📄 লক্ষ্যপূর্ণ জীবন
আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীতে প্রতিটি মানুষের চলার পথ ভিন্ন ভিন্ন রাখলেও সকলের গন্তব্য একই নির্ধারণ করে রেখেছেন। আমাদের জীবনের অবস্থানগত দিক হাযারো বৈচিত্র্যে ভরপুর থাকলেও পরিসমাপ্তির জায়গাটা সকলের জন্য এক। আমরা প্রত্যেকেই জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে একটি সুনির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছি। এমনকি মহাকালের জীব-জড় সকল প্রাণী ও বস্তুই সেই একক মহাগন্তব্যের পথে ধাবমান। এসব কিছু থেকে সুস্পষ্টই প্রতীয়মান হয়, আমাদের জীবনটা কিছুতেই লক্ষ্যহীন নয়। প্রতিবার মৃতজনের অনন্তযাত্রার সংবাদপ্রাপ্তিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ (নিশ্চয়ই আমরা আল্লাহ্ জন্য এবং তাঁর কাছেই আমাদের প্রত্যাবর্তন) যে শব্দবন্ধটি আমাদের মুখ থেকে বের হয়, তা আমাদেরকে জীবনের সেই চূড়ান্ত লক্ষ্যের কথা গভীর উপলব্ধির সাথে স্মরণ করিয়ে দেয়।
মানবজীবন একমাত্র আল্লাহ্র উদ্দেশ্যেই নিবেদিত। আল্লাহ্র দাসত্বের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করাই হ’লে এ জীবনের মূল লক্ষ্য। কিন্তু অধিকাংশ মানুষই বাস্তব জীবনে এসে এই মহাসত্যটি ভুলে যায়। জীবনের ঊষালগ্নে নবীন কিশোরের চোখের দ্যুতিতে পিতা-মাতা ও অভিভাবকগণ যে রঙিন স্বপ্নের ঝিলিক এঁকে দেন সযতনে, তা জাগতিক প্রয়োজনে কিংবা সামাজিক বলয়ে নিজের স্বতন্ত্র অবস্থানের জানান দেয়ার তাড়নায় বড় সৌন্দর্যমণ্ডিত হয়ে ধরা দেয় বটে; কিন্তু জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে সেটি নিছক একটি নিমিত্ত ভিন্ন কিছুই নয়। তবুও জৈবিক স্বপ্ন পূরণের সাধনাই পরিশেষে আমাদের অধিকাংশের জীবনের চূড়ান্ত গন্তব্যে পরিণত হয়। যার অনিবার্য ফলস্বরূপ দুনিয়াবী প্রাপ্তির গর্ব অথবা অপ্রাপ্তির বেদনা আমাদের ভাবনাজগতকে সর্বদা বেসামাল করে রাখে। অথচ জীবনের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে কোন অবস্থাতেই এসব ক্ষণস্থায়ী লোভনীয় বস্তুতে প্রতারিত হওয়ার কথা ছিল না।
আল্লাহ রাব্বুল আলামীন প্রয়োজন ব্যতিরেকে পৃথিবীতে কোন কিছুই সৃষ্টি করেননি। পৃথিবী পরিচালনার জন্য তিনি বিভিন্ন মানুষকে বিভিন্ন মেধা দিয়ে প্রেরণ করেছেন। মানুষ আল্লাহ প্রদত্ত এই মেধা ব্যবহারের মাধ্যমে পার্থিব জীবনকে নানা মাত্রায় সুষমামণ্ডিত করে মানবসভ্যতাকে অগ্রযাত্রার পথে এগিয়ে নিয়ে চলেছে। ক্বিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতার কোন ছেদ ঘটবে না। সুতরাং সমাজের প্রত্যেকে আলেমে দ্বীন, কিংবা চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী হবে; এমন কোন বাধ্যবাধকতা ইসলামে নেই। বরং যার যার মেধা ও আগ্রহ অনুযায়ী মানুষ পেশা বেছে নিতে পারে। তবে চূড়ান্ত বিচারে প্রতিটি কর্মের লক্ষ্য হতে হবে আল্লাহ্র সন্তুষ্টি; এটাই হ’লে ইসলামী জীবনদর্শনের মূলকথা।
জীবনের মূল লক্ষ্যের এই তাৎপর্য অনুধাবন না করতে পারার কারণে অনেক দ্বীনদার ভাইকেও কখনও এমন হতাশায় নিক্ষিপ্ত দেখা যায় যে, তিনি ক্যারিয়ারের পিছনে সময় দিতে গিয়ে দ্বীনের কাজে যথেষ্ট সময় দিতে পারেন না। অথচ এটাই সত্য যে, তিনি যে হালাল ‘ক্যারিয়ার’ গঠনে সময় দিচ্ছেন এবং এর মাধ্যমে জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন, সেটিই তার জন্য ‘ইবাদত’ হ’তে পারে, যদি এর মাধ্যমে তিনি আল্লাহ্র সন্তুষ্টি অর্জন ও মানবতার সেবার সংকল্প করে থাকেন। অপরদিকে যে ব্যক্তি দ্বীনের খেদমতে ব্যস্ত রয়েছেন, অথচ তার লক্ষ্য হল দুনিয়া; তার দ্বীনের খেদমত আর ‘ইবাদত’ থাকে না। কেননা আল্লাহকে খুশী করা তার মূল লক্ষ্য নয়। তেমনিভাবে একজন ব্যক্তি যদি সর্বশ্রেষ্ট ইবাদত ছালাতও আদায় করে; অথচ ছালাতের উদ্দেশ্য সম্পর্কে সে সচেতন নয়, কেবল মানুষকে দেখানোর জন্য ছালাত আদায় করে; তার ছালাত আর ‘ইবাদত’ থাকে না; বরং ‘আদাত’ বা নিছক অভ্যাসগত কর্মে পরিণত হয়। এই লক্ষ্যহীন ছালাতে তার কোন ছওয়াব হয় না, চূড়ান্ত লক্ষ্য অর্জনেও কোন উপকারে আসে না। মোদ্দাকথা, জীবনের মহান লক্ষ্যকে সামনে রাখতে পারলে মানুষের প্রতিটি পদক্ষেপই অর্থপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে লক্ষ্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান ও ঈমান না থাকলে অনেক সৎআমলও পরিশেষে অর্থহীন হয়ে যায়।
সুতরাং লক্ষ্যপূর্ণ জীবনই অর্থপূর্ণ জীবন। প্রতিটি কাজ আল্লাহ্র সন্তুষ্টির খালেছ নিয়তে করার প্রতিজ্ঞাকে সামনে রেখে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি কিংবা বহুল আলোচিত ‘ক্যারিয়ার’ গঠন করতে পারি, তবে কর্মক্ষেত্র যেখানেই হোক না কেন, পেশা যা-ই হোক না কেন, আমাদের জীবন প্রকৃত লক্ষ্য অর্জনের পথেই ধাবিত হবে ইনশাআল্লাহ। আর এই লক্ষ্যকে বুকে ধারণ করা এবং সেই মোতাবেক নিজেকে পরিচালনা করতে পারা এবং না পারার মধ্যেই একজন মানুষের দুনিয়া ও আখেরাতে সফলতা-ব্যর্থতা নির্ভর করছে।
একজন মুমিন তার জীবনের লক্ষ্যের উপর কতটা অটুট তার প্রাথমিক একটা প্রমাণ হয়ে যায় তার দৈনন্দিন ছালাত আদায়ের মধ্যেই। কেননা ছালাতই প্রভুর সাথে একান্ত সান্নিধ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ছালাত যে যত গুরুত্ব সহকারে এবং খুশ-খুযূ সহকারে আদায় করতে পারে, জীবনের লক্ষ্য সম্পর্কে তার সচেতনতা তত বেশী। এজন্য পবিত্র কুরআনে ছালাত আদায় নয়; বরং প্রতিবারই ছালাত কায়েমের কথা বলা হয়েছে। এই চেতনার উপর ছওয়াবেরও কম-বেশী হয়। রাসূল (ছাঃ) বলেন, এমনও লোক আছে (যারা ছালাত আদায় করে বটে; কিন্তু সঠিকভাবে রুকন ও শর্তগুলো পূরণ না করায় এবং ছালাতে একাগ্রতা ও খুশু-খুযু না থাকায় ছালাতের পূর্ণ ছওয়াব পায় না) যাদের কেউ দশ ভাগের এক ভাগ, কেউ নয় ভাগের এক ভাগ, কেউ আট ভাগের এক ভাগ, কেউ সাত ভাগের এক ভাগ, কেউ ছয় ভাগের এক ভাগ, কেউ পাঁচ ভাগের এক ভাগ, কেউ চার ভাগের এক ভাগ, কেউ তিন ভাগের এক ভাগ, কেউবা অর্ধাংশ ছওয়াব পায় (আবুদাউদ হা/৭৯৬, সনদ হাসান)। অর্থাৎ জীবনের লক্ষ্যের সাথে যেমন আমাদের প্রতিটি পদক্ষেপের গভীর সংযোগ রয়েছে; তেমনিভাবে এর উপরই নির্ভর করে প্রতিটি ইবাদতের কুবুলিয়াত বা গ্রহণযোগ্যতা।
স্মর্তব্য যে, লক্ষ্য নির্ধারণ করার পর তা অর্জনের চেষ্টা করতে গিয়ে আমাদের তরুণরা প্রায়শই ভুল পথে হাটে। কখনও তারা কোন পছন্দের ব্যক্তিকে মানদণ্ড ধরে নিয়ে তাকে অন্ধভাবে হুবহু অনুসরণ করে। অথচ এটা সঠিক পদ্ধতি নয়। কেননা লক্ষ্য একই থাকলেও একেকজনের লক্ষ্য অর্জনের প্রকৃতি ও সফলতার ধরন একেক রকম। উদাহরণস্বরূপ আপেল গাছের নিচে বসে গবেষণা করলেই কেউ নিউটন হয়ে যায় না। মসজিদে নববীতে বসে পাঠগ্রহণ করলেই কেউ শায়খ উছায়মীন হয় না। সুতরাং কাউকে হুবহু অনুসরণ করাকে জীবনের লক্ষ্য অর্জনের মাধ্যম হিসাবে গ্রহণ রক্ষা যাবে না। বরং ইখলাছ তথা আল্লাহ্র সন্তুষ্টি অর্জনই যেন আমাদের জীবনের মূল উদ্দেশ্য হয়, তাহলে যে কোন লক্ষ্য পূরণ করা সম্ভব ইনশাআল্লাহ।
লক্ষ্য অর্জনের পথে আধুনিক তরুণদের মধ্যে অপর যে সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে তা হল, খ্যাতি বা আত্মপ্রচারের নেশা। যার অনিবার্য ফলাশ্রুতি হ’ল ইখলাছের ঘাটতি, সফলতার জন্য শর্টকাট রাস্তা খোঁজা, কপটতা এবং শেষমেষ ব্যর্থতা ও হতাশার সাগরে নিমজ্জিত হওয়া। তথ্যপ্রযুক্তি এবং নিত্য-নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসার এতে যোগ করেছে অবক্ষয়ের এক নতুন অধ্যায়। জীবনে বড় স্বপ্ন থাকার গুরুত্ব অপরিসীম। জীবনের যদি কোন বিশেষ লক্ষ্য না থাকে, মহৎ কিছুর স্বপ্ন না থাকে তবে সে জীবন সৃজনশীল ও সার্থক হয়ে গড়ে ওঠে না। সুতরাং তারুণ্যের স্বপ্নজগতের সীমা-পরিসীমা আকাশছোঁয়া থাকবে, এটাই প্রত্যাশিত। এপিজে আবুল কালামের মতে, ‘স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখ, বরং স্বপ্ন তা-ই যা তোমাকে ঘুমোতে দেয় না’। কিন্তু তার অর্থ এই নয় যে, স্বপ্ন হবে বাস্তবতাবিবর্জিত, স্বপ্ন ছোঁয়ার পথ ও পদ্ধতি হবে কোন শর্টকাট রাস্তায় কিংবা অসদুপায় অবলম্বন করে। আত্মপ্রচার, আত্মপ্রশংসা, সমাজে নাম-ডাক, প্রভাব- প্রতিপত্তি লাভের গোপন প্রত্যাশা কখনই স্বপ্ন বাস্তবায়নের পথ নয়।
কোন মহৎ স্বপ্ন অর্জন করতে গেলে তার পিছনে অবশ্যই দীর্ঘ সময় দিতে হয়। কঠোর পরিশ্রম করতে হয়। একাধারে তার পিছনে লেগে থাকতে হয়। তার প্রতি সৎ এবং বিশ্বস্ত থাকতে হয়। সর্বোপরি আল্লাহ প্রদত্ত যোগ্যতা এবং তাঁর রহমতে তা পরিপূর্ণতা লাভ করে। সুতরাং কোন স্বপ্ন অর্জনে একনিষ্ঠতা, সৎনিয়ত এবং সঠিক কর্মপন্থার কোন বিকল্প নেই। পৃথিবীতে সফল ব্যক্তিমাত্রই এক বাক্যে বলেছেন, জীবনে সফল হওয়ার জন্য কোন শর্টকাট পথ নেই। মানুষ ততটুকুই পাবে, যতটুকু সে চেষ্টা করেছে। একনিষ্ঠতা ও অধ্যবসায় না থাকলে কেউই সফল হ’তে পারে না।
অতএব সফলতা অর্জনে ইখলাছের কোন বিকল্প নেই। পৃথিবীতে যারাই সফলতার শিখরে আরোহণ করেছেন, তাদের প্রত্যেকের মাঝেই সাধারণ যে গুণ বা বৈশিষ্ট্যটি সর্বাধিক লক্ষ্যণীয় তা হ’ল একনিষ্ঠতা। যারা যে কাজে একনিষ্ঠ ও সৎ থেকেছেন, বিশ্বস্ততার সাথে নিজের কর্তব্য সমাধা করেছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে আবশ্যকভাবে সফলতার মুকুট পরেছেন। যদিওবা কেউ জীবদ্দশায় সফল হননি, তবুও পরবর্তী প্রজন্ম তার ফসল যুগ যুগ ধরে ভোগ করে গেছে। অপরপক্ষে কোন কাজ যদি সততা, একনিষ্ঠতা, বিশ্বস্ততা ও আমানতদারিতার সাথে না করা হয়, তবে যত বড় কাজই হোক না কেন, তাতে সফলতা আসতে পারে না। সাময়িকভাবে তা কখনও রঙ চড়ালেও এক সময় তা বুদবুদের মতই হারিয়ে যায়।
ইখলাছহীন কর্ম যেমন দুনিয়াবী জীবনে সফলতা পায় না, তেমনি পরকালীন জীবনেও তার কোন মূল্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, ‘আল্লাহ কেবল মুত্তাকীদের আমলই গ্রহণ করে থাকেন’ (মায়েদা ৫/২৭)। রাসূল (ছাঃ)- কে একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, সেই ব্যক্তি সম্পর্কে আপনি কী বলবেন যে আল্লাহ্র রাস্তায় যুদ্ধ করে নেকীও লাভ করতে চায় আবার মানুষের মধ্যে প্রসিদ্ধিও অর্জন করতে চায়? রাসূল (ছাঃ) বললেন, তার জন্য কিছুই নেই। সেই ব্যক্তি তিনবার একই প্রশ্ন করল, রাসূল (ছাঃ) একই জবাব দিলেন। অতঃপর বললেন, আল্লাহ সেই আমল ব্যতীত কোন আমল কবুল করেন না, যে আমল কেবল তাঁরই উদ্দেশ্যে এবং তাঁরই সন্তুষ্টি লাভের প্রত্যাশায় করা হয় (নাসাঈ হা/৩১৪০, সনদ ছহীহ)। সুতরাং ইখলাছহীন আমল যে কত ভয়ংকর, তা এই হাদীছ থেকে দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে ফুটে ওঠে।
একজন পশ্চিমা লেখকের ভাষায়, ‘একনিষ্ঠতা একজন অতি সামান্য ব্যক্তিকেও ‘প্রবল মেধাবী, অথচ কপট’-এমন ব্যক্তির চেয়ে অধিকতর মূল্যবান করে তোলে’ (Sincerity makes the very least person to be of more value than the most talented hypocrite)। অর্থাৎ সুতরাং তরুণ সমাজ যারা আপন মেধা বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাদের প্রতি আহ্বান থাকবে, আত্মপরতা, আত্মপ্রচার, সমাজে নাম-ডাক লাভের আকাংখা প্রভৃতি আত্মবিনাশী রোগ যেন আমাদেরকে কোনমতেই গ্রাস না করে ফেলে। কেননা মেধার সাথে ইখলাছ, সততা ও আমানতদারিতা যদি যুক্ত না হয়, তবে সেই মেধা কখনই জাতির উপকারে আসবে না। খ্যাতির সাময়িক রঙিন জগত হয়ত পুলক যোগাবে, কিন্তু আদতে তা দুনিয়া ও আখেরাতে কোথাও সফলতার মুখ দেখবে না। এটাই আল্লাহ্ রীতি। সুতরাং সফলতা অর্জন করতে হলে অবশ্যই একনিষ্ঠ থাকতে হবে, নিজের অন্তর্জগতকে পরিশুদ্ধ রাখতে হবে, উদ্দেশ্যে সৎ থাকতে হবে এবং আমানতদারিতার সাথে নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। সর্বোপরি লক্ষ্যে অটুট থাকতে হবে। তবেই আল্লাহ্র রহমত নেমে আসবে এবং ব্যক্তি ও সমাজের জন্য তা একদিন কল্যাণময় পথের দিশারী হবে ইনশাআল্লাহ।
📄 নৈতিক দৃঢ়তা
ঈমান আনার পর আল্লাহ রব্বুল ‘আলামীন যে বিষয়টিকে সবিশেষ গুরুত্ব দিয়েছেন তা হ’ল ঈমানের উপর দৃঢ় থাকা। পবিত্র কুরআনের বহু আয়াতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঈমানী দৃঢ়তা অর্জনের জন্য আহ্বান করা হয়েছে মুমিনদেরকে। আল্লাহ বলেন, ‘হে মুহাম্মাদ! তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই সরলপথের ওপর দৃঢ় থাক, যেভাবে তোমাদের নির্দেশ দেয়া হয়েছে। আর তোমরা সীমালংঘন করো না। নিশ্চয়ই তোমরা যা কিছু করছ তা তিনি দেখছেন (হৃদ ১১২)। অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলেছে আমাদের প্রভু আল্লাহ এবং তার ওপর দৃঢ় থেকেছে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না (আহক্বাফ ১৩)। অনুরূপভাবে রাসূল (ছাঃ) নিজেও ছাহাবীদেরকে সতর্ক করেছেন। সুফিয়ান বিন আব্দুল্লাহ ছাক্বাফী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ছাঃ)-কে একবার জিজ্ঞেস করলাম, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলুন, যে সম্পর্কে আমি আর অন্য কাউকে জিজ্ঞেস করব না। নবী করীম (ছাঃ) বললেন, ‘তুমি বল, আমি ঈমান এনেছি, অতঃপর তার উপর প্রতিষ্ঠিত থাক’ (মুসলিম হা/৬২)।
ইস্তিক্বামাত তথা ঈমানী দৃঢ়তার সংজ্ঞা দিতে গিয়ে হাফেয ইবনুল কাইয়িম (রহঃ) বলেন, ‘ইস্তিক্বামাত এমন একটি শব্দ যা দ্বীনের সবকিছুকেই শামিল করে। এটি হ’ল আল্লাহ্ সম্মুখে পূর্ণ আমানতদারিতা এবং অঙ্গীকারাবদ্ধতা নিয়ে দণ্ডায়মান হওয়া। এর সম্পর্ক কথা, কর্ম ও নিয়তের সাথে। সবকিছু কেবলমাত্র আল্লাহ্ জন্য হওয়া, আল্লাহ্র পথে হওয়া এবং আল্লাহ্র নির্দেশ মোতাবেক হওয়ার মাধ্যমে ইস্তিকামাত অর্জিত হয়’ (মাদারিজুস সালিকীন)।
অন্যত্র তিনি বলেন, অন্তরে নৈতিক দৃঢ়তা বা ইস্তিক্বামাত সৃষ্টির মাধ্যম হ’ল, আল্লাহ্র আদেশ ও নিষেধকে গুরুত্ব প্রদান করা। আর সেটা জাগ্রত হয় আদেশ ও নিষেধকর্তা তথা আল্লাহ্র প্রতি শ্রদ্ধা পোষণের মাধ্যমে (আল-ওয়াবেলুছ ছাইয়েব)। কোন কোন বিদ্বান বলেন, ইস্তিক্বামাত হ’ল রাসূল (ছাঃ) প্রদর্শিত পথ অনুসরণ করা এবং প্রবৃত্তির পথে না চলা।
একজন মুসলমানের প্রকৃত পরিচয় পাওয়া যায় তার ইস্তিক্বামাত তথা নৈতিক ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে। যিনি যত শক্তিশালী ঈমানদার, তার নৈতিক দৃঢ়তা তত বেশী। শয়তানের প্রতারণা এবং দুনিয়াবী কোন লোভ-লালসার কাছে তিনি পরাজিত হন না। যদি কখনওবা নফসের প্ররোচনায় পদস্খলিত হনও, তবে সম্বিত ফিরে পাওয়া মাত্র নিজেকে সংশোধন করে নেন। অপরদিকে যিনি যত দুর্বল ঈমানদার, তার নৈতিক দৃঢ়তা তত কম। শয়তানের কাছে তিনি সহজেই পরাজিত হন। সামান্য দুনিয়াবী স্বার্থের টোকায় তিনি পথভ্রষ্ট হয়ে যান। এমনকি একসময় অন্তরে এমনভাবে মোহর পড়ে যায় যে, সংশোধনের পথ অনুসন্ধানের চেতনাটুকুও হারিয়ে ফেলেন।
সমাজে চলার পথে এমন ভুরি ভুরি উদাহরণ পাই, যারা একসময় দ্বীনের পথে চলতেন, কিন্তু দুনিয়াবী ব্যস্ততার অজুহাতে দ্বীন থেকে এত দূরে সরে গেছেন যে, ফরয ছালাতটুকুও নিয়মিত আদায় করেন না। অনেক মাদরাসা পড়ুয়া ছাত্রকে দেখা যায় কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সম্পূর্ণ ভিন্ন চেহারায় পরিবর্তিত হয়েছেন, এমনকি নিজের দ্বীনদারিতায় সমৃদ্ধ অতীতকে পর্যন্ত বেমালুম ভুলে গেছেন। অনেক ভাইকে দেখা যায়, তীব্র আবেগ নিয়ে দ্বীনের পথে এসেছেন, কিছুকাল পরই সে আবেগে ভাটা পড়ে আবার দ্বীন থেকে দূরে সরে গেছেন। জীবনের উষাকালে যে বোনটি পর্দার সাথে চলতেন এবং ধার্মিকা হিসেবে পরিচিত ছিলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করার পর সহসাই তিনি এখন দ্বীনের সাথে সম্পর্কচ্যুত। কিছুকাল পূর্বে যে ভাইটি সমাজে আদর্শবান ও দ্বীনী ব্যক্তিত্ব হিসাবে বরিত হয়েছেন, সময়ের আবর্তে তিনি এখন ভিন্ন চিন্তাধারা, ভিন্ন বসনের মানুষ। একসময় যিনি ছিলেন দ্বীনদার তরুণদের আইকন; তিনি এখন আদর্শহীন, চেতনাহীন, নিফাকীর সমুদ্রে নিজেকে হাতড়ে ফেরা এক পচনুন্মুখ বর্জ্যসদৃশ। এসবই ইস্তিক্বামাত হারানোর পরিণাম। ভয়ংকর ব্যাপার এই যে, কোন ব্যক্তি একবার দ্বীনের পথ থেকে বিচ্যুত হলে, খুব কম ক্ষেত্রেই দেখা গেছে যে, তিনি ফিরে আসতে পেরেছেন। শয়তানের চক্রান্ত তাদের উপর এত শক্তিশালীভাবে বিজয়ী হয়ে যায়, যে তা থেকে তওবার পথ যেন তাদের জন্য চিরতরে রুদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাযত করুন!
তারুণ্য ও যৌবনে পদার্পণকারী সত্যপিয়াসী ভাই ও বোনদের প্রতি বিনীত পরামর্শ- ইসলামকে প্রকৃত অর্থে জানুন এবং বুঝুন। দ্বীনকে স্বীয় চিত্তে দৃঢ়ভাবে ধারণ করুন। নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ্র আনুগত্যের কাছে সঁপে দিন। রাসূল (ছাঃ)-এর নির্দেশিত পথকে নিজের জন্য একান্ত আপন করে নিন। শয়তান ও প্রবৃত্তির পথে চলাকে নিজের জন্য কঠিন থেকে কঠিনতর করে দিন। আত্মসমালোচনা, তওবা-ইস্তিগফারকে নিজের দৈনন্দিন কর্মসূচীতে পরিণত করুন। এভাবে নিত্য প্রচেষ্টার মাধ্যমে যে নৈতিক ও আদর্শিক দৃঢ়তা সৃষ্টি হবে, তা-ই হকের উপর আমৃত্যু আমাদেরকে টিকিয়ে রাখবে। দুনিয়াবী স্বার্থের কাঁটা এবং শয়তানী চক্রান্ত সহজে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। পবিত্র কুরআনে এসেছে, আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্য দ্বারা মযবুত রাখেন ইহকালীন জীবনে ও পরকালে (কবরে) এবং সীমালংঘনকারীদের পথভ্রষ্ট করেন। বস্তুতঃ আল্লাহ যা চান তাই করেন’ (ইবরাহীম ১৪/২৭)। নিঃসন্দেহে সেই ‘দৃঢ় বাক্য’ হ’ল তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
এই নৈতিক দৃঢ়তা সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হ’ল, আল্লাহ্র সাথে সম্পর্ক সুদৃঢ় করা। নফল ইবাদত, যিকির-আযকার, হালাল-হারামের সীমারেখা মেনে চলার মাধ্যমে যে ব্যক্তি নিজেকে আল্লাহ্র যত নিকটবর্তী করে নিতে পারবে তার জন্য আল্লাহ্র উপর সর্বাবস্থায় ভরসা রাখা এবং দৃঢ় নৈতিক অবস্থান নিয়ে টিকে থাকা সহজ হয়ে যায়। সমস্ত দুনিয়াও যদি এরূপ ব্যক্তিদের বিরুদ্ধে চলে যায়, তবুও তারা বিচলিত হয় না, পদস্খলিত হয় না। এরূপ মুমিনদের লক্ষ্য করেই রাসূল (ছাঃ) বলেছেন, ‘মুমিনের ব্যাপারটি বড়ই বিস্ময়কর। তার সমস্ত বিষয়টিই কল্যাণময়। মুমিন ব্যতীত আর কারু জন্য এরূপ নেই। যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে শুকরিয়া আদায় করে। ফলে এটা তার জন্য কল্যাণকর হয়। আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে, তখন সে ছবর করে। ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়’ (মুসলিম হা/২৯৯৯)। আল্লাহ আমাদের সকল ভাই-বোনকে দৃঢ় নৈতিকতাসম্পন্ন ও আদর্শবান বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আমীন!
📄 ইতিবাচকতা
আমেরিকান শিক্ষাবিদ স্টিফেন কভেই (১৯৩২-২০১২)-এর মতে, আমাদের দৈনন্দিন জীবনের সাধারণতঃ ১০% বিষয় এমন থাকে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু বাকি ৯০% বিষয় হল কোন ক্রিয়াকে কেন্দ্র করে আমাদের প্রতিক্রিয়ার ফলাফল। এটি তার ‘৯০/১০ তত্ত্ব’ নামে পরিচিত। তিনি উদাহরণ দেন, যেমন আপনি সকালে নাশতার টেবিলে বসলেন। এ সময় আপনার সন্তানের হাতে লেগে কফির মগটি আপনার জামায় উল্টে পড়ল। এ বিষয়টির উপর না আপনার কোন নিয়ন্ত্রণ বা হাত ছিল, আর না আপনার সন্তানের। একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা। কিন্তু এর পরবর্তীতে যা ঘটবে তা আপনার নিয়ন্ত্রণাধীন। কীভাবে? যদি আপনি এ ঘটনায় তাৎক্ষণিক কঠোর প্রতিক্রিয়া দেখান, রাগান্বিত হন এবং আপনার সন্তানকে ধিক্কার দেন; তাহ’লে সন্তান কাঁদবে। আপনি হয়ত আপনার স্ত্রীকেও ধমক দেবেন কফির মগটি টেবিলের কিনারে রাখার জন্য। হয়ত মৌখিক তর্ক হবে দু’জনের মাঝে। তারপর আপনি ঘরে গিয়ে দ্রুত জামাটি পাল্টিয়ে নতুন জামা পরে অফিসের উদ্দেশ্যে বের হবেন। কিন্তু আপনার সন্তানটি তখনও কাঁদছে এবং স্কুলের বাস মিস করেছে। আপনি তাকে নিজের গাড়িতে করে স্কুলে নিয়ে গেলেন অতিরিক্ত গতিতে। ফলে আপনাকে ট্রাফিক আইন লংঘনের দায়ে জরিমানা দিতে হ’ল। অতঃপর আপনি ২০ মিনিট দেরীতে অফিসে পৌঁছে দেখলেন তাড়াহুড়োর মধ্যে আপনার ব্রিফকেসটি বাড়ীতে রেখে এসেছেন। এভাবে আপনার সকালটা ভয়ংকরভাবে শুরু হ’ল। দিন শেষে যখন বাড়ি এলেন, তখনও আপনার সন্তান এবং স্ত্রী আপনার সাথে আন্তরিকভাবে কথা বলবে না, আপনার সকালের রুক্ষ আচরণের কারণে।
এবার ভাবুন, কেন আপনার দিনটা মন্দভাবে গেল? কফির কারণে? আপনার সন্তানের কারণে? আপনার স্ত্রীর কারণে? ট্রাফিক পুলিশের কারণে? না, এর কোনটাই না, বরং এর কারণ আপনি নিজেই। যদি সকালে মাত্র ৫ সেকেণ্ডের ঐ অনাকাংখিত আচরণটি না করতেন, তাহ’লে পুরো দিনটি আপনার এমন নিরানন্দ হওয়ার কথা ছিল না। এর বদলে যদি আপনি ঐ পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে পারতেন সন্তানকে এরূপ কথা বলে যে, ‘কোন সমস্যা নেই বাবা, তোমাকে পরবর্তীতে আরও সতর্ক থাকতে হবে’। তাহলে পুরো চিত্রটি ভিন্ন রকম হ’ত। কোন জটিলতার অবকাশ থাকত না। একটি সঠিক প্রতিক্রিয়া এভাবে বহু জটিলতা থেকে আমাদেরকে রেহাই দেয়, আবার ভুল প্রতিক্রিয়া তৈরী করে নানান অশান্তি এবং বিশৃংখলা।
প্রিয় পাঠক, উপরোক্ত ঘটনার মত জীবনে আমাদেরকে ছোট-বড় বহু ধরনের সংকট অতিক্রম করতে হয়। কিন্তু প্রায়ই সেসব ঘটনায় আমরা অনর্থক নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে বিষয়গুলো অসম্ভব জটিল করে তুলি। অথচ ইতিবাচক দৃষ্টিতে তার মোকাবিলা করতে পারলে জীবনের স্বচ্ছ-সরল গতিধারায় তেমন কোন ছেদ পড়ত না। আপনার বাস বা ট্রেন নির্ধারিত সময়ে ছাড়েনি? সময়টা অন্য কাজে লাগান। বই পড়ুন। কোন নতুন মানুষের সাথে পরিচিত হন। নতুন কোন ভাবনার অর্গল খুলে দিন। আপনার চাকুরী চলে গেছে? নতুন কোন চাকুরী খুঁজুন। আরো বড় চাকুরীর জন্য প্রস্তুতি নিন। কেন হতাশায়, বিরক্তিতে নিমজ্জিত হবেন? তাতে কী লাভ? সেই সময়টা বরং জীবনের নতুন কোন বৈচিত্র্যের জায়গা অনুসন্ধানে ব্যয় করুন। এভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটিয়ে সহজেই আমরা জীবনকে স্বাচ্ছন্দ্যময় ও অর্থপূর্ণ করে তুলতে পারি। নিজেকে সযতনে দূরে রাখতে পারি অনর্থক ঝামেলা আর বিবাদ-বিসম্বাদ থেকে। কোন বিষয়কে কঠিন করে তুলে নিজের উপর যুলুম চাপিয়ে দেবেন, নাকি তার সরল সমাধান খুঁজে নিজেকে প্রশান্ত রাখবেন, এ সিদ্ধান্তটা একান্তই আপনার নিজের।
বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী এবং পরকালীন সঞ্চয়ই জীবনের একমাত্র মিশন ও ভিশন হিসেবে নিয়েছে; তাদের জন্য দুনিয়াবী জটিলতা ও স্বার্থহানি কখনই এতটা গুরুত্বপূর্ণ হতে পারে না যে, তা তাদের স্বাভাবিক মানবিকতা ও নৈতিকতাবোধকে ক্ষতিগ্রস্ত করবে। দুঃখজনক ব্যাপার এই যে, এমন অনেক ধর্মপ্রাণ মানুষকেও দেখা যায়, যারা জীবনের কোন সংকট মুহূর্তে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি; বরং অবিবেচক ও ধৈর্যহীনভাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। যার খেসারত তাদেরকে সারাজীবন ধরে দিতে হয়েছে প্রচণ্ড হতাশাগ্রস্ততা, বিপন্নবোধ এবং অন্তর্জালা নিয়ে। জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে এক অপচিত জীবন নিয়ে তারা ধুঁকতে থাকে আমৃত্যু। অথচ সময়মত একটুখানি ধৈর্যধারণ হয়ত এ অবস্থা থেকে মুক্তি দিতে পারত।
সুতরাং এতে কোন সন্দেহ নেই যে, নেতিবাচক মানসিকতা, প্রতিক্রিয়া এবং কর্মকাণ্ড মানুষের জন্য ধ্বংস ডেকে আনে। আবার এর বিপরীতে ইতিবাচকতার ফলাফল হয় অতীব মধুর। ইসলামে ছবর বা ধৈর্যের ব্যাপারে এ জন্যই এত গুরুত্ব দেয়া হয়েছে। কেননা ধৈর্য মানুষকে সবসময় ইতিবাচক রাখে, সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়, সংকটের সময় সঠিক সমাধানের পথ বাতলে দেয়; সত্য, সুন্দর ও কল্যাণের পথে দৃঢ় রাখে। এমন গুণসম্পন্ন মানুষের হাতে সমাজ কখনও ক্ষতিগ্রস্ত হয় না। বরং পরার্থপরতা, সহমর্মিতা ও সহনশীলতাই হয় তাদের জীবনের মূলমন্ত্র। আল্লাহ রাব্বুল আলামীন কত চমৎকারভাবে না মানবজাতিকে ইতিবাচকতার পথ দেখিয়েছেন। তাঁর ভাষায়, ‘ভাল এবং মন্দ এক নয়, (হে রাসূল!) আপনি (মন্দের) প্রতিরোধ করুন সর্বোৎকৃষ্ট দ্বারা, তাহলে দেখবেন যে ব্যক্তির সাথে আপনার শত্রুতা রয়েছে, সে যেন অন্তরঙ্গ বন্ধু। আর এমন (মহৎ) চরিত্র কেবল তারাই লাভ করে যারা ধৈর্য ধারণ করে এবং এই চরিত্রের অধিকারী তারাই হয়, যারা মহা সৌভাগ্যবান (ফুছছিলাত ৩৪, ৩৫)। তিনি আরও বলেন, নিশ্চয়ই কঠিনের সাথে রয়েছে সহজতা (ইনশিরাহ ৬)। ইসলাম শিখিয়েছে- কোন বিপদ ও সমস্যার শুরুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা ব্যক্তিই হ’ল প্রকৃত ধৈর্যশীল। রাসূল (ছাঃ) বলেন, الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى ‘ধৈর্য তো সেটাই, যেটা (বিপদ বা সমস্যার) শুরুতেই ধারণ করা হয়’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৭২৮)।
বস্তুতঃ মানবজীবন হ’ল পরীক্ষার জীবন। ফলে যে কোন সময় অনাকাঙখিত পরিস্থিতির সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। এর মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন- কে কর্মে ও আচরণে অধিক উত্তম। সুতরাং যদি বিপদের সময় অধৈর্য না হয়ে আল্লাহ্র উপর প্রগাঢ় ভরসা রাখা যায় এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে বলা যায়, ‘হয়তবা আল্লাহ আমাদেরকে অধিকতর উত্তম বদলা দেবেন, নিশ্চয়ই আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী’ (কলম ৩২), তাহলে বহু পারিবারিক ও সামাজিক বিশৃংখলার হাত থেকে আমরা রেহাই পেতে পারি। আর একজন মুমিনের জন্য আল্লাহ-নির্ভরতাই তো জীবনের পরমার্থ। আল্লাহ বলেন, ‘(হে রাসূল!) আপনি বলে দিন! আল্লাহই তোমাদেরকে (ভয়-ভীতি) থেকে মুক্তি দেন এবং সকল দুঃখ-বিপদ থেকে’ (আনআম ৬৪)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিযিক দেন, যা সে চিন্তাও করে নি। যে ব্যক্তি আল্লাহ্ উপর ভরসা রাখে, তিনি তার জন্য যথেষ্ট’ (তালাক ২-৩)। সুতরাং কথায়-কাজে, চলনে-বলনে যথাসাধ্য ইতিবাচকতা বজায় রাখাই আমাদের কর্তব্য। জীবনকে নির্ঝঞ্ঝাট ও লক্ষ্যের পথে অবিচল রাখতে চাইলে এই শক্তিশালী মূলমন্ত্রটি কখনও হাতছাড়া করা যাবে না। জীবনের প্রতি পদে মনে রাখুন রাসূল (ছাঃ)-এর এই চিরন্তন উপদেশ, ‘মুমিনের ব্যাপারটি বড়ই বিস্ময়কর, তার সমস্ত বিষয়টিই কল্যাণময়। মুমিন ব্যতীত আর কারো জন্য এরূপ নেই। যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে শুকরিয়া আদায় করে। ফলে এটা তার জন্য কল্যাণকর হয়। আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে, তখন সে ছবর করে, ধৈর্য ধরে। ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়’ (মুসলিম হা/২৯৯৯)। সুতরাং আমাদের কর্তব্য হবে- দুনিয়ার এই ক্ষণস্থায়ী যিন্দেগীকে স্রেফ পরকালীন উপার্জনের নিমিত্ত মনে করে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সম্মুখপানে অগ্রসর হওয়া। নিশ্চিন্ত ও নির্ভার জীবন যাপন করতে চাইলে এর চেয়ে উত্তম প্রভাবক আর নেই।
আল্লাহ তা’আলা বলেন, ‘ভাল এবং মন্দ এক নয়, (হে রাসূল!) আপনি (মন্দের) প্রতিরোধ করুন সর্বোৎকৃষ্ট দ্বারা, তাহলে দেখবেন যে ব্যক্তির সাথে আপনার শত্রুতা রয়েছে, সে যেন অন্তরঙ্গ বন্ধু। আর এমন (মহৎ) চরিত্র কেবল তারাই লাভ করে যারা ধৈর্য ধারণ করে এবং এই চরিত্রের অধিকারী তারাই হয়, যারা মহা সৌভাগ্যবান। -ফুছছিলাত ৩৪, ৩৫।
📄 ক্যারিয়ার ভাবনা
বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটে শিক্ষিত মহলে পেশাগত ক্যারিয়ার এক অতীব আলোচিত ও চর্চিত বিষয়। সময়ের সাথে সাথে পিতা-মাতা ও অভিভাবকগণ নিজেদের সন্তানদের বস্তুগত ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে এতদূর নিয়ে গেছেন যে, সন্তানের মুখে বোল ফোটার আগেই তারা তাদের শিশুমনে সেই স্বপ্নের আঁচড়রেখা টানার চেষ্টা করেন। তারপর শৈশবের আনন্দমুখর দিনগুলোকে যেন জেলখানায় বন্দী রেখে শুরু হয় পিতা-মাতার স্বপ্ন বাস্তবায়নে শিশুদের উদয়াস্ত পরিশ্রমের পালা। স্কুল-মাদ্রাসায় বরাদ্দ সময়টুকুর পরও রাত-দিন চলে প্রাইভেট পড়ার মহাসংগ্রাম, আর কাঙ্খিত রেজাল্টের আশায় বন্যার মত হন্যে হয়ে অবিরাম পথ চলা। আবার যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও নানা ভাবনা-চিন্তায় গলদঘর্ম হয়ে পড়েন। মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং, আইন নাকি সোশাল সাইন্স- ইত্যাকার হাজারো হিসাব-নিকাশ মিলাতে ভীষণ ব্যস্ত আজকের প্রজন্ম ও তাদের অভিভাবকরা। অথচ এই সময়গুলোকে খুব কম সংখ্যকের মনেই জীবনের এই মৌলিক প্রশ্নগুলো জাগ্রত হয় যে, শিক্ষার মূল উদ্দেশ্যে আসলে কী? সফল ক্যারিয়ার বলতে কী বুঝায়? আর সেই ক্যারিয়ার গঠনের উপায়ই বা কী? শুধু কাঙ্খিত রেজাল্ট আর প্রত্যাশিত পেশাজীবন কিংবা পদ-পদবী, অর্থবিত্ত আর সামাজিক মর্যাদা লাভই কী ক্যারিয়ার গঠনের প্যারামিটার? দুনিয়ার ক্ষণিকের মিছে মায়ার জগৎ ছেড়ে যাওয়ার পর এই বহুল প্রত্যাশিত ক্যারিয়ারের কোন ভূমিকা থাকবে কি? নাকি তা বিপদ থেকে উত্তরণের কোন মাধ্যম হবে চিরস্থায়ী জীবনের ফলাফল নির্ধারণী সেই মহাদিবসে?
রাসূল (ছাঃ) প্রতিদিন সকালে তিনটি বিষয়ের প্রার্থনা করে একটি দো’আ পাঠ করতেন- ‘হে আল্লাহ! আপনি আমাকে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল এবং পবিত্র রিযিক দান করুন’। উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও পবিত্র রুযী- তিনটি মৌলিক বিষয়। গভীরভাবে লক্ষ্য করলে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে, আমরা যারা ঈমানদার, তাদের ক্যারিয়ার ভাবনার কেন্দ্রবিন্দু তো এটাই হওয়া উচিৎ ছিল! কেননা যে ক্যারিয়ার ভাবনা ইহকাল ও পরকাল দু’টোকেই সামনে রাখে, সেটাই তো মুমিনের প্রকৃত ক্যারিয়ার ভাবনা। সফল ক্যারিয়ার তো তারই যে নিজেকে দুনিয়া ও আখেরাত উভয় জগতের সফলতার জন্য প্রস্তুত করে। যদি কেউ একপাক্ষিকভাবে কেবল দুনিয়াবী ক্যারিয়ার গঠনকেই গুরুত্ব দেয়, আর পরকালকে গুরুত্বহীন মনে করে, নিঃসন্দেহে তার ক্যারিয়ার পরিকল্পনা শুধু অপূর্ণাঙ্গই নয়, বরং চরমভাবে ব্যর্থ। কেননা ইহকালীন জীবন যত সফলই হোক না কেন, পরকালের জীবন যদি বিফলতায় পর্যবসিত হয়, তবে এই সাময়িক সফলতার কানাকড়িও মূল্য নেই। পবিত্র কুরআনে সেই চিত্র উঠে এসেছে এভাবে- ‘কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়! আমাকে যদি দেওয়াই না হ’ত আমার আমলনামা এবং আমি যদি না জানতাম আমার হিসাব! হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হ’ত! আমার ধন-সম্পদ আমার কোন কাজেই আসল না! আমার ক্ষমতাও হারিয়ে গেছে!’ (হাক্কাহ ২৫-২৯)।
প্রিয় পাঠক! রাসূল (ছাঃ)-এর প্রতিদিনের প্রার্থিত বিষয়গুলির প্রতি খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করুন। কী কী জিনিস তিনি চেয়েছেন এবং কেন চেয়েছেন? এগুলোই কি আমরা আমাদের ক্যারিয়ার ভাবনার বিষয়বস্তু হওয়ার জন্য যথেষ্ট নয়? চলুন, সেগুলোর প্রতি একবার নযর বুলিয়ে আসি।-
প্রথমতঃ উপকারী জ্ঞান: যে জ্ঞান মানুষের উপকারে আসে। সে জ্ঞান ইহলৌকিকও হতে পারে, পারলৌকিকও হতে পারে। তবে সেটা অবশ্যই উপকারী হতে হবে। কেবল মানবকল্যাণার্থেই ব্যবহৃত হতে হবে। অর্থাৎ জ্ঞান মাত্রই যে উপকারী ও কল্যাণকর হবে, তা নয়। বরং এমন অনেক জ্ঞান রয়েছে, যা আমাদের জন্য ক্ষতিকর; দুনিয়াবী কিংবা পরকালীন দিক থেকে। এজন্য রাসূল (ছাঃ) শুধু জ্ঞানার্জন নয়, বরং উপকারী জ্ঞান অর্জনের কথা বলেছেন। একজন মুসলমানের জন্য মুখ্য হ’ল পরকাল। সুতরাং যে কোন জ্ঞানার্জনের ক্ষেত্রে পূর্ণ সচেতন থাকতে হবে যে, তা আসলে উভয় জগতের জন্য উপকারী কিনা কিংবা কতটুকু উপকারী। এই জ্ঞান কি সত্যের পথে পরিচালিত করবে? এই জ্ঞানে কি মানব কল্যাণ রয়েছে? এই জ্ঞানের মাধ্যমে কি আমি হালাল রিযিক উপার্জন করতে পারব? এই জ্ঞান কি আমাকে জান্নাত লাভে সহায়তা করবে?
যদি জ্ঞান হয় সূদ-ঘুষ-দূর্নীতির পাঠ, যদি তা হয় অন্যায়-অসত্য পথ অবলম্বনের, যদি তা হয় কুরআন ও হাদীছ তথা আল্লাহ প্রেরিত মহাসত্যের বিপরীত চেতনাধারী, যদি তা হয় তাওহীদ-সুন্নাহ পরিপন্থী ও শিরক-বিদ’আত মিশ্রিত, যদি তা হয় গান-বাদ্য, অসুস্থ আমোদ-প্রমোদ, বিনোদনের- তবে তা নিঃসন্দেহে অপকারী জ্ঞান। আর এই অপকারী ও মূল্যহীন জ্ঞানকে চিহ্নিত না করতে পারলে এবং তাকে পরিত্যাজ্য করতে না পারলে আমাদের ক্যারিয়ার ভাবনা মূল্যহীন।
দ্বিতীয়তঃ কবুলযোগ্য আমল বা গ্রহণযোগ্য কর্ম: উপকারী জ্ঞান অর্জনের পর কর্তব্য হ’ল- আমার জ্ঞান দ্বারা যে পেশা বেছে নিচ্ছি তাতে শুধু অর্থোপার্জনই মুখ্য? তাতে কি দুনিয়াবী ক্ষমতা ও পদমর্যাদাই মূল উদ্দেশ্য? মানুষের কাছে সম্মান-মর্যাদা লাভই অভীপ্সা? যদি তা-ই হয়, তবে তাতে দুনিয়াবী উপকার থাকতে পারে বটে, কিন্তু পরকালীন জীবনে তার কোন মূল্য আল্লাহ্র কাছে নেই। কেননা মানুষের প্রতিটি আমলই তার নিয়তের উপর নির্ভরশীল। যদি নিয়ত হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তাঁর নৈকট্য হাছিল করা এবং তাঁর সৃষ্টির সেবা তবেই তা আল্লাহ্র নিকট গ্রহণযোগ্য হবে। আর যদি তা হয় দুনিয়াবী কোন উদ্দেশ্যে, তবে তার ফলাফল দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। পরকালীন জীবনে তা কোন উপকারে আসবে না। যে আমলের গ্রহণযোগ্যতা আল্লাহ্ কাছে নেই, তা চূড়ান্ত বিচারে অর্থহীন (কাহাফ ১০৩-১০৫)। এক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর কাছে এসে বললেন, ঐ ব্যক্তি সম্বন্ধে আপনি কি বলেন, যে ব্যক্তি ছওয়াব ও সুনামের জন্য জিহাদ করে, তার জন্য কী রয়েছে? রাসূল (ছাঃ) বললেন, তার জন্য কিছুই নেই। সে ব্যক্তি তা তিনবার পুনরাবৃত্তি করলেন। রাসূল (ছাঃ) তাকে একটি কথাই বললেন, তার জন্য কিছুই নেই। তারপর তিনি বললেন, আল্লাহ বান্দার সেই আমলই কবুল করেন যা কেবল তাঁরই জন্য একনিষ্ঠভাবে করা হয় এবং যা তাঁর সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সম্পাদিত হয় না’ (নাসাঈ হা/৩১৪০, সনদ হাসান ছহীহ)।
অনুরূপভাবে কোন কর্ম যদি আল্লাহ নির্দেশিত এবং রাসূল (ছাঃ)-এর প্রদর্শিত পথ ও পন্থা বহির্ভূত হয়, তবুও তা আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য নয়; সে কর্ম আপাতদৃষ্টিতে যতই সৎকর্ম হিসাবে দৃশ্যমান হোক না কেন, কিংবা তার পিছনে যত সৎনিয়তই থাকুক না কেন। এজন্য ইসলামে কর্মের চেয়ে কর্মপন্থা অধিকতর গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহার শেষাংশে বর্ণিত ‘ছিরাতুল মুস্তাক্বীম’ বলতে সেই কর্মপন্থাকেই নির্দেশ করা হয়েছে। সুতরাং আল্লাহ্র নির্দেশিত কর্মপন্থা তথা ছিরাতুল মুস্তাক্বীমের অনুসরণের মাধ্যমেই সৎআমল করতে হবে। তাওহীদ ও সুন্নাহর প্রতি পূর্ণ বিশ্বস্ততা রেখেই আমল করতে হবে। নতুবা তা আল্লাহ্র কাছে কবুলযোগ্য আমল হিসাবে গণ্য হবে না (আন’আম ১৫৩; হূদ ১১২; যুখরুফ ৪৩)।
তৃতীয়তঃ পবিত্র রিযিক: আমাদের ক্যারিয়ার গঠনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি জড়িয়ে আছে রূযী বা আর্থিক ইনকামের সাথে। একজন মুমিনের জন্য তার ক্যারিয়ার ভাবনার শীর্ষে থাকতে হবে- তার কাংখিত পেশাটি মৌলিকভাবে হালাল কি-না তা নিশ্চিত করা। আর হালাল হ’লে তাতে হারামের সংশ্রব আছে কি-না; দুর্নীতি, সূদ, ঘুষ, জুয়া, লটারী প্রভৃতি নিষিদ্ধ বিষয়ের কোন সম্পর্ক আছে কি-না- ইত্যাদি দিকসমূহ অবশ্যই ক্যারিয়ার ভাবনার মধ্যে থাকতে হবে। কেননা রাসূল (ছাঃ) বলেছেন, ‘ঐ দেহ কখনও জান্নাতে যাবে না, যা হারাম দ্বারা পরিপুষ্ট হয়’ (বায়হাক্বী, মিশকাত হা/২৭৮৭, সনদ ছহীহ)।
প্রিয় পাঠক! আমরা যারা নিজেদের কিংবা পরবর্তী প্রজন্মের ক্যারিয়ার নিয়ে ভাবছি, আগামীর পরিকল্পনা মনে মনে সাজাচ্ছি, তাদের জন্য উপরোক্ত তিনটি মৌলিক নীতিকে সামনে রাখা অত্যাবশ্যক। এর মাঝেই আমাদের দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গীন সফলতা নিহিত রয়েছে। সুতরাং যদি এর ভিত্তিতে আমরা নিজেদের ভবিষ্যৎ ভাবনা ভাবি, আমাদের পরবর্তী প্রজন্মের চলার পথ নির্ধারণ করে দিতে পারি এবং পরকালীন সফলতা কেন্দ্রিক ক্যারিয়ার গঠনে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তবে একদিকে যেমন বস্তুবাদের মরীচিকাময় কুহেলিকা থেকে মুক্ত হয়ে তারা নিজের জীবনটাকে সঠিক লক্ষ্যে পরিচালনা করতে পারবে, অন্যদিকে দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গীন সফলতা অর্জনের পথ তাদের জন্য সুগম হবে ইনশাআল্লাহ।
আমাদের ঐকান্তিক আশাবাদ, আমাদের শিক্ষার্থী ভাই-বোনরা জীবনের প্রকৃত বাস্তবতা সম্পর্কে সচেতন হোক। দুনিয়াবী সফলতার সাথে তাদের ক্যারিয়ার ভাবনায় যুক্ত হোক সীমাহীন সুখময় জান্নাতের বাসনা। পরকালীন সাফল্যই হোক তাদের মনযিলে মাকুছাদ। সোনালী ভোরের স্বর্ণালী আলোয় ভরে উঠুক তাদের জীবনের পবিত্র স্বপ্নগুলো। যে স্বপ্ন বিস্তৃত হয় ক্ষুদ্র পৃথিবী ছাড়িয়ে চিরন্তন আখেরাতের পানে। যে স্বপ্নের ব্যপ্তি হয় মহান প্রভুর একান্ত সান্নিধ্যের পরমতম মুহূর্ত অবধি। সে মহা দিন, মহা ক্ষণের প্রতীক্ষায় মহান প্রভু আমাদের পথ চলাকে সহজ করে দিন- সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। আমীন ছুম্মা আমীন!
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘সেই ব্যক্তি সফলকাম যে ইসলাম গ্রহণ করেছে, তাকে প্রয়োজন মাফিক রিযিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন ততটুকুতে পরিতুষ্ট রেখেছেন’। -মুসলিম হা/১০৫৪।