📘 তারাবীহ ও ইতিকাফ > 📄 রাতের ছালাতের কিরাআত

📄 রাতের ছালাতের কিরাআত


রাতের ছালাত তারাবীহ বা তাহাজ্জুদে কিরাআতের ব্যাপারে রাসূলুল্লাহ (ছাঃ) এমন কোন সীমা নির্ধারণ করে দেননি, কম বা বেশি করার মাধ্যমে যা অতিক্রম করা যাবে না। বরং হ্রস্বতা ও দীর্ঘতার দিক থেকে রাতের ছালাতে তাঁর কিরাআতের মধ্যে ভিন্নতা সৃষ্টি হত। তিনি কখনো কখনো প্রত্যেক রাক'আতে সূরা মুয্যাম্মিল পরিমাণ পড়তেন, যার আয়াত সংখ্যা কুড়ি। আয়াত আবার কখনো পঞ্চাশ আয়াত পরিমাণ পড়তেন। তিনি বলতেন,
مَنْ صَلَّى فِي لَيْلَة بمئةِ آيَةٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ. আয়াত পড়ার মাধ্যমে ছালাত আদায় করবে, গাফিলদের (উদাসীন) মধ্যে তার নাম লিপিবদ্ধ করা হবে না'।
অন্য আরেকটি হাদীছে এসেছে, مَنْ صَلَّى فِي لَيْلَةٍ بِمِئَتَيْ آيَةٍ فَإِنَّهُ يُكْتَبُ مِنَ الْقَانِتِينَ الْمُخْلِصِينَ. আয়াত পড়ার মাধ্যমে ছালাত আদায় করবে, একনিষ্ঠ ও অনুগতদের মধ্যে তার নাম লিখা হবে'।
তিনি (ছাঃ) অসুস্থ অবস্থায় এক রাতে সাতটি দীর্ঘ সূরা )السبع الطوال( পড়েছিলেন। সূরাগুলো হল বাকারাহ, আলে ইমরান, নিসা, মায়েদা, আন'আম, আ'রাফ ও তওবা।
নবী (ছাঃ)-এর পিছনে হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ)-এর ছালাত আদায়ের কাহিনীতে রয়েছে যে, তিনি (ছাঃ) এক রাক'আতে সূরা বাকারাহ অতঃপর সূরা নিসা অতঃপর সূরা আলে ইমরান পড়েছিলেন। তিনি সূরাগুলো ধীরে- সুস্থে পড়ছিলেন।
সর্বাধিক বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়েছে যে, উমার (রাঃ) যখন রামাযানে উবাই বিন কা'ব (রাঃ)-কে লোকদের জন্য এগারো রাক'আত তারাবীহ্র ছালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি (রাঃ) একশত আয়াত বিশিষ্ট সূরা পাঠ করতেন। এমনকি যারা তার পিছনে ছালাত আদায় করতো তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে (ক্লান্ত হয়ে) লাঠির উপর ভর দিত। আর তারা ফজরের প্রাক্কালে বাড়ি ফিরত।
উমার (রাঃ) থেকে এটিও ছহীহ সূত্রে বর্ণিত আছে যে, তিনি রামাযান মাসে কারীদেরকে ডেকে তাদের মধ্যে দ্রুত পড়তে সক্ষম ব্যক্তিকে ত্রিশ আয়াত, মধ্যমগতিতে পড়তে সক্ষম ব্যক্তিকে পঁচিশ আয়াত এবং ধীর গতিসম্পন্নকে বিশ আয়াত পড়ার নির্দেশ দিয়েছিলেন।
এসব বর্ণনার উপর ভিত্তি করে বলা যায়, যদি মুছল্লী একাকী ছালাত আদায় করে তাহলে তার ইচ্ছা অনুযায়ী কিরাআত দীর্ঘ করবে। অনুরূপভাবে তার দীর্ঘ কিরাআতে সঙ্গ প্রদানকারী ব্যক্তিগণ যদি থাকে তখনও। সে যতই কিরাআত দীর্ঘ করবে ততই ভাল। তবে কদাচিৎ ছাড়া এমন অতিরিক্ত দীর্ঘ করবে না যে, প্রায় সমস্ত রাত্রিই জাগবে। নবী (ছাঃ)-এর নিম্নোক্ত বাণীর অনুসরণার্থে এমনটি করবে। তিনি বলেন, وَخَيْرَ الْهَدْيِ هَدْيٌ مُحَمَّدٍ 'মুহাম্মাদ (ছাঃ)-এর হেদায়াতই সর্বশ্রেষ্ঠ হেদায়াত'।

টিকাঃ
১৮. আবূ দাউদ, 'ছালাত' অধ্যায়, হা/১৩৬৫, 'রাত্রির ছালাত' অনুচ্ছেদ-৩১৬; আহমাদ, হা/৩৪৫৯, সনদ ছহীহ।
১৯. তাবারানী, আল-মু'জামুল কাবীর হা/১২৬৭৯; মাজমাউয যাওয়ায়েদ হা/৩৬৫৬। দ্রঃ আছলু ছিফাতি ছালাতিন নাবী, পৃঃ ৫২৯।
২০. দারেমী, হা/৩৩২২ 'ফাযায়েলুল কুরআন' অধ্যায়, 'যে একশ আয়াত পড়ে' অনুচ্ছেদ-২৮; হাকেম, হা/১১৬১, 'নফল ছালাত' অধ্যায়। হাকেম হাদীছটিকে ছহীহ বলেছেন এবং যাহাবী তাঁকে সমর্থন করেছেন। দ্রঃ ছিফাতু ছালাতিন নাবী (রিয়াদ), পৃঃ ১২০।
২১. দারেমী, হা/৩৩৩০, 'ফাযায়েলুল কুরআন' অধ্যায়, 'যে দুইশ আয়াত পড়ে' অনুচ্ছেদ-২৯; হাকেম, হা/১১৬১, 'নফল ছালাত' অধ্যায়। হাকেম হাদীছটিকে ছহীহ বলেছেন এবং যাহাবী তাঁকে সমর্থন করেছেন। দ্রঃ ছিফাত, পৃঃ ১২০।
২২. আবূ ইয়া'লা, হা/৩৪৪৪; হাকেম, হা/১১৫৭, 'নফল ছালাত' অধ্যায়। হাকেম হাদীছটিকে ছহীহ বলেছেন এবং যাহাবী তাঁকে সমর্থন করেছেন। দ্রঃ ছিফাত, পৃঃ ১১৮। [পূর্বে 'ছিফাতু ছালাতিন নাবী' গ্রন্থে এ হাদীছটিকে শায়খ আলবানী ছহীহ বললেও সর্বশেষ তাহকীকে তিনি এটিকে যঈফ বলেছেন। দ্রঃ সিলসিলা যঈফা, হা/৩৯৯৫; তারাজুউল আল্লামা আলবানী, ১/২৫]-অনুবাদক
২৩. মুসলিম, হা/৭৭২, 'মুসাফিরদের ছালাত' অধ্যায়, 'রাত্রির ছালাতে কিরাআত দীর্ঘ করা মুস্তাহাব' অনুচ্ছেদ-২৭; নাসাঈ, হা/১৬৬৪, 'রাত ও দিনের নফল ছালাত' অধ্যায়, অনুচ্ছেদ-২৪।
২৪. মুওয়াত্তা ইমাম মালেক, হা/৩৭৯, 'তারাবীহ্ বর্ণনা' অনুচ্ছেদ।
২৫. মুছান্নাফ আব্দুর রায্যাক, ৪/২৬১, হা/৭৭৩২ 'ছিয়াম' অধ্যায়, 'কিয়ামে রামাযান' অনুচ্ছেদ; বায়হাকী ২/৪৯৭, হা/৪৬২৪, 'ছালাত' অধ্যায়, অনুচ্ছেদ-৫৯০।
২৬. মুসলিম, হা/৮৬৭, 'জুম'আ' অধ্যায়-৭, 'জুম'আর ছালাত ও খুতবা হালকা করা' অনুচ্ছেদ- ১৩; নাসাঈ, হা/১৫৭৮, 'ঈদায়নের ছালাত' অধ্যায়-১৯, অনুচ্ছেদ-২২; ইবনু মাজাহ, হা/৪৫, 'বিদ'আত ও বিতর্ক থেকে দূরে থাকা' অনুচ্ছেদ-৭; মিশকাত হা/১৪১, ইরওয়াউল গালীল, হা/৬০৮।

📘 তারাবীহ ও ইতিকাফ > 📄 রাতের ছালাতের সময়

📄 রাতের ছালাতের সময়


আর যখন ইমামতি করবে তখন ঐ পরিমাণ কিরাআত দীর্ঘ করবে, যা মুক্তাদীদের জন্য কষ্টকর হবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
إِذَا قَامَ أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفَ الصَّلَاةَ، فَإِنَّ فِيهِمُ [الصَّغِيْرَ وَالْكَبِيرَ وَفِيهِمُ الضَّعِيفَ، وَالْمَرِيضَ] ، [وَذَا الْحَاجَةِ ، وَإِذَا قَامَ وَحْدَهُ فَلْيُطِلْ صَلَاتَهُ مَا شَاءَ.
'তোমাদের কেউ যখন ছালাতে ইমামতি করবে, তখন সে যেন ছালাতকে হালকা করে পড়ে। কেননা তাদের (মুছল্লীদের) মধ্যে [ছোট], বয়োবৃদ্ধ, দুর্বল, [রোগী] ও [ব্যস্ত লোক] রয়েছে। আর যখন সে একাকী ছালাত আদায় করবে, তখন সে যেন তার ইচ্ছানুযায়ী ছালাতকে দীর্ঘ করে'।
এশার ছালাতের পর থেকে ফজর পর্যন্ত রাতের ছালাতের সময়। এ মর্মে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, إِنَّ اللَّهَ زَادَكُمْ صَلَاةً، وَهِيَ الْوِثْرُ، فَصَلُّوْهَا فِيْمَا بَيْنَ صَلَاةِ الْعِشَاءِ إِلَى صَلَاةِ الْفَجْرِ 'আল্লাহ তা'আলা তোমাদের জন্য একটি ছালাতকে বৃদ্ধি করেছেন। তা হল বিতর। অতএব তোমরা এশা ও ফজর ছালাতের মধ্যবর্তী সময়ে উহা আদায় করো'।
তবে সম্ভব হলে শেষ রাতে রাত্রির ছালাত আদায় করা উত্তম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, مَنْ خَافَ أَنْ لَا يَقُوْمَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُؤْتِرْ أَوَّلَهُ، وَمَنْ طَمِعَ أَنْ يَقُوْمَ آخِرَهُ فَلْيُؤْتِرْ آخِرَ اللَّيْلِ، فَإِنَّ صَلَاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ، وَذَلِكَ أَفْضَلُ. 'শেষ রাতে (ঘুম থেকে) জাগতে না পারার কেউ আশংকা করলে সে যেন রাতের প্রথম অংশেই বিতর পড়ে নেয়। আর যে শেষ রাতে জাগতে আগ্রহী, সে যেন শেষ রাত্রিতেই বিতর পড়ে। কেননা শেষ রাত্রির ছালাতে ফেরেশতাগণ উপস্থিত হন। আর এটাই সর্বোত্তম'।
প্রথম রাতে জামা'আতের সাথে এবং শেষ রাতে একাকী আদায়ের মাঝখানে যখন রাতের ছালাত আবর্তিত হবে, তখন তা জামা'আতে আদায় করাই হবে সর্বোত্তম। কারণ জামা'আতে রাতের ছালাত আদায়কারীর জন্য একটি পূর্ণ রাত ছালাত আদায় করা হিসেবে গণ্য করা হয় (অর্থাৎ পুরা রাত ছালাত আদায়ের নেকী লিপিবদ্ধ করা হয়)। যেমনটি পূর্বে মারফু সূত্রে নবী (ছাঃ) থেকে উদ্ধৃত হয়েছে।
এর ওপর ভিত্তি করেই উমার (রাঃ)-এর যুগে ছাহাবীদের আমল জারী ছিল। আব্দুর রহমান বিন আব্দুল কারী বলেন,
خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُوْنَ، يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ، فَقَالَ عُمَرُ : وَاللَّهِ إِنِّي لَأَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ واحد لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ ، فَجَمَعَهُمْ عَلَى أُبَى بْن كَعْبٍ، قَالَ: ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى، وَالنَّاسُ يُصَلُّوْنَ بِصَلَاةِ قَارِئِهِمْ، فَقَالَ عُمَرُ : نِعْمَتِ الْبِدْعَةُ هَذِهِ، وَالَّتِي يَنَامُوْنَ عَنْهَا أَفْضَلُ مِنَ الَّتِي يَقُوْمُوْنَ يُرِيدُ آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُوْمُوْنَ أَوَّلَهُ -
'আমি রামাযানের এক রাতে উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর সাথে মসজিদে নববীর দিকে বের হলাম। তখন লোকেরা খণ্ড খণ্ড জামা'আতে বিভক্ত ছিল। কেউ একাকী ছালাত আদায় করছিল আর কারো পিছনে একদল লোক ছালাত আদায় করছিল। উমার (রাঃ) বললেন, আল্লাহ্র কসম, ভাবছি এই লোকদেরকে আমি যদি একজন ইমামের পিছনে একত্রিত করতে পারি, তবে সেটা উত্তম হবে। অতঃপর তিনি এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদেরকে উবাই বিন কা'ব (রাঃ)-এর পিছনে একত্রিত করলেন। বর্ণনাকারী বলেন, পরে আর এক রাত্রে আমি তাঁর (উমার) সাথে বের হলাম। তখন লোকজন তাদের ইমামের সাথে (জামা'আতে) ছালাত আদায় করছিল। (এ দৃশ্য দেখে) উমার (রাঃ) বললেন, কতই না সুন্দর এই নতুন ব্যবস্থা! তারা রাতের যে অংশে ঘুমিয়ে থাকে তা রাতের ঐ অংশ অপেক্ষা উত্তম, যে অংশে তারা ছালাত আদায় করে। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন। কেননা তখন লোকজন রাতের প্রথমভাগে (তারাবীহ) ছালাত আদায় করত'।
যায়েদ বিন ওয়াহাব বলেন, ،كَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي بِنَا فِي شَهْرِ رَمَضَانَ فَيَنْصَرِفُ بَلَيْلِ 'আব্দুল্লাহ রামাযান মাসে আমাদেরকে নিয়ে জামা'আতে ছালাত আদায় করতেন, অতঃপর রাতে বাড়ি ফিরতেন'।

টিকাঃ
২৭. বুখারী, হা/৭০৩, 'আযান' অধ্যায়-১০, অনুচ্ছেদ-৬২; মুসলিম, হা/৪৬৭, 'ছালাত' অধ্যায়, অনুচ্ছেদ-৩৭; আবূদাঊদ, হা/৭৯৫-৯৬, 'ছালাত' অধ্যায়-২, 'ছালাত হালকা করা' অনুচ্ছেদ- ১২৮। হাদীছের শব্দ ও অতিরিক্ত অংশগুলো মুসলিমের। দ্রঃ ইরওয়াউল গালীল, হা/৫১২।
২৮. সমগ্র রাত্রির ছালাতকে বিতর বলা হয়। কারণ উহার রাক'আত সংখ্যা বেজোড়।
২৯. আহমাদ, হা/২৩৯০২, তাবারানী, হা/২১৬৭; তাহাবী, হা/৩৮৫৩, আবূ বাছরা )بصرة( থেকে। দ্রঃ সিলসিলা ছহীহা, হা/১০৮; ইরওয়াউল গালীল ২/১৫৮।
৩০. মুসলিম, হা/৭৫৫, 'মুসাফিরদের ছালাত' অধ্যায়, অনুচ্ছেদ-২১; ইবনু মাজাহ, হা/১১৮৭, 'ছালাত প্রতিষ্ঠা করা' অধ্যায়-৫, অনুচ্ছেদ-১২১; সিলসিলা ছহীহা, হা/২৬১০।
৩১. বুখারী, হা/২০১০, 'তারাবীহ্ ছালাত' অধ্যায়, অনুচ্ছেদ-১; মুওয়াত্তা ইমাম মালেক, হা/৩৭৮, 'তারাবীহ্ বর্ণনা' অনুচ্ছেদ।
৩২. মুছান্নাফ আব্দুর রায্যাক, হা/৭৭৪১, 'ছিয়াম' অধ্যায়, 'কিয়ামে রামাযান' অনুচ্ছেদ, সনদ ছহীহ। ইমাম আহমাদ বিন হাম্বলকে যখন প্রশ্ন করা হয়েছিল, -يُؤَخَّرُ الْقِيَامُ - يَعْنِي التَّرَاوِيحَ إِلَى آخِرِ اللَّيْلِ؟ 'তারাবীহ্ ছালাতকে কি শেষ রাত্রি পর্যন্ত বিলম্বিত করা যাবে'? তখন তিনি এটি ও তার পূর্ববর্তী আছারের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, لَا، سُنَّةُ الْمُسْلِمِينَ أَحَبُّ إِلَيَّ 'না। মুসলমানদের সুন্নাতই (প্রথম রাতে তারাবীহ পড়া) আমার নিকট অধিক পছন্দনীয়' (ইমাম আবূ দাঊদ, মাসায়িল, পৃঃ ৬২)।

📘 তারাবীহ ও ইতিকাফ > 📄 রাতের ছালাত আদায়ের পদ্ধতি সমূহ

📄 রাতের ছালাত আদায়ের পদ্ধতি সমূহ


এ ব্যাপারে আমি 'ছালাতুত তারাবীহ' (পৃঃ ১০۱-১১৫) গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। পাঠকের জন্য সহজকরণার্থে ও তাকে স্মরণ করিয়ে দেয়ার জন্য আমি এখানে উহার সার-সংক্ষেপ উল্লেখ করছি :

প্রথম পদ্ধতি : ১৩ রাক'আত। হালকাভাবে দু'রাক'আত পড়ে এর সূচনা করবে। সর্বাগ্রগণ্য মত অনুযায়ী এ দুই রাক'আত হল এশার ফরয ছালাত পরবর্তী দুই রাক'আত সুন্নাত অথবা ঐ নির্দিষ্ট দু'রাক'আত ছালাত, যার মাধ্যমে রাসূল (ছাঃ) রাতের ছালাত শুরু করতেন। যেমনটি গত হয়েছে। অতঃপর অত্যন্ত দীর্ঘ দু'রাক'আত আদায় করবে। অতঃপর এর চেয়ে কম দীর্ঘ দু'রাক'আত পড়বে। অতঃপর পূর্বের চেয়ে কম দীর্ঘ দু'রাক'আত পড়বে। অতঃপর তদপেক্ষা কম দীর্ঘ দু'রাক'আত পড়বে। অতঃপর এর চেয়ে কম দীর্ঘ দু'রাক'আত পড়বে। অতঃপর এক রাক'আত বিতর পড়বে।

দ্বিতীয় পদ্ধতি : ১৩ রাক'আত পড়বে। তন্মধ্যে দুই দুই করে আট রাক'আত পড়বে এবং প্রত্যেক দুই রাক'আত পর সালাম ফিরাবে। অতঃপর পাঁচ রাক'আত বিতর পড়বে। শুধুমাত্র পঞ্চম রাক'আতে বসবে এবং সালাম ফিরাবে।

তৃতীয় পদ্ধতি : ১১ রাক'আত। প্রত্যেক দুই রাক'আতের মাঝখানে সালাম ফিরাবে এবং এক রাক'আত বিতর পড়বে।

চতুর্থ পদ্ধতি : ১১ রাক'আত। এর মধ্যে প্রথম চার রাক'আত এক সালামে অতঃপর পরের চার রাক'আত আরেক সালামে পড়বে। অতঃপর তিন রাক'আত বিতর পড়বে।
রাসূলুল্লাহ (ছাঃ) এই চার ও তিন রাক'আতের দুই রাক'আতের মাঝখানে কি বসতেন? এ ব্যাপারে আমরা কোন সন্তোষজনক জবাব পাই না। তবে তিন রাক'আত বিতর ছালাতে দুই রাক'আত পর বসা শরী'আতসম্মত নয়।

পঞ্চম পদ্ধতি : ১১ রাক'আত পড়বে। এর মধ্যে একটানা আট রাক'আত আদায় করে ৮ম রাক'আতে বসবে এবং তাশাহ্হুদ ও নবী (ছাঃ)-এর দরূদ পড়ে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে। অতঃপর এক রাক'আত বিতর পড়ে সালাম ফিরাবে। এই হল নয় রাক'আত। অতঃপর বসে দুই রাক'আত আদদায় করবে।

ষষ্ঠ পদ্ধতি : ৯ রাক'আত পড়বে। তন্মধ্যে ছয় রাক'আত একটানা পড়ে ষষ্ঠ রাক'আতে বসবে অতঃপর তাশাহ্হুদ ও নবী (ছাঃ)-এর উপর দরূদ পড়ে পূর্বের মতো সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে। অতঃপর এক রাক'আত বিতর পড়ে সালাম ফিরাবে। এই হল সাত রাক'আত। অতঃপর বসে দুই রাক'আত পড়বে।

এই পদ্ধতিগুলো রাসূলুল্লাহ (ছাঃ) থেকে সুস্পষ্ট নছ বা দলীলের মাধ্যমে প্রমাণিত হয়েছে। উক্ত পদ্ধতিগুলোর উপর আরো অন্যান্য প্রকার এভাবে বৃদ্ধি করা যেতে পারে যে, প্রত্যেক প্রকার থেকে ইচ্ছামতো রাক'আত সংখ্যা কমিয়ে এক রাক'আত বিতরে সীমাবদ্ধ করবে। রাসূল (ছাঃ)-এর নিম্নোক্ত বাণীর প্রতি আমল করণার্থে। তিনি বলেন, 'যে চায় সে পাঁচ রাক'আত বিতর পড়ুক, যে চায় সে তিন রাক'আত বিতর পড়ুক এবং যে চায় সে এক রাক'আত বিতর পড়ুক'।
এই পাঁচ ও তিন রাক'আত বিতর চাইলে এক বৈঠকে ও এক সালামে আদায় করবে। যেমনটি দ্বিতীয় পদ্ধতিতে বর্ণিত হয়েছে। আর চাইলে প্রত্যেক দুই রাক'আত পর সালাম ফিরাবে। যেমনটি তৃতীয় ও অন্যান্য পদ্ধতিতে বর্ণিত হয়েছে। আর এটাই সর্বোত্তম।

টিকাঃ
৩৩. তাহাবী, হা/১৬০৩; হাকেম, হা/১১২৮; দারাকুতনী, হা/১৬৬০; বায়হাকী, হা/৪৭৭৬।
৩৪. একটি গুরুত্বপূর্ণ ফায়েদা : ইবনু খুযায়মা তাঁর 'ছহীহ' গ্রন্থে (২/১৯৪, হা/১১৬৮, 'ছালাত' অধ্যায়) উল্লিখিত পদ্ধতিগুলোর কোন একটিতে আয়েশা (রাঃ) ও অন্যদের বর্ণিত হাদীছ উদ্ধৃত করার পর বলেন, فَجَائِزٌ لِلْمَرْءِ أَنْ يُصَلِّيَ أَيَّ عَدَدٍ أَحَبَّ مِنَ الصَّلَاةِ مِمَّا رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى الله عليه وسلم أَنَّهُ صَلَّاهُنَّ، وَعَلَى الصَّفَةِ الَّتِي رُوِيَتْ عَنِ النَّبِيِّ صَلَّى الله عليه وسلم أَنَّهُ صَلَّاهَا، لَا حَظْرَ عَلَى أَحَدٍ فِي شَيْءٍ مِنْهَا ‘রাসূলুল্লাহ (ছাঃ) হতে যত রাক'আত রাতের ছালাত আদায় করা ও যেভাবে আদায় করা বর্ণিত হয়েছে, তার মধ্যে যে সংখ্যাটা পছন্দনীয় তা মানুষের জন্য পড়া জায়েয। উহার যেকোন সংখ্যা আদায় করা কারো জন্য নিষেধ নেই'।
(আলবানী বলেন) আমার বক্তব্য হল, রাসূল (ছাঃ) থেকে যত রাক'আত আদায় করা ছহীহ প্রমাণিত হয়েছে তাকে আবশ্যকীয়ভাবে আঁকড়ে ধরা ও তার চেয়ে রাক'আত সংখ্যা বেশি না করার যে সিদ্ধান্তকে আমরা পছন্দ করেছি, তা সম্পূর্ণরূপে ইবনু খুযায়মার এ মতের অনুকূলে। তাওফীক দেয়ার জন্য মহান আল্লাহ্ যাবতীয় প্রশংসা। আমি তাঁর আরো অধিক অনুগ্রহ কামনা করছি।

📘 তারাবীহ ও ইতিকাফ > 📄 তিন রাক'আত বিতরের কিরাআত

📄 তিন রাক'আত বিতরের কিরাআত


পক্ষান্তরে পাঁচ ও তিন রাক'আত বিতর ছালাতের প্রত্যেক দুই রাক'আত অন্তর বসা ও সালাম না ফিরানোর বিষয়টি রাসূল (ছাঃ) থেকে আমরা প্রমাণিত পাইনি। তবে মূল বিষয়টি জায়েয। কিন্তু যখন নবী (ছাঃ) মাগরিবের ন্যায় তিন রাক'আত বিতর পড়তে নিষেধ করেছেন এবং এর কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, وَلَا تُشَبِّهُوْا بِصَلَاةِ الْمَغْرِبِ 'তোমরা বিতর ছালাতকে মাগরিবের সাথে সাদৃশ্য প্রদান করো না', তখন যে ব্যক্তি তিন রাক'আত বিতর পড়বে তাকে অবশ্যই এই সাদৃশ্য থেকে বেরিয়ে আসতে হবে। আর এটি দু'ভাবে হতে পারে :
১. জোড় ও বেজোড়ের মাঝখানে সালাম ফিরানো। এটাই অধিক শক্তিশালী ও সর্বোত্তম।
২. জোড় ও বেজোড়ের মাঝখানে না বসা । আল্লাহই সর্বাধিক অবগত।

টিকাঃ
৩৫. তাহাবী, হা/১৭৩৮, 'বিতর' অনুচ্ছেদ; দারাকুতনী, হা/১৬৬৯; ছহীহ ইবনে হিব্বান, হা/২৪২৯ 'বিতর' অনুচ্ছেদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00