📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নেককাজের ব্যাপারে ভয়

📄 নেককাজের ব্যাপারে ভয়


ফকীহ সমরকন্দী রহ বলেন, নেক্কারের মনে চারটি বিষয়ের ভয় থাকা উচিত।
১. খাউফুল ক্ববুল অর্থাৎ, তার আমল কবুল না হওয়ার ভয়। কারণ, পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ
অর্থ : আল্লাহ শুধু মুত্তাকীদের আমল কবুল করে থাকেন।
২. খাউফুর রিয়া অর্থাৎ, লৌকিকতার (লোক দেখানোর) ভয়। কারণ, আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন-
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
অর্থ: একনিষ্ঠ হয়ে সকল নবীকে আল্লাহর ইবাদতের আদেশ দেওয়া হয়েছে।
৩. খাউফুত তাসলীম ওয়াল হিফজ অর্থাৎ, আমল হেফাজতের ভয়। কারণ, আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন-
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
অর্থ: যে ব্যক্তি একটি নেক আমল নিয়ে আসবে সে তার দশগুন প্রতিদান দেওয়া হবে। এ আয়াতে একটি নেকি করলে তার দশগুন প্রতিদান পাওয়া যাবে এমন বলা হয়নি। বরং শর্তযুক্ত করে বলা হয়েছে, যে ব্যক্তি কিয়ামতের দিন একটি নেকি নিয়ে হাজির হতে পারবে সে একটি নেকির সওয়াব দশগুন পাবে। কিন্তু কিয়ামতের দিন নেকি নিয়ে হাজির হওয়া অনেক কঠিন। তাই যে আমল সংরক্ষণ করতে পারবে এবং কিয়ামতের দিন তা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে, তাকেই আমলের প্রতিদান দেওয়া হবে।
৪. খাউফুল খিজলান ফীত তওয়াআত অর্থাৎ, আল্লাহর তাওফীক না হওয়ার ভয়। কারণ, আল্লাহ যে তাকে অব্যাহতভাবে নেক আমল করার তাওফীক দিবেন তার কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِليْهِ أُنِيبُ
অর্থ: আমার তাওফীকের একমাত্র উৎস আল্লাহ্ আমি তার উপরই ভরসা করেছি এবং আমি তারই অভিমুখী।

টিকাঃ
১৪৪. সূরা মায়েদা: আয়াত-২৭
১৪৫. সূরা বাইয়িনা: আয়াত-৫
১৪৬. আনআম: আয়াত-১৬০
১৪৭. সূরা হুদ: আয়াত-৮৮

ফন্ট সাইজ
15px
17px