📄 নারী শয়তানের জাল
বর্ণিত আছে, বনী ইসরাঈলের বারসীসা নামক এক আবেদ ছিলেন। তিনি সর্বদা গির্জায় থাকতেন। তার দোয়া কবুল হতো। লোকেরা তাদের অসুস্থ ব্যক্তিদের নিয়ে আসত। তিনি দোয়া করলে সে সুস্থ হয়ে উঠত। তার এ অবস্থা দেখে ইবলীস তার বাহিনীর সবাইকে ডেকে বলল, কে এই আবেদকে গোমরাহ করতে পারবে? সে তো তোমাদের কোমর ভেঙ্গে দিচ্ছে! এক ধূর্ত শয়তান বলল, আমি তাকে গোমরাহ করতে পারব। যদি না পারি, তাহলে আপনার বন্ধু থাকব না। ইবলীস বলল, তুমিই এর যোগ্য। এরপর শয়তান বনী ইসরাঈলের এক বাদশাহর বাড়িতে এলো। বাদশাহর ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে। মেয়েটি তখন পিতা-মাতা ও ভাই-বোনদের সাথে বসে ছিল। শয়তান তাকে এমন ভয় দেখাল যে, সে মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পাগলের মত হয়ে পড়ল। এভাবে কয়েক দিন কেটে গেল। এরপর শয়তান মানুষের আকৃতিতে তাদের বাড়ীতে উপস্থিত হয়ে বলল, এ মেয়েটিকে ভালো করতে চাইলে, অমুক পাদ্রীর নিকট নিয়ে যাও। তিনি দোয়া করলে ও ফুঁ দিলে ভালো হয়ে যাবে। তখন তারা মেয়েটিকে পাদ্রীর নিকট নিয়ে গেল। পাদ্রী তার জন্য দোয়া করলেন। ফলে মেয়েটি সুস্থ হয়ে গেল। ফিরে আসার পর তার মধ্যে আবার পাগলামি দেখা দিল। তখন শয়তান এসে বলল, তাকে যদি সম্পূর্ণ ভালো করতে চাও, তাহলে কয়েক দিন পাদ্রীর নিকট থাকতে দাও। তারা মেয়েটিকে নিয়ে পাদ্রীর নিকট গেল এবং পাদ্রীর নিকট রেখে যেতে চাইল। কিন্তু পাদ্রী এতে রাজি হলেন না। তারা পীড়াপীড়ি করে সেখানে রেখে চলে এলো।
পাদ্রী দিনে রোযা রাখতেন এবং রাতে ইবাদতে মগ্ন হয়ে থাকতেন। এ দিকে শয়তান ওই মেয়েটিকে কিছুই বলত না। তবে পাদ্রী সাহরী ও ইফতার গ্রহণের জন্য বসলে, তখন শয়তান তাকে পাগলিনী বানিয়ে দিত এবং তার পর্দাও খুলে দিত। কিন্তু পাদ্রী তা থেকে মুখ ফিরিয়ে নিত। এমনিভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন পাদ্রী মেয়েটির চেহারা ও শরীর দেখে মোহগ্রস্ত হয়ে পড়ল। সে জীবনে কখনো এমন অনিন্দ্য সুন্দরী মেয়ে দেখেনি। পাদ্রী আর নিজেকে সংবরণ করতে পারল না। অবশেষে তাদের দৈহিক মিলন ঘটল এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হলো।
এদিকে শয়তান এসে বলল, নিশ্চয়ই তোমার দ্বারা সে অন্তঃসত্ত্বা হয়েছে। বাদশাহর কঠিন শাস্তি থেকে তুমি রেহাই পেতে চাইলে, তাকে হত্যা করে গির্জার পাশে দাফন করে রাখ। তার পরিবারের লোকজন জিজ্ঞেস করলে বলবে, সে মারা গেছে। তারা তোমাকে বিশ্বাস করবে। শয়তানের কথা মতো পাদ্রী তাকে হত্যা করে পুঁতে রাখলো। এরপর বাদশাহর লোকেরা এসে মেয়েটি সম্পর্কে জিজ্ঞেস করলে পাদ্রী বলল, মেয়েটি মারা গেছে। তারা পাদ্রীকে বিশ্বাস করে ফিরে চলে গেল।
আরেক বর্ণনা মতে, পাদ্রী বলেছিল, মেয়েটি সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। তারা পাদ্রীকে বিশ্বাস করে চলে গেল এবং আত্মীয়-স্বজনের বাড়ীতে তালাশ করতে লাগল। তখন শয়তান গিয়ে তাদের বলল, পাদ্রী মিথ্যা বলেছে। সে মেয়েটির সাথে যিনা করেছে, এরপর তাকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে। একথা শুনে বাদশাহ লোকজন নিয়ে পাদ্রীর নিকট এলো। কবর খুঁড়ে মেয়েটির জবাই করা লাশ পেল এবং পাদ্রীকে শূলে চড়ালো। শূলে চড়ানো অবস্থায় শয়তান পাদ্রীর নিকট এসে বলল, এসব আমিই করেছি। তবে আমি তোমাকে এ অবস্থা থেকে বাঁচাতে পারি, যদি তাদের বলি যে, অন্য ব্যক্তি মেয়েটিকে হত্যা করেছে, তারা অবশ্যই আমার কথা বিশ্বাস করবে। তবে শর্ত হলো, তুমি আমাকে সেজদা করবে। পাদ্রী বলল, আমি এ অবস্থায় কিভাবে সেজদা করব। শয়তান বলল, তুমি মাথা দ্বারা ইশারায় সেজদা করবে। আমি এতেই সন্তুষ্ট। তখন পাদ্রী তাকে সেজদা করল। তখন শয়তান বলল, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তা'আলা শয়তানের এ চরিত্র সম্পর্কে কুরআনে পাকে বলেন-
كَمَثَلِ الشَّيْطَانِ إِذْ قَالَ لِلْإِنسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيءٌ مِّنكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ * فَكَانَ عَاقِبَتَهُمَا أَنَّهُمَا فِي النَّارِ خَالِدَيْنِ فِيهَا وَذَلِكَ جَزَاء الظَّالِمِينَ
অর্থ: তারা শয়তানের মতো, সে মানুষকে বলে, কাফের হয়ে যাও। অতঃপর কাফের হয়ে গেলে বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। তাই উভয়ের পরিণতি হবে এই যে, তারা জাহান্নামে যাবে। সেখানে চিরকাল থাকবে। এটাই হলো জালেমদের শাস্তি।
টিকাঃ
৬৭০. মুসতাদরাকে হাকেম: ২/৫২৬; কানযুল উম্মাল: হাদীস-১৭১০।
৬৭১. সূরা হাশর: আয়াত-১৬-১৭
📄 মানুষের চার শত্রু
ফকীহ আবুল লাইস সমরকন্দী রহ. বলেন, জেনে রাখ, তোমার শত্রু চারজন। আর এদের থেকে বাঁচতে হলে, তোমাকে সর্বদা লড়াই করতে হবে কয়েক ক্ষেত্রে। যথা-
১. দুনিয়া, যা মারাত্মক ধোঁকাবাজ ও প্রবঞ্চক। আল্লাহ তা'আলা বলেন- وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ অর্থ: পার্থিব জীবন শুধুই ধোঁকা। আরও ইরশাদ হয়েছে- فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
২. নফস বা কুপ্রবৃত্তি, যা মানুষের ঘোরশত্রু।
৩. শয়তান, সে মানুষের প্রকাশ্য শত্রু।
৪. মানুষ শয়তান। তার থেকে খুব সতর্ক থাকতে হবে। কারণ, জীন শয়তানের চেয়ে মানুষ শয়তান বেশি ক্ষতিকারক। তা এভাবে যে, জীন শয়তান শুধুমাত্র মানুষকে কুমন্ত্রণা দেয়, প্রকাশ্যে ধ্বংস করে না। কিন্তু মানুষ শয়তান মানুষকে প্রকাশ্যে ধ্বংস করে দেয়। আর মানুষ শয়তান হলো, মন্দ বন্ধু।
টিকাঃ
৬৭২. সূরা আলে ইমরান: আয়াত-১৮৫
📄 বুদ্ধিমান ও নির্বোধ
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ : الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، يَعْنِي حَاسَبَ نَفْسَهُ فِي الدُّنْيَا وَعَمِلَ الطَّاعَةَ لِكَيْ تَنْفَعَهُ بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا، وَتَمَنَّى عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ الْمَغْفِرَةَ.
হযরত শাদ্দাদ বিন আউস রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, বুদ্ধিমান ও জ্ঞানী হলো সে, যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। অর্থাৎ, আল্লাহর আনুগত্য করে, যেন মৃত্যু পরবর্তী সময়ের জন্য উপারে আসে। আর নির্বোধ হলো সে, যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর ক্ষমা পাওয়ার আশা রাখে।
টিকাঃ
৬৭৩. সুনানে ইবনে মাজাহ: হাদীস-৪২৬০; সুনানে তিরমিযী: হাদীস-২৪৫৯।
📄 জান্নাত কষ্ট দ্বারা এবং জাহান্নাম প্রবৃত্তি দ্বারা বেষ্টিত
عَنْ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، أَنَّهُ قَالَ : لَيْسَ الْعَجَبُ مِمَّنْ هَلَكَ كَيْفَ هَلَكَ، وَلَكِنَّ الْعَجَبَ مِمَّنْ نَجَا كَيْفَ نَجَا يَعْنِي أَنَّ الْجَنَّةَ قَدْ حُقَّتْ بِالْمَكَارِهِ، وَالنَّارَ قَدْ حُقَّتْ بِالشَّهَوَاتِ، وَإِنَّ فِي كُلِّ نَفْسٍ شَيْئًا يُوَسْوِسُ إِلَيْهِ وَمَلَكًا يُلْهِمُهُ وَلَا يَزَالُ الشَّيْطَانُ يُزَيِّنُ وَيَخْدَعُ وَلَا يَزَالُ الْمَلَكُ يَمْنَعُهُ فَأَيُّهُمَا كَانَتِ النَّفْسُ مَعَهُ كَانَ هُوَ الْغَالِبَ.
হযরত ঈসা আ.-এর উক্তি বর্ণিত আছে। তিনি বলেন, যারা ধ্বংস হয় তাদের জন্য বিস্ময় নেই, বরং বিস্ময় তাদের জন্য যারা নাজাত পেয়েছে। তারা কিভাবে নাজাত পেলো! অর্থাৎ, জান্নাত কষ্ট দ্বারা এবং দোযখ প্রবৃত্তি দ্বারা বেষ্টিত। মনে রেখো, প্রত্যেকের সাথে একটি করে শয়তান আছে, যে তাকে প্ররোচিত করে। আর একজন করে ফেরেশতাও আছে, যে তাকে ভালোকাজের দিক নির্দেশনা করে। শয়তান মন্দকে সাজিয়ে উপস্থাপন করে এবং ধোঁকা দেয়। আর ফেরেশতা বান্দাকে তা থেকে নিষেধ করে। এরপর নফস এ দুয়ের যার সঙ্গ দেয়, সেই বিজয়ী হয়।