📘 তারীখুল খুলাফা > 📄 মানসুর কর্তৃক বর্ণিত হাদীসসমূহ:

📄 মানসুর কর্তৃক বর্ণিত হাদীসসমূহ:


সূলী বলেন, মানসুর তৎকালীন যুগের সবচেয়ে বড় মুহাদ্দীস এবং বংশ তালিকা মুখস্থের দিক দিয়ে প্রথিতযশা পাণ্ডিত্যের অধিকারী ছিলেন।

ইবনে আসাকির "তারীখে দামেশক" গ্রন্থে লিখেছেন, খলীফা মানসুর তার বাবা, তার দাদা এবং ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ডান হাতে আংটি পরতেন।

সূলী মানসুরের বরাত দিয়ে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমার আহলে বাইত নূহ (আ.)-এর কিশতীর মতো। যারা এতে আরোহণ করবে তারা পরিত্রাণ পাবে। আর যারা দাঁড়িয়ে থাকবে (আরোহণ করবে না) তারা ধ্বংস হবে।

মানসুর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমি যখন কাউকে আমীর বানিয়ে তার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে দিব, যদি সে এর চেয়ে বেশি নেয় তবে সে আত্মসাৎকারী। (সূলী)

ইয়াহইয়া বিন হামযা হাযরামী বলেন, আমি আমার পিতার কাছ থেকে জেনেছি যে, খলীফা মাহদী তাকে দায়িত্ব দেবার পর বলেন, নির্দেশ বাস্তবায়নে কঠোরতা অবলম্বন করবে না। কারণ আমার পিতা মানসুরের কাছে জেনেছি রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তা'আলা ইরশাদ করেন, আমার সম্মান ও মর্যাদার কসম! আমি জালেমের থেকে দুনিয়া এবং আখেরাতে প্রতিশোধ নেব। মাজলুমকে দেখেও যারা সাধ্যমত সাহায্য করে না তাদেরও বদলা নিব। (সূলী)

সূলী আবু ইসহাকের বরাত দিয়ে মানসুর থেকে বর্ণনা করেন, হযরত আলী (রা.) বলেছেন, চাঁদের শেষ তিন তারিখে ভ্রমণ করবে না।

মানসুরের শাসনামলে বর্ণিত ওলামাগণ পরলোক গমন করেন- ইবনে মুকফাআ, সুহায়েল বিন আবু সালেহ, আলা বিন আব্দুর রহমান, মিসরের আইনবিদ খালিদ বিন ইয়াযিদ, দাউদ বিন আবু হিন্দ, আবু হাযিম, সালামা বিন দিনার আল-আরাজ, খাত্তাবিন আবু মুসলিম খোরাসানী, ইউনুস বিন উবায়েদ, সুলায়মান আল-আহওয়াল, বিখ্যাত মাগাযী গ্রন্থের লেখক মূসা বিন উকবা, আমর বিন উবায়েদ মুতাযালী, ইয়াহইয়া বিন সাঈদ আনসারী কালবী, ইবনে ইসহাক, জাফর বিন মুহাম্মাদ সাদেক আমাশ, শবল বিন উবাদা মাকরী মক্কা, মদীনার আইনবিদ মুহাম্মাদ বিন আজলান, মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন আবু লায়লা, ইবনে জারীর, ইমামে আযম আবু হানিফা, হাজ্জাজ বিন আরতাত, হাম্মাদ, রুবা শায়ের হায়েরী, সুলায়মান তামীমী, আসেম আল আহওয়াল, ইবনে শাবারামা আল-যবী, মোতেল বিন হাইয়ান, মোকাতেল বিন সুলায়মান, হিশাম বিন উরওয়া, আবু আমর বিন আলা, হামযা বিন হাবীব প্রমুখ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00