📄 অনুবাদকের কথা
'তারা ঝিকিমিকি জ্বলে' গ্রন্থটি মূলত শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি- এর সাড়া জাগানো গ্রন্থ 'তারাশে'-এর বাংলা অনুবাদ। কুরআন-হাদিস, আকাবির ও আসলাফের যাপিত জীবনে ঘটে যাওয়া হৃদয়ছোঁয়া ঘটনাবলি এবং ইসলামের সোনালি যুগের তথ্যসমৃদ্ধ নির্মল ইতিহাস ঘিরেই মূলত গল্পগুলো নির্মিত হয়েছে। চিত্রিত হয়েছে বুজুর্গানে দ্বীনের ত্যাগ-তিতিক্ষা এবং ইসলামের বিভাময় আদর্শের রূপরেখা। ধ্বনিত হয়েছে পাপ-পঙ্কিলতা ও নীতি-নৈতিকতা অবক্ষয়ের বিরুদ্ধে সূক্ষ্ম প্রতিবাদ। গ্রন্থের প্রত্যেকটি গল্প- ই বেশ চমৎকার ও উপদেশমূলক। যা আমাদের ঘুমন্ত চেতনা ও মানসিকতাকে জাগিয়ে তুলতে বিরাট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এ গ্রন্থের মাধ্যমে যদি কোনো পাঠক একটুও উপকৃত হন, তাহলে অধমের এ শ্রম সফল ও সার্থক হবে বলে মনে করি。
গ্রন্থটি তৈরি করতে যারা আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষ-যেকোনোভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আল্লাহ তাদের সকলকে ইহ-পরকালে উত্তম প্রতিদানে ভূষিত করেন। এবং আমাদের এই মেহনতকে সার্বিকভাবে কবুল করেন...!
দুআর মুহতাজ মুহাম্মাদ আলী জাওহার ২১.০৭.২০২০ ঈসাব্দ রামপুরা বনশ্রী-ঢাকা
📄 মুখবন্ধ
بسم الله الرحمن الرحيم, نحمده ونصلي على رسوله الكريم.
জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকেই বই কখনো আমার চোখের আড়াল হতো না। অধ্যয়নই ছিল সবচে' প্রিয় কাজ। সাধারণত অধ্যয়নের বিষয় ছিল কুরআন-হাদিস সংবলিত কোনো রচনা। তবে মাঝেমধ্যে রুচি পরিবর্তনের জন্য সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাসের কিতাবাদিও পড়া হতো। অধ্যয়নের মাঝে কোনো আকর্ষণীয় বা শিক্ষণীয় ঘটনা কিংবা সূক্ষ্ম ও তথ্যসমৃদ্ধ বিষয় দৃষ্টিগোচর হলে তা নোট করে রাখার খুব ইচ্ছা হতো। অনেক ক্ষেত্রে এ জাতীয় লেখা প্রকাশযোগ্য করে লিখতে না পারলেও অন্তত মূল কিতাবের বরাত দিয়ে লিখে রাখতাম। এভাবে আমার নিকট তা অপ্রকাশিত একটি বিশাল পাণ্ডুলিপি আকারে রক্ষিত ছিল, যা মাঝে-মধ্যে যথেষ্ট কাজে আসত。
তবে যে সকল ঘটনাবলি ও সূক্ষ্ম বিষয়াদি রীতিমতো সুবিন্যস্তভাবে প্রকাশযোগ্য করে সংকলন করার সুযোগ হয়েছিল সেগুলোকে আমি 'তারাশে' শিরোনামে দীর্ঘদিন যাবৎ আমার মাসিক আল-বালাগ পত্রিকায় একটি স্বতন্ত্র কলাম হিসাবে প্রকাশ করে আসছিলাম; কিন্তু পরবর্তী সময়ে আমার ব্যস্ততা বেড়ে গেলে এর ধারাবাহিকতাও বন্ধ হয়ে যায়。
আল-বালাগের 'তারাশে' বিভাগটি পাঠকমহলে বেশ সাড়া পড়েছিল বিধায় পাঠকবৃন্দের সুবিধার্থে বিভিন্ন সংখ্যায় ছড়ানো-ছিটানো বিষয়গুলো একত্র করে কিতাবাকারে প্রকাশের ইচ্ছা হলো। এ কথা মাথায় রেখে আমার স্নেহধন্য পুত্র মাওলানা মুহাম্মদ ইমরান আশরাফ উসমানি-সাল্লামাহু-আল-বালাগের পুরাতন সংখ্যাগুলো জমা করে একটি মলাটে পেশ করেছে。
বক্ষ্যমাণ বইটি তারই সংকলিতরূপ। এ গ্রন্থে কোনো তারতিব বা সুবিন্যস্ততা খোঁজার প্রয়োজন নেই। কেউ খুঁজে না পেলে চিন্তিতও যেন না হন। কবির ভাষায়—
‘জীবনই যার বিষণ্ণতায় ভরা, তার গ্রন্থ কীভাবে হবে সুষমায় ভরা!’
আল্লাহ তাআলা এ গ্রন্থটিকে সকল পাঠকের জন্য কল্যাণকর হিসেবে কবুল করেন। আমিন।
বিনীত —মুহাম্মাদ তাকি উসমানি ১৪ জুমাদাল উলা ১৪১৪ হি.
📄 নবীজির রসিকতা
আবু উমামা রাজিয়াল্লাহু আনহু বলেন— নবীজির মতো সদা হাস্যোজ্জ্বল ও কৌতুকপ্রিয় কেউ ছিল না।
আবু দারদা রাজিয়াল্লাহু আনহু বলেন— নবিজি সব সময় মুচকি হেসে কথা বলতেন। (তবে, কখনো তিনি অট্টহাসি হাসতেন না।)
জাবির ইবনু সামুরা রাজিয়াল্লাহু আনহু বলেন— নবীজি কখনো আত্মহারা হয়ে হাসতেন না; বরং মুচকি হাসিই ছিল তাঁর চিরাচরিত অভ্যাস।
মুররা রাজিয়াল্লাহু আনহুর পিতা বলেন— প্রচণ্ড হাসি পেলে নবীজি মুখে নিজের পবিত্র হাত দিয়ে মুখ ঢেকে রাখতেন।
টিকাঃ
১ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২ তবরানি: ৭৮৩৮
৩ মুসনাদে আহমাদ: ২১৭৩৫
৪ তিরমিজি: ৩৬৪৫
৫ কানযুল উম্মাল: ৪/২৭
📄 বৃদ্ধারা জান্নাতে যাবে না
হাসান রাজিয়াল্লাহু আনহু বলেন—
একবার এক বৃদ্ধা নবীজির খেদমতে এসে আরজ করল-ইয়া রাসুলাল্লাহ, আমার জন্য দুআ করেন, যেন জান্নাতে প্রবেশ করতে পারি। উত্তরে নবীজি বললেন-শোনো, জান্নাতে কোনো বৃদ্ধা প্রবেশ করবে না! এ কথা শুনে বৃদ্ধা নিরাশ হয়ে কান্নাজড়িত কণ্ঠে চলে যেতে লাগল। নবীজি তখন সাহাবিদের বললেন, তাকে বলে দাও-সে বৃদ্ধাবস্থায় জান্নাতে প্রবেশ করবে না (যুবতি হয়েই তবে জান্নাতে প্রবেশ করবে)।
টিকাঃ
৬ শামায়েলে তিরমিজি: পৃ.২০