📄 বাদশাহদের দরজা থেকে বেঁচে থাকো
কথিত আছে, ঈসা বিন মূসা কাজী রহ. ইবনে শুবরুমা রহ.কে বললেন, কী ব্যাপার, তুমি আমার নিকট আসছ না যে? তিনি বললেন, তোমার নিকট এসে আমি কী করব? তুমি যদি আমাকে তোমার নৈকট্য দান কর, তাহলে তা আমার জন্য ফিতনা হবে। আর যদি দূরে সরিয়ে দাও, আমাকে কষ্ট দেওয়া হবে। আমার নিকট এমন কিছু নেই, যার ফলে তোমাকে ভয় করব। আর তোমার নিকটও আমার আশা করার মত কিছু নেই।
হযরত ইবনে আব্বাস রাযি. বলেন—
اجْتَنِبُوا أَبْوَابَ الْمُلُوكِ، فَإِنَّكُمْ لَا تُصِيبُونَ مِنْ دُنْيَاهُمْ شَيْئًا إِلَّا أَصَابُوا مِنْ آخِرَتِكُمْ، مَا هُوَ أَفْضَلُ مِنْهُ.
বাদশাহদের দরজা থেকে বেঁচে থাকো। কারণ, তোমরা তাদের থেকে দুনিয়া যা-ই লাভ করবে, তারা তোমাদের আখেরাতের তার চেয়ে ভালোটা নষ্ট করে দেবে।
আগেকার লোকদের কেউ বলেছেন, বাদশাহর নিকট তোমার গমন তিনটি বিষয়ের দিকে আহ্বান করে। যথা—
১. তাদের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া;
২. তাদের দুনিয়াকে সম্মান দেখানো
৩. এবং তাদের পাপকর্মকে ভালো বলা। এসব যদি কর, তাহলে ধ্বংস হয়ে যাবে।