📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নামায চুরি

📄 নামায চুরি


عَنْ عُبَادةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ تَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ فَأَتَمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا وَالْقِرَاءَةَ فِيهَا قَالَتِ الصَّلَاةُ : حَفِظَكَ اللَّهُ كَمَا حَفِظْتَنِي، ثُمَّ يُصْعَدُ بِهَا إِلَى السَّمَاءِ وَلَهَا ضَوْءٌ وَنُورٌ فَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ حَتَّى يَنْتَهِيَ بِهَا اللَّهُ تَبَارَكَ وَ تَعَالَى فَتَشْفَعُ لِصَاحِبِهَا، فَإِذَا ضَيَّعَ رُكُوعَهَا وَسُجُودَهَا وَالْقِرَاءَةَ فِيهَا قَالَتِ الصَّلَاةُ : ضَيَّعَكَ اللهُ كَمَا ضَيَّعْتَنِي، ثُمَّ يُصْعَدُ بِهَا وَلَهَا ظُلْمَةٌ حَتَّى يُنْتَهَى بِهَا إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا، ثُمَّ تُلَفُّ كَمَا يُلَفُّ الثَّوْبُ الْخَلِقُ فَيُضْرَبُ بِهَا وَجْهُ صَاحِبِهَا.

হযরত উবাদা বিন সামেত রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তমরূপে উযূ করবে এবং নামাযে দাঁড়িয়ে পূর্ণাঙ্গরূপে রুকু সেজদা আদায় করবে, কুরআন পাঠ করবে, তার নামায বলবে, আল্লাহ তোমাকে রক্ষা করুন, যেভাবে আমাকে রক্ষা করেছো। অতঃপর নামাযকে আসমানে নিয়ে যাওয়া হবে, তখন তা থেকে নূর বিচ্ছুরিত হতে থাকবে। আসমানের দরজা খোলা হবে এবং তাকে আল্লাহ তা'আলার দরবারে পৌঁছে দেয়া হবে। নামায তার আদায়কারীর জন্য সুপারিশ করবে। পক্ষান্তরে রুকু সেজদা এবং কুরআন পাঠ যদি পুর্ণাঙ্গরূপে না করা হয়, তাহলে নামায বলতে থাকে, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, যেভাবে তুমি আমাকে ধ্বংস করেছ। অতঃপর তাকে আসমানে তুলে নেয়া হবে, তাকে ঘিরে থাকবে অন্ধকার। তার সামনে আসমানের দরজা বন্ধ করে দেয়া হবে। অতঃপর ময়লা কাপড়ের মতো দলা পাকিয়ে তা নামায আদায়কারীর মুখে ছুড়ে মারা হবে।

عَنِ الْحَسَنِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : أَلَا أُخْبِرُكُمْ بِأَسْوَلُ النَّাসِ سَرِقَةً. قَالُوا : مَنْ هُৱ يَا رَسُولَ اللَّهِ? قَالَ : الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ قَالُوا : وَكَيْفَ يَسْرِقُ مِنْ صَلَاتِهِ? قَالَ : لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا.

হযরত হাসান রহ. থেকে বর্ণিত রাসূল ﷺ ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে মন্দ চোরের কথা বলব না? সকলে বললেন, হে আল্লাহর রাসূল! সে কে? রাসূল ﷺ বলেন, যে তার নামায চুরি করে। লোকেরা প্রশ্ন করল নামায আবার কীভাবে চুরি করে? তিনি বললেন, রুকু সেজদা পূর্ণাঙ্গরূপে আদায় করে না।

وَعَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ: الصَّلَاةُ مِكْيَالٌ فَمَنْ وَلَى مِكْيَالَهُ وُفِّيَ لَهُ وَمَنْ طَفَّفَ فَقَدْ عَلِمْتُمْ مَا قَالَ اللَّهُ تَعَالَى فِي الْمُطَفِّفِينَ

হযরত সালমান ফারসী রাযি. বলেন, নামায হলো, পরিমাপক। যে এতে পূর্ণাঙ্গ দেবে, তাকেও পূর্ণাঙ্গ দেওয়া হবে। আর যে এতে কম দেবে, তাকেও কম দেওয়া হবে। আর তোমরাই ভালো জানো কম প্রদানকারীদের ব্যাপারে আল্লাহ কুরআনে কী বলেছেন।

টিকাঃ
৫৯৩. মুসনাদে আবী দাউদ ত্বয়ালিসী: হাদীস-৫৮৬; শুআবুল ঈমান: হাদীস-৩১৪০; মুসনাদে বায্যার : ২৬৯১। আল্লামা বুসিরী ও আলবানীর মতে, হাদীসটির সনদ জয়ীফ।
৫৯৪. মুসনাদে আহমাদ হাদীস-২২৬৪২; সহীহ ইবনে খুযাইমা: হাদীস-৬৬৩। আল্লামা হাইসামী ও শুয়াইব আরনাউত প্রমুখের মতে, হাদীসটিকে সহীহ [মাজমা-২/১২৩]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হাশরের ময়দানে তিন শ্রেণীর মর্যাদা

📄 হাশরের ময়দানে তিন শ্রেণীর মর্যাদা


হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে। সকল সৃষ্টি তথা জিন, ইনসান ও সকল প্রাণীকে একই ময়দানে হাজির করা হবে। তারা কাতারবদ্ধ হয়ে হাঁটুতে ভর দিয়ে দাঁড়াবে। একজন ঘোষক ঘোষণা করবে-
১. আজ তোমরা জানতে পারবে কারা সম্মানিত। যারা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসার করেছে তারা দাঁড়িয়ে যাও। অতঃপর তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে।
২. অতঃপর দ্বিতীয়বার ঘোষণা করা হবে, আজ জানতে পারবে, কারা মর্যাদার অধিকারী। যাদের পার্শ্বাদেশ বিছানা থেকে আলাদা হতো তারাও দাঁড়িয়ে যাও।
৩. ভয় ও আশা নিয়ে যারা তাদের রবকে ডাকতো এবং আল্লাহ তাদেরকে যে রিযিক দান করেছেন, তা থেকে খরচ করত তারাও দাঁড়িয়ে যাও। তারা দাঁড়াবে। তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে।

এরপর তৃতীয়বার ঘোষণা করা হবে, আজ জানতে পারবে, কারা মর্যাদাবান। যাদেরকে ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয় আল্লাহর যিকির সালাত কায়েম ও যাকাত আদায় থেকে বিরত রাখত না তারা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়াবে। তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হাশরের ময়দানে তিন শ্রেণীর লাঞ্ছনা

📄 হাশরের ময়দানে তিন শ্রেণীর লাঞ্ছনা


উক্ত তিন শ্রেণী যখন নিজেদের আবাস গ্রহণ করবে। তখন জাহান্নাম তার গর্দান বের করে দিবে। তার দেখার জন্য থাকবে দু'টি চোখ, বলার জন্য থাকবে জবান। সে বলবে, তিন শ্রেণীর জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে।
১. প্রতাপশালী দাম্ভিকের জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে। যেভাবে পাখি তিলের দানা ছোঁ মেরে নিয়ে যায়, সেভাবে কাতারগুলো থেকে সে এই শ্রেণীকে তুলে নিবে এবং জাহান্নামে ছুড়ে মারবে।
২. অতঃপর দ্বিতীয় শ্রেণীর উল্লেখ করে বলেন, যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দিয়েছে, তাদের জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে। এই বলে সে কাতারগুলো থেকে এই শ্রেণীকে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে এবং জাহান্নামে ছুঁড়ে মারবে।
৩. তৃতীয় শ্রেণীর উল্লেখ করে বলবে, চিত্রকরদের জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে। কাতারগুলো থেকে এ শ্রেণীকে তুলে নিয়ে যাবে এবং জাহান্নামে ছুড়ে মারবে।

যখন উভয় দল থেকে তিনটি করে শ্রেণীর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে, তখন আমলনামা উন্মুক্ত করা হবে, মাপদণ্ড স্থাপন করা হবে এবং হিসাবের জন্য সমস্ত মাখলুকাতকে ডাকা হবে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 নামায ত্যাগী ব্যক্তি শয়তানতুল্য

📄 নামায ত্যাগী ব্যক্তি শয়তানতুল্য


বলা হয় যে, প্রথম দিকে ইবলীসকে চর্মচোখে দেখা যেত। এক ব্যক্তি তাকে সামনে পেয়ে বলল, হে আবূ মুররা, কি করলে আমি তোমার মতো হতে পারব? সে বলল, তুমি ধ্বংস হও, তোমার মত কেউ আমার কাছে এমন আবেদন করেনি। তুমি যেন কি জিজ্ঞেস করলে? সে বলল, আমি তোমার মত হতে চাই, এটি আমার আকাঙ্ক্ষা। ইবলীস তাকে বলল, যদি আমার মতো হতে চাও, তবে নামাযে অবহেলা কর এবং সত্য-মিথ্যা ও প্রতিজ্ঞার ব্যাপারে পরওয়া কর না। তখন লোকটি বলল, কিন্তু আমি তো আল্লাহকে এ প্রতিশ্রুতি দিয়েছি যে, কখনো নামায ত্যাগ করব না এবং মিথ্যা শপথ করব না। ইবলীস বলল, তোমার মতো কেউ কৌশলে আমার কাছ থেকে কিছু শিখে নিতে পারেনি। আমিও আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি যে, কখনো কাউকে উপদেশ দেব না।

ফন্ট সাইজ
15px
17px