📄 রোগের চিকিৎসা
আল্লাহ তা'আলা এই আয়াতের মধ্যে বলেন যে, হে ঈমানদারগণ! প্রথমে নিজের ব্যাপারে চিন্তা করো। তোমরা বলো, অমুক গোমরা হয়ে গেছে, অমুক ধ্বংস হয়ে গেছে। মনে রেখো! তুমি যদি সঠিক পথে থাকো, তাহলে তার বিপথগামিতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রত্যেক মানুষের সাথে তার নিজের আমল যাবে। এজন্য নিজেকে নিয়ে চিন্তা করো। তোমরা সকলে আল্লাহ তা'আলার নিকট ফিরে যাবে। সেখানে তিনি তোমাদেরকে বলবেন, তোমরা কী আমল করতে? তোমাদের আমল বেশি ভালো ছিলো, নাকি অন্যদের আমল? জানা তো নেই যার উপর আপত্তি করছেন, যার দোষ তালাশ করছেন, তার কোনো কাজ, তার কোনো আঙ্গিক, আল্লাহ তা'আলার নিকট এতো মাকবুল যে, সে আপনার চেয়ে আগে চলে যাবে। মোটকথা, শুধু আসর জমানোর জন্যে, শুধু কথার মজা ভোগ করার জন্যে আমরা যেসব কথা বলে থাকি, তা সংশোধনের পথ নয়।
📄 আত্মসমালোচনার মজলিস
হ্যাঁ, কোথাও যদি এ উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত করা হয় যে, সেখানে আত্ম-সমালোচনা করা হবে। নিজেদের মধ্যে কি কি দোষ রয়েছে, তা নিয়ে আলোচনা করা হবে। আর তাতে মানুষ এই নিয়তে অংশগ্রহণ করে যে, এসব কথা শুনবে, বুঝবে এবং সে অনুপাতে আমল করার চেষ্টা করবে, তাহলে এমন বৈঠক করা ঠিক আছে।
📄 মানুষের সর্ব প্রথম কাজ
মানুষের সর্ব প্রথম কাজ এই যে, নিজের রাত-দিনের উপর জরিপ চালাবে এবং দেখবে যে, আমি কতোটুকু কাজ আল্লাহর সন্তুষ্টি মোতাবেক এবং তাঁর বলা পদ্ধতি অনুপাতে করছি, আর কতোটুকু কাজ তার বিপরীত করছি। যদি দেখা যায় যে, তার বিপরীত করছি, তাহলে তা সংশোধনের পথ কী? আল্লাহ তা'আলা আমাদের অন্তরে এই চিন্তা জাগ্রত করে দিলে আমাদের সমাজও সংশোধিত হয়ে যাবে।
📄 সমাজ কি?
সমাজ কিসের নাম? মানুষের সমষ্টি হলো সমাজ। প্রত্যেকের যদি নিজের সংশোধনের চিন্তা জাগ্রত হয়, তাহলে পুরো সমাজ নিজে নিজে শুধরে যাবে। আর যদি প্রত্যেক ব্যক্তি অন্যের চিন্তা করে, নিজের চিন্তা বাদ দেয়, তাহলে পুরা সমাজ খারাপই থেকে যাবে।