📄 পদব্রজে হজ
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّهُ قَالَ بَعْدَمَا كُفَّ بَصَرُهُ: مَا نَدِمْتُ عَلَى شَيْءٍ مِثْلَ مَا نَدِمْتُ عَلَى أَنْ لَا أَكُونَ حَجَجْتُ مَاشِيًا، لِأَنِّي سَمِعْتُ أَنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ : يَأْتُوكَ رجَالًا وَ عَلَى كُلِّ ضَامِرٍ (الحج : ২৭)
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। তিনি অন্ধ হওয়ার পর প্রায়ই এ কথা বলতেন যে, পদব্রজে হজ্ব না করতে পেরে আমার যতটা লজ্জা হয়, অন্য কিছুতে আমার এতটা লজ্জা হয় না। কারণ, আমি আল্লাহ তা'আলাকে বলতে শুনেছি- يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ অর্থ: তারা পদব্রজে এবং প্রত্যেক শীর্ণকায় বাহনজন্তুতে চড়ে তোমার কাছে আসবে।
ফকীহ আবুল লাইস সমরকন্দী রহ. বলেন, যদি রাস্তা নিকটবর্তী হয় তাহলে পদব্রজে হজ্ব করায় কোনো ক্ষতি নেই। বরং তা উত্তম। আর যদি রাস্তা দীর্ঘ হয়, তাহলে বাহনে চড়ে হজ্ব করা উত্তম। কারণ, দীর্ঘ পথ হেঁটে অতিক্রম করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এতে ক্লান্তি আসবে এবং হজের উদ্যমে ঘাঁতি দেখা দিবে। তবে পথ দীর্ঘ হওয়া সত্ত্বেও যদি ক্লান্তি ও মানসিক শ্রান্তির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে পদব্রজে হজ্ব করা উত্তম।
টিকাঃ
৩৬৭. সূরা হজ: আয়াত-২৭
📄 ফেরেশতাদের সাক্ষাৎ
عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ: إِنَّ الْمَلَائِكَةَ يَتَلَقَّوْنَ الْحَاجَّ فَيُسَلِّمُونَ عَلَى أَصْحَابِ الْجِمَالِ وَيُصَافِحُونَ।
হযরত হাসান বসরী রহ. বলেন, ফেরেশতারা হাজীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যারা উটে চড়ে আগমন করে, তাদেরকে সালাম প্রদান করেন। আর যারা গাধা ও খচ্চরে চড়ে আগমন করে, তাদের সাথে মুসাফাহা করেন এবং যারা পদব্রজে আগমন করে, তাদের সাথে কোলাকুলি করেন।
📄 আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ
عَنِ الضَّحَاكِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: أَيُّمَا مُسْلِمٍ خَرَجَ مِنْ بَيْتِهِ قَاصِدًا فِي سَبِيلِ اللَّهِ، فَوَقَصَتْهُ دَابَّتُهُ قَبْلَ الْقِتَالِ، أَوْ لَدَغَتْهُ هَامَّةٌ، أَوْ مَاتَ بِأَيِّ حَتْفٍ، مَاتَ وَهُوَ شَهِيدٌ، وَأَيُّمَا مُسْلِمٍ خَرَجَ مِنْ بَيْتِهِ حَاجًا إِلَى بَيْتِ اللهِ الْحَرَامِ، ثُمَّ نَزَلَ بِهِ الْمَوْتُ قَبْلَ بُلُوغِهِ، أَوْجَبَ اللهُ لَهُ الْجَنَّةَ.
যাহ্হাক রহ. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, যে মুসলমান আল্লাহর রাস্তায় জিহাদের ইচ্ছায় ঘর থেকে বের হয়, কিন্তু লড়াইয়ের পূর্বেই বাহনজন্তুর আঘাতে মৃত্যুবরণ করে অথবা কোনো বিষাক্ত প্রাণীর দংশনের কারণে মৃত্যুবরণ করে কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ করে, সে শহীদ অবস্থায় মারা যায়। আর যে মুসলমান হজের ইচ্ছায় ঘর থেকে বের হয়, কিন্তু বাইতুল্লাহ পৌঁছার পূর্বেই মৃত্যুবরণ করে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাত অবধারিত করে দেন।
টিকাঃ
৩৬৮. সুনানে আবী দাউদ: হাদীস-২৪৯৯।
📄 হাজীর দোয়া
এক হাদীসে নবী করীম বলেন- اللَّهُمَّ اغْفِرْ لِلْحَاجِّ وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُ الْحَاجُّ. হে আল্লাহ! আপনি হাজীদের ক্ষমা করুন এবং হাজী যার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তাকেও ক্ষমা করুন।
টিকাঃ
৩৬৯. শুআবুল ঈমান : হাদীস-৪১১২; মুস্তাদরাকে হাকেম: ১/৪৪১।