📄 আওয়াবীন ও ইশরাকের নামায
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ : مَنْ صَلَّى بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ عِشْرِينَ رَكْعَةً، حَفِظَ اللَّهُ لَهُ أَهْلَهُ وَمَالَهُ، وَدِينَهُ، وَدُنْيَاهُ، وَآخِرَتَهُ، وَمَنْ صَلَّى الْغَدَاةَ فَقَعَدَ فِي مُصَلَّاهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ جَعَلَ اللَّهُ لَهُ حِجَابًا مِنَ النَّارِ يَوْমَ الْقِيَامَةِ.
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, যে ব্যক্তি মাগরিব ও ইশার নামাযের মাঝে বিশ রাকাআত নামায আদায় করবে, আল্লাহ তা'আলা তার পরিবার পরিজন, ধন-সম্পদ, দীন-দুনিয়া ও পরকালকে হেফাজত করবেন। আর যে ব্যক্তি ফজরের নামাযের পর সূর্য ওঠা পর্যন্ত নামাযের সে স্থানে বসে থাকবে, তারপর দু'রাকাত নফল নামায আদায় করবে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার ও জাহান্নামের মাঝে একটি আড়াল তৈরি করে দিবেন।
টিকাঃ
৪৭২. সুনানে ইবনে মাজাহ: হাদীস-১৩৭৩; সুনানে তিরমিযী: হাদীস-৪৩৫; হাদীসটি জাল বলেই প্রতীয়মান হয় [মীযানুল এতেদাল: খণ্ড-১, পৃষ্ঠা-১৭৭; আত-তানযীহ: খণ্ড-২, পৃষ্ঠা-১২২; জয়ীফাহ: ৪৬৭]।
📄 চাশতের নামায
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ: قُلْتُ لِأَبِي ذَرِّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، أَوْصِنِي يَا عَمُّ: قَالَ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ كَمَا سَأَلْتَنِي فَقَالَ: مَنْ صَلَّى الضُّحَى رَكْعَتَيْنِ لَمْ يُكْتَبْ بَيْنَ الْغَافِلِينَ، وَمَنْ صَلَّاهَا أَرْبَعًا كُتِبَ مِنَ الْعَابِدِينَ، وَمَنْ صَلَّاهَا سِتًّا، لَمْ يَتْبَعْهُ يَوْمَئِذٍ ذَنْبٌ، وَمَنْ صَلَّاهَا ثَمَانِيًا كُتِبَ مِنَ الْقَانِتِينَ، وَمَنْ صَلَّاهَا اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً، بُنِي لَهُ بَيْتُ فِي الْجَنَّةِ.
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু যর রাযি. কে বললাম, হে চাচা! আমাকে কিছু নসীহত করুন। তিনি বললেন, তোমার মতোই আমি রাসূল ﷺ কে বলেছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, যে ব্যক্তি চাশতের দুই রাকাআত নামায আদায় করবে, তার নাম গাফেলদের তালিকায় লিপিবদ্ধ করা হবে না। আর যে চার রাকাআত আদায় করবে তার নাম আবেদদের মাঝে লিপিবদ্ধ করা হবে। আর যে ছয় রাকাআত আদায় করবে, তার ওই দিনের কোনো গুনাহ বাকী থাকবে না। আর যে আট রাকাআত আদায় করবে, তার নাম বিনয়ীদের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আর যে বারো রাকাআত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করা হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ : إِنَّ لِلْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ بَابُ الضُّحَى، فَإِذَا كَانَ يَوْমُ الْقِيَامَةِ، نَادَى مُنَادٍ أَيْنَ الَّذِينَ كَانُوا يُدِيمُونَ عَلَى صَلَاةِ الضُّحَى، هُذَا بَابُكُمْ فَادْخُلُوهُ.
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, জান্নাতের একটি দরজা রয়েছে, তার নাম হলো, বাবুদ-দুহা। কিয়ামতের দিন জনৈক ঘোষণাকারী ঘোষণা করবে, ঐসব লোকেরা কোথায় যারা সর্বদা চাশতের নামায আদায় করত। এটা তোমাদের দরজা তোমরা তা দিয়ে জান্নাতে প্রবেশ কর।
টিকাঃ
৪৭৩. হাদীসটি ত্ববারানী বর্ণনা করেছেন [মাজমাউয যাওয়ায়েদ: খণ্ড-২, পৃষ্ঠা-২৪০] হাদীসটি হাসান পর্যায়ের [ফাতহুল বারী লি-ইবনে হাজার: খণ্ড-৩, পৃষ্ঠা-৬৫; তারগীব মুনযিরী: খণ্ড-১, পৃষ্ঠা-৩২০]।
৪৭৪. হাদীসটি জাল বলে প্রতীয়মান হয় [তালখীসুল ইলাল লি-যাহাবী: পৃষ্ঠা-১৬১]।
📄 আল্লাহর দরজায় করাঘাত
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ ، أَنَّهُ قَالَ : إِذَا كَانَ الرَّجُلُ فِي صَلَاتِهِ، فَإِنَّمَا يَقْرَعُ بَابَ الْمَلِكِ، وَمَنْ يُدِمْ عَلَى قَرْعِ بَابِ الْمَلِكِ يُوشِكُ أَنْ يُفْتَحَ لَهُ، وَيُقَالُ: فَضْلُ صَلَاةِ اللَّيْلِ عَلَى صَلَاةِ النَّهَارِ، كَفَضْلِ صَدَقَةِ السِّرِّ عَلَى صَدَقَةِ الْعَلَانِيَةِ.
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষ যখন নামাযে মগ্ন থাকে, তখন সে মহান রাব্বুল আলামীনের দরজায় করাঘাত করে। আর যে অব্যাহতভাবে মহান রাব্বুল আলামীনের দরজায় করাঘাত করতে থাকে, আশা করা যায়, তার জন্য দরজা খোলা হবে।
বর্ণিত আছে, দিনের নামাযের চেয়ে রাতের নামাযের শ্রেষ্ঠত্ব তেমন, প্রকাশ্য সদকা করার চেয়ে গোপন সদকা করার শ্রেষ্ঠত্ব যেমন।
📄 জমিনের গৌরব
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ، أَنَّهُ قَالَ: مَا مِنْ بُقْعَةٍ يُصَلِّي فِيهَا صَلَاةٌ أَوْ ذُكِرَ اللهُ عَلَيْهَا إِلَّا اسْتَبْشَرَتْ بِذَلِكَ إِلَى مُنْتَهَاهَا، إِلَى سَبْعِ أَرَضِينَ، وَفَخَرَتْ عَلَى مَا حَوْلَهَا مِنَ الْبِقَاعِ، وَمَا مِنْ عَبْدٍ يَقُومُ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ، يُرِيدُ الصَّلَاةَ إِلَّا تَزَخْرَفَتْ لَهُ الْأَرْضُ.
হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। নবী বলেন, যে স্থানে নামায আদায় করা হয় অথবা যিকির করা হয়, সে স্থান তার নিম্নবর্তী সপ্তম স্তরসহ খুশি থাকে এবং পার্শ্ববর্তী স্থানসমূহের উপর সে গর্ব করতে থাকে। আর যখন কোনো বান্দা কোনো খালি স্থানে নামাযে দাঁড়ানোর ইচ্ছা করে, তখন জমিন তার জন্য সুসজ্জিত হয়ে যায়।
টিকাঃ
৪৭৫. মুসনাদে আবী ইয়ালা: হাদীস-৪১১০; হাদীসটি জয়ীফ [মাজমাউয যাওয়ায়েদ: ১০/৭৯]।