📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ঘুমানো ও জাগ্রত হওয়ার পদ্ধতি

📄 ঘুমানো ও জাগ্রত হওয়ার পদ্ধতি


জনৈক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিছানা হতে মানুষের কী নিয়ত নিয়ে ওঠা উচিত? তিনি বললেন, আগে তো এটা দেখা চাই যে, কী নিয়তে ঘুমোনো উচিত। এরপর প্রশ্ন হবে জাগার। যে ঘুমোনোর পদ্ধতিই জানে না সে কীভাবে জাগার অবস্থা জানবে?
এরপর বললেন, ৪টি বিষয় সংশোধন করার আগে ঘুমোনো উচিত নয়। যথা-
১. দুনিয়ায় যদি তার নিকট দাবি করার মতো কেউ থাকে, তাহলে তার নিকট এসে তা থেকে মুক্ত হয়ে নেওয়া চাই। কারণ, রাতেই মালাকুল মউত এসে যেতে পারেন। তাহলে সে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, তখন তা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না।
২. আল্লাহর কোনো ফরয জিম্মায় রেখে ঘুমোনো না চাই। কারণ, ফরয আমল বাদ দিয়ে ঘুমোনোর সপক্ষে তার কোনো দলিল নেই।
৩. অতীত জীবনের কৃত গুনাহ থেকে ক্ষমা চেয়ে নেওয়া চাই। কারণ, হতে পারে, রাতের বেলায় সে মৃত্যুবরণ করবে। অথচ তখনও সে গুনাহগার হিসেবে চিহ্নিত।
৪. সঠিকভাবে ওসিয়ত না লিখে ঘুমোনো উচিত হবে না। কারণ, হতে পারে, রাতেই মৃত্যু এসে যাবে। অথচ তার ওসিয়ত লেখা হয়নি।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 ভোর করার অবস্থা

📄 ভোর করার অবস্থা


বলা হয়ে থাকে, মানুষ তিনভাবে ভোর করে। যথা-
১. কতক লোক সম্পদের সন্ধানে।
২. কতক লোক গুনাহের খোঁজে।
৩. কতক লোক সঠিক রাস্তার খোঁজে।
যে ব্যক্তি সম্পদের খোঁজে ভোর করে, সে তার ভাগ্যের অতিরিক্ত ভোগ করতে পারবে না, যদিও তার প্রচুর সম্পদ থাকে। আর যে ব্যক্তি পাপের তালাশে ভোর করে, সে লাঞ্ছিত ও গুনাহগার হয়। আর যে ব্যক্তি সঠিক রাস্তার খোঁজে ভোর করে, আল্লাহ তা'আলা তাকে রিজিকও দান করেন এবং সঠিক রাস্তাও প্রদর্শন করেন।

জনৈক জ্ঞানী বলেছেন, সকাল বেলায় দু'টি বিষয় অবশ্যই আবশ্যক হয়: নিরাপত্তা ও ভয়। নিরাপত্তা দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ তা'আলা তার রিজিকের জিম্মা নিয়েছেন, এ ব্যাপারে তার নিশ্চিন্ত থাকা। আর ভয় হলো, আল্লাহ তা'আলা তাকে যে নির্দেশ দিয়েছেন, তা সে পালন করতে পারবে কি না। যখন বান্দা এ-দু'টি বিষয় পূর্ণ করে নেয়, আল্লাহ তা'আলা তাকে দু'টি বস্তু দ্বারা সম্মান প্রদান করেন: একটি হলো আল্লাহ তা'আলা তাকে যা কিছু দিয়েছেন তাতে তুষ্টি; অপরটি হলো আল্লাহর আনুগত্যের স্বাদ।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 বড়দের ভোর

📄 বড়দের ভোর


রবি' বিন খাইসাম রহ.কে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, আপনি ভোর করলেন কীভাবে? তিনি বললেন, দুর্বল ও পাপী অবস্থায়; রিজিক খাচ্ছি আর মৃত্যুক্ষণ গুণছি।

মালেক বিন দিনার রহ.কে জিজ্ঞাসা করা হলো, আপনার ভোর হলো কীভাবে? তিনি বললেন, তার ভোর আর কেমন হবে, সে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার অপেক্ষায় আছে; অথচ জানা নেই, সে জান্নাতে যাবে না জাহান্নামে।

হযরত ঈসা আলাইহিস্ সালামের ব্যাপারে বর্ণিত, তাঁকে প্রশ্ন করা হয়েছিল, হে রুহুল্লাহ! আপনার ভোর কী অবস্থায় হলো? তিনি বললেন, এই অবস্থায় যে, আমি যা চাই, তার মালিক আমি নই; যেটার ভয় করি, তা প্রতিহত করার শক্তি আমার নেই। নিজের আমলের সাথে আবদ্ধ হয়ে আছি। ভালো মন্দ সবই আরেকজনের হাতে। আমার থেকে অধিক মুখাপেক্ষী আর কেউ নেই।

আমের বিন কায়স রহ.কে একব্যক্তি জিজ্ঞাসা করল, তোমার ভোর হলো কীভাবে? তিনি বললেন, গুনাহর বোঝা মাথায় নিয়ে ভোর করেছি; আর আল্লাহ তা'আলা আমাকে তার নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। জানা নেই, আমার ইবাদত আমার গুনাহের কাফ্ফারা হবে নাকি আল্লাহর নিয়ামতের শোকর হিসেবে গণ্য হবে?

কথিত আছে, মুহাম্মদ বিন সিরিন রহ. এক ব্যক্তিকে তার অবস্থা জিজ্ঞাসা করলেন। সে বলল, সে ব্যক্তির অবস্থা কেমন হবে, যার ওপর পাঁচশ' দিরহাম ঋণ রয়েছে; আবার পরিবারে লোকজনও আছে। একথা শুনে তিনি ঘরে গিয়ে এক হাজার দিরহাম এনে তাকে দিয়ে বললেন, পাঁচশ' দিরহামের ঋণ শোধ কর; আর বাকি পাঁচশ' দিরহাম পরিবারের লোকজনের জন্য ব্যয় কর। এরপর তিনি আর কাউকে তার অবস্থা জিজ্ঞাসা করতেন না- সে না আবার তার এমন অবস্থা বর্ণনা করে, যার সংশোধন তার জিম্মায় এসে পড়ে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 চারটি জিনিসের শোকর

📄 চারটি জিনিসের শোকর


হযরত ইবরাহীম বিন আদহাম রহ. বলেন, প্রত্যেক প্রভাতকারীর ওপর চারটি জিনিসের শোকর আদায় করা ওয়াজিব। প্রথম শোকর হিসেবে বলবে-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَوَّرَ قَلْبِي بِنُورِ الْهُدَى، وَجَعَلَنِي مِنَ الْمُؤْمِنِينَ، وَلَمْ يَجْعَلْنِي ضَالًّا.
'সকল প্রশংসা সে সত্তার, যিনি আমার অন্তরকে হেদায়াতের আলো দ্বারা আলোকিত করেছেন, আমাকে ঈমানদারদের মধ্যে রেখেছেন এবং আমাকে পথভ্রষ্ট করেননি।'
দ্বিতীয় শোকর এভাবে করবে-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَنِي مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
'সকল প্রশংসা সে সত্তার, যিনি আমাকে মুহাম্মদ ﷺ-এর উম্মত বানিয়েছেন।'
তৃতীয় শোকর এভাবে করবে-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَجْعَلْ رِزْقِي بِيَدِ غَيْرِهِ
'সকল প্রশংসা সে সত্তার, যিনি আমার রিজিক অন্য কারো হাতে রাখেননি।'
চতুর্থ শুকরিয়া এভাবে করবে-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَتَرَ عَلَيَّ عُيُوبِي
'সকল প্রশংসা সে সত্তার, যিনি আমার দোষত্রুটি গোপন রেখেছেন।'

ফন্ট সাইজ
15px
17px