📄 দুনিয়া আগুনে ফেলা হবে
ফকীহ সমরকন্দী রহ. বলেন, জাহান্নামে দুনিয়ার কোনো আযাব হবে না। কারণ, তার কোনো গুনাহ নেই। কিন্তু তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাতে দুনিয়াদাররা তার লাঞ্ছনা ও বঞ্চনা স্বচক্ষে দেখতে পারে। মূর্তিপূজকদের সাথে মূর্তিগুলোকেও আগুনে ফেলা হবে।
إِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنْتُمْ لَهَا وَارِدُونَ
অর্থ: নিশ্চয় তোমরা এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা কর, সেগুলো হবে জাহান্নামের জ্বালানী। তোমরা সেখানে প্রবেশ করবে।
বলার অপেক্ষা রাখে না যে, মূর্তিগুলোর আযাব হবে না। তবে মূর্তিপূজকদের আক্ষেপ ও অনুতাপ বৃদ্ধির জন্যই এমন করা হবে। তদ্রূপ দুনিয়াকেও দুনিয়াদারদের আক্ষেপ ও অনুতাপ বৃদ্ধির জন্য আগুনে ফেলা হবে। সুতরাং মুমিনের কর্তব্য হলো, আখেরাতের জন্য আমল করা এবং প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া নিয়ে ব্যস্ত না হওয়া ও তাতে মনোযোগ না দেওয়া।
টিকাঃ
৫২২. সূরা আম্বিয়া: আয়াত-৯৮
📄 হযরত ঈসা আ.-এর উক্তি
বর্ণিত আছে, হযরত ঈসা বিন মারইয়াম আ. বলেন, কী আশ্চর্য! দুনিয়ার জন্য তোমরা কষ্ট করছ অথচ সেখানে কষ্ট ছাড়াই তোমাদেরকে রিযিক দেওয়া হবে। পক্ষান্তরে আখেরাত নিয়ে মেহনত করছ না, অথচ সেখানে মেহনত ব্যতীত কিছুই উপকারে আসবে না।
📄 দুনিয়ার ভালোবাসার ক্ষতিসমূহ
رَوَى أَبُو عُبَيْدَةُ الْأَسَدِيُّ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : مَنْ أُشْرِبَ قَلْبُهُ حُبَّ الدُّنْيَا الْتَاطَ قَلْبُهُ مِنْهَا بِثَلَاثٍ: شُغْلٍ لَا يَنْفَكُ عَنَاؤُهُ، وَأَمَلٍ لَا يَبْلُغُ مُنْتَهَاهُ، وَحِرْصٍ لَا يُدْرَكُ عَنَاهُ. وَالدُّنْيَا طَالِبَةٌ وَمَطْلُوبَةٌ. فَمَنْ طَلَبَ الْآخِرَةَ طَلَبَتْهُ الدُّنْيَا حَتَّى يَسْتَوْفِي مِنْهَا رِزْقَهُ، وَمَنْ طَلَبَ الدُّنْيَا طَلَبَتْهُ الْآخِرَةُ حَتَّى يَأْتِيَهُ الْمَوْتُ فَيَأْخُذَهُ بَغْتَةً.
হযরত আবূ উবাইদা আসাদী বর্ণনা করেন, রাসূল ﷺ ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়ার প্রেমের সুধা পান করেছে, সে তার অন্তরে তিনটি বিষয়কে অবিচ্ছেদ্য করে নিয়েছে। যথা-
১. এমন ব্যস্ততা, যা থেকে কখনো মুক্তি নেই।
২. এমন আকাঙ্ক্ষা, যার কোনো শেষ নেই।
৩. এমন লোভ, যার কোনো সীমা নেই।
দুনিয়া একই সাথে সন্ধানকারী ও সন্ধানকৃত। অনুরূপ আখেরাত সন্ধানকারী ও সন্ধানকৃত। যে ব্যক্তি আখেরাত সন্ধান করে, দুনিয়া তাকে সন্ধান করে, যতক্ষণ না তার রিযিক পূর্ণ বুঝিয়ে দেয়। আর যে ব্যক্তি দুনিয়া সন্ধান করে, আখেরাত তাকে সন্ধান করে, যতক্ষণ না তার মৃত্যু আসে।
টিকাঃ
৫২৩. ত্ববারানী: ১০/১৬২; আত-তারগীব ওয়াত-তারহীব : হাদীস-৪৯০৫। আল্লামা মুনযিরী ও হাইসামী প্রমুখের মতে, হাদীসটি সহীহ [মাজমা: ১০/৪৩৬]।
📄 দুনিয়ার দুই বস্তু
عَنْ أَبِي حَازِمٍ أَنَّهُ قَالَ : أَوْجَدَتِ الدُّنْيَا شَيْئَيْنِ : شَيْئًا مِنْهَا هُৱ لِي لَا يَفُوتُنِي، وَشَيْئًا مِنْهَا لِغَيْرِي فَلَا أُدْرِكُهُ مُنِعَ الَّذِي لِي مِنْ غَيْرِي، كَمَا مُنِعَ الَّذِي لِغَيْرِي مِنِّي، فَفِي أَيِّ هَذَيْنِ أُغْنِي عُمْرِي? وَوَجَدْتُ مَا أُعْطِيَتُ مِنَ الدُّنْيَا شَيْئَيْنِ : شَيْئًا مِنْهَا يَأْتِي أَجَلُهُ قَبْلَ أَجَلِي فَأَغْلِبُ عَلَيْهِ، وَشَيْئًا مِنْهَا يَأْتِي أَجَلِي قَبْلَ أَجَلِهِ فَأَمُوتُ وَأَتْرُكُهُ لِغَيْرِي. فَفِي أَيِّ هَذَيْنِ أَعْصِي رَبِّي?
হযরত আবূ হাযেম বলেন, আমি দুনিয়াতে দু'ধরনের জিনিস পেয়েছি। এক ধরনের জিনিস যা আমার, তা কোনোভাবেই আমার হাতছাড়া হবে না। আরেক জিনিস যা অন্যের, তা কখনো আমার হবার নয়। যা আমার, তা থেকে সবাইকে বিরত রাখা হবে। এমনি ভাবে যা অন্যের, তা থেকে আমাকে বিরত রাখা হবে। সুতরাং এ দুয়ের কোনটির পিছনে আমার জীবনকে নিঃশেষ করে বেড়াব?
দুনিয়ার যে ভোগ্যবস্তু আমাকে দেয়া হয়েছে, তা দু'ধরনের। এক, যা আমার মৃত্যুর পূর্বেই নিঃশেষ হয়ে যায়, ফলে আমি রয়ে যাবো। দুই, যা নিঃশেষ হওয়ার পূর্বেই আমার মৃত্যু এসে যাবে, ফলে অন্যের জন্য তা রেখে যাবো। সুতরাং এ দুইয়ের কোনটির জন্য আমি আমার রবের নাফরমানি করব?