📄 বাতি থেকে বাতি জ্বলে
যাই হোক, মানুষের যদি নিজের বিষয়ে চিন্তা না থাকে আর অন্যের সংস্কার-সংশোধনের চিন্তা নিয়ে উঠে দাঁড়ায় এবং অন্যের দোষ তালাশ করে, তাহলে এভাবে সমাজ সংশোধিত না হয়ে বরং অধিক ফেৎনা-ফাসাদের পথ খুলে অধিক বিকৃতি ঘটবে। যেমনটি আমাদের সামনে রয়েছে। আল্লাহ তা'আলা যদি আমাদের অন্তরে এই চিন্তা জাগ্রত করে দেন যে, আমরা প্রত্যেকে নিজের দোষগুলোর উপর জরিপ চালাবো যে, আমি কি কি ভুল কাজ করছি? তারপর তা সংশোধনের চিন্তা করবো। দশ বছর জীবন অবশিষ্ট থাক বা পনের-বিশ বছর, পরিশেষে প্রত্যেককে নিজের কবরে যেতে হবে। আল্লাহর সামনে নিজের সমস্ত আমলের জওয়াব দিতে হবে। একথা সামনে রেখে নিজের জীবনের উপর সমীক্ষা চালাবে, নিজের অবস্থাকে পর্যবেক্ষণ করবে, যেখানে যেখানে খারাপ কিছু দৃষ্টিগোচর হবে তা সংশোধনের পদক্ষেপ গ্রহণ করবে। এরপর কোনো সংগঠন বা দল যদি নাও বানায় কিন্তু কমপক্ষে নিজেকে নিজে সংশোধন করে। নিজে সঠিক পথে চলতে আরম্ভ করে। তাহলে কুরআনে কারীমের এ হুকুমের উপর আমল হবে। এক থেকে দুই, দুই থেকে তিন এভাবে চলতে থাকবে। বাতি থেকে বাতি জ্বলে এবং প্রদীপ থেকে প্রদীপ আলোকিত হয়। এভাব দ্বীনের এ পন্থা অন্যদের পর্যন্তও পৌছে থাকে। আল্লাহ তা'আলা আমাদের অন্তরে এ চিন্তা জাগ্রত করে দিন। নিজেদেরকে সংশোধন করার হিম্মত ও তাওফীক দান করুন। তাঁর পথে চলার তাওফীক দান করুন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ