📄 আবু বকর (রা.)-এর নিকট বাইআত
সহীহ বুখারী এবং সহীহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, হযরত উমর বিন খাত্তাব (রা.) হজ্জ থেকে ফিরে তাঁর এক ভাষণে বললেন, আমি সংবাদ পেয়েছি অমুক ব্যক্তি বলেছে, উমরের মৃত্যুর পর সে অমুক ব্যক্তির হাতে বাইআত গ্রহণ করবে। কেউ এ ধোঁকায় পড়ে না যে, আবু বকর সিদ্দীকের বাইআত কতিপয় লোকেরা মধ্যে সীমাবদ্ধ ছিল এবং তা সহসাই অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে, আল্লাহ তা'আলা লোকদের খিলাফত সম্বন্ধে ফেতনা-ফাসাদ থেকে বাঁচিয়েছেন এবং আজ তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যাকে আবু বকর ছাড়া লোকেরা নিজেদের খলীফা করতে পারে। রাসূলুল্লাহ (সা.)-এর পর আবু বকর সিদ্দীকই সর্বোত্তম। ঘটনা হলো, রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর হযরত আলী, হযরত যুবাইয়ের এবং তাঁদের সাথীরা হযরত ফাতেমার গৃহে অবস্থান নেন। সকল আনসার সাহাবী আমাদের থেকে পৃথক হয়ে সাকীফা বনু সাদাহ গোত্রে সমবেত হন। আর মুহাজির সাহাবীগণ হযরত আবু বকর সিদ্দীকের নিকট আসেন। আমি হযরত আবু বকর সিদ্দীককে বললাম, আপনি আমাদের সাথে আমাদের ভাই আনসার সাহাবীদের কাছে চলুন। তিনি আমাদের সাথে যাত্রা করলেন। পথে দু'জন নেককার লোকের সাক্ষাত হয়। তাঁরা আমাদের বললেন, তোমরা আনসারদের নিকট যেয়ো না এবং মুহাজিররা পরস্পরের মধ্যে সিদ্ধান্ত স্থির করে নাও। আমি বললাম, আল্লাহর কসম, আমরা সেখানে যাবই। আমরা সাকীফা বনু সাদাহ গোত্রে গিয়ে দেখলাম তারা সকলে সেখানে সমবেত এবং তাদের মধ্যভাগে একজন চাদর পরিহিত লোক বসে আছেন। আমি বললাম, তিনি কে এবং তার কি হয়েছে? লোকেরা বলল, সাদ বিন উবাদা অসুস্থ। আমরা গিয়ে বসলে তাদের বক্তা হামদ এবং ছানার পর বলতে লাগলেন, আমরা আনসার, আল্লাহর সৈনিক। হে মুহাজিরগণ! তোমরা কতিপয় লোক এ ইচ্ছা পোষণ কর যে, তোমরা আমাদের উচ্ছেদ করবে, বের করে দিবে এবং খিলাফতের সাথে সংযুক্ত রাখবে না। তার অভিভাষণ শেষ হলে আমি কিছু বলতে চাইলাম, কারণ এ বিষয়ে পূর্বেই আমি একটি সুন্দর বক্তব্য তৈরী করেছিলাম। হযরত আবু বকর (রা.) বাধা দিলেন। মূলত আমি তাঁর অধীনস্থ ছিলাম। উপরন্তু তিনি আমার চেয়ে বেশি প্রজ্ঞাবান এবং সম্মানিত ছিলেন। এ জন্য আমি নীরব হয়ে গেলাম এবং তাঁকে অসন্তুষ্ট করতে চাইলাম না। তিনি আমার চেয়ে বেশি জ্ঞানী ছিলেন। আল্লাহর কসম, আমি যা বলার জন্য পূর্বেই বক্তব্য ঠিক করেছিলাম হযরত আবু বকর শেষ পর্যন্ত সেই বক্তব্যই শুরু করলেন; বরং তার চেয়েও উত্তমভাবে বললেন, তোমরা নিজেদের সম্বন্ধে যে প্রশংসা করলে সত্যিই তোমরা তাই। গোটা আরব বিশ্ব অবগত যে, প্রশাসন সর্বদা কুরাইশদের জন্য, কারণ কুরাইশরা (নবীজীর) আত্মীয়তার দৃষ্টিকোণ থেকে আরব জাহানের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। সুতরাং খিলাফত সুনির্দিষ্টভাবে কুরাইশদের হক। তিনি আমার এবং আবু উবাইদার হাত ধরে বললেন, আমি খুশি হব যদি এঁদের মধ্য থেকে একজনের হাতে বাইআত করে নাও। হযরত আবু বকর (রা.) যা বললেন, তা সবই আমার মনঃপূত, কিন্তু বাইআতের জন্য আমার নাম ঘোষণা করা আমার পছন্দ হয়নি। আল্লাহর কসম, আমার গর্দান উড়িয়ে দিলেও আমি অনুতপ্ত হতাম না, তবে বিব্রত বোধ করেছিলাম এজন্য যে, আমি সে জাতির শাসনকর্তা কিভাবে হতে পারি যেখানে আবু বকর (রা.) রয়েছেন। আনসারদের মধ্য থেকে একজন বললেন, আমরাও কুরাইশদের সাহায্যকারী এবং সম্মানিত লোক। ভালো হবে যদি আমাদের মধ্য থেকে একজন এবং আনসারদের মধ্য থেকে একজনকে শাসক নির্ধারণ করা হয়। এ কথার প্রেক্ষিতে হট্টগোল আরম্ভ হলো। আমার সন্দেহ হলো যেন সংঘাত সৃষ্টি না হয়। আমি হযরত আবু বকরকে বললাম, আপনি হাত দিন। তিনি হস্ত প্রসারিত করলেন এবং আমি সর্বপ্রথম বাইআত করলাম, অতঃপর মুহাজিরগণ, অতঃপর আনসারগণও বাইআত করেন। আল্লাহ, আল্লাহ কী সংকটময় এবং বিস্ময়কর মুহূর্তই না ছিল সেটি। আমার ভয় হচ্ছিল যে, মুসলমানরা যেন বিভক্ত হয়ে না পড়ে। যদি তারা আলাদা বাইআত করত তবে সে ব্যক্তির নিকট আমাদের বাইআত করতে হতো। অথবা যদি আমরা বাধা দিতাম তাহলে বিশৃঙ্খলা দেখা দিত।
নাসায়ী, হাকেম এবং আবু ইয়ালা হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর মৃত্যুর পর আনসারগণ বললেন, আমাদের এবং আপনাদের মধ্য থেকে একজন করে শাসক নির্ধারণ করা হোক। হযরত উমর বিন খাত্তাব তাদরে কাছে গিয়ে বললেন, হে আনসার সম্প্রদায়, তোমরা জান না রাসূলুল্লাহ (সা.) হযরত আবু বকর সিদ্দীককে তোমাদের নামায পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এখন তোমরাই ইনসাফ কর যে, তোমাদের মধ্যে হযরত আবু বকরের চেয়ে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম! আনসারগণ বললেন, নাউযুবিল্লাহ, আমরা তাঁর চেয়ে কখনই অগ্রগামী নই।
ইবনে সাদ, হাকেম এবং বাইহাকী আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর লোকেরা সাকীফা বনু সাদাহর নিকট সমবেত হন। তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দীক এবং হযরত উমর ফারুকও উপস্থিত ছিলেন। জনৈক আনসার সাহাবী দাঁড়িয়ে বললেন, হে মুহাজিরগণ, রাসূলুল্লাহ (সা.) কাউকে কোথাও পাঠালে আমাদের মধ্য থেকে একজনকে তার সাথী বানিয়ে দিতেন। সুতরাং যুক্তিসঙ্গত এটাই যে, একজন আমীর আপনাদের মধ্য থেকে এবং একজন আমাদের মধ্য থেকে হোক। এরপর কতিপয় আনসার সাহাবী একই ধরনের বক্তব্য পেশ করলেন। হযরত যায়েদ বিন সাবেত দাঁড়িয়ে বললেন, তোমরা কী একথা জান না যে, রাসূলুল্লাহ (সা.) মুহাজিরদের মধ্য থেকে অন্যতম ছিলেন। সুতরাং তাঁর খলীফাও মুহাজিরদের থেকে হওয়া উচিত। আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সাহায্যকারী ছিলাম, আমরা তাঁর খলীফারও সাহায্যকারী হব। অতঃপর তিনি হযরত আবু বকরের হাত ধরে বললেন, ইনি তোমাদের নেতা এবং প্রশাসক। এরপর যথাক্রমে তিনি, হযরত উমর, মুহাজিরগণ, আনসারগণ বাইআত গ্রহণ করেন। তারপর হযরত আবু বকর সিদ্দীক মিম্বরে আরোহণ করেন এবং উপস্থিত জনতার প্রতি দৃষ্টি ফেরায়ে বললেন, যুবাইরকে দেখা যাচ্ছো না, তাকে ডেকে আনো। তিনি এলে হযরত আবু বকর (রা.) বললেন, তুমি রাসূলুল্লাহ (সা.)-এর ফুফুর ছেলে মেয়ে হয়ে এবং রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবী হয়ে মুসলমানদের দুর্বল করতে চাও, মুসলমানদের কোমর ভেঙে দিতে চাও? হযরত আলী (রা.) বললেন, চিন্তা করবেন না। অতঃপর তিনিও বাইআত করলেন।
ইবনে ইসহাক সীরাত গ্রন্থে লিখেছেন, হযরত আনাস বিন মালিক (রা.) বলেন, বনূ সাকীফার গৃহে বাইআতের পর দিন হযরত আবু বকর (রা.) মিম্বরে আরোহণ করেন। তিনি অভিভাষণ প্রদানের পূর্বে হযরত উমর ফারুক (রা.) দাঁড়িয়ে হামদ এবং সালাতের পর বললেন, উপস্থিত জনতা! আল্লাহ তা'আলা তোমাদের এমন একজনের নিকট সমবেত করেছেন যিনি সকলের মধ্যে উত্তম, রাসূলুল্লাহ (সা.)-এর সহচর এবং গুহার সাথী। তোমরা দাঁড়াও এবং তাঁর নিকট বাইআত গ্রহণ করো। লোকরো আম বাইআত করলেন। এ বাইআতটি সাকীফার গৃহে বাইআত অনুষ্ঠিত হওয়ার পরের ঘটনা। অতঃপর হযরত আবু বকর (রা.) দাঁড়িয়ে হামদ এবং ছানার পর বললেন, তোমরা আমাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছ, অথচ আমি তার যোগ্য নই। কারণ আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ না। আমি জনহিতকর কাজ করলে তোমরা আমাকে সাহায্য করবে, আর অমঙ্গলজনক কাজ করলে আমাকে সুধরিয়ে দিবে। সত্যবাদিতা আমানত আর মিথ্যাচার খেয়ানত সমতুল্য। তোমাদের মধ্য থেকে দুর্বল ব্যক্তি আমার নিকট ঐ পর্যন্ত শক্তিশালী যতক্ষণ পর্যন্ত আমি তার অধিকার বুঝিয়ে দিব। আর অন্যের হক আদায় না করা পর্যন্ত তোমাদের শক্তিশালী লোকেরা দুর্বল হয়ে থাকবে। যে জাতি জিহাদ ছেড়ে দিয়েছে সে জাতি অপদস্থ হয়েছে। যে সম্প্রদায়ে ব্যভিচার ছড়িয়ে পড়ে আল্লাহ তা'আলা সে সম্প্রদায়কে রোগাক্রান্ত করে দেন। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তাঁর রসূলের আনুগত্য করব ততক্ষণ পর্যন্ত তোমরা আমার অনুসরণ করবে। আর আমি আল্লাহ এবং তাঁর রসূলের আনুগত্য না করলে আমার অনুসরণ তোমাদের জন্য বৈধ নয়। নামায পড়, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন।
মূসা বিন উকবা স্বরচিত মাগাযী গ্রন্থে এবং হাকেম আব্দুর রহমান বিন আউফ (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক এ খুতবা প্রদান করেন যে, আল্লাহর কসম, আমি কখনো রাজত্বের আকাঙ্ক্ষা করিনি, এর প্রতি আমার মোহও ছিল না। এর জন্য প্রকাশ্যে কিংবা গোপনে প্রার্থনাও করিনি। মূলত আমার ভীষণ ভয় হচ্ছিল এ জন্য যে, যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খিলাফতের দায়িত্ব গ্রহণের পর আমার কোনো আরাম ছিল না। আমার প্রতি এক বিশাল কাজ অর্পণ করা হয়েছে, যা আমার গর্দানের বহনযোগ্যতার অতিরিক্ত। কিন্তু আল্লাহ তা'আলার ক্ষমতার প্রতি আমার ভরসা ছিল। এতদশ্রবণে হযরত আলী এবং হযরত যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আমরা অনুতপ্ত হলাম, এ কারণে যে, খিলাফতের পরামর্শে কেন আমরা অংশগ্রহণ করিনি। আমরা খুব ভালো করে জানতাম যে, হযরত আবু বকর সিদ্দীকই সবচেয়ে বেশি খিলাফতের হকদার। কারণ তিনি গুহায় রাসূলুল্লাহ (সা.)- এর সাথী ছিলেন। আমরা তাঁর গুণাবলী সম্পর্কে অবগত। আমরা এও জানি যে, রাসূলুল্লাহ (সা.) তাঁর জীবদ্দশায় হযরত আবু বকরকে নামাযের ইমামতির নির্দেশ দিয়েছেন।
ইবনে সাদ ইবরাহীম তামিমী থেকে বর্ণনা করেন, নবী করীম (সা.)-এর ইন্তেকালের পর হযরত উমর হযরত আবু উবাইদা বিন জাররা (রা.)-এর কাছে গিয়ে বললেন, আমি আপনার হাতে বাইআত করব। কারণ আমি নবী (সা.) আপনাকে 'আমীন' (বিশ্বস্ত) বলেছেন একথা চাক্ষুষ শুনেছি। আবু উবাইদা (রা.) বললেন, আমি আপনাকে বুদ্ধিমান মনে করি, কিন্তু আজ কেন মেধাহীনতার পরিচয় দিলেন। আপনি আমার নিকট বাইআত গ্রহণকরতে চাইছেন, অথচ আপনারদের মধ্যে সিদ্দীক, ছানীয়াছনাইনি এবং ফিল গার জীবিত।
ইবনে সাদ মুহাম্মদ থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর হযরত উমরকে বলেছিলেন, হাত দাও আমি তোমার হাতে বাইআত করতে চাই। হযরত উমর বললেন, আপনি আমার চেয়ে বেশি বুযুর্গ। হযরত আবু বকর (রা.) বললেন, তুমি আমার চেয়ে আমার বেশি শক্তিশালী। এভাবে কথাবার্তা চলতে থাকে। অবশেষে হযরত উমর বললেন, আপনি আমার চেয়ে বেশি বুযুর্গ এবং আমার প্রতাপ আপনার জন্য থাকবে। অতঃপর তিনি বাইআত করেন।
আবদুর রহমান বিন আউফ রা. বলেন, নবী (সা.)-এর মৃত্যুর সময় হযরত আবু বকর মদীনার অন্য কোথাও ছিলেন। সংবাদ পেয়ে তিনি ছুটে আসেন এবং চেহারা থেকে কাপড় সরিয়ে চুমু দিয়ে বললেন, আমার মাতা-পিতা আপনার প্রতি কুরবান হোক। জীবিত অবস্থায় তিনি যেমন সুশ্রী এবং পবিত্রতম ছিলেন, মৃত্যুর পরও অনুরূপ সুদর্শন এবং পবিত্রতম রয়েছেন। কাবার রবের কসম, মুহাম্মদ (সা.) ইন্তেকাল করেছেন। আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, অতঃপর হযরত আবু বকর এবং হযরত উমর আনসারদের নিকট গমন করেন। হযরত আবু বকর সেখানে গিয়ে ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে আনসারদের সম্বন্ধে কুরআন এবং হাদীসে বিধৃত সকল প্রশংসার উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যদি সমস্ত লোক এক বনে আর আনসারগণ অন্য বনে চলে যায় তবে আমি আনসারদের সঙ্গেই যাব। হে সাদ! একদা রাসূলুল্লাহ (সা.) তোমাদের সামনে বলেছিলেন, খিলাফত কুরাইশদের জন্য ভালো লোকেরা ভালো কাজের এবং মন্দ লোকের মন্দ কাজের আনুগত্য করবে। সাদ জবাবে বললেন, আপনি সঠিক বলেছেন। আমরা মন্ত্রী, আর আপনারা বাদশাহ। (আহমদ)
ইবনে আসাকির আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, বাইআত গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দীক চেহারা দেখে ধারণা করলেন কিছু লোকের মাঝে অসন্তোষের ছাপ বিরাজ করছে। তাই তিনি বললেন, হে লোকসকল! কোন কাজ তোমাদের অসন্তুষ্ট করে রেখেছে। আমি কি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিনি?.... হয়নি?... হয়নি? তিনি নিজের কতিপয় গুণাবলী বর্ণনা করে বললেন, তোমাদের মধ্য থেকে আমি সবচেয়ে বেশি খিলাফতের হকদার।
আহমদ লিখেছেন, রাফে তাঈ বর্ণনা করেন, আমার কাছে হযরত আবু বকর সিদ্দীক (রা.) নিজের খিলাফতের সকল ঘটনাবলী বলে শুনিয়েছেন। হযরত উমর এবং আনসার সাহাবীগণ যা বলেছেন তা ব্যক্ত করে তিনি (আবু বকর) বলেন, অতঃপর আমার নিকট লোকেরা বাইআত গ্রহণ করে এবং এ কারণে আমি খিলাফতের দায়িত্ব নিলাম যে, কোথাও যেন বিশৃঙ্খলা দেখা না দেয় এবং চরম অরাজকতা ও বিশৃঙ্খলার পর লোকরো যেন মুরতাদ না হয়ে যায়।
ইবনে ইসহাক এবং ইবনে আবেদ কিতাবুল মাগাযী রাফে থেকে বর্ণনা করেন, আমি আবু বকর সিদ্দীকের নিকট আরয করলাম, আপনি আমাকে দু'জন লোকের শাসন থেকে দূরে থাকতে বলেছেন, অথচ আপনি নিজেই শাসন-ক্ষমতা গ্রহণ করলেন কেন? তিনি বললেন, আমি তাদের নিন্দাকারী নই। উম্মতে মুহাম্মদীয়া বিভক্ত হয়ে যাবে বলে আমার আশঙ্কা ছিল।
কায়েস ইবনে আবু হাযেম বলেন, নবী করীম (সা.)-এর মৃত্যুর এক মাস পর আমি হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর খেদমতে বসেছিলাম। তিনি বাইয়াতের সকল ঘটনা বর্ণনা করছিলেন। ইত্যবসরে নামাযের ঘোষণা দেয়া হলো। সাহাবীগণ সমবেত হলেন। তিনি মিম্বরে আরোহণ করে বললেন, উপস্থিতি! আমি স্বেচ্ছায় সম্মত যে, তোমরা অন্য কাউকে খলীফা বানিয়ে নাও। কারণ যদি তোমরা আমার মধ্যে নবী (সা.)-এর হুবুহ পথ খুঁজে পেতে চাও, তবে তা আমার ক্ষমতার অতীত। কেননা, নবী করীম (সা.) শয়তান থেকে নিরাপদ ছিলেন এবং তাঁর নিকট ওহী আসত।
হাসান বসরী (র.) থেকে নকল করে ইবনে সাদ লিখেছেন, বাইআত গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দীক মিম্বরে আরোহণ করে হামদ ও সানার পর বললেন, 'হে আল্লাহর রসূলের সাহাবীগণ! যদিও আমি খলীফা হয়েছি, কিন্তু এতে আমি খুশি নই। আল্লাহর কসম, যদি তোমাদের মধ্যে কেউ এ কাজের দায়িত্ব নিতে চায় তবে সে নিজ হাতে তা গ্রহণ করুক। যখন তোমরা এ গুরুভার একতাবদ্ধ হয়ে আমার উপর চাপিয়েছ তখন আমি অবিকল নবী (সা.)-এর মতো করে চালাতে পারব না, তা সম্ভবও নয়। কারণ রাসূলুল্লাহ (সা.)-এর কাছে ওহী নাযিল হতো। আমি তোমাদের মতোই একজন মানুষ। আমি কারো চেয়ে শ্রেষ্ঠ নই। যতক্ষণ পর্যন্ত আমাকে সঠিক পথ অনুসরণ করতে দেখবে, আমার অনুসরণ করবে। আর চুল পরিমাণ বিচ্যুতি দেখলে সংশোধন করে দিবে। স্মরণ রেখো, শয়তান আমার সাথেও লেগে আছে। যখন আমি রাগান্বিত হবো তখন আমার থেকে পৃথক হয়ে যাবে। কবিতার মাধ্যমে আমার প্রশংসা গাঁথা আবৃত্তি করবে না।
ইবনে সাদ এবং খতীব মালিক এবং তিনি উরওয়া থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) খলীফা হওয়ার পর তাঁর ভাষণে হামদ ও সানা পড়ে বললেন, যদিও আমি তোমাদের নেতা, কিন্তু আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ নই। কুরআন নাযিল হয়েছে, নবী করীম (সা.) সুন্নতের পথ দেখিয়ে দিয়েছেন এবং আমরা তা খুব ভালো করে বুঝি নিয়েছি-তোমরা সে পথই অনুসরণ করবে। বুদ্ধি মান সেই যে পরহেযগার। আর পাপাসক্ত ব্যক্তি হলো সব চেয়ে বেশি বোকা। জনতার প্রাপ্য বুঝিয়ে না দেয়া পর্যন্ত আমি মিল্লাতের নিকট দুর্বল। হে উপস্থিতি! আমি সুন্নতের অনুসারী, বিদা'তী নই। ভালো কাজ করলে আমাকে সাহায্য করবে। আর মন্দ কাজ করতে দেখলে সাবধান করে দিবে। আমি এতটুকুই বলতে চাই। আল্লাহ তা'আলার নিকট নিজের এবং তোমাদের সকলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।
ইমাম মালিক (র.) বলেন, উল্লিখিত শর্তাবলী ছাড়া কোন ব্যক্তি ইমাম হতে পারে না। হাকেম মুসতাদরাক গ্রন্থে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর মক্কা শরীফে চরম ব্যাকুলতা এবং বিলাপের সুর উঠে। হযরত আবু কুহাফা ক্রন্দন ধ্বনি শ্রবণে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বলা হলো, রাসূলুল্লাহ (সা.) ইন্তেকাল করেছেন। তিনি বললেন, আফসোস, অনেক বড় কাজ এবং গুরুদায়িত্ব এসে গেল। অতঃপর জিজ্ঞেস করা হলো, নবীজীর স্থানে কে বসবেন? বলা হলো, আপনার ছেলে? তিনি বললেন, বনূ আব্দে মানাফ এবং বনূ মুগীরা গোত্রদ্বয় কি তা মেনে নিবে? বলা হলো, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তা'আলা যাকে বড় করতে চান তাকে কেউ ছোট এবং যাকে ছোট করতে চান তাকে কেউ বড় করতে পারবে না।
ওকেদী কয়েক পদ্ধতিতে আয়েশা সিদ্দীকা, ইবনে উমর, সাঈদ বিন মুসায়্য্যাব ইস্তেকালের দিন একাদশ হিজরীর বারো রবিউল আউয়াল সোমবারে বাইআত গ্রহণ করেন।
তাবারানী আওসাত গ্রন্থে ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) কখনো মিম্বরে রাসূলুল্লাহ (সা.)-এর স্থানে বসেননি, এভাবেই তাঁর মৃত্যু হয়ে যায়। হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দীকের স্থানে এবং হযরত উসমান গনী হযরত উমর ফারুকের স্থানে জীবনের শেষ প্রহর পর্যন্ত বসেননি।
📄 বিবিধ ঘটনাবলী
হযরত উমর (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর আরবের কতিপয় লোক মুরতাদ হয়ে বলতে লাগল, আমরা নামায পড়ব, কিন্তু যাকাত দিব না। আমি হযরত আবু বকর সিদ্দীকের খেদমতে উপস্থিত হয়ে আরয করলাম, হে আল্লাহর রসূলের খলীফা! আপনি মানুষের মনকে নিজের দিকে আকৃষ্ট করুন এবং তাদের প্রতি নমনীয়তা প্রদর্শন করুন। তারা তো অসভ্য জাতি। হযরত আবু বকর সিদ্দীক (রা.) বললেন, আমি তোমার সহযোগিতা কামনা করতাম, কিন্তু তুমি আমার ভাবনার প্রাসাদ ধ্বংস করেছ। অন্ধকার যুগে তুমি বড়ই কার্যক্ষম বক্তি ছিলে। ইসলাম গ্রহণ করে তুমি অলস হয়ে গেছ। আমি তাদের মনকে কিভাবে আকৃষ্ট করব? আল্লাহ ক্ষমা করুন আমি কি তাদের জাদু করব? আফসোস, রাসূলুল্লাহ (সা.) ইন্তেকাল করেছেন, ওহী বন্ধ হয়েছে। আল্লাহর কসম, যদি তারা একটি দড়ি দিতেও অস্বীকার করে, আমার হাতে তলোয়ার থাকা পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করব, হযরত উমর (রা.) বলেন, আমি তাকে এ কাজে এত বেশি কঠোর হস্তে দেখেছি যে, তিনি এভাবেই মানুষকে সঠিক পথে এনেছেন।
আবুল কাসেম বাগবী এবং আবু বকর শাফেঈ স্বচিত ফাওয়ায়েদ গ্রন্থে এবং ইবনে আসাকির হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালে অপবিত্রতা মাথাচাড়া দিয়ে উঠে। আরবের বৃহৎ অংশ মুরতাদ হয়ে যায়। আনসারগণ পৃথক হয়ে যান। পাহাড়ও এ সমস্যাগুলো বহন করতে পারত না। কিন্তু আমার পিতা আবু বকর সিদ্দীক (রা.) বিস্ময়কর ধৈর্যের সাথে সমস্যাগুলোর মোকাবিলা করেছেন এবং মতভেদযুক্ত প্রতিটি মাসয়ালার সঠিক সমাধান দিয়েছেন। নবী করীম (সা.)-কে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে সর্বপ্রথম মতভেদ দেখা দেয়। সকলেই এ ব্যাপারে নীরব ছিলেন এবং কেউ কিছু জানতেন না। হযরত আবু বকর সিদ্দীক (রা.) বললেন, আমি নবী (সা.) কে বলতে শুনেছি, মৃত্যুর স্থানেই প্রত্যেক নবীকে সমাহিত করা হয়। দ্বিতীয়, রাসূলুল্লাহ (সা.)-এর মিরাস নিয়ে মতভেদ দেখা দিলে আবু বকর সিদ্দীক (রা.) বললেন, আমি নবী (সা.) কে বলতে শুনেছি, নবীদের কোনো উত্তরাধিকারী নেই। তাদের সকলের সম্পদ সদকা হিসেবে বিবেচতি।
উলামায়ে কেরাম বলেন, সর্বপ্রথম নবী (সা.)-এর দাফন নিয়ে মতভেদ হয়। কতিপয় সাহাবী বলেন, নবীর জন্মস্থান মক্কা শরীফে দাফন করা উচিত। কেউ বলেন, মসজিদে নব্বীতে; কেউ বলেন, জান্নাতুল বাকীতে, কেউ আবার বাইতুল মুকাদ্দাসের কথা বলেন, অবশেষে আবু বকর সিদ্দীক (রা.) এ সম্বন্ধে যে অভিমত প্রকাশ করলেন, তা সর্বসম্মতভাবে গৃহীত হলো।
ইবনে যানজুয়া বলেন, এটা হযরত আবু বকরের হাদীসই ছিল। কিন্তু সকলই মুহাজির ও আনসারকে তাঁর বিশাল জ্ঞানের প্রতি ঝুঁকিয়ে দেয়া প্রয়োজন ছিল।
বইহাকী এবং ইবনে আসাকির আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন, এক ও অদ্বিতীয় আল্লাহর কসম, আবু বকর খলীফা না হলে পৃথিবীতে কেউ ইবাদত করত না। তিনি এভাবে তিনবার বললেন। লোকেরা জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা আপনি একথা বলছেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (সা.) উসমা বিন যায়েদকে সাতশ' সৈন্যসহ রোমে প্রেরণ করেন। তিনি শুষ্ক সীমানা অতিক্রম না করতেই হুযূর (সা.) ইন্তেকাল করেন এবং মদীনার পার্শ্ববর্তী আরব জনগোষ্ঠী মুরতাদ হয়ে যায়। সাহাবাগণ হযরত আবু বকরের নিকট আরয করলেন, আপনি উসামা বাহিনীকে ফিরিয়ে নিন। কারণ মদীনার পার্শ্ববর্তী লোকেরা মুরতাদ হয়ে গেছে। এখন আর তার প্রয়োজন নেই। তিনি বললেন, এক ও অদ্বিতীয় আল্লাহর কসম, যদি আল্লাহর পয়গম্বরের বিবিদের পা নিয়ে কুকুরের দল টানা হেঁচড়া করে তবুও রাসূলুল্লাহ (সা.) যে বাহিনী প্রেরণ করেছেন তা আমি ফিরিয়ে নিবো না এবং তিনি যে পতাকা উড়িয়েছেন তা নামিয়ে নিব না। সুতরাং তিনি উসামা বাহিনীকে পুনঃপ্রেরণ করলেন। উসামা পথিমধ্যে যে গোত্রের মুখোমুখী হয়েছেন সকল গোত্রই বাধা দিয়েছে এবং পরাজিত হয়েছে। ফলে তারা পরস্পরে এ কথা বলেছে যে, যদি মুসলমানদের শক্তি না থাকত তবে এ মুহূর্তে তারা অন্য জাতির প্রতি সৈন্য প্রেরণ করত না অতএব দেখুন, রোমানদের মোকাবিলায় ফলাফল কি হয়েছিল। যখন এ বাহিনী রোম সাম্রাজ্যের সীমানায় প্রবেশ করে তখন উভয় দিক থেকে আক্রমণ হয় এবং মুসলিম বাহিনী বিজয় অর্জন করে নিরাপদে ফিরে এলে সকলেই ইসলামকে দৃঢ়ভাবে ধারণ করে।
হযরত উরওয়া (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) মুমূর্ষ অবস্থায় উসামা বাহিনীকে যাত্রা করার নির্দেশ দেন। হযরত উসামা জরফ নামক স্থানে পৌঁছিলে তাঁর স্ত্রী ফাতিমা বিনতে কায়েস লোক মারফত জানালেন, রাসূলুল্লাহ (সা.) অন্তিম শয্যায় শায়িত, আপনি তাড়াহুড়া করবেন না। রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকাল হলে হযরত উসামা হযরত আবু বকরের নিকট উপস্থিত হয়ে আরয করলেন, রাসূলুল্লাহ (সা.) আমাকে রোম সাম্রাজ্যে গমনের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন সংকটময় অবস্থা। আমার আশঙ্কা হচ্ছে আরবের লোকেরা মুরতাদ হয়ে যেতে পারে। যদি তারা মুরতাদ হয়ে যায় তবে সর্বপ্রথম আমি তাদের সাথে মুকাবিলা করতে প্রস্তুত আছি। আর যদি তারা মুরতাদ না হয় তবে আমি চলে যাব। আমার সাথে যে সব তরুণ সৈনিক এবং বড় বড় সরদারগণ ছিলেন তাদের আমি নিয়ে যাওয়ার অনুমতি চাইছি। হযরত আবু বকর সিদ্দীক (রা.) লোকদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহর কসম, যদি আমার প্রাণ বিপন্ন হয় এবং হিংস্র পক্ষীকুল আমার শরীরের গোশত খেয়ে ফেলে তবুও আমি রাসূলুল্লাহ (সা.)-এর আদেশ সামান্যতমও সংশোধন এবং পরিমার্জন করব না। এ বলে তিনি উসামা বাহিনী পুনঃপ্রেরণ করলেন। (ইবনে আসাকির)
যাহাবী বলেন, মদীনার চারিদিকে নবীজী (সা.)-এর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে অনেক গোত্র ইসলাম ত্যাগ করে এবং যাকাত দিতে অস্বীকার করলে হযরত আবু বকর সিদ্দীক (রা.) তাদের নিকট সৈন্য প্রেরণ করেন। কিন্তু হযরত উমর বাধা দেন। সিদ্দীকে আকবর (রা.) বলেন, আল্লাহর কসম, তারা রাসূলুল্লাহ (সা.)-এর নিকট ছাগলের বাচ্চার যে যাকাত দিত তা এক বছরের জন্য দিতে অস্বীকার করলে আমি তাদের সাথে যুদ্ধ করব। উমর (রা.) বললেন, আপনি কিভাবে যুদ্ধ করবেন, রাসূলুল্লাহ (সা.) যেখানে বলেছেন- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ না বলা পর্যন্ত আমি লোকদের সাথে যুদ্ধ করব এ কালেমা পাঠ করলে তার জান এবং মাল আমার জিম্মায়। কিন্তু যাকাত দিতে হবে, এর হিসাব আল্লাহর জিম্মায়। এবার বলুন কিভাবে যুদ্ধ হতে পারে? সিদ্দীকে আকবর বললেন, আল্লাহর কসম, নামায এবং যাকাতের মধ্যে পরিবর্তন করার জন্য আমি যুদ্ধ করব। কারণ যাকাত মালের হক এবং নবী করীম (সা.) বলেছেন, যাকাত আদায় করতে হবে। উমর (রা.) বলেন, আল্লাহর কসম, হযরত আবু বকরের বক্ষ খুলে দেয়া হয়েছিল। আমিও বুঝলাম তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত।
হযরত উরওয়া রা. বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) মুহাজির এবং আনসারদের নিয়ে নজদের নিকটবর্তী হয়ে মুরতাদদের পরাজিত করলে কতিপয় মন্দ চরিত্রের লোকরা নিজেদের বিবি-বাচ্চা নিয়ে পালিয়ে যায়। ফলে লোকেরা তার নিকট আরয করল, আপনি ফিরে যান এবং সৈনিকদের মধ্যে একজনকে সেনাপতি বানিয়ে বাহিনী প্রেরণ করুন। লোকেরা এ ব্যাপারে জোরাজুরি করলে তিনি খালিদ বিন ওলীদকে সেনাপতি বানিয়ে ফিরে এলেন। আসার সময় বললেন, তারা ইসলামে ফিরে এলে এবং যাকাত দিতে সম্মত হলে তোমাদের মধ্যে যাদের ইচ্ছে মদীনায় ফিরে যেতে পারবে।
হযরত ইবনে উমর (রা.) বলেন, সিদ্দীকে আকবর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জিহাদে যাত্রার প্রাক্কালে হযরত আলী অশ্বের রজ্জু ধারণপূর্বক বললেন, আমি আপনাকে সে কথাই বলতে চাই যা নবী (সা.) উহুদ যুদ্ধে আপনাকে বলেছিলেন, অসি কোষবদ্ধ করুন, যাতে আকস্মিক কোনো ঘটনাই না ঘটে এবং আপনি মদীনায় ফিরে চলুন। আল্লাহর কসম, আল্লাহ না করুন যদি আপনার কিছু হয় তাহলে এখানে এমন কেউ নেই যিনি ইসলামের ব্যবস্থাপনা অক্ষুণ্ণ রাখবেন। (দারা কুতনী)
খানযালা বিন আলী লাইসী বলেন, হযরত আবু বকর সিদ্দীক যখন হযরত খালিদ বিন ওলীদকে বাহিনীর আমীর বানিয়ে প্রেরণ করেন তখন এ নসিহত করলেন যে, তাদেরেেক পাঁচটি আহকাম পালনের নির্দেশ দিবে। যদি একটি হুকুমও তারা অস্বীকার করে তবে তাদের সাথে এমনভাবে লড়াই করবে পাঁচটি আহকাম অস্বীকারকারীদের সাথে যেভাবে লড়াই করো। আর সেই পাঁচটি আহকাম হলো- ১. আল্লাহ এক ও অদ্বিতীয় এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল। ২. নামায পড়তে হবে। ৩. যাকাত দিতে হবে। ৪. রোযা রাখতে হবে। ৫. বাইতুল্লাহ শরীফে এসে হজ্জ আদায় করতে হবে। হযরত খালিদ বিন ওলীদ তাঁর বাহিনী নিয়ে জমাদিউল আখের মাসে রওয়ানা করেন। বনী আসাদ এবং গাতফান গোত্রের সাথে তার যুদ্ধ হয়। অনেক মুরতাদ নিহত, অনেক বন্দী এবং বাকীরা আবার মুসলমান হয়। সাহাবীদের মধ্যে আকাশা বিন মুহসিন এবং সাবেত বিন আকরাম খালেদ বিন ওলিদ (রা.) এর সাথে ছিলেন। এ বছর রমযান মাসে নবী দুহিতা জান্নাত নেত্রী হযরত ফাতেমা (রা.) ইন্তেকাল করেন। যাহাবী বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর বংশধারা হযরত ফাতেমা থেকেই সূচিত হয়।
যুবায়ের বিন বাকার বলেন হযরত ফাতেমার এক মাস পূর্বে হযরত উম্মে আয়মন ইন্তেকাল করেন এবং শাওয়াল মাসে আব্দুল্লাহ বিন আবু বকরের মৃত্যু হয়। যাহোক এ বছরের শেষ দিকে হযরত খালিদ তাঁর বাহিনী নিয়ে মুসায়লামা কাযযাবকে হত্যা করার জন্য ইয়ামামায় পৌঁছলে উভয় বাহিনীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অবশেষে কয়েকটি দুর্গ বিজিত হওয়ার পর হযরত হামযা (রা.)-এর হত্যাকারী ওয়াহশী মুসায়লামাকে হত্যা করেন। এ ঘটনায় যারা শহীদ হন তারা হলেন আবু হুযাইফা বিন উতবা, আবু হুযাইফার গোলাম সালিম, শুজা বিন ওহাব, যায়েদ বিন খাত্তাব, আব্দুল্লাহ বিন সহল, মালিক বিন আমর, তোফায়েল বিন আমর দৌসী, ইয়াযিদ বিন কায়েস, আমের বিন বাকার, আব্দুল্লাহ বিন মুহরেমা, সায়িব বিন উসমান বিন মাজউন, উবাদা বিন বশর, মাআন বিন আদী, সাবিত বিন কায়েস বিন শামাস, আবু দোজানা, সামাক বিন হরব প্রমুখ।
মুসায়ালামা কাযযাবের বয়স হয়েছিল দেড় শত বছর। নবী করীম (সা.)-এর সম্মানিত পিতা আব্দুল্লাহ চেয়েও বয়সে বড় ছিল।
দ্বাদশ হিজরীতে আবু বকর সিদ্দীক (রা.) আলা-বিন হাযরামীকে বাহরাইনে পাঠান। সেখানেও লোকেরা ধর্ম ত্যাগ করেছিল। জাওয়াছী নামক স্থানে লড়াই হয়। মুসলমানরা বিজয় অর্জন করেন। ওমানেও এ ফেতনা মাথাচাড়া দেয়ার কারণে ইকরামা বিন আবু জাহেলকে তাদের দমনের জন্য পাঠানো হয়। আবু উমাইয়াকে মুহাজিরদের দলপতি করে বাহীরে এ ফেতনা দমনের জন্য প্রেরণ করা হয়। যিয়াদ বিন লাবীদ আনসারীকে একদল ধর্মত্যাগীকে শায়েস্ত করার জন্য আরেক দিকে পাঠানো হয়। এ বছর রাসূলুল্লাহ (সা.)-এর জামাতা আবুল আস বিন রবীআ ইন্তেকাল করেন। সআব বিন জিছামা লাইছী এবং আবু মুরছাদ গুনুভীও এ বছর পরলোকগমন করেন।
মুরতাদদের ফেতনা দমনের পর হযরত আবু বকর সিদ্দীক (রা.) হযরত খালিদ বিন ওলীদকে বসরায় প্রেরণ করেন এবং লড়াই করে আয়লা শহর বিজিত করেন। অতঃপর কিছু সন্ধি কিছু যুদ্ধ করে ইরাকের মাদায়েন শহর দখল হয়। দ্বাদশ হিজরীতে বাইতুল্লাহ যিয়ারত থেকে ফিরে এসে আমর বিন আসকে শামে প্রেরণ করেন। শামে তেরো হিজরীতে যুদ্ধ হয় এবং বিজয়ের মুকুট মুসলমানদের মাথায় প্রতিস্থাপিত হয়। কিন্তু হযরত আবু বকর (রা.)-এর নিকট যখন এ সুসংবাদ পৌঁছে তখন তিনি মৃত্যু পথযাত্রী। এ যুদ্ধে ইকরামা বিন আবু জাহেল এবং হিমাম বিন আসসহ অন্যান্য সাহাবী অংশগ্রহণ করেন। এ বছর মরজুস সফর যুদ্ধ হয় এবং এ যুদ্ধে মুশরিকরা পরাজিত হয়। এ ঘটনায় অন্যান্যদের সাথে ফজল বিন আব্বাস (রা.) শহীদ হন।
📄 কুরআন একত্রিত করার বিবরণ
সহীহ বুখারী শরীফে হযরত যায়েদ বিন সাবেত (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, মুসায়লামা কায্যাবের সাথে যুদ্ধের পর হযরত আবু বকর সিদ্দীক (রা.) আমাকে ডেকে পাঠালেন। আমি এসে দেখলাম তাঁর নিকট হযরত উমর (রা.) নীরবে বসে আছেন। হযরত আবু বকর আমাকে বললেন, উমর আমাকে বলেছেন, ইয়ামামার যুদ্ধে অনেক মুসলমান কারী শহীদ হয়েছেন। আমার ভয় হয় যদি এভাবে মুসলিম কারীগণ শহীদ হতে থাকেন তাহলে হাফেজদের সাথে কুরআন শরীফও উঠে যাবে। অতএব আমি কুরআনকে একত্রিত করতে চাই। আমি বললাম, আমি এ কাজ কিভাবে করতে পারি যা নবী করীম (সা.) স্বয়ং করেননি। হযরত উমর (রা.) বললেন, আল্লাহর কসম, এটা পুণ্যের কাজ, এতে কোনোই ক্ষতি নেই। তিনি বারবার অনমনীয়ভাবে একথা বলেছিলেন, অবশেষে বিষয়টি ভালোভাবে আমর বুঝে আসলো।
হযরত যায়েদ (রা.) বলেন, হযরত উমর (রা.) নীরবে শুনছিলেন। হযরত আবু বকর (রা.) আবার আমাকে বললেন, তুমি তরুণ এবং বুদ্ধিমান। তোমার ব্যাপারে কোনো অভিযোগও নেই। তুমি রাসূলুল্লাহ (সা.)-এর ওহী লেখক। সুতরাং অনুসন্ধান করে তুমি কুরআন জমা করো।
হযরত যায়েদ (রা.) বলেন, এ কাজটি আমার নিকট অত্যন্ত দুঃসাধ্য মনে হলো। আমাকে যদি পর্বত উত্তোলনের নির্দেশ দেয়া হতো তাহলে আমি একে তার চেয়ে হালকা মনে করতাম। আমি আরয করলাম, আপনারা দু'জন কেন এ কাজ করতে চাইছেন, যা রাসূলুল্লাহ (সা.) করেননি। হযরত আবু বকর (রা.) বললেন, এ কাজে কোনোই ক্ষতি নেই। কিন্তু আমি দ্বিধান্বিত হয়ে পড়লাম এবং আমি নিজেকে এ কাজের অনুপযোক্ত মনে করলাম। অবশেষে আল্লাহ তা'আলা আমার অন্তর চক্ষু খুলে দিলেন এবং বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে অনুধাবন করলাম। আমি অনুসন্ধান শুরু করলাম এবং কাগজের টুকরো, উট এবং ছাগলের রানের হাড়, গাছের পাতা, হাফেজদের মুখস্থ জ্ঞান থেকে কুরআন সংগ্রহ করে জমা করলাম।
আর সূরা তওবার দু'টি আয়াত- 'লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম' হযরত খুযাইমা বিন সাবেত (রা.) ছাড়া অন্য কারো নিকট পাইনি। কুরআন জমা করে আমি তা হযরত আবু বকরের খেদমতে পেশ করলাম, যা মৃত্যু অবধি তাঁর কাছেই ছিল। অতঃপর তা হযরত উমরের হস্তগত হয়। তাঁর মৃত্যুর পর হযরত হাফসা বিনতে উমর (রা.) তা সংরক্ষণ করেন। আবু ইয়ালা হযরত আলীর বরাত দিয়ে বলেন, কুরআন শরীফ জমা করার সবচেয়ে বেশি সওয়াব হযরত আবু বকর সিদ্দীকের প্রাপ্য। কারণ তিনি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম কুরআন শরীফকে গ্রন্থাকারে রূপ দেন।
📄 সর্বপ্রথম তিনি যা করেছেন
হযরত আবু বকর সিদ্দীক (রা.) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম কুরআন জমা করেছেন এবং কুরআনকে মাসহাফ নাম দিয়েছিলেন। তাঁকে সর্বপ্রথম খলীফা বলা হয়েছে।
আহমদ আবু বকর বিন আবু মালিকা থেকে বর্ণনা করেন, হযরত আবু বকরকে আল্লাহর খলীফা বলা হলে তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের খলীফা। আমি এতেই সন্তুষ্ট এবং এই আমার অহংকার। তিনি সর্বপ্রথম খলিফা যিনি তাঁর পিতার জীবদ্দশায় খলীফা হন। তিনিই সর্বপ্রথম খলীফা যাঁর প্রজারা তাঁর জন্য ভাতা নির্ধারণ করেছিল।
বুখারী শরীফে হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, আমার সম্প্রদায় অবগত যে, আমার উপার্জন আমার পরিবারের খরচ যোগাতে সমর্থ নয়। আবার আমি খিলাফতের কাজ নিয়ে ব্যস্ত, ফলে আমার কোনো উপার্জন নেই। সুতরাং আমার পরিবারকে আমি বাইতুল মাল থেকে খাদ্য দিব।
ইবনে সাদ আতা বিন সায়েব থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর (রা.) বাইআতের দ্বিতীয় দিবসে কিছু চাদর নিয়ে বাজারে যাচ্ছিলেন। হযরত উমর (রা.) আরয করলেন, কোথায় চলেছেন? তিনি বললেন, বাজারে। হযরত উমর (রা.) বললেন, আপনি এগুলোর (ব্যবসা) ছেড়ে দিন। আপনি জনগণের খলীফা। তিনি বললেন, আমার পরিবার কি খাবে? হযরত উমর (রা.) বললেন, আপনি চলুন, আপনার জন্য আবু উবায়দা (ভাতা) নির্ধারণ করবেন। তাঁরা হযরত আবু উবায়দার নিকট গমন করে বললেন, আমরা আপনার নিকট হযরত আবু বকর (রা.) ও তাঁর পরিবার-পরিজনের জন্যে একজন মধ্যম মানের মুহাজিরের খোরাকী নির্ধারণ করে নিত্যদিনের খোরাকী এবং শীত ও গ্রীষ্মকালীন পোশাক নির্ধারণ করুন। কিন্তু যখন এগুলো পুরাতন হয়ে যাবে তখন এগুলোর পরিবর্তে নতুন কাপড় নিয়ে নিবে। তিনি হযরত আবু বকরের জন্য প্রতিদিনকার খাবার হিসেবে অর্ধেক ছাগলের গোস্ত শরীর ঢাকা উপযোগী কাপড় এবং পেট ভর্তি রুটি নির্ধারণ করলেন।
ইবনে সাদ মাইমুন থেকে রেওয়ায়েত করেন, হযরত আবু বকর খলীফা নির্বাচিত হওয়ার সময় তাঁর জন্য বার্ষিক দু'হাজার দিরহাম ভাতা নির্ধারণ করা হয়। ফলে তিনি বলেন, আমার পারিবারিক পরিসর বৃহৎ। এতে আমার চলবে না। তোমাদের প্রদত্ত খিলাফতের দায়িত্ব আমাকে ব্যবসা করতে বাধা দিচ্ছে- কিছু বাড়িয়ে দাও। ফলে পাঁচশ দিরহাম বৃদ্ধি করা হলো।
তাবারানী স্বরচিত মুসনাদ গ্রন্থে হাসান বিন আলী বিন আবু তালিব (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর মৃত্যুর সময় আয়েশা সিদ্দীকাকে বলেন, যতক্ষণ মুসলমানদের কাজ করব যে উটনীর দুধ আমি পান করি, যে পেয়ালা এবং চাদর আমি ব্যবহার করি তা আমার জন্য বৈধ। আমার মৃত্যুর পর সেগুলো উমরকে দিয়ে দিবে। কারণ সেগুলো বাইতুল মাল থেকে নেয়া হয়েছে। তার মৃত্যুর সময় সেগুলো হযরত আয়েশা (রা.) হযরত উমরের নিকট পাঠিয়ে দেন। হযরত উমর (রা.) বলেন, আল্লাহ তা'আলা হযরত আবু বকরের প্রতি রহম করুন। তিনি তাঁর এ সকল কষ্ট আমার কারণে সহ্য করেছেন।
ইবনে আবিদ দুনিয়ার আবু বিন হাফস থেকে বর্ণনা করেন, মৃত্যুর সময় হযরত আবু বকর (রা.) আয়েশা সিদ্দীকাকে বলেন, হে আমার কন্যা! যদিও আমি মুসলমানদের খলীফা ছিলাম, কিন্তু আমি কখনই অর্থ-সম্পদ অর্জন করিনি। খুব সাধারণভাবে খানা-পিনা করেছি। হাবশী গোলাম, উটনী এবং পুরাতন চাদর ছাড়া বাইতুল মাল থেকে আমি আর কিছু গ্রহণ করিনি। আমার মৃত্যুর পর এগুলো উমরের নিকট পাঠিয়ে দিও।
তিনি সর্বপ্রথম বাইতুল মাল প্রতিষ্ঠিত করেন। ইবনে সাদ সহল বিন আবী খাইছামা থেকে বর্ণনা করেন, সিদ্দীকে আকবরের যুগে বাইতুল মালে কোনো পাহারাদার ছিল না। লোকেরা বলল, আপনি বাইতুল মালে কেন পাহারাদার নিয়োগ করেননি? তিনি বলনে, তালা লাগিয়ে রাখার পরও পাহারাদারের প্রয়োজন কি? বস্তুত বাইতুল মালে কিছু এলেই তা মুসলমানদের মধ্যে বণ্টন করে দেয়া হতো এবং বাইতুল মাল শূন্য হয়ে থাকত। এক বছর পর বাইতুল মাল হযরত আবু বকর তার বাড়িতে স্থানান্তরিত করে নিয়ে যান। যখনই মাল আসত তিনি তা গরীবদের মধ্যে বিলিয়ে দিতেন এবং কখনও উট, ঘোড়া, অস্ত্র কিনে আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। একবার তিনি চাদর কিনে মদীনায় বিধবাদের মধ্যে বিতরণ করেন। তাঁর মৃত্যুর পর তাঁকে সমাহিত করে হযরত উমর কয়েকজন সম্মানিত সাহাবী যাঁদের মধ্যে আব্দুর রহমান বিন আউফ এবং উসমান বিন আফফান ছিলেন। তাঁদের নিয়ে হিসাব পরীক্ষা করার জন্য বাইতুল মালে গিয়ে দেখেন আল্লাহর নাম ছাড়া সেখানে আর কিছু নেই।
গ্রন্থকার বলেন, উক্ত রেওয়ায়েত দ্বারা রাওয়েলে আসকারীদের মতামত খণ্ডিত হয়েছে। তাদের মতে বাইতুল মালের প্রতিষ্ঠাতা হযরত উমর (রা.) তাদের এ অভিমতটি আমি তাদের এক গ্রন্থে দেখেছি। তাদের আরেক রচনায় আমি এও দেখেছি যে, হযরত আবু বকরের বাইতুল মালের সর্বপ্রথম রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন হযরত আবু উবায়দা। হাকেম বলেন, হযরত আবু বকর ইসলামের প্রাথমিক যুগে আতীক উপাধিতে প্রসিদ্ধ ছিলেন।
ষষ্ঠ পরিচ্ছেদ
বুখারী এবং মুসলিম শরীফে জাবের (রা.) বর্ণিত, নবী (সা.) ইরশাদ করেন, যদি বাহরাইন থেকে মালে গনীমত আসে তবে আমি তোমাকে এই এই দিব। তাঁর ইন্তেকালের পর বাহরাইন থেকে মালে গনীমত এলে সিদ্দীকে আকবর ঘোষণা দিলেন যে, এমন কেউ আছ যে নবীজীর কাছে কিছু পাবে, অথবা তিনি তোমাদের কাউকে কিছু দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমি উপস্থিত হলাম। তিনি বললেন, এখান থেকে গ্রহণ করো। আমি গ্রহণ করলাম, যা গণনা করে পাঁচশত মুদ্রা হলো, কিন্তু তিনি আমাকে দেড় হাজার মুদ্রা দিলেন।