📄 সব জিনিসের মধ্যেই ভেজাল রয়েছে
আমার ওয়ালেদ ছাহেব বলতেন, এটা ভেজালের যুগ। সব জিনিসের মধ্যে ভেজাল। গমের মধ্যে ভেজাল, ঘি-এর মধ্যে ভেজাল, দুধের মধ্যে ভেজাল। কোনো জিনিস খাঁটি পাওয়া যায় না। কিন্তু এই ভেজালের কারণে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, অমুক জিনিসের মধ্যে যেহেতু ভেজাল রয়েছে এজন্য তা খাবো না। যেমন ঘি ও তেলের মধ্যে ভেজাল রয়েছে, এজন্য আগামীতে ঘি ও তেল ব্যবহার করবো না, গ্রীজ ব্যবহার করবো। এটা করি না। বরং এই ভেজালের যুগেও আমরা খোঁজ করি যে, কোথায় ভালো ঘি পাওয়া যায়, কোথায় ভালো তেল পাওয়া যায়। সেখান থেকে সংগ্রহ করে ব্যবহার করি। তিনি বলতেন, সব জিনিসের মধ্যে যখন ভেজাল তাই আল্লাহ ওয়ালাদের মধ্যেও ভেজাল আছে। কিন্তু কেউ তালাশ করলে আল্লাহ তা'আলা তাকে সঠিক জায়গায় পৌঁছিয়ে দিবেন। আজও সংশোধনকারীগণ বিলুপ্ত হয়ে যাননি।
📄 যেমন আত্মা, তেমন ফেরেশতা
দ্বিতীয় কথা এই যে, এ যুগে আপনি যদি মনে করেন যে, আমার ইসলাহের জন্যে জুনায়েদ বাগদাদী রহ. প্রয়োজন, শাইখ আব্দুল কাদের জিলানী রহ. প্রয়োজন, তাহলে এটা নির্বুদ্ধিতা হবে। কারণ নিয়ম হলো, 'যেমন আত্মা তেমন ফেরেশতা'। আপনি যেই মাপের, আপনার সংশোধনকারীও হবে সেই মাপের। এজন্য এখন পূর্বের যুগের মাপকাঠির সংশোধনকারী পাওয়া যাবে না। কিন্তু এমন সংশোধনকারী অবশ্যই পাওয়া যাবে, যিনি আপনার ইসলাহের জন্য যথেষ্ট। এজন্য কোনো আল্লাহওয়ালাকে খুঁজে নিন। তার কাছে যাওয়ার চেষ্টা করুন। নিজের সংশোধনের ফিকির করুন। ইনশাআল্লাহ, আল্লাহ তা'আলা অবশ্যই সাহায্য করবেন।
📄 সারকথা
সারকথা এই যে, কুরাআনে কারীম এই আয়াতের মধ্যে আমাদের আখলাককে পরিশুদ্ধ করার নির্দেশ দিয়েছে। আখলাক দ্বারা অভ্যন্তরীণ আমল উদ্দেশ্য। আখলাককে পরিশুদ্ধ করার উত্তম ও সহজ পন্থা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করা। এজন্য আল্লাহ ওয়ালাদেরকে তালাশ করুন। তাদের সোহবত অবলম্বন করুন। তাদের মাধ্যমে নিজেদের সংশোধনের চেষ্টা করুন। তাহলে আল্লাহ তা'আলা সাহায্য করবেন। আল্লাহ তা'আলা আমাকেও এবং আপনাদেরকেও এর উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ