📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 এসব জিনিস তারবিয়াতের মাধ্যমে লাভ হয়

📄 এসব জিনিস তারবিয়াতের মাধ্যমে লাভ হয়


এখন প্রশ্ন হলো, এসব জিনিস অন্তরে অর্জন হয় কীভাবে? ভালো করে বুঝুন যে, এসব জিনিস শুধু কিতাব পড়ার দ্বারা লাভ হয় না, শুধু বয়ান শোনার দ্বারা লাভ হয় না, বরং এর জন্য তারবিয়াতের প্রয়োজন পড়ে। পূর্বে আমি আলোচনা করেছি যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীরূপে প্রেরণের পিছনে যেসব উদ্দেশ্যের কথা কুরআনে কারীম আলোচনা করেছে তার মধ্যে একটি উদ্দেশ্যে এই যে, আপনি মানুষের নীতি-চরিত্রকে পরিশুদ্ধ করবেন। তাদের আত্মা থেকে নীতিহীনতার নোংরামী দূর করবেন। এ কাজ তারবিয়াতের মাধ্যমে হয়। ইসলামী শাস্ত্রসমূহের মধ্যে তাওসাউফ যেই শাস্ত্রের নাম, তার আসল উদ্দেশ্যই হলো আখলাকের তারবিয়াত করা। আপনারা 'ফিকহ' শব্দ শুনেছেন। 'ফিকহ' ঐ শাস্ত্রকে বলে, যার মধ্যে যাহেরী আমলের বিধিবিধান বর্ণনা করা হয়। কোনটা জায়েয, কোনটা নাজায়েয? কোনটা হালাল, কোনটা হারাম? নামাযের সময় কোনটা? কীভাবে নামায পড়লে তা শুদ্ধ হয়, কীভাবে পড়লে অশুদ্ধ হয়? রোযার বিধান কি? যাকাতের বিধান কি? হজ্বের বিধান কি? এসব বিষয় ফিকহশাস্ত্রে বর্ণনা করা হয়। এসব বিধানের সম্পর্ক যাহেরী আমলের সঙ্গে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 তাসাউফশাস্ত্র সম্পর্কে ভুল বুঝাবুঝি

📄 তাসাউফশাস্ত্র সম্পর্কে ভুল বুঝাবুঝি


আখলাকের সাথে সম্পৃক্ত যেসব বিষয় আমি আলোচনা করছি, সেগুলোর বর্ণনা এবং সেগুলো অর্জন করার পদ্ধতি তাসাওউফশাস্ত্রে আলোচনা করা হয়। বর্তমানে মানুষ তাসাওউফশাস্ত্র সম্পর্কে অতিরঞ্জন ও অতিশৈথিল্যের শিকার। কতক মানুষ মনে করে যে, শরীয়তের সাথে তাসাওউফের কোনো সম্পর্ক নেই। কুরআনে কারীম এবং হাদীস শরীফের কোথাও তাসাওউফের কথা উল্লেখ নেই। তাসাওউফ গ্রহণ করা বিদ'আত। ভালো করে বুঝুন! কুরআনে কারীম এবং হাদীস শরীফে নৈতিক চরিত্রের সংশোধনের যেই নির্দেশ এসেছে তাই তাসাওউফের বিষয়বস্তু। এজন্য তাসাওউফ কুরআনে কারীম ও হাদীস শরীফের পরিপন্থী কিছু নয়। অপরদিকে কতিপয় লোক তাসাওউফকে ভুল ব্যাখ্যায় উপস্থাপন করেছে। তাদের নিকট তাসাওউফের অর্থ মোরাকাবা করা, কাশফ অর্জন হওয়া, ইলহাম হওয়া, স্বপ্ন এবং তার ব্যাখ্যা জানতে পারা এবং কারামত অর্জন হওয়া ইত্যাদি। তাদের নিকট এগুলোরই নাম তাসাওউফ। এর ফলে তারা কতক সময় তাসাওউফের নামে শরীয়তপরিপন্থী কাজ আরম্ভ করে দিয়েছে। এ ব্যাপ্যারে তারা দু'ধরনের হস্তক্ষেপ করেছে।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 তাসাউফের বিষয়ে দুটি ভুল হস্তক্ষেপ

📄 তাসাউফের বিষয়ে দুটি ভুল হস্তক্ষেপ


এক ধরনের হস্তক্ষেপ তো এই করেছে যে, যে সব লোক নিজেদেরকে 'সূফী' বলেও আখ্যা দেয়, আবার ভাং-ও সেবন করে আর বলে যে, ভাং মৌলভীদের জন্য হারাম হলেও সূফীদের জন্য হালাল। কারণ আমরা তো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ভাঙ্গ পান করে থাকি। নাউযুবিল্লাহ! আল্লাহ জানেন, আরো কতো ধরনের অসার কথাবার্তা, গলদ আকীদা ও শিরকী চিন্তা-ভাবনার নাম দিয়েছে তাসাওউফ।
দ্বিতীয় হস্তক্ষেপ এই করেছে যে, মুরীদরা হলো পীরের দাস। একবার কাউকে পীর বানালে সে পীর মদ পান করুক, জুয়া খেলুক, হারাম কাজ করুক, সুন্নাতকে পদদলিত করুক, কিন্তু পীর সাহেবের পীরগিরি ঠিকই থাকে। মুরীদকে তার পদচুম্বন করতে হবে। কয়েকদিন পর পর তার সামনে নজরানা পেশ করতে হবে। কারণ এভাবে পীর সাহেবকে খুশি না করা পর্যন্ত তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নাউযুবিল্লাহ! তাসাওউফের এই রূপরেখা না কুরআনে আছে, না হাদীসে আছে। শরীয়ত ও সুন্নাতের সাথে এর কোনো সম্পর্ক নেই।

📘 তাসাওউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, পথ পদ্ধতি > 📄 তাসাউফের সঠিক রূপরেখা

📄 তাসাউফের সঠিক রূপরেখা


তাসাওউফের প্রকৃত রূপরেখা নীতি-চরিত্র ও অভ্যন্তরীণ আমলের সংশোধন। এর জন্য সুন্নাতের অনুসারী সঠিক ইলমের ধারক এবং সঠিক আকীদায় বিশ্বাসী ব্যক্তিকে নিজের অনুসরণীয় বানানো জরুরী। যিনি কোনো মুরুব্বীর মাধ্যমে নিজের তারবিয়াত করিয়েছেন। তার কাছে গিয়ে বলবে যে, আমি আপনার দিকনির্দেশনা চাই। তিনি তাকে দিকনির্দেশনা দান করবেন। যেমন সাহাবায়ে কেরাম রাযি. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মুরুব্বী বানিয়েছিলেন। তাঁর তারবিয়াত গ্রহণ করেছিলেন। তাঁর মাধ্যমে নিজেদের আমল-আখলাক সংশোধন করেছিলেন। তাঁর আনুগত্য করেছিলেন। এ রূপরেখা পরিপূর্ণ সঠিক। এ পীর-মুরীদী বিশুদ্ধ এবং কুরআন-হাদীস ভিত্তিক। কুরআন-হাদীসের বিভিন্ন জায়গায় উত্তম চরিত্র গ্রহণের শিক্ষা দেওয়া হয়েছে। একহাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
إِنَّمَا بُعِثْتُ لِأُتَيْمَ مَكَارِمَ الْأَخْلَاقِ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00