📄 তিন জিনিসের দিকে ধ্যান দেবে না
জনৈক জ্ঞানী বলেছেন, তিনটি বিষয় নিয়ে ভাববে না।
১. দারিদ্র্য নিয়ে ভাববে না। এতে দুশ্চিন্তা বেড়ে যাবে; দুনিয়ার প্রতি লোভ বৃদ্ধি পাবে।
২. তোমার ওপর যে জুলুম করা হয়েছে, তা নিয়ে ভাববে না। ভাবলে, তোমার অন্তর কঠোর হয়ে যাবে; জালেমের প্রতি বিদ্বেষ বেড়ে যাবে এবং ক্রোধ স্থায়িত্ব পাবে।
৩. দুনিয়ায় দীর্ঘদিন বাঁচার কথা ভাববে না। ভাবলে, সম্পদ সঞ্চয় করার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে; আয়ু শেষ হয়ে যাবে, অথচ আমল করার ক্ষেত্রে বিলম্ব করা হবে।
📄 তাকওয়ার উৎস
তাকওয়ার মূল উৎস হলো অন্তরকে অর্থহীন কাজ থেকে দূরে রাখা। অন্তর অর্থহীন কিছুর দিকে ধাবিত হলে সেটাকে সেখান থেকে ফিরিয়ে রাখবে। এটা অনেক কঠিন, তবে শ্রেষ্ঠ কাজ। কেউ যদি নামাযের বাইরে এইরূপ করতে না পারে, সে নামাযের ভিতরও পারবে না।
📄 পূর্ণ ইবাদত
জনৈক জ্ঞানী বলেছেন, ইবাদতের পূর্ণতা হয় সত্য নিয়ত দ্বারা। আর আমলের পূর্ণতা হয় বিনয় দ্বারা। আর এই দু'টি পূর্ণতা পায় দুনিয়ার প্রতি অনীহ হওয়া দ্বারা। আর এই সব পূর্ণতা লাভ করে পরকালের চিন্তা-ফিকির দ্বারা। আর চিন্তা-ফিকির পরিপূর্ণ হয় সর্বদা অন্তরে মৃত্যুভাবনা জাগ্রত রাখা দ্বারা এবং পাপের কথা বেশি বেশি স্মরণ করা দ্বারা।
📄 আবদালদের স্বভাব
আবদালদের ১০টি স্বভাব। যথা-
১. সলামাতুস সদর অর্থাৎ, অন্তরের পবিত্রতা।
২. সাখাওয়াতুল মাল অর্থাৎ, উদারতা।
৩. সিদকুন লিসান অর্থাৎ, সত্যবাদিতা।
৪. তাওয়াযউন নফস অর্থাৎ, অন্তরের বিনয়।
৫. আস-সবর ফিশশিদ্দাহ অর্থাৎ, কষ্টে ধৈর্যধারণ।
৬. আল-বুকাউ ফিল খালওয়াহ অর্থাৎ, নির্জনে ক্রন্দন।
৭. আন-নাসিহাতু লিল খালক অর্থাৎ, সৃষ্টির কল্যাণকামিতা।
৮. আর-রাহমাতু লিল মুমিনীন অর্থাৎ, মুমিনদের প্রতি দয়া।
৯. আত-তাফাক্কুরু ফিল ফানা অর্থাৎ, ফানার প্রতি ধ্যান।
১০. আল-ইবরাতু ফিল আশইয়া অর্থাৎ, প্রত্যেক বস্তু থেকে শিক্ষাগ্রহণ।