📄 আল্লাহর কী কুদরত
ইমাম রাজি রহ. সূরা ফাতিহার [রাব্বুল আলামিন-'জগৎসমূহের প্রতিপালক]-এর তাফসির প্রসঙ্গে জুন্নুন মিসরি রহ.-এর একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেন:
তিনি একদিন কাপড় ধোয়ার জন্য নীলনদের তীরে গমন করেন। হঠাৎ দেখতে পেলেন বড় একটি বিচ্ছু তীরের দিকে অগ্রসর হচ্ছে। বিচ্ছুটি নদীর কিনারায় পৌঁছামাত্র পানি থেকে একটি কচ্ছপ ভেসে উঠল। বিচ্ছু কচ্ছপটিকে দেখেই অতি দ্রুতবেগে গিয়ে তার পিঠে চড়ে বসল। অমনি কচ্ছপটি তাকে নিয়ে অপর প্রান্তে ছুটতে লাগল。
জুন্নুন মিসরি রহ. বলেন- তাদের কাণ্ড দেখার জন্য আমি পানিতে নেমে পড়লাম। কচ্ছপটি ওপারে পৌঁছামাত্র বিচ্ছু তার পিঠ থেকে নেমে পড়ল। আমিও নদী থেকে উঠে তার পিছু নিলাম。
একপর্যায়ে দেখতে পেলাম—অল্প বয়সী এক যুবক ঘন বৃক্ষ-ছায়ায় গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমি মনে মনে ভাবতে লাগলাম-বিচ্ছুটি হয়তো নদীর ওপার থেকে যুবকছেলেটিকে দংশন করতে এসেছে। একথা ভাবতেই পথিমধ্যে দেখতে পেলাম-একটি বিষাক্ত সাপ ফণা তুলে যুবকের কাছে এগিয়ে আসছে। সাপটি যুবকের কাছে পৌঁছার আগেই বিচ্ছুটি বিদ্যুৎগতিতে তার মাথার ওপর চড়াও হয়ে দংশন করল। তারপর কিছুক্ষণের মধ্যেই সাপটি মারা গেল। এদিকে বিচ্ছু তার পূর্বের পথ ধরে নদীর তীরে ছুটল। সেখানে কচ্ছপটি ছিল তার প্রতীক্ষায়। অতঃপর তার পিঠে সওয়ার হয়ে পুনরায় সে তার গন্তব্যে চলে গেল। জুন্নুন মিসরি রহ. বলেন—এ অদ্ভুত দৃশ্য দেখে আমি কবিতা আবৃত্তি করতে লাগলাম—
يا راقدا والجليل يحفظه * من كل سوء يكون في الظلم كيف تنام العين عن ملك * تأتيه منك فوائد النعم.
হে সুখ নিদ্রায় বিভোর ব্যক্তি, মহান স্রষ্টা তোমায় নিকষ আঁধারের যাবতীয় বিপদাপদ থেকে রক্ষা করেছেন। কীভাবে তোমার চোখ সুখ নিদ্রায় বুঁদ হয়ে আছে সে প্রভুকে ভুলে, যাঁর অফুরন্ত নিয়ামতের ফল্গুধারা সদা প্রবাহিত হচ্ছে তোমার ওপর。
আমার কবিতা পাঠ শুনে যুবকের ঘুম ভেঙে গেল। আমি তাকে চাক্ষুষ ঘটনাটির পূর্ণ বিবরণ শুনালাম। ঘটনাটি তার হৃদয়জগতকে দারুণভাবে ভাবিয়ে তুলল। ফলে সে বিগত জীবনের অভিশপ্ত গুনাহর পথ ছেড়ে দিয়ে বাকি দিনগুলো আল্লাহর পথেই কাটিয়ে দিল।
টিকাঃ
৭ ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসিরে কাবির: ১/২৩৭
📄 এক অদ্ভুত তালাক
কাজি আবু বকর ইবনু আরাবি রহ. বর্ণনা করেন—খলিফা মনসুরের শাসনামলে বাগদাদের মুসা ইবনু ঈসা হাশেমি নামে জনৈক ব্যক্তি নিজ স্ত্রীকে আবেগ তাড়িত হয়ে বলে ফেলল— তুমি চাঁদের চেয়ে অধিক সুন্দরী না হলে তোমাকে তিন তালাক。
এতে তালাক পতিত হয়ে গেছে ভেবে স্ত্রী ভীষণ চিন্তিত হয়ে পড়ল এবং স্বামীর সঙ্গে পর্দা শুরু করল। স্বামী নিজের অলক্ষ্যে এবং ভালোবাসার আতিশয্যে উক্ত বাক্যটি উচ্চারণ করেছিল; কিন্তু পরক্ষণে সেও চিন্তায় পড়ে গেল। উভয়ের সারারাত কাটল উদ্বিগ্নতা ও অস্থিরতায়। সকালবেলায় স্বামী খলিফার দরবারে গিয়ে ঘটনার বিবরণ দিল। ঘটনা শুনে খলিফা মনসুর বাগদাদের বড় বড় আলেম ও বিজ্ঞ ফকিহদের একটি জরুরি-সভা তলব করলেন। সভায় উক্ত মাসআলাটি উত্থাপন করলে প্রায় সকলেই তার স্ত্রী যেহেতু বাস্তবিক পক্ষেই চাঁদের চেয়ে সুন্দর নয়, তাই তালাক পতিত হয়ে গেছে—এ অভিমত ব্যক্ত করলেন; কিন্তু উপস্থিত ফকিহদের একজন উঠে বললেন, 'আমার মতে তালাক পতিত হয় নি।' এর কারণ হিসাবে তিনি বললেন, আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন—
لقد خلقنا الانسان في احسن تقويم. আমি তো মানুষকে সবচে' সুন্দর গঠনে সৃষ্টি করেছি。
এ উত্তরটি খলিফার দারুণ পছন্দ হলো। তিনি মুসা ইবনু ঈসাকে এ বলে সংবাদ পাঠালেন যে, তালাক পতিত হয় নি।
টিকাঃ
৮ সূরা তীন: ৩
৯ আল্লামা দামিরি, হায়াতুল হায়াওয়ান: ১/৩২
📄 স্মৃতিশক্তি ও স্মৃতিবিভ্রম
আল্লামা ইবনু আবিদিন শামি রহ. হিশাম কালবি রহ.-এর সূত্রে বর্ণনা করেন, হিশাম বলেছেন, আমি একবার স্মরণশক্তির প্রখরতার এমন নজির স্থাপন করেছি, সম্ভবত কেউ তা পারে নি। আবার স্মৃতিবিভ্রমের এমন নজিরও আমার জীবনে রয়েছে—যা অন্য কারও নেই। আমার মেধার প্রখরতা এত অধিক ছিল যে, মাত্র তিন দিনে পুরো কুরআন শরিফ মুখস্থ করেছিলাম! আবার স্মৃতিবিভ্রমের অদ্ভুত ঘটনারও শিকার হয়েছি। একদিন আমি দাড়ির অতিরিক্ত অংশ ছাঁটার জন্য বসেছিলাম। এজন্য মুষ্ঠি বেঁধে নিচের অংশটুকু কাটার জন্য ইচ্ছা করলাম; কিন্তু নিজের অলক্ষ্যে মুষ্ঠির উপরিভাগের দাড়ি কেটে ফেললাম। এতে সম্পূর্ণ দাড়ির গোছা আমার হাতের মুঠোয় চলে এসেছিল!
টিকাঃ
১০ রদ্দুল মুহতার
📄 আমরা উভয়ে জান্নাতি
ইমরান ইবনু হাত্তান নামে খারিজি সম্প্রদায়ের খ্যাতিমান একজন কবি ছিল। তার মেধা ও স্মৃতিশক্তির প্রখরতাকে ঘিরে নানা কৌতূহলী ঘটনা আজও কিংবদন্তি হয়ে আছে। এ কবি সম্বন্ধে আল্লামা জমখশরি রহ. বর্ণনা করেছেন—ইমরান ছিল ভয়ঙ্কর কুৎসিত ও বীভৎস প্রকৃতির। অপরদিকে তাঁর স্ত্রী ছিল অনিন্দ্যসুন্দরী। একদিন তার স্ত্রী দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল। এরপর হঠাৎ বলে উঠল—'আলহামদু লিল্লাহ'! ইমরান জিজ্ঞাসা করল, কী ব্যাপার, তুমি আলহামদু লিল্লাহ বললে কেন? স্ত্রী উত্তরে বলল—আমরা উভয়ে জান্নাতি। তাই কৃতজ্ঞতাস্বরূপ বললাম আলহামদু লিল্লাহ。
ইমরান জিজ্ঞাসা করল—তা কী করে বুঝলে? স্ত্রী বলল, আপনি আমার মতো পরমাসুন্দরী স্ত্রী পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আর আমি আপনার মতো স্বামী পেয়ে ধৈর্যধারণ করেছি। আল্লাহ তাআলা সবর ও শোকরের বিনিময়স্বরূপ জান্নাত দান করবেন বলে ওয়াদা করেছেন।
টিকাঃ
১১ তাফসিরে কাশশাফ: ১/৫৭২