📄 দরবারী আলেম আর বাজারী ক্বারী
عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ رَحِمَهُ اللهُ، أَنَّهُ مَرَّ عَلَى بَابِ ابْنِ هُبَيْرَةَ، فَرَأَى قَوْمًا مِنَ الْقُرَّاءِ قَالَ : مَا ظَنُّكُمْ يَا هَؤُلَاءِ الْقُرَّاءِ، لَيْসَ هَذَا مِنْ مَجَالِسِ الْأَنْقِيَاءِ।
হযরত হাসান বসরী রহ. থেকে বর্ণিত, তিনি ইবনে হুবাইরার দরবারের সামনে দিয়ে অতিক্রম করছিলেন। সেখানে ক্বারীদের একটি দল দেখতে পেলেন। তিনি বললেন, হে ক্বারী সাহেবরা, তোমাদের কী ধারণা? এটা মুত্তাকীদের মজলিস নয়। নবীজী ইরশাদ করেছেন—
إِيَّاكُمْ وَجِيرَانَ الْأَفْنِيَاءِ، وَعُلَمَاءَ الْأُمَرَاءِ وَقُرَّاءَ الْأَسْوَاقِ.
তোমরা সম্পদশালী, দরবারি আলেম এবং বাজারি ক্বারীদের প্রতিবেশী হয়ো না।
📄 হাকিমের সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টি
عَنِ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ، قَالَ : إِنِّي لَأَتَقَلَّبُ اللَّيْلَةَ كُلَّهَا عَلَى فِرَاشِي، أَلْتَمِسُ كَلِمَةً أُرْضِي بِهَا سُلْطَانِي، وَلَا أُسْخِطُ بِهَا خَالِقِي، فَلَا أَقْدِرُ عَلَيْهَا.
জাহ্হাক বিন মুযাহিম রহ. বলেন, আমি সারারাত বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে করতে ভাবতে থাকি, এমন কিছু যদি পাই, যার ফলে হাকিমও খুশি হবেন, আর আল্লাহও নারাজ হবেন না। কিন্তু আমি বিফল থেকে যাই।
📄 বাদশাহদের দরজা থেকে বেঁচে থাকো
কথিত আছে, ঈসা বিন মূসা কাজী রহ. ইবনে শুবরুমা রহ.কে বললেন, কী ব্যাপার, তুমি আমার নিকট আসছ না যে? তিনি বললেন, তোমার নিকট এসে আমি কী করব? তুমি যদি আমাকে তোমার নৈকট্য দান কর, তাহলে তা আমার জন্য ফিতনা হবে। আর যদি দূরে সরিয়ে দাও, আমাকে কষ্ট দেওয়া হবে। আমার নিকট এমন কিছু নেই, যার ফলে তোমাকে ভয় করব। আর তোমার নিকটও আমার আশা করার মত কিছু নেই।
হযরত ইবনে আব্বাস রাযি. বলেন—
اجْتَنِبُوا أَبْوَابَ الْمُلُوكِ، فَإِنَّكُمْ لَا تُصِيبُونَ مِنْ دُنْيَاهُمْ شَيْئًا إِلَّا أَصَابُوا مِنْ آخِرَتِكُمْ، مَا هُوَ أَفْضَلُ مِنْهُ.
বাদশাহদের দরজা থেকে বেঁচে থাকো। কারণ, তোমরা তাদের থেকে দুনিয়া যা-ই লাভ করবে, তারা তোমাদের আখেরাতের তার চেয়ে ভালোটা নষ্ট করে দেবে।
আগেকার লোকদের কেউ বলেছেন, বাদশাহর নিকট তোমার গমন তিনটি বিষয়ের দিকে আহ্বান করে। যথা—
১. তাদের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া;
২. তাদের দুনিয়াকে সম্মান দেখানো
৩. এবং তাদের পাপকর্মকে ভালো বলা। এসব যদি কর, তাহলে ধ্বংস হয়ে যাবে।