📄 রাসূলুল্লাহ (সা.) কর্তৃক খলীফা মনোনীত না করার রহস্য
বায্যার (র.) তাঁর 'মুসনাদ' গ্রন্থে হযরত হুযাইফা (রা.)-এর বরাত দিয়ে বলেছেন, সাহাবাগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা.)! আপনি আমাদের জন্য কাউকে খলীফা মনোনীত করছেন না কেন? তিনি বললেন, আমি যদি কাউকে তোমাদের জন্য খলীফা মনোনীত করি, আর তোমরা আমার খলীফার অবাধ্য হও তবে তোমাদের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হবে। এটি হাকেম 'মুসতাদরাক' গ্রন্থেও রেওয়ায়েত করেছেন। কিন্তু এ হাদীসটি দুর্বল।
ইমাম বোখারী (র.) এবং ইমাম মুসলিম (র.) একটি হাদীস বয়ান করেছেন, হযরত উমর (রা.)-এর ঘাতক যখন বর্শা দ্বারা আঘাত করে তখন লোকেরা আরয করল, আপনি কাউকে খলীফা মনোনীত করে যান। তিনি উত্তর দিলেন, যিনি আমার চেয়ে মহান অর্থাৎ, আবু বকর সিদ্দীক (রা.) তিনি খলীফা মনোনীত করেছেন। তবে আমি তোমাদের খলীফা মনোনীত না করে চলে যাচ্ছি, কারণ তিনি এভাবেই চলে গেছেন, যিনি আমার চেয়ে মহান অর্থাৎ, রসূলুল্লাহ (সা.)।
দালায়েলুন নবুওয়ত গ্রন্থে আমর বিন সুফিয়ানের বরাত দিয়ে বাইহাকী এবং ইমাম আহমদ (র.) বর্ণনা করেন, হযরত আলী (রা.) জামাল যুদ্ধ জয়ের পর ভাষণ দেন। এতে তিনি বলেন, হে জনতা! রসূলুল্লাহ (সা.) খিলাফতের ব্যাপারে আমাদের থেকে কোন প্রতিশ্রুতি নেননি; বরং আমরা নিজেরাই হযরত আবু বকর সিদ্দীক (রা.) কে খলীফা মনোনীত করেছিলাম। তিনি খুব ভালো ভাবেই খিলাফতের কাজ করেছেন এবং নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন। অতঃপর নিজের কাছে মঙ্গল এবং সঙ্গত মনে করে হযরত উমর (রা.) কে এ কাজের জন্য মনোনীত করে যান। তিনিও অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করেছেন এবং দ্বীন ইসলামের ভিত্তিকে শক্ত স্থানে স্থাপন করেছেন। অতঃপর অনেকেই দুনিয়ার মোহে পড়ার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা যা চান তাই ফায়সালা করেছেন।
হাকেম (র.) মুসতাদরাক গ্রন্থে এবং বাইহাকী দালায়েল গ্রন্থে এ বিষয়ে উল্লেখ করেছেন যে, লোকেরা হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আপনি কাউকে খলীফা মনোনীত করবেন কী? তিনি বললেন, রসূলুল্লাহ (সা.) যখন খলীফা মনোনীত করে যাননি, তখন আমি তা কিভাবে করব। আমার পর তোমরা খলীফা নির্বাচিত করে নিবে, যেমন নবী (সা.)-এর পর খলীফা মনোনীত হয়েছিল। যাহাবী বলেন, শিয়াদের মধ্যে এ কথা প্রসিদ্ধ যে, রসূলে খোদা (সা.) হযরত আলী (রা.)-এর খিলাফতের জন্য প্রতিশ্রুতি নিয়েছিলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হাযীল বিন শারজীল বলেন, এটা কি করে সম্ভব যে, রসূলে আকরাম (সা.) হযরত আলীর খিলাফতের জন্য প্রতিশ্রুতি নিবেন আর হযরত আবু বকর (রা.) খলীফা হবেন! হযরত আবু বকর চেয়েছিলেন যে, রসূলুল্লাহ (সা.) যদি কারো জন্য খিলাফতের প্রতিশ্রুতি গ্রহণ করেন, তবে তিনি তাঁর অধীনস্থ হবেন। (বাইহাকী)।
ইবনে সা'দ (র.) তিনি হযরত হাসান (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আলী (রা.) বলেন, নবী আকরাম (সা.)-এর মৃত্যুর পর আমরা চিন্তা করে বের করলাম যে, নবীজী (সা.) তাঁর অনুপস্থিতিতে আবু বকর সিদ্দীক (রা.) কে ইমাম বানিয়েছেন। সুতরাং নবীজী (সা.) যাঁকে আমাদের দ্বীনের জন্য গ্রহণ করেছেন, তিনি দুনিয়ার জন্য যথেষ্ট।
ইমাম বুখারী (র.) তাঁর ইতিহাস গ্রন্থে সাফীনা (রা.)-এর এ রেওয়ায়েত লিখেছেন, রসূলুল্লাহ (সা.) হযরত আবু বকর (রা.), হযরত উমর (রা.) এবং হযরত উসমান (রা.)-এর ব্যাপারে বলেছেন, আমার পর এঁরা খলীফা হবেন। ইমাম বুখারী (র.) বলেন, এ হাদীসটি বিশুদ্ধ নয়। কারণ বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত যে, হযরত উমর (রা.), হযরত আলী (রা.) এবং হযরত উসমান (রা.) নিজেরাই বলেছেন, নবী আকরাম (সা.) কাউকে খলীফা মনোনীত করেননি।
ইমাম হাব্বান উপরোক্ত হাদীসটি আবুল আলী ও কতিপয় বর্ণনাকারীর থেকে এভাবে রেওয়ায়েত বর্ণনা করেছেন যে, নবীয়ে আকরাম (সা.) মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় তিনি প্রথম পাথরখানা স্বহস্তে স্থাপনের পর আবু বকর সিদ্দীক (রা.) কে বললেন, তোমার পাথর আমার পাথরের পার্শ্বে রাখ। অতঃপর হযরত উমরকে হযরত আবু বকরের পাথরের পার্শ্বে পাথর রাখতে বললেন। অতঃপর হযরত উসমানকে হযরত উমরের পাথরের পার্শ্বে পাথর রাখতে বললেন। এরপর ইরশাদ করেন, আমার পর এরাই হবেন খলীফা।
আবু যর (রা.) বলেন, উক্ত হাদীসের সনদে কোনো ত্রুটি নেই। উপরন্তু হাকেম মুসতাদরাক গ্রন্থে এমনটাই উল্লেখ করেছেন। বাইহাকী দালাইল গ্রন্থে উক্ত হাদীসকে সহীহ বলেছেন। গ্রন্থকার বলেন, এ হাদীস এবং হযরত উমর ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমার কথার মধ্যে কোনো সংঘর্ষ নেই। কারণ তাঁদের উদ্দেশ্য ও দাবী হলো, নবী করীম (সা.) মৃত্যুর সময় খিলাফত বিষয়ক কোনো সুস্পষ্ট নির্দেশ প্রদান করেননি এবং মৃত্যুর পূর্বে যে সকল ইশারা তিনি করেছিলেন, আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নতের উপর আমল করবে।
হাকেম (র.) আরবায ইবনে সারিয়া (র.)-এর রেওয়ায়েতে এ হাদীস বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সা.) বলেছেন, আমার পর আবু বকর এবং উমর (রা.)-এর আনুগত্য করবে। এছাড়াও অপর দু'টি হাদীস যা দ্বারা খিলাফতের ইশারা বের হয়।
📄 খিলাফত কুরাইশদের জন্য
আবু দাউদ তায়ালাসী স্বীয় মুসনাদ গ্রন্থে আবু বারযাহ'র বরাদ দিয়ে বর্ণনা করেন, খিলাফত কুরাইশদের জন্য মানানসই। তাঁরা ইনসাফপূর্ণ বিচার, প্রতিশ্রুতি রক্ষা এবং মেহেরবান। এ রেওয়ায়েতটি তাবারানীও বর্ণনা করেছেন।
তিরমিযী আবু হুরায়রা (রা.)-এর বরাত দিয়ে বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা.) বলেন, প্রশাসন কুরাইশদের, বিচার বিভাগ আনসারদের এবং আযাদ হাবশীদের অধিকারে থাকা উচিত। এ হাদীসের সকল সনদ সহীহ।
ইমাম আহমদ (র.) স্বীয় মুসনাদে হাকেম ইবনে নাফে ও উতবা ইবনে আব্দুল্লাহ্ রেওয়ায়েত নকল করে লিখেছেন, হুজুর (সা.) ইরশাদ করেন, খিলাফত কুরাইশদের, বিচারকার্য আনসারদের এবং আহ্বানের দায়িত্ব হাবশীদের।
বায্যার হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেন, খলীফাগণ কুরাইশদের মধ্য থেকে হবেন। এদের মধ্যে নেককারগণ নেককারগণের আমীর, আর বদকারগণ বদকারগণের আমীর।
প্রথম পরিচ্ছেদ
ইমাম আহমদ (র.) বলেন, হযরত সাফীনাহ (রা.) বলেছেন, আমি রসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি তিনি ইরশাদ করেন, খিলাফত মাত্র ত্রিশ বছর টিকবে। তারপর বাদশাহী প্রথা এসে যাবে। আসহাবে সুনান এটি রেওয়ায়েত করেছেন। ওলামাগণ বলেন, তোমাদের দ্বীন ইসলাম প্রথমে নবুওয়ত ও রহমত দ্বারা শুরু হয়। এরপর খিলাফত এবং রহমত এসে যায় এবং তারপর বাদশাহী এবং অত্যাচারের প্রাদুর্ভাব ঘটে।
আব্দুল্লাহ বিন আহমদ বলেন, জাবের বিন সামুরা (রা.) রসূলুল্লাহ (সা.)-এর থেকে রেওয়ায়েত করেন যে, কুরাইশদের বারোজন খলীফা অতিবাহিত না হওয়া পর্যন্ত ইসলাম সবসময় জয়যুক্ত থাকবে। এটি ইমাম বুখারী (র.) এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এ হাদীসটি কয়েকভাবে বর্ণিত হয়েছে, 'ইসলামের কাজ অটুট থাকবে' 'ইসলামের কাজ অব্যাহত থাকবে' এ দু'টি পদ্ধতি ইমাম আহমদ কর্তৃক বর্ণিত।
ইমাম মুসলিম (র.) এ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন, বারোজন শাসক অতিবাহিত হওয়া পর্যন্ত মুসলমানদের কাজ অব্যাহত থাকবে। তিনি রেওয়ায়েতটি এভাবেও বর্ণনা করেছেন, বারোজন খলীফা না আসা পর্যন্ত সমাজে ইসলাম ছাড়া অন্য কিছু কার্যকর হবে না। উপরন্তু ইসলাম শক্ত এবং সংরক্ষিত থাকবে বারোজন খলীফা পর্যন্ত। বায্যার এভাবে বর্ণনা করেছেন, (নবীজী (সা.) বলেন) আমার বারোজন খলীফা অতিবাহিত হওয়া পর্যন্ত।
এ রেওয়ায়েতটি আবু দাউদ একটু বৃদ্ধি করেছেন এভাবে, নবীজী (সা.) ঘরে এলে কুরাইশরা তাঁর কাছে এসে জিজ্ঞেস করল, বারোজন খলীফার পর কি হবে? তিনি বললেন, অতঃপর হত্যাযজ্ঞ ও বিশৃঙ্খলা দেখা দিবে। এক রেওয়ায়েতে রয়েছে, উম্মাহ'র ইজমাকৃত বারোজন খলীফা পর্যন্ত এ দ্বীন সর্বদা অটুট থাকবে। এটি ইমাম আহমদের রেওয়ায়েত।
বায্যার হাসান সূত্রে বর্ণনা করেন। হযরত ইবনে মাসউদ (রা.)-কে জিজ্ঞেস করা হল, কতজন খলীফা এ উম্মতকে শাসন করবে? ইবনে মাসউদ (রা.) বললেন, একদা আমরাও নবী আকরাম (সা.)-কে এ ধরনের প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন, বনী ইসরাঈলদের অনুরূপ বারোজন।
কাযী আয়ায বলেন, উক্ত হাদীস এবং সমার্থ হাদীসে উল্লিখিত বারোজন খলীফা থেকে সম্ভবত উদ্দেশ্য হলো, এ বারোজন খলীফা খিলাফতের অপ্রতিদ্বন্দ্বিতা এবং ইসলামের শৌর্য-বীর্য কালে আসবেন। আর তাঁদের ব্যাপারে উম্মতের ইজমা (ঐকমত্য) থাকবে। কারণ দুর্ভাবনার যুগ উমাইয়া বংশের ওয়ালীদ বিন ইয়াযিদের শাসনমাল থেকে শুরু হয়। আর তা আব্বাসিয়া খিলাফত পর্যন্ত অব্যাহত থাকে। আব্বাসিয়াদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বনূ উমাইয়ার মূলোচ্ছেদ হয়।
শায়খুল ইসলাম ইবনে হাজার (র.) সহীহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে কাযী আয়াযের সূত্র ধরে লিখেছেন, এ হাদীসের ব্যাপারে কাযী আয়াযের অভিমতটি অত্যন্ত চমৎকার। কারণ কতিপয় বিশুদ্ধ হাদীস এ অভিমতকে সমর্থন করে যে, সমস্ত লোক খলীফার ব্যাপারে ঐকমত্য পোষণ করে। এই ঐকমত্য বা ইজমার অর্থ হলো লোকেরা বাইআতের ব্যাপারে অনুগত এবং হযরত আবু বকর (রা.), হযরত উমর (রা.), হযরত উসমান (রা.) এবং হযরত আলী (রা.)-এর যুগের মত কেউ বাইআতের ব্যাপারে বাহানা করবে না।
সিফফিনের বিবাদের সময় দু'জন প্রশাসকের আবির্ভাব ঘটে। সেদিন মুআবিয়া (রা.) খলীফা হন এবং লোকেরা ইমাম হাসান (রা.)-এর সাথে সন্ধি করার পর আমীর মুআবিয়া (রা.)-এর ব্যাপারে ইজমা তথা ঐকমত্যে পৌঁছেন। অতঃপর ইয়াযিদের বিষয়েও ইজমা হয় এবং ইমাম হোসাইনের ব্যাপারে ঐকমত্য হয়নি; বরং তিনি পূর্বেই শহীদ হন। ইয়াযিদের মৃত্যুর পর মতানৈক্য দেখা দেয় এবং ইবনে যুবাইরের হত্যার পর আব্দুল মালিক বিন মারওয়ানের ব্যাপারে ইজমা হয়। আব্দুল মালিক বিন মারওয়ানের পর তাঁর চার পুত্র ওয়ালিদ, সুলাইমান, ইয়াযিদ এবং হিশামের ব্যাপারে ইজমা হয়। সুলাইমান এবং ইয়াযিদের মধ্যবর্তীতে উমর বিন আব্দুল আযীযের বিষয়েও ইজমা হয়েছিল। এ হিসাব মোতাবেক খোলাফায়ে রাশেদা ছাড়া সাতজন খলীফা হয়। আর এতে মোট খলীফার সংখ্যা দাঁড়ায় এগারো জন। বারো নম্বর খলীফা ওয়ালিদ বিন ইয়াযিদ বিন আব্দুল মালিক। তাঁর চাচা হিশামের মৃত্যুর পর তাঁর ব্যাপারে ইজমা হয়। চার বছর পর লোকেরা তাঁর প্রতি অনাস্থা পোষণ করে এবং তাকে হত্যা করে। এতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং সময় অতি দ্রুত পাল্টে যায়। অতঃপর কোন খলীফা মনোনীত করার ব্যাপারে লোকদের আর কোনো ইজমা নাই। কারণ ইয়াযিদ বিন ওয়ালিদ তাঁর চাচাত ভাই ওয়ালিদ বিন ইয়াযিদের বিরুদ্ধাচরণ করেছিলেন। তিনি (ইয়াযিদ বিন ওয়ালিদ) অল্প কিছুদিন জীবিত ছিলেন। তাঁর পিতার চাচার ছেলে মারওয়ান বিন মুহাম্মদ বিন মারওয়ান তাঁর বিরুদ্ধে জয়লাভ করেন। ইয়াযিদের পরলোক গমনের পর তাঁর ভাই ইব্রাহীম বাদশাহী হাতে নেন। কিন্তু মারওয়ান বিন মুহাম্মদ বিন মারওয়ান ইব্রাহীমকে হত্যা করেন। অতঃপর বনু আব্বাসিয়ার হাতে তাঁর পতন হয় এবং তারা তাঁকে হত্যা করে।
আব্বাসিয়া বংশের প্রথম খলীফা হলেন সাফ্ফাহ। তিনি দীর্ঘ সময় রাজদণ্ড ধারণ করেছিলেন না। তার পর তাঁর ভাই মনসুর খিলাফতের দায়িত্ব নেন। তিনি দীর্ঘ সময় রাজ ক্ষমতা আঁকড়ে থাকেন। কিন্তু বনু উমাইয়া স্পেনে সংগঠিত হওয়ার কারণে পাশ্চাত্যের ভূখণ্ড তাঁর শাসনামলে তাঁর হাতছাড়া হয়ে যায়। বনূ আব্বাসিয়া নিজেদের রাজত্বকে খিলাফত উপাধিতে ভূষিত করে। তাদের সময় অনেক ভ্রষ্টাচারের প্রবর্তণ ঘটে এবং নামেমাত্র খিলাফত থাকে। পক্ষান্তরে আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে মুসলমানগণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিজয় অর্জন করেছিল। খলীফার নামে খুতবা পাঠ করা হতো। খলীফার নির্দেশ ছাড়া কোন শহরে কিছু হতো না। স্পেন কেন্দ্রীয় সরকার থেকে বিচ্ছিন্ন হওয়া, সেখানে নামমাত্র খলীফাদের দুর্বল শাসন এবং তার সাথে মিসরে উবাইদীদের খিলাফতের প্রতি আহবান এ সবই বাগদাদ থেকে খিলাফতের কর্মকাণ্ড চলে যাওয়ার ফল। বিশাল মুসলিম সাম্রাজ্যের সর্বত্রই খিলাফত নিয়ে বিবাদ-সে একই কারণ পঞ্চম শতাব্দীতে স্পেনে ছয়জন খলীফা দাবী করেছেন।
রসূলুল্লাহ (সা.) বলেছিলেন, বারোজন খলীফার পর ফিত্না ও বিশৃঙ্খলা দেখা দিবে। বস্তুত তাই হলো। অন্যায় হত্যাযজ্ঞ চলল এবং তা দীর্ঘস্থায়ী হলো। দিন দিন তা বৃদ্ধিও পেতে থাকল। তারা এও অপব্যাখ্যা করল যে, বারোজন খলীফা সম্পর্কে নবীজী (সা.)-এর ভবিষ্যদ্বাণী ইসলামের আবির্ভাব কাল থেকে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। অর্থাৎ, বারোজন খলীফা প্রাথমিক যুগে পরপর আসবেন এমন কোনো ইঙ্গিত নাই। তারা কেয়ামতের আগ দিয়েও আসতে পারেন। অতএব বারোজন খলীফা অতিবাহিত না হওয়া পর্যন্ত এ উম্মতের ধ্বংস নাই। এ কথাগুলো তাঁরা নিজেদের বড় বড় মুসনাদ গ্রন্থে আবু খালিদের বরাত দিয়ে লিপিবদ্ধ করে রেখেছিলেন।
বারোজন খলীফার পর বিশৃঙ্খলা ও ফিত্না দেখা দিবে-নবীজী (সা.)-এর এই ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যা তাঁরা এভাবে করেছে, এ ফিত্না দ্বারা কিয়ামতের পূর্বের ফিত না ও বিশৃঙ্খলা উদ্দেশ্য। তাঁরা বারোজন খলীফাকে এভাবে গণনা করে যে, খোলাফায়ে রাশেদার চারজন, ইমাম হাসান, আমীর মুআবিয়া, যুবাইর এবং উমর বিন আব্দুল আযীয এরা আটজন। নবম খলীফা মুহতাদী। কারণ বনু আব্বাসিয়ার খলীফা মুহতাদী বনূ উমাইয়ার খলীফা উমর বিন আব্দুল আযীযের মত ন্যায় বিচারক ছিলেন। এরপর মাহদী।
📄 বনু উমাইয়ার খিলাফতকে ভীতিপ্রদ বর্ণনাকারী হাদীসসমূহ
ইমাম তিরমিযী (র.) বলেন, ইউসুফ বিন সাদ কর্তৃক বর্ণিত, ইমাম হাসান (রা.) মুআবিয়া (রা.)-এর নিকট বাইআতের সময় জনৈক ব্যক্তি দাঁড়িয়ে ইমাম হাসান (রা.)-কে বলল, আপনি মুসলমানদের লজ্জিত করলেন। তিনি বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন। আমাকে খারাপ বলো না। কারণ নবী (সা.) এক রাতে বনূ উমাইয়াকে মিম্বরের উপর দেখে বিহবলিত হয়ে পড়েছিলেন। সে সময়- إِنَّا أَعْطَيْنُكَ الْكَوْثَرَ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةُ الْقَدْرِ অবতীর্ণ হয়। অর্থাৎ, আমি সম্মনিত রাতে কুরআনকে নাযিল করলাম। আর আপনি কি জানেন সম্মানিত রাত কি? সম্মানিত রাত মানে হাজার মাসের চেয়েও উত্তম রজনী। আপনার মৃত্যুর পর হে মুহাম্মদ (সা.)! বনু উমাইয়া হাজার মাসের মালিক হবে। কাসেম বলেন, আমি হিসাব করেছি আমির মুআবিয়ার বাইআত থেকে হাজার মাস তাদের রাজত্ব ছিল, একটুকুও কম-বেশি হয়নি।
ইমাম তিরমিযী (র.) বলেন, এ হাদীসটি গরীব। এটি কাসেম কর্তৃক বর্ণিত। তিন যদিও নির্ভরযোগ্য, কিন্তু তার উস্তাদ মাজহুল। এ হাদীসখানা হাকেম মুসতাদরাক গ্রন্থে এবং ইবনে জারীর স্বীয় তাফসীর গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।
হাফেজ আবুল হুজ্জাজ (র.) বলেন, হাদীসখানা মুনকার (অস্বীকারকারী)। ইবনে কাসীরও একই অভিমত পেশ করেছেন। ইবনে জারীর স্বীয় তাফসীর গ্রন্থে আব্বাস বিন সহলের দাদার বরাত দিয়ে লিখেছেন, নবীজী (সা.) বনূ হাকাম বিন আসকে (বনূ উমাইয়াকে) স্বপ্নে দেখেন- বাদুড়ের মত এক মজলিসে নাচছে। নবীজীর কাছে এটা খুব খারাপ মনে হলো। এরপর থেকে মৃত্যু পর্যন্ত তিনি কোন দিন মুখ খুলে হাসেননি। এ ঘটনার প্রেক্ষাপটে এ আয়াত অবতীর্ণ হয়-
وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةَ لِلنَّاسِ -
এ হাদীসের সনদগুলো দুর্বল। তবে আব্দুল্লাহ বিন উমর (রা.), ইয়ালা বিন মাররা (রা.) এবং হোসাইন বিন আলী (রা.)-এর হাদীসগুলো এ হাদীসের সমর্থক। এ হাদীসটি আমি বিভিন্ন পদ্ধতিতে তাফসীর এবং মাসনাদ গ্রন্থে উল্লেখ করেছি। উপরন্তু আসবাবুন নুযূল গ্রন্থেও এ হাদীসের কিছুটা ইশারা করা হয়েছে।
📄 যেসব হাদীসে বনু আব্বাসিয়া খিলাফতের সুসংবাদ দেয়া হয়েছে
ইমাম বায্যার সনদসহ আবূ হুরায়রা (রা.)-এর হাদীস লিখেছেন। হুযূর (সা.) আব্বাস (রা.) কে বলেন, তোমার লোকদের মধ্যে নবুওয়ত এবং রাজত্ব উভয়টাই রয়েছে। এ হাদীসের সনদের মধ্যে আমেরী দুর্বল। কিন্তু আবু নুয়াঈম দালায়েলুন নবুওয়ত, ইবনে আদী কামেল এবং ইবনে আসাকির স্বীয় গ্রন্থে আমেরীর হাদীসখানা কয়েকভাবে বর্ণনা করেছেন।
ইমাম তিরমিযী ইবনে আব্বাস (রা.) থেকে রেওয়ায়েত করেন, হুযুর (সা.) আব্বাস (রা.)-কে বললেন, সোমবার সকালে আপনার ছেলেকে আমার নিকট নিয়ে আসবেন। আমি তার জন্য দো'আ করে দিব, যাতে আল্লাহ তা'আলা আপনার এবং আপনার আওলাদদের ভালো করেন। আব্বাস (রা.) সকালে ছেলেকে কাপড় পরিয়ে হযরতের খেদমতে নিয়ে আসেন। তিনি দো'আ করলেন, হে আল্লাহ! আব্বাস এবং তার ছেলেকে প্রকাশ্য ও গোপন গোনাহর মধ্যে বেঁধ না এবং তাঁদের ক্ষমা করো। হে আল্লাহ। তাকে এবং তার আওলাদকে রক্ষা করো।
ইমাম তিরমিযী স্বীয় জামে গ্রন্থে এতটুকুই লিখেছেন। তবে রাযীন আল-উবায়দী এ হাদীসটির শেষাংশে এতটুকু বৃদ্ধি করেছেন- তার বংশে আমার খিলাফত জারি রেখ। আমার নিকট এ হাদীসখানা অত্যন্ত চমৎকার। তাবারানী ছাওবান থেকে বর্ণনা করেন। রসূলুল্লাহ (সা.) বলেছেন, আমি বনু মারওয়ানকে বারবার মিম্বরে উঠতে দেখে খারাপ ভাবলাম। যখন বনু আব্বাসকে বার বার আসতে দেখলাম তখন আমার ভালো লাগল।
আবু নুয়াঈম আবু হুরায়রা (রা.)-এর হাদীস সনদসহ হুলীয়া গ্রন্থে লিখেছেন, একদিন হুজুর (সা.) বাইরে এলে আব্বাস (রা.)-এর সাথে সাক্ষাত হয়। তখন তিনি (সা.) বললেন, হে আবু আল-ফজল! আমি আপনাকে একটি সংবাদ দিব? তিনি বললেন, অবশ্যই নবীজী (সা.) বললেন, আল্লাহ তা'আলা যে কাজ আমার দ্বারা শুরু করিয়েছেন সে কাজ আপনার সন্তানদের মাধ্যমে সমাপ্ত করাবেন।
এর সূত্রগুলো দুর্বল। হযরত আলী (রা.) এ হাদীসটি যে সূত্রে বর্ণনা করেছেন তা আরো দুর্বল।
খতীব ইতিহাস গ্রন্থে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, নবীজী (সা.) বলেন, আপনাদের থেকেই এ কাজ আরম্ভ হয়েছে, আপনাদের দ্বারাই তা শেষ হবে। অচিরেই এ হাদীসের সনদসহ বিস্তারিত বিবরণ মুহতাদী বিল্লাহ অধ্যায়ে আলোচনা করব।
খতীব আম্মার বিন ইয়াসার (রা.)-এর আরেকখানা হাদীস সনদসহ বর্ণনা করেছেন। আবু নুয়াঈম হুলীয়া গ্রন্থে জাবের বিন আব্দুল্লাহ (রা.) বর্ণনা করেন, নবী করীম (সা.) বলেন, আব্বাসের বংশোদ্ভূত বাদশাহগণ আমার উম্মতের আমীর হবে। এজন্য আল্লাহ তা'আলা তাদের দ্বীনকে জয়যুক্ত করবেন। (সনদ দুর্বল)
আবু নুয়াঈম দালায়েল গ্রন্থে লিখেছেন, ইবনে আব্বাস (রা.) বলেন, উম্মুল ফজল আমার নিকট এ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একদা নবী করীম (সা.)-এর খেদমতে উপস্থিত হলে তিনি বললেন, তোমার গর্ভে পুত্র সন্তান রয়েছে। ভূমিষ্ট হলে তাকে নিয়ে আমার কাছে এস। জন্মগ্রহণ করলে আমি নবজাতককে নিয়ে তাঁর পবিত্র খেদমতে হাযির হলাম। তিনি সেই পুত্রের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিলেন। নিজের লালা মোবারক নবজাতককে মুখে দিলেন এবং নাম রাখলেন আব্দুল্লাহ। অতঃপর বললেন, খলীফাগণের পিতাকে নিয়ে যাও। আমি সমস্ত ঘটনা হযরত আব্বাসের নিকট বর্ণনা করলাম। তিনি নবী (সা.)-এর দরবারে এসে কারণ জিজ্ঞেস করলেন, হযরত নবী করীম (সা.) বললেন, আমি সত্যই বলেছি। সে খলীফাগণের পিতা। তার বংশ থেকে সাফফাহ এবং মাহদীর আবির্ভাব ঘটবে। হযরত ঈসা বিন মারইয়াম (আ.)- এর সাথে যিনি নামায আদায় করবেন।
দায়লিমা মুসনাদুল ফেরদৌস গ্রন্থে আয়েশা সিদ্দীকা (রা.)-এর একখানা মারফু হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, অচিরেই বনু আব্বাসিয়ার হাতে পতাকা আসবে। যতক্ষণ তারা সত্যের চর্চা করবে তাদের হাত থেকে পতাকা যাবে না। দারে কুতনী ইফরাদ গ্রন্থে ইবনে আব্বাসের বর্ণনা সনদসহ লিপিবদ্ধ করেছেন। নবী করীম (সা.) হযরত আব্বাস (রা.)-কে বললেন, যতক্ষণ পর্যন্ত আপনার সম্প্রদায় ইরাকে থাকবে, কালো কাপড় পরবে এবং খোরাসানবাসী তাদের সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত তাদের কাছেই ক্ষমতা থাকবে। এমতাবস্থায় ঈসা (আ.)-কে তাদের প্রদান করা হবে। এ হাদীস দুর্বল। তবে ইবনে জাওযী মাওযুআতের মধ্যে তা বর্ণনা করেছেন।
তাবারানী কাবীরে উম্মে সালমা (রা.)-এর মারফু হাদীস লিপিবদ্ধ করেছেন। নবী আকরাম (সা.) বলেন, আমার চাচার ছেলে এবং আমার বাবার পিতামহদের সন্তানদের মধ্যেই খিলাফত থাকবে।
আকেলী কিতাবুয যুআফায় সনদসহ আবু বকর (রা.)-এর মারফু হাদীস বর্ণনা করেছেন। বনূ উমাইয়ার এক দিনের পরিবর্তে বনূ আব্বাস দু'দিন এবং এক মাসের পরিবর্তে দু'মাস রাজত্ব করবে।
ইবনে জাওযী মাওযুআতে এ হাদীসখানা বর্ণনা করেন। কারণ এ হাদীসের বর্ণনাকারীদের মধ্যে যে খারাপ, তাকে মুহতাম বলা হয়। বস্তুত খারাপ লোক মিথ্যা অথবা বর্ণিত হাদীসে মুহতাম নাও হতে পারে। ইবনে আদী এই বর্ণনাকারীকে দুর্বলদের মধ্যে গণ্য করেছেন। কিন্তু তিনি এও বলেছেন, এতে কোনো ক্ষতি নেই এবং হাদীসের অর্থ যুক্তিগ্রাহ্য নয়। কেননা বনু আব্বাসিয়ার যুগে শুধু স্পেন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাদের রাজত্ব ছিল। তাদের শাসনামল ১৩০ হিজরী থেকে ২৯০ হিজরী। এরই মধ্যে মুকতাদার খিলাফতের তখতে আরোহন করেন। তাঁর প্রশাসনিক পদ্ধতিতে ভ্রান্তি ছড়িয়ে পড়ে, পাশ্চাত্যের ভূখণ্ডগুলো হাতছাড়া হয়ে যায় এবং তারপর মুসলিম সাম্রাজ্যে দারুণ অরাজকতা, আত্মকলহ এবং মতানৈক্য দেখা দেয়, যার বিবরণ সামনে পেশ করা হবে। এ হিসাব মোতাবেক বন্ আব্বাসিয়ার শাসনামল ছিল ১৬০ বছর। আর বনু উমাইয়ার ২০ বছর। তন্মধ্যে ইবনে যুবায়েরের খিলাফতকাল নয় বছর বাদ দিলে তিরাশি বছর হলো। উমাইয়াদের যুগ, যা আব্বাসীয়দের শাসনকালের অর্ধেক সময়।
যুবায়ের বিন বাকার মুআফিকাত গ্রন্থে ইবনে আব্বাস (রা.)-এর রেওয়ায়েত নকল করেছেন। ইবনে আব্বাস (রা.) মুআবিয়া (রা.)-কে বললেন, আপনারা যদি একদিন রাষ্ট্র চালান, তবে আমরা দু'দিন, আপনারা এক মাস চালালে আমরা দু'মাস, আপনারা এক বছর চালালে আমরা দু'বছর রাষ্ট্র চালাব।
যুবায়ের মুআফিকাতে লিখেছেন, ইবনে আব্বাস (রা.) বলেন, কালো পতাকা আমাদের পাশ্চাত্য থেকে শুরু হবে। তারীখে দামেশক গ্রন্থে ইবনে আসাকির লিখেছেন, রসূলুল্লাহ (সা.) তিনবার হযরত আব্বাসের জন্য এ দা'আ করেছেন, হে আল্লাহ! আব্বাস এবং তাঁর সন্তানদের সাহায্য করো। অতঃপর হযরত আব্বাসকে সম্বোধন করে বলেন, চাচা! আপনি জানেন না, আপনার বংশধরদের মধ্যে মাহদী মুওয়াফ্ফাক অত্যন্ত ভালো মানুষ হবেন।
ইবনে সাদ তবকাত গ্রন্থে ইবনে আব্বাসের রেওয়ায়েত লিখেছেন, একদিন হযরত আব্বাস আব্দুল মোত্তালিবের বংশধরকে একত্রিত করেন। তিনি আলী (রা.)-কে অত্যন্ত ভালোবাসতেন। এজন্য তিনি তাকে বলেন, আমি তোমার সাথে একটি পরামর্শ করতে চাই, তবে প্রথমে তোমার পরামর্শ ছাড়া চূড়ান্ত ফয়সালা নিতে চাই না। তুমি নবী আকরাম (সা.)-এর খেদমতে গিয়ে আরয করো, যদি খিলাফত আমাদের জন্য না হয়, তবে আমরা আজ থেকেই তাকে কোনো পাত্তা দিব না। হযরত আলী (রা.) বললেন, হে চাচা! নিশ্চয় খিলাফত আপনার জন্যই, কারো শক্তি নেই আপনার থেকে তা কেড়ে নিবে।
দ্বিতীয় পরিচ্ছেদ
দাইলামী মুসনাদুল ফেরদৌস গ্রন্থে লিখেছেন, রসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তা'আলা বাদশাহীর জন্য যে জাতিকে সৃষ্টি করেছেন তিনি সে জাতির কপালে হস্ত সঞ্চালন করে দিয়েছেন। এ হাদীসের একজন বর্ণনাকারী মাইসারা তিনি পরিত্যক্ত। দাইলামী এই হাদীসটি তিন পদ্ধতিতে বর্ণনা করেছেন। হাকেম মুসতাদরাকে ইবনে আব্বাস (রা.) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।