📘 তারীখুল খুলাফা > 📄 দানশীলতা

📄 দানশীলতা


সকল সাহাবার মধ্য থেকে সবচেয়ে বেশি দানশীল হযরত আবু বকর সিদ্দীক (রা.)। আল্লাহ তা'আলা ইরশাদ করেন- وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى -

ওলামায়ে কেরাম একমত এ আয়াত তাঁর শানে নাযিল হয়েছে। (ইবনে জাওযী)

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আবু বকরের সম্পদ আমার যতটুকু উপকার করেছে আর কারো সম্পদ ততটুকু করেনি। হযরত আবু বকর (রা.) অত্যন্ত বিনয়ের সাথে আরয করেন, ইয়া রাসূলাল্লাহ! আমি এবং আমার সকল সম্পদ আপনার। এটি আহমদ বর্ণনা করেছেন। হযরত আয়েশার অপর হাদীসটি এমনই। তবে সে হাদীসে এতটুকু বৃদ্ধি করা হয়েছে যে, রসূলুল্লাহ (সা.) নিজের সম্পদের মত নিজ সম্পদ মনে করে হযরত আবু বকরের সম্পদ খরচ করেছেন। (খতীব)

হযরত আয়েশা (রা.) কর্তৃক বর্ণিত, ইসলাম গ্রহণের সময় হযরত আবু বকরের নিকট চল্লিশ হাজার দেরহাম অথবা দিনার ছিল। তিনি এগুলো সম্পূর্ণ হুযূর (সা.)-এর জন্য ব্যয় করেছেন। (ইবনে আসাকির)

ইবনে উমর (রা.) বলেন, ইসলাম গ্রহণের সময় হযরত আবু বকরের নিকট চল্লিশ হাজার দেরহাম ছিল। আর হিজরতের সময় পাঁচ হাজারের বেশি ছিল না। বাকী অর্থ তিনি ইসলামের সাহায্য এবং মুসলমান গোলাম কিনে আযাদ করার পেছনে ব্যয় করেছেন। (ইবনে সাঈদ)

ইবনে আসাকির হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর এ রকম সাতজন গোলামকে কিনে আযাদ করে দিয়েছেন যাদের মালিক তাদের উপর অত্যাচার করত। ইবনে উমর বলেন, একদা আমি হযরত (সা.)-এর দরবারে উপস্থিত ছিলাম। হযরত আবু বকর (রা.) জুব্বা পরে, যে জুব্বায় বোতামের পরিবর্তে কাঁটা ব্যবহার করা হয়েছিল? তিনি দরবারে এলেন। ইত্যবসরে হযরত জিবরাঈল (আ.) অবতীর্ণ হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আবু বকর সিদ্দীক কাঁটা জড়ানো জুব্বা পরে এসেছেন, আজ এ ব্যতিক্রম কেন? হুযুর (সা.) বললেন, হে জিবরাঈল! মক্কা বিজয়ের পূর্বে আমার জন্য তার সকল সম্পদ ব্যয় করে দিয়েছেন। হযরত জিবরাঈল (আ.) বললেন, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, হে আবু বকর, আমার জন্য যে দারিদ্রতা গ্রহণ করেছ, এতে কি তুমি সন্তুষ্ট? হযরত আবু বকর (রা.) বললেন, আমি আমার প্রতিপালকের উপর সম্পূর্ণ সন্তুষ্ট। এটি ইবনে আসাকির প্রমুখ বর্ণনা করেছেন। এ হাদীসের সনদ অত্যন্ত দুর্বল। এ ধরনের দুর্বল রেওয়ায়েতসমূহ অনেক রয়েছে।

হযরত ইবনে আব্বাস (রা.) থেকে এক রেওয়ায়েতে আছে, হযরত জিবরাঈল (আ.) কাঁটাযুক্ত জুব্বা পরে নাযিল হলে রসূলুল্লাহ (সা.) বললেন, হে জিবরাঈল! এটা কেমন রীতি? তিনি বললেন, আল্লাহ ফেরেশতাদের আবু বকরের অনুরূপ পোশাক পরার নির্দেশ দিয়েছেন। এ রেওয়ায়েতটিও অত্যন্ত দুর্বল, যদিও তা অনেক লোক বর্ণনা করেছেন। তবে এ ধরনের রেওয়ায়েতকে পরিহার করে চলাই উত্তম। এটি খতীব বর্ণনা করেছেন।

হযরত উমর ফারুক (রা.) বলেন, একদিন আমি রসূলকে বলতে শুনলাম, আমি কিছু মাল গ্রহণ করব। হযরত উমর (রা.) বলেন, এতদশ্রবণে আমি পূর্ণ অভিপ্রায় গ্রহণ করলাম যে, আবু বকরের চেয়ে আমি এবার বেশি সদকা করব। এ জন্য আমার ধন সম্পদের অর্ধেকাংশ নিয়ে হাযির হলাম। নবী করীম (সা.) জিজ্ঞেস করলেন, তোমার পারিবারের জন্য কতটুকু রেখে এসেছ? আরয করলাম, যতটুকু এনেছি। ইত্যবসরে আবু বকর সিদ্দীক (রা.) তাঁর সমস্ত সম্পদ নিয়ে হাযির হন। রসূলুল্লাহ (সা.) বললেন, নিজ পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, তাদের জন্য আল্লাহ এবং তাঁর রসূলই যথেষ্ট। তখন আমি বুঝলাম আমি তাঁর সমকক্ষ নই। আবু দাউদ এবং তিরমিযী কর্তৃক বর্ণিত।

হাসান বসরী (র.) বলেন, একবার হযরত আবু বকর (রা.) সদকার মাল নিয়ে এসে তার পরিমাণ গোপন রেখে বললেন, ইয়া রাসূলাল্লাহা! এগুলো আমার সদকা। আল্লাহর কসম, আপনার প্রতিপালক আমার সাহায্যের জন্য যথেষ্ট। আর হযরত উমর সদকার মাল এনে তার পরিমাণ প্রকাশ করে বলতে লাগলেন, আপনার রবের সাহায্যই যথেষ্ট। নবী করীম (সা.) বললেন, তোমাদের দু'জনের সদকার মধ্যে পার্থক্য এতটুকু, যতটুকু পার্থক্য উভয়ের কথার মধ্যে। আবু নুয়াঈম এটি বর্ণনা করেন, এর সনদ সুন্দর।

আবু হুরায়রা (রা.) বলেন, রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমার উপর কারো অনুগ্রহ নেই, সকলের উপকারের প্রতিদান দিয়েছি। কিন্তু আবু বকরের দয়ার প্রতিদান এখন পর্যন্ত বাকী রয়ে গেছে। তাঁর অনুগ্রহ এতই বিশাল যে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা এর প্রতিদান দিবেন। কোনো সম্পদ আমাকে ততটুকু লাভবান করতে পারেনি, যতটুকু আবু বকরের সম্পদ করেছে। (তিরমিযী)

হযরত আবু বকর সিদ্দীক (রা.) বলেন, একদা আমার পিতাকে নিয়ে হযরত নবী করীম (সা.)-এর খেদমতে উপস্থিত ছিলাম। তিনি বললেন, তুমি বৃদ্ধকে কষ্ট দিয়ে কেন নিয়ে এলে, আমিই যেতাম। আমি বললাম, আপনাকে কষ্ট দেয়ার চেয়ে তার আগমনই শ্রেয়। তিনি বললেন, আমার প্রতি তোমার যে অনুগ্রহ তাতে তোমার পিতাকে কষ্ট দেয়া আমার জন্য সহনযোগ্য নয়। (বায্যার)

ইবনে আসাকির ইবনে আব্বাস (রা.) থেকে রেওয়ায়েত করেন, রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আমার প্রতি আবু বকরের চেয়ে বেশি অনুগ্রহ কারো নেই। তিনি নিজের জীবন দিয়ে আমার প্রতি সহানুভূতিশীল ছিলেন, সম্পদ দিয়ে সাহায্য করেছেন এবং নিজের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন।

📘 তারীখুল খুলাফা > 📄 ইলম (জ্ঞান)

📄 ইলম (জ্ঞান)


হযরত আবু বকর সিদ্দীক (রা.) সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম (জ্ঞানী) এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিলেন। ইমাম নব্বী তাহযীব গ্রন্থে লিখেছেন, ওলামায়ে কেরাম হযরত আবু বকরের বিশাল জ্ঞান ভাণ্ডারের উপর ইমাম বুখারী (র.) এবং ইমাম মুসলিম (র.)-এর একখানা হাদীসের দ্বারা প্রমাণ পেশ করেছেন। হযরত আবু বকর (রা.) বলেন, আল্লাহর কসম, কেউ যদি নামায এবং রোযার মধ্যে সামান্যতমও তারতম্য করে তবে আমি তার সাথে লড়াই করব। তারা আমাকে দুর্বল ভেবেছে। নবী (সা.)-এর যুগে তারা যতটুকু যাকাত আদায় করেছে, যদি তারা এর চেয়ে তিল পরিমাণ কম করে আমি তাদের মোকাবিলা করব।

শায়খ আবু ইসহাক এ হাদীস দ্বারা দলিল দেন যে, হযরত আবু বকর (রা.) সর্বাধিক জ্ঞানী এবং সবচেয়ে বড় আলেম। কারণ সাহাবায়ে কেরাম যখন এ মাসয়ালা নিয়ে বিব্রত হয়েছিলেন তখন মাসয়ালাটি হযরত আবু বকর (রা.)-এর খেদমতে এ মর্মে প্রেরণ করা হয় যে, আপনার অভিমতটি বিতর্কের ঊর্ধ্বে পরিশুদ্ধ হিসেবে সাহাবাগণ গ্রহণ করবেন। ইবনে উমরকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করেন, রসূলুল্লাহ (সা)-এর যুগে কে ফতোয়া দিতেন? তিনি বলেন, আবু বকর (রা.) এবং উমর (রা.)-এর চেয়ে বড় আলেম আর কেউ ছিলেন না। আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, একদিন নবী করীম (সা.) খুতবার মধ্যে বলেন, আল্লাহ তা'আলা তাঁর এক নেককার বান্দাকে দুনিয়া অথবা আখেরাত উভয়ের যে কোন একটি গ্রহণের অধিকার দিয়েছেন। আর সেই বান্দা আখেরাতকে পছন্দ করেছেন।

এতদশ্রবণে হযরত আবু বকর (রা.) কাঁদতে লাগলেন এবং বললেন, আমার পিতা মাতা তাঁর প্রতি কুরবান হোক। আমরা তাঁর কান্নায় আশ্চর্যান্বিত হয়ে পড়লাম। কারণ নবী করীম (সা.) দৃশ্যত জনৈক ব্যক্তির কথা বলেছেন। আর সেই জনৈক ব্যক্তিটি যে তিনি স্বয়ং নবী (সা.) তা আমরা কেউ বুঝতে পারিনি। কিন্তু আবু বকরের জ্ঞান ভাণ্ডারে তা ধরা পড়েছে। এ কারণে তিনি সবচেয়ে বড় আলেম ও জ্ঞানী। (বুখারী, মুসলিম)

নবী করীম (সা.) বলেন, আমার প্রতি বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে আবু বকরের সম্পদ এবং সাহচর্য আমার উপর সবচেয়ে বেশি অনুগ্রহ করেছে। যদি আমি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তবে তিনি আবু বকর। ইসলামের প্রতি তাঁর সত্যিকার ভালোবাসার কথা সর্বদা আমার অন্তরে বিদ্যমান থাকবে। (নব্বী)

ইবনে কাসীর (র.) বলেন, আল্লাহর কালাম সম্পর্কে তাঁর জ্ঞান ছিল সবচেয়ে বেশি। কারণ নবী করীম (সা.) তাঁকে নামাযের জন্য সাহাবীদের ইমাম বানিয়েছিলেন। আর হুযুর (সা.) নিজেই বলেছেন, জাতির ইমাম সেই হবে যার জ্ঞান ভাণ্ডার কুরআনের জ্ঞানে সবচেয়ে বেশি সমৃদ্ধ। অধিকন্তু তিনি আরো বলেন, যে সম্প্রদায়ে আবু বকর রয়েছে সেখানে তিনি ছাড়া কেউ ইমাম হতে পারবে না। এ হাদীসটি তিরমিযী বর্ণনা করেন।

এরূপভাবে হাদীসের উপরও তাঁর বিরাট দখল ছিল। সাহাবাগণ হাদীস সম্বন্ধে অধিকাংশ বিষয়ে তাঁর মুখাপেক্ষী থাকতেন। সবসময় নবী করীম (সা.)-এর হাদীস তাঁর সামনে পেশ করা হতো। কারণ তিনি রসূলের হাদীসের ভাণ্ডার স্মরণ রাখতেন এবং জরুরী মুহূর্তে বিষয়াদি তাঁর সমীপেই উপস্থাপন করা হতো। তিনি সর্বাধিক হাদীসের হাফেজ ছিলেন। কারণ রিসালাতের ঊষালগ্ন থেকে মৃত্যু অবধি তিনি সবসময় রাসূলুল্লাহ (সা.)-এর সাথে থাকতেন। তাঁর মুখস্থ শক্তি ছিল অত্যন্ত প্রখর। তিনি ছিলেন জ্ঞানবান এবং ধীশক্তিসম্পন্ন ব্যক্তি।

হযরত আবু বকর (রা.) থেকে অত্যন্ত কম সংখ্যক হাদীস বর্ণিত হয়েছে- এ কথাটি বেদনাদায়ক এবং তা বিস্ময়ের জন্ম দেয়। কম হাদীস বর্ণনা করার কারণ নবীজীর মৃত্যুর পর তিনি খুব সামান্য ক'দিন বেঁচেছেন। যদি লম্বা সময় পর্যন্ত জীবিত থাকতেন তবে তাঁর বর্ণনা সকল সাহাবার চেয়ে বেশি হতো এবং আবু বকরের সনদ ছাড়া কোনো হাদীস পাওয়া যেত না। হাদীস বর্ণনা করার ক্ষেত্রে আবু বকরের জন্য অন্য সাহাবীর সাহায্য নেয়া প্রয়োজন হতো না। এ জন্য যে, তিনি সর্বদা রসূলের সাথে থাকতেন এবং হাদীস শুনতেন। সুতরাং তিনি নিজেই রসূলুল্লাহ (সা.) থেকে হাদীস বর্ণনা করতেন। তবে এ ক্ষেত্রে প্রশ্ন হলো, হযরত আবু বকর (রা.) অন্য সাহাবীর থেকে কিছু হাদীস রেওয়ায়েত করেছেন, এটা কেন? তিনি নিজে যা শোনেননি তা শুনে নিয়ে বর্ণনা করেছেন।

মাইমুন বিন মেহরান (র.) বলেন, হযরত আবু বকরের নিকট কোনো বিচার আসলে এ সংক্রান্ত মাসয়ালা কুরআন শরীফে অনুসন্ধান করতেন এবং কুরআন শরীফের নির্দেশিত পথে ফায়সালা করতেন। যদি কুরআন শরীফে সমাধান না পেতেন, তবে রসূলুল্লাহ (সা.)-এর হাদীস অনুযায়ী ফায়সালা করতেন। যদি এ সংক্রান্ত কোনো হাদীস তাঁর স্মরণ না থাকত তবে বাইরে এসে লোকদের জিজ্ঞেস করতেন, আমার কাছে এ ধরনের বিচার এসেছে। তোমাদের মধ্য থেকে কেউ কি জান এ ধরনের বিচারের প্রেক্ষিতে রসূলুল্লাহ (সা.) কি সমাধান দিয়েছেন? তাঁর নিকট সকল সাহাবী একত্রিত হতেন এবং যদি কেউ এ সংক্রান্ত হাদীস বর্ণনা করতেন তবে এ অনুযায়ী তিনি ফায়সালা করতেন এবং খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করতেন আলহামদুলিল্লাহ! আমাদের মধ্যে এমন ব্যক্তি আছেন যিনি নবী করীম (সা.)-এর হাদীসকে স্মরণ রেখেছেন। যদি হাদীসেও সমাধান পাওয়া না যেত তবে তিনি বড় বড় সাহাবীদের একত্রিত করে পরামর্শ করতেন, অধিকাংশ অভিমতের উপর তিনি ফায়সালা দিতেন। হযরত উমর ফারুক (রা.) ও তাই করতেন।

আবু বকর (রা.) আরবের সাধারণ এবং কুরাইশদের বিশেষ বংশ পরম্পরা সম্পর্কে দারুণভাবে জানতেন। আরব এবং কুরাইশ বংশ পরম্পরা বিশেষজ্ঞ জুবায়ের বিন মুতঈম (র.) বলেন, আমি বংশ পরস্পরার জ্ঞান আবু বকরের কাছ থেকেই নিয়েছি। তিনি আরবের এক বিশিষ্ট বংশ পরস্পরা বর্ণনাকারী। তাঁর স্বপ্নের ব্যাখ্যাজ্ঞান ছিল আগাধ। নবী করীম (সা.)-এর যুগে তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। মুহাম্মদ বিন সিরীন (র.) একজন বিশিষ্ট স্বপ্নের ব্যাখ্যাকার তিনি বলেন, রসূলুল্লাহ (সা.)-এর পর হযরত আবু বকর (রা.) সবচেয়ে বড় ব্যাখ্যাকারক। হযরত সামুরাহ (রা.) বলেন, একদা হুযুর (সা.) বলেন, আল্লাহ তা'আলা আমাকে আবু বকর সিদ্দীকের নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা করিয়ে নেবার নির্দেশ দিয়েছেন। (দাইলামী)

ইবনে কাসীর (র.) বলেন, হযরত আবু বকর (রা.) সবচেয়ে বেশি বাকপটু এবং বাগ্মী ছিলেন। তিনি খুব সুন্দর করে বক্তৃতা দিতে পারতেন। যুবাইর বিন বাকার বলেন আমি ওলামাদের নিকট থেকে শুনেছি সবচেয়ে বড় বাগ্মী ছিলেন আবু বকর (রা.) এবং আলী (রা.)। তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। স্বপ্নের ব্যাখ্যা, আল্লাহর ভয় এবং বাগ্মীতা পৃথক পৃথক অধ্যায়ে বর্ণনা করা হবে।

সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম হওয়ার ক্ষেত্রে সুলেহ হুদায়বিয়ার হাদীস দ্বারা দলিল পেশ করা হয়। হুদায়বিয়ার সন্ধির ব্যাপারে হযরত উমর রসূলুল্লাহ (সা.)-কে বিভিন্ন প্রশ্ন করেন, তিনি তাঁর জবাবও দেন। অতঃপর হযরত উমর হযরত আবু বকরের নিকট গিয়ে একই প্রশ্ন করেন। হযরত আবু বকর (রা.) হুবহু নবী (সা.)-এর উত্তরগুলো আবার প্রদান করেন। (বুখারী) এজন্য তাঁকে সর্বোত্তম জ্ঞানী বলা হয়।

ইবনে আস প্রমুখ বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, হযরত জিবরাঈল আমাকে বলেছেন, আল্লাহ তা'আলার হুকুম- আমি যেন আবু বকরের সাথে পরামর্শ করি। (তামামুর রাযী)

মা'আয বিন জাবাল (রা.) বর্ণনা করেন, আমাকে ইয়ামেনে পাঠানোর সময় মজলিসে শূরা গঠন করা হয়। এতে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবাইর, উসাইদ বিন হাযীর উপস্থিত ছিলেন। সকলেই নিজ নিজ মতামত পেশ করেন। অতঃপর হুযূর (সা.) আমার মত জানতে চাইলে হযরত আবু বকরের অনুরূপ মত ব্যক্ত করলাম। নবী (সা.) বললেন, আবু বকর ভুল করুক। এটা আল্লাহ তা'আলা চান না। হাদীসখানা তাবারানী বর্ণনা করেছেন। ইবনে উসামার বক্তব্য এ ধরনের, আসমানে আল্লাহর অভিপ্রায় এটা নয় যে, যমীনে আবু বকর ভুল করবে। এটিও তাবারানী বর্ণনা করেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।

তৃতীয় পরিচ্ছেদ
ইমাম নব্বী বলেন, হযরত আবুবকর সিদ্দীক (রা.) সাহাবীদের মধ্যে অনন্য হাফেজে কুরআন ছিলেন, হযরত আনাস (রা.) বলেন, নবী (সা.)-এর যুগে আনসারদের চার সাহাবী কুরআনকে একত্রিত করেছেন। আবু দাউদ শা'বী বলেন, হযরত আবু বকরের মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ কুরআন শরীফ জমা হয়নি-এ কথাটি পরিত্যাজ্য, অথবা কথাটিকে এভাবে পরিবর্তন করা হয়েছে যে, হযরত উসমান (রা.) যে পদ্ধতিতে কুরআনকে সন্নিবেশিত করেছেন, সেভাবে জমা করা হয়েছিল না।

📘 তারীখুল খুলাফা > 📄 তিনি সকল সাহাবা থেকে উত্তম

📄 তিনি সকল সাহাবা থেকে উত্তম


আহলে সুন্নত ওয়াল জামাতের সকল ওলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে, রসূলুল্লাহ (সা.)-এর পর সকল উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম আবু বকর, অতঃপর হযরত উমর, অতঃপর হযরত উসমান, অতঃপর হযরত আলী, অতঃপর আশারায়ে মুবাশশারা, অতঃপর আহলে বদর, অতঃপর আহলে উহুদ অতঃপর আহলে বাইত, অতঃপর সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আবুল মানসুর বাগদাদী একটি ইজমা বর্ণনা করেছেন। ইবনে উমর (রা.) বলেন, আমরা পরস্পরে হযরত আবু বকর সিদ্দীক (রা.)-কে সাহাবীদের মধ্যে সর্বোত্তম হিসেবে গণ্য করেছি, অতঃপর হযরত উমর (রা.), অতঃপর হযরত উসমান (রা.)। এ হাদীসটির শেষ দিকে তাবারানী এতটুকু বৃদ্ধি করেছেন যে, এ কথা রসূলুল্লাহ (সা.) শোনার পরও তা অপন্দ করেন নি।

ইমাম বুখারী (রহ.) ইবনে উমর থেকে বর্ণনা করেন, আমাদের মধ্যে রসূলুল্লাহ (সা.) থাকা অবস্থায় আমরা সাহাবীদের মধ্যে হযরত আবু বকরকে সর্বোত্তম মনে করতাম। অতঃপর উমর, অতঃপর উসমান, অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহুম।

আবু হুরায়রা (রা.) বলেন, আমরা অসংখ্য সাহাবী পরস্পরের মধ্যে একথা বলতাম যে, এ উম্মতের মধ্যে নবীর পর সর্বোত্তম ব্যক্তি হলেন হযরত আবু বকর, তারপর হযরত উমর, তারপর হযরত উসমান, তারপর আমরা নীরব হয়ে যেতাম। (ইবনে আসাকির)

জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, একবার হযরত উমর (রা.) হযরত আবু বকরকে “রসূলের পর লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি” বলে সম্বোধন করেন। হযরত আবু বকর তাঁকে বললেন, তুমি নিজেকে বাদ দিয়ে কেন? আমি নবী করীম (সা.) থেকে নিজে শুনেছি, উমর থেকে শ্রেষ্ঠ ব্যক্তির উপর সূর্য কখন উদিত হয় না। (তিরমিযী)

মুহাম্মদ বিন আলী বিন আবু তালিব (রা.) বলেন, আমি আমার পিতা হযরত আলীকে জিজ্ঞেস করলাম, নবীর পর কে সর্বোত্তম? তিনি বললেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.)। আমি বললাম, তারপর? তিনি বললেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.)। আমি বললাম, তারপর? তিনি বললেন, হযরত উমর (রা.)। অতঃপর হযরত উসমানের নাম নিতে গিয়ে তিনি ভয় করলেন। অতঃপর আরয করা হলো, তারপর কি আপনিই সর্বোত্তম? তিনি বললেন, আমি এমনকি? আমি একজন সাধারণ মুসলমান। (বুখারী)

আহমদ (র.) বলেন, হযরত আলীর কয়েকটি মুতাওয়াতের হাদীস বর্ণিত হয়েছে যে, এ উম্মতের মধ্যে নবীর পর হযরত আবু বকর (রা.) সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। রাফেযীদের উপর আল্লাহর অভিশাপ অবতীর্ণ হোক। তারা নিরবচ্ছিন্ন অন্ধকারে ফেঁসে গেছে।

হযরত উমর বিন খাত্তাব (রা.) বলেন, হযরত আবু বকর আমাদের নেতা, তিনি সর্বোত্তম ব্যক্তি। তিনি আমাদের মধ্যে হুযূর (সা.)-কে সবচেয়ে বেশি ভালোবাসতেন। (তিরমিযী)

একবার হযরত উমর (রা.) মিম্বরে উঠে বললেন, এ উম্মতের মধ্যে নবীর পর সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর (রা.)। যে ব্যক্তি তাঁর বিরুদ্ধে অপবাদ দিবে, তার অপবাদকারীর গুনাহ হবে। (ইবনে আসাকির)

হযরত আলী (রা.) থেকে বর্ণিত, আবু বকর সিদ্দীক (রা.) এবং উমর ফারুক (রা.) অপেক্ষা আমাকে যে প্রাধান্য দিবে আমি তাকে আশিটি চাবুকাঘাত করব। (ইবনে আসাকির)

আবু দারদা (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, নবী ছাড়া কোনো ব্যক্তি এমন নেই যার উপর সূর্য উদিত ও অস্ত যায় এবং তিনি হযরত আবু বকর থেকে উত্তম।

এক রেওয়ায়েতে রয়েছে, নবী এবং রসূলদের পর আবু বকরের চেয়ে উত্তম আর কেউ নেই। হযরত জাবের (রা.)-এর হাদীস, কারো উপর সূর্য উদিত হয় না যে, হযরত আবু বকর থেকে শ্রেষ্ঠ হয়। (তাবারানী) এ রেওয়ায়েতটি বিশুদ্ধ বলে বিবেচিত। ইবনে কাসীর সে দিকেই ইশারা করেছেন।

সালমা বিন আকওয়া (রা.) থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, আবু বকর নবীর পর লোকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সাদ বিন যেরারাহ বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, জিবরাঈল (আ.) আমাকে এ সংবাদ জানিয়েছেন যে, আমার উম্মতের মধ্যে আপনার পর আবু বকর সর্বোত্তম ব্যক্তি। (তাবারানী) আমর বিন আস (রা.) বলেন, আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ (সা.)! লোকদের মধ্যে আপনার প্রিয়তম ব্যক্তি কে? তিনি বললেন, আয়েশা সিদ্দীকা। আমি বললাম, পুরুষদের মধ্যে? তিনি বললেন, তাঁর পিতা আবু বকর। আমি বললাম, তারপর? তিনি বললেন, উমর। (বুখারী, মুসলিম) ইমাম তিরমিযী বলেন, এক বর্ণনায় উমরের নাম নেই।

হাকেম আব্দুল্লাহ বিন শাকীক থেকে বর্ণনা করেন, আমি হযরত আয়েশা সিদ্দীকা (রা.)-কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ (সা.)-এর দৃষ্টিতে সবচেয়ে প্রিয় কে? তিনি বললেন, আবু বকর সিদ্দীক (রা.)। আমি বললাম, তারপর? তিনি বললেন, আবু উবায়দা বিন জাররাহ (রা.)। হযরত আনাস (রা.) বলেন, হযরত আবু বকর (রা.) এবং হযরত উমরের শানে রসূলুল্লাহ (সা.) বলেছেন, তারা দু'জনে পয়গম্বরগণ ব্যতীত জান্নাতে সকল মানবকুলের সর্দার হবেন। হযরত আলী, ইবনে আব্বাস, ইবনে উমর, আবু সাঈদ খুদরী এবং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম থেকেও অনুরূপ অসংখ্য হাদীস বর্ণিত রয়েছে।

আম্মার বিন ইয়াসার (রা.) বলেন, যদি কোনো ব্যক্তি আবু বকর এবং উমরের উপর সাহাবীদের মধ্য থেকে কাউকে প্রাধান্য দেয় তাহলে সে যেন আনসার এবং মুহাজিরদের প্রতি অত্যাচার করল এবং অপবাদ দিল। (তাবারানী)

যুহরী বলেন, একদা রসূলুল্লাহ (সা.) হাসসান বিন ছাবিতকে বললেন, তুমি আবু বকরের শানে কোনো কবিতা রচনা করনি? তিনি বললেন, করেছি। হুযূর (সা.) বললেন, আবৃত্তি করে শোনও- আমি শুনব। তিনি আবৃত্তি করলেন (যার অর্থ) "আবু বকর নবী করীম (সা.)-এর গুহার সাথী। তিনি যখন পর্বত শীর্ষে আরোহণ করেছিলেন তখন শত্রুরা তাঁর চারদিকে ঘুরছিল। পৃথিবীর যত প্রেম ভালবাসা তিনি নবীর প্রতি নিবেদন করেছেন। পৃথিবীতে আর কেউ তাঁকে এতটুকু ভালোবাসেননি।" এ কবিতা শ্রবণে নবী করীম (সা.) হাসলেন এবং বললেন, হাস্ সান তুমি সত্যই বলেছ। তিনি এমনটাই। (ইবনে সাদ)

চতুর্থ পরিচ্ছেদ
হযরত আনাস (রা.) বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মেহেরবান আবু বকর, সবচেয়ে বেশি কঠোর উমর, অত্যন্ত লজ্জাশীল উসমান, সবচেয়ে বেশি হালাল-হারাম সম্পর্কে অবগত মা'আয বিন জাবাল, উত্তরাধিকার আইনবেত্তা যায়েদ বিন ছাবেত, সবচেয়ে বড় ক্কারী উবাই বিন কা'ব, সকল উম্মতে একজন বিশ্বাসী লোক থাকেন আমার উম্মতের বিশ্বাসী ব্যক্তি আবু উবায়দা বিন জাররাহ (রা.)। (আহমদ, তিরমিযী)

এ হাদীসটি ইবনে উমর এতটুকু বৃদ্ধি করেছেন, সর্বোত্তম বিচারক হযরত আলী। (আবু ইয়ালা) শাদ্দাদ বিন আউস এতটুকু বৃদ্ধি করেছেন, সর্বাধিক ধর্মনিষ্ঠ ব্যক্তি আবু যর (রা.)। সবচেয়ে বেশি ইবাদতকারী এবং মুত্তাকী আবু-দ্দারদা (রা.) এবং সবচেয়ে বেশি সহনশীল ও ধৈর্যশীল হলেন, মুআবিয়া (রা.)। (দাইলামী)।

📘 তারীখুল খুলাফা > 📄 কুরআনের আয়াত দ্বারা আবু বকর (রা.)-এর প্রশংসা ও সত্যায়নের বিবরণ

📄 কুরআনের আয়াত দ্বারা আবু বকর (রা.)-এর প্রশংসা ও সত্যায়নের বিবরণ


আমি এ বিষয়ে কয়েকখানা পুস্তক রচনা করেছি এবং একখানা প্রণিধানযোগ্য গ্রন্থও লিখেছি। সেই পদ্ধতি অনুসারে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আল্লাহ তা'আলা ইরশাদ করেন- ثَانِيَ اثْنَيْنِ إِذْهُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّهُمَا مَعَنَا فَانْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ

মুসলিম জাতি এ বিষয়ে একমত যে, উল্লিখিত আয়াতে صَاحِبِ (সাহিব) শব্দের উদ্দেশ্য আবু বকর সিদ্দীক (রা.)। এ ব্যাপারে স্বয়ং আবু বকর (রা.)-এর বিবরণ অচিরেই আসছে।

ইবনে আব্বাস (রা.) বলেন, হিজরতের সফরে নবী করীম (সা.) ভরসা হারাননি। সুতরাং صَاحِبِ শব্দ দ্বারা হযরত আবু বকর সিদ্দীক (রা.)-কে বুঝানো হয়েছে। (ইবনে আবী হাতেম)

ইবনে আবী হাতেম, ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণনা করেন, যখন হযরত আবু বকর সিদ্দীক (রা.) উমাইয়া বিন খালফের নিকট থেকে হযরত বিলালকে একখানা চাদর এবং চার শত দেরহামের বিনিময়ে ক্রয় করে মুক্ত করে দেন তখন হযরত আবু বকরের শানে এবং উমাইয়ার ব্যাপারে এ আয়াত অবতীর্ণ হয়। وَاللَّيْلِ إِذَا يَغْشَى - وَالنَّهَارِ إِذَا تَجَلَّى - وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى - إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى

আব্দুল্লাহ বিন যুবায়ের (রা.) বলেন, মক্কী জীবনে আবু বকর (রা.)-এর নীতি ছিল যখন কোনো দুর্বল ও বৃদ্ধা নারী ইসলাম গ্রহণ করতেন তখন তিনি তাদের ক্রয় করে আযাদ করে দিতেন। একদিন তাঁর পিতা বললেন, হে আমার বৎস! আমি দেখেছি তুমি দুর্বল লোকদের ক্রয় করে আযাদ করে দিচ্ছ। এর পরিবর্তে যদি শক্তিশালী এবং তরুণদের কিনে আযাদ করে দিতে তবে তারা বিপদের দিনে তোমার সাহায্য করতে পারত। তিনি বললেন, বাবা! আমার উদ্দেশ্য আল্লাহ তা'আলার স্বীকৃতি এবং সন্তুষ্টি অর্জন, দুনিয়ায় লাভবান হওয়া আমার কামনা নয়। এ ব্যাপারে এ আয়াত নাযিল হয়- فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى الخ (ইবনে জারীর)

হযরত উরওয়া বর্ণনা করেন, মুসলমান হওয়ার পর যে সাতজন ব্যক্তির উপর অকথ্য নির্যাতনের রোলার চালানো হয় তাদেরকে কিনে আযাদ করে দেয়ার প্রেক্ষিতে তাঁর ব্যাপারে এ আয়াত নাযিল হয়- وَسَيُجَنَّبُهَا الْاَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى - (SA)

আব্দুল্লাহ বিন যুবাইর (রা.) বলেন- وَمَا لِاَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ -তজযী হযরত আবু বকরের ব্যাপারে অবতীর্ণ হয়। (বাযযার)

হযরত আয়েশা বলেন, কসমের কাফফারা অবতীর্ণ না হওয়া পর্যন্ত হযরত আবু বকর (রা.) কসম ভঙ্গ করেননি। (বুখারী) হযরত আলী বলেন, وَالَّذِي جَلّى بِالْحَق দ্বারা মুহাম্মদ (সা.)-কে বুঝানো হয়েছে। আর وَصَدَّقَ بِهِ দ্বারা আবু বকর (রা.) উদ্দেশ্য। ইবনে আসাকির বলেন, হযরত আলীর কেরাত وَالَّذِي جَاءَ بِالْحَق আর ইবনে আব্বাস (রা.) বলেন- وَشَاوِرُهُمْ فِي الْأَمْرِ হযরত আবু বকর এবং হযরত উমর (রা.)-এর ব্যাপারে অবতীর্ণ হয়েছে। (হাকেম)

ইবনে হাতেম ইবনে শাওজিব থেকে রেওয়ায়েত করেন- وَلِمَنْ خَافَ মাকাম রব্বীহি জান্নাতান এ আয়াতটি হযরত আবু বকরের শানে নাযিল হয়েছে। আমার আসবাবে নুযূল গ্রন্থে এ হাদীসের সম্পূর্ণ সনদ বর্ণনা করেছি। ইবনে উমর (রা.) এবং ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, صَالِحُ الْمُؤْمِنِينَ দ্বারা হযরত উমর ফারুক (রা.) এবং হযরত আবু বকর সিদ্দীক (রা.) উদ্দেশ্য। (তাবারানী, আওসাত)

হযরত মুজাহিদ বর্ণনা করেন, إِنَّ اللَّهَ وَمَلْئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ । আয়াতটি নাযিল হওয়ার পর আবু বকর (রা.) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা.)! আমাকে সম্পৃক্ত না করে আল্লাহ তা'আলা আপনার জন্য কোনো আয়াত নাযিল করেননি, শুধু এ আয়াত ছাড়া। এ প্রেক্ষিতে অবতীর্ণ হয়- هُوَ الَّذِي يُصَلَّى عَلَيْكُمْ وَمَلَئِكَتُهُ

ইবনে আসাকির ইমাম যাইনুল আবেদীন বিন আলী বিন হোসাইন থেকে নকল করেছেন, আবু বকর (রা.), উমর (রা.) এবং আলী (রা.) শানে এ আয়াত নাযিল হয়- وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلَّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ

ইবনে আসাকির হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেন- وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ، وَعَدَ الصِّدْقِ الَّذِي كَانُوا يُوعَدُونَ পর্যন্ত হযরত আবু বকরের শানে নযিল হয়েছে। ইবনে আসাকির ইবনে উয়াইনিয়্যা থেকে বর্ণনা করেন, আল্লাহ তা'আলা সকল মুসলমানের উপর রসূলুল্লাহ (সা.)-এর নিকট অসন্তোষ প্রকাশ করেন। কিন্তু এ অসন্তোষ আবু বকরের উপর ছিল না। এ প্রেক্ষিতে এ আয়াত প্রণিধানযোগ্য- إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ اَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْهُمَا فِي الْغَارِ - (ইবনে আসাকির)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00