত করবো।
টিকাঃ
১. সূরা আনফাল, আয়াত-৬০
📄 এসব ব্যাধি থেকে আত্মাকে পরিশুদ্ধ করুন
এ সমস্ত অন্যায় অপকর্ম এজন্য সৃষ্টি হচ্ছে যে, আমাদের অন্তরে সম্পদের ভালোবাসা বদ্ধমূল। অন্তরে জাগতিক ভোগ-বিলাসিতার ভালোবাসা বদ্ধমূল। অন্তরে স্বার্থপরতা ও ব্যক্তি-স্বার্থের ভালোবাসা বদ্ধমূল। এ ভালোবাসা আমাদেরকে ধ্বংস করেছে। কুরআনে কারীমের বক্তব্য হলো,
وَالَّذِينَ هُمْ لِلزَّكُوةِ فَعِلُونَ
অর্থাৎ, সফল ঈমানদারগণ নিজেদেরকে এসব ব্যাধি থেকে পরিশুদ্ধ করে। আপনারা যদি এসব ব্যাধি থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করেন, তাহলে সফলতা লাভ করবেন। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এসব কথার উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।
وَاَخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ