📄 মহিলার ই'তিকাফ করা ও মসজিদে স্বামীর সঙ্গে তার সাক্ষাৎ করার বৈধতা
তিনি (ছাঃ) একবার একটি তুর্কী তাঁবুতে (في قبة تركية) ই'তিকাফ করেছিলেন। যার দরজায় একটি চাটাই ঝুলানো ছিল (عَلَى سُدَّتِهَا حَصِيرٌ)
স্বামী মসজিদে ই'তিকাফরত অবস্থায় স্ত্রীর তার সঙ্গে সাক্ষাৎ করা এবং মসজিদের দরজা পর্যন্ত এগিয়ে এসে স্ত্রীকে বিদায় জানানো জায়েয। ছাফিয়্যা (রাঃ) বলেন,
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا، وَعِنْدَهُ أَزْوَاجَهُ، فَرُحْنَا، فَحَدَّثْتُهُ سَاعَةً، ثُمَّ قُمْتُ لِأَنْقَلِبَ، فَقَالَ: لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكَ، فَقَامَ مَعِيَ لِيَقْلِبَنِي، وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أَسَامَةَ بْنِ زَيْدٍ حَتَّى إِذَا كَانَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ الَّذِي عِنْدَ بَاب أُمِّ سَلَمَةَ ، فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَى رِسْلِكُمَا؛ إِنَّهَا صَفِيَّةً بنْتُ حُيَيٍّ. فَقَالَا : سُبْحَانَ اللَّهِ! يَا رَسُولَ اللَّهِ! قَالَ : إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الْإِنْسَانِ مَجْرَى الدَّم، وَإِنِّي خَشَيْتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوْبِكُمَا شَرًّا أَوْ قَالَ: شَيْئًا.
'রাসূলুল্লাহ (ছাঃ) [রামাযানের শেষ দশকে মসজিদে] ই'তিকাফরত ছিলেন। আমি রাত্রি বেলায় তাঁর সাথে দেখা করতে এলাম। [তখন তাঁর নিকট তাঁর স্ত্রীগণ ছিলেন। (আমাকে দেখে) তারা চলে গেলেন।] অতঃপর আমি তাঁর সাথে [কিছুক্ষণ] কথাবার্তা বললাম। অতঃপর আমি ফিরে যাবার জন্য উঠে দাঁড়ালাম। [তখন তিনি বললেন, তাড়াহুড়া করো না। যাতে আমি তোমার সাথে ফিরতে পারি।] অতঃপর আমাকে পৌঁছিয়ে দেয়ার জন্য তিনি উঠে দাঁড়ালেন। তাঁর (ছাফিয়্যা) বাসস্থান ছিল উসামা বিন যায়েদের বাড়িতে। [যখন তিনি উম্মে সালামাহ (রাঃ)-এর গৃহসংলগ্ন মসজিদের দরজা পর্যন্ত পৌঁছলেন], তখন দু'জন আনছারী সেখান দিয়ে যাচ্ছিল। তাঁরা রাসূলুল্লাহ (ছাঃ)-কে দেখে দ্রুততা অবলম্বন করল। তখন নবী (ছাঃ) বললেন, তোমরা দু'জন থাম। ইনি হলেন ছাফিয়্যা বিনতু হুওয়াই। তখন তারা বলল, সুবহানাল্লাহ! হে আল্লাহ্র রাসূল! তিনি বললেন, 'শয়তান মানুষের রক্তের শিরা-উপশিরায় চলাফেরা করে। আমি ভয় করলাম যে, সে তোমাদের মনে সন্দেহ সৃষ্টি করতে পারে'। অথবা আরো কিছু বললেন।
এমনকি স্বামীর সাথে স্ত্রীর বা স্ত্রীর একাকী ই'তিকাফ করা জায়েয। আয়েশা (রাঃ) বলেন, اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم امرأة (وفي رواية انها أم سلمة مِنْ أَزْوَاجه مُسْتَحَاضَةٌ، فَكَانَتْ تَرَى الْحُمْرَةَ وَالصُّفْرَةَ، فَرُبَّمَا وَضَعْنَا الطَّسْتَ تَحْتَهَا وَهِيَ تُصَلِّي 'রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে তাঁর এক মুস্তাহাযা স্ত্রী (অন্য বর্ণনায় রয়েছে, তিনি হলেন উম্মে সালামাহ) ই'তিকাফ করেন। তিনি লাল ও হলুদ রংয়ের স্রাব নির্গত হতে দেখতে পেতেন। অনেক সময় আমরা তাঁর নিচে একটি গামলা রেখে দিতাম আর এমতাবস্থায় তিনি ছালাত আদায় করতেন'।
তিনি আরো বলেন, كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ.
'রাসূলুল্লাহ (ছাঃ) আমৃত্যু রামাযানের শেষ দশকে ই'তিকাফ করতেন। তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রীগণ ই'তিকাফ করেছেন'।
স্ত্রী সহবাস করলে ই'তিকাফ বাতিল হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, 'তোমরা মসজিদসমূহে ই'তিকাফরত অবস্থায় তাদের প্রতি সংগত হয়ো না' (বাকারাহ ১৮৭)।
ইবনু আব্বাস (রাঃ) বলেন,إِذَا جَامَعَ الْمُعْتَكِكفُ، بَطَلَ اعْتِكَافُهُ وَاسْتَأْنَفَ 'ই'তিকাফকারী স্ত্রী-সহবাস করলে তার ই'তিকাফ বাতিল হয়ে যাবে এবং তাকে নতুনভাবে ই'তিকাফ শুরু করতে হবে'।
নবী (ছাঃ) ও তাঁর ছাহাবীগণ থেকে কিছু বর্ণিত না হওয়ার কারণে তার উপর কাফফারা বর্তাবে না।
টিকাঃ
৬৪. অর্থাৎ ছোট্ট তাঁবুতে )أى قبة صغيرة( | দরজাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য দরজার উপর ঝুলানো চাটাইকে (পর্দা( السدة বলা হয়। উদ্দেশ্য হল তিনি তাঁবুর দরজার উপর একখণ্ড মাদুর বা চাটাই স্থাপন করেন। যাতে তার ভিতরে কারো দৃষ্টি না পড়ে। যেমনটি সিন্ধী বলেছেন। তবে এটা বলা আরো ভাল হবে যে, ই'তিকাফকারীর সামনে দিয়ে অতিক্রমকারীর মাধ্যমে যেন তার মনোযোগে বিঘ্ন না ঘটে। যাতে ই'তিকাফের উদ্দেশ্য ও তার চেতনাকে অর্জন করা যায়। যেমন ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, عَكْسَ مَا يَفْعَلُهُ الْجُهَّالُ مِنِ اتخاذ الْمُعْتَكَفِ مَوْضِعَ عِشْرَةٍ وَمَجْلَبَةٍ لِلزَّائِرِينَ وَأَخْذِهِمْ بِأَطْرَافِ الْأَحَادِيثِ بَيْنَهُمْ، فَهَذَا لَوْنٌ، وَالْاعْتِكَافُ النَّبَوِيُّ لَوْنٌ، وَاللَّهُ الْمُوَفِّقُ 'মূর্খরা ই'তিকাফের স্থানকে পারস্পরিক মেলামেশার স্থান, দর্শনার্থীদের জড়ো হওয়ার স্থান এবং তাদের মধ্যে গল্প-গুজবের স্থান বানিয়ে নেয়ার বিপরীত। এটা এক ধরনের ই'তিকাফ। আর নবী (ছাঃ)-এর ই'তিকাফের ধরন সম্পূর্ণ ভিন্ন। আল্লাহই তাওফীক দাতা'।
৬৫. মুসলিম, হা/১১৬৭, 'ছিয়াম' অধ্যায়, অনুচ্ছেদ-৪০; ছহীহ ইবনে খুযায়মা, হা/২১৭১, 'ছিয়াম' অধ্যায়, অনুচ্ছেদ-২১১, হা/২২১৯, অনুচ্ছেদ-২৫১।
৬৬. বুখারী, হা/২০৩৫, অনুচ্ছেদ-৮, হা/২০৩৮, 'ই'তিকাফ' অধ্যায়, 'ই'তিকাফরত স্বামীর সঙ্গে স্ত্রীর দেখা করা' অনুচ্ছেদ-১১; মুসলিম, হা/২১৭৫ 'সালাম' অধ্যায়, অনুচ্ছেদ-৯; আবূ দাউদ, হা/২৪৭০, 'ছিয়াম' অধ্যায়-৮, 'ই'তিকাফকারী তার প্রাকৃতিক প্রয়োজনে বাড়িতে প্রবেশ করবে' অনুচ্ছেদ-৭৯; ইবনু মাজাহ, হা/১৭৭৯, ছিয়াম' অধ্যায়-৭, অনুচ্ছেদ-৬৫।
৬৭. মহিলাদের ই'তিকাফের স্থান : যদি ফিতনার আশংকা না থাকে তাহলে স্বামীর অনুমতিক্রমে মহিলারা মসজিদে ই'তিকাফ করবে (বুখারী হা/২০৩৩)। আর যদি ফিতনার আশংকা থাকে তাহলে তারা ই'তিকাফ করবে না (ফাতাওয়া উছায়মীন, 'ছিয়াম' অধ্যায়, প্রশ্নোত্তর নং ৪৬২; আশ-শারহুল মুমতি' ৬/৫১০)।-অনুবাদক
৬৮. বুখারী, হা/২০৩৭, 'ই'তিকাফ' অধ্যায়, 'মুস্তাহাযা মহিলার ই'তিকাফ করা' অনুচ্ছেদ-১০; অন্য বর্ণনাটি সাঈদ ইবনে মানছুরের। যেমনটি ফাতহুল বারীতে (৪/২৮১) এসেছে। কিন্তু দারেমী (১/২২) তাঁর নাম যয়নাব বলেছেন। আল্লাহই সর্বাধিক অবগত।
৬৯. বুখারী, হা/২০২৬, 'ই'তিকাফ' অধ্যায়; মুসলিম, হা/১১৭২, 'ই'তিকাফ' অধ্যায়।
৭০. মুছান্নাফ ইবনে আবী শায়বা ৩/৯২, হা/৯৭৭৩, 'ছিয়াম' অধ্যায়, অনুচ্ছেদ-৯২; মুছান্নাফ আব্দুর রায্যাক ৪/৩৬৩, হা/৮০৮১; ইরওয়াউল গালীল, হা/৯৭৬, সনদ ছহীহ।