📄 ব্যবসা ও ইবাদত উভয়টা একসাথে করা কষ্টসাধ্য
عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّهُ قَالَ : بُعِثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ وَأَنَا تَاجِرٌ فَأَرَدْتُ أَنْ تَجْتَمِعَ لِي التِّجَارَةُ مَعَ الْعِبَادَةِ فَلَمْ تَجْتَمِعَا، فَرَفَضْتُ التِّجَارَةَ وَأَقْبَلْتُ عَلَى الْعِبَادَةِ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا أُحِبُّ أَنَّ لِي حَانُوتًا عَلَى بَابِ الْمَسْجِدِ لَا تُخْطِئُنِي فِيهِ صَلَاةٌ فَأَرْبَحُ كُلَّ يَوْمٍ أَرْبَعِينَ دِينَارًا، فَأَتَصَدَّقُ بِهَا فِي سَبِيلِ اللهِ. قِيلَ يَا أَبَا الدَّرْدَاءِ : لِمَ تَكْرَهُ ذَلِكَ? قَالَ : لِسُوءِ الْحِسَابِ.
হযরত আবু দারদা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ-কে যখন রাসূল হিসেবে প্রেরণ করা হয়, তখন আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমার ইচ্ছা ছিল ব্যবসা ও ইবাদত একসাথে করবো। কিন্তু তা সম্ভব হয়নি। ফলে আমি ব্যবসা ত্যাগ করে সম্পূর্ণ ইবাদতে আত্মনিয়োগ করি। সে সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! এমন অবস্থাও আমার পক্ষে এখন বরদাশত করা সম্ভব নয় যে, মসজিদের দরজার নিকটে আমার একটি দোকান থাকবে, যা আমাকে এক ওয়াক্ত সালাতেও ব্যাঘাত ঘটাবে না, আমি সেখান থেকে দৈনিক চল্লিশ দীনার লাভ করব এবং আল্লাহর রাস্তায় ব্যয় করব। কেউ বলল, হে আবু দারদা! কেন এমন সুযোগকে আপনি অপছন্দ করেন? তিনি বললেন, হিসাবের ভয়ে।
📄 দারিদ্র্য ও ধনাঢ্যতা প্রসঙ্গে রাসূলের হাদীস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ أَنَّهُ قَالَ : اللَّهُمَّ مَنْ أَحَبَّنِي فَارْزُقْهُ الْعَفَافَ وَالْكَفَافَ، وَمَنْ أَبْغَضَنِي فَأَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ.
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেছেন, হে আল্লাহ! যে আমাকে ভালোবাসে, তাকে এমন সম্পদ দান করুন, যা তার জন্য যথেষ্ট এবং তাকে অন্যের কাছে হাত পাততে না হয়। আর যে আমাকে ঘৃণা করে, তাকে সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিন।
رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: الْفَقْرُ مَشَقَّةٌ فِي الدُّنْيَا، مَسَرَّةٌ فِي الْآخِرَةِ. وَالْغِنَى مَسَرَّةٌ فِي الدُّنْيَا، مَشَقَّةٌ فِي الْآخِرَةِ.
রাসূল ﷺ থেকে বর্ণিত। তিনি বলেন, দারিদ্র্য হলো, দুনিয়ার কষ্ট আর আখেরাতের আনন্দ। আর ধনাট্যতা হলো, দুনিয়ার আনন্দ আর আখেরাতের কষ্ট।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ أَنَّهُ قَالَ: إِنَّ لِكُلِّ أَحَدٍ حِرْفَةً، وَحِرْفَتِي اثْنَتَانِ: الْفَقْرُ وَالْجِهَادُ. فَمَنْ أَحَبَّهُمَا فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَبْغَضَهُمَا فَقَدْ أَبْغَضَنِي.
হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেন, প্রত্যেক ব্যক্তিরই একটি পেশা রয়েছে। আমার পেশা হলো, দু'টি। ১. জিহাদ ও ২. দারিদ্র্য। যে এ দুটিকে ভালোবেসেছে, সে যেন আমাকেই ভালোবাসে। আর যে এ দু'টিকে ঘৃণা করেছে, সে যেন আমাকেই ঘৃণা করে。
টিকাঃ
৫০২. আল-ফিরদাউস: ৩/১৯৯; হাদীসটিকে মুনযিরী ও হাইসামী রহ. হাসান বলেছেন। [আত-তারগীব : হাদীস-৪৭৪৩; মাজমাউয যাওয়ায়েদ ১০/২৪৫]
📄 দরিদ্রদের প্রতি ভালোবাসা ও তাদের সাহচর্য
ফকীহ সমরকন্দী রহ. বলেন, মুসলমানের উচিত দরিদ্রতা ও দরিদ্রদেরকে ভালোবাসা, যদিও সে ধনী হয়। কারণ, দরিদ্রদেরকে ভালোবাসা প্রকারান্তরে রাসূল ﷺ-কেই ভালোবাসা। আল্লাহ তা'আলা স্বয়ং তার রাসূলকে দরিদ্রদেরকে ভালোবাসতে এবং তাদের নৈকট্য অবলম্বনের নির্দেশ দিয়েছেন। কুরআনে এসেছে- وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا। অর্থ: তুমি নিজেকে ধৈর্যের সঙ্গে তাদের সাথে রাখবে, যারা সকাল সন্ধ্যা ডাকে তাদের রবকে, তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং পার্থিব জীবনের সৌন্দর্য লাভের জন্য তুমি তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে রেখ না। তুমি তার অনুগত্য কর না, যার কলবকে আমি আমার যিকির থেকে অমনোযোগী করে দিয়েছি এবং যে তার খেয়াল খুশির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গেছে।
এ আয়াত নাযিলের প্রেক্ষাপট হলো, একদা উয়াইন বিন হাসান রাসূল ﷺ-এর দরবারে উপস্থিত হয়। সে রাসূল ﷺ-এর সঙ্গে হযরত সালমান ফারসী, হযরত সুহাইব বিন সিনান রূমী, হযরত বেলাল হাবশী রাযি. ও অন্যান্য কয়েকজন দরিদ্র সাহাবী দেখতে পায়, যাদের দেহ ছিল ঘর্মাক্ত, পরনে ছিল পুরোনো কাপড়। উয়াইনা তখন বলল, আমাদের তো বিশেষ মর্যাদা রয়েছে। যখন আমরা আপনার নিকট আসি, তখন এদেরকে বের করে দিবেন। কারণ, এদের দেহের গন্ধ আমাদেরকে কষ্ট দেয়। অথবা আমাদের জন্য ভিন্ন ও বিশেষ মজলিসের ব্যবস্থা করবেন। তখন আল্লাহ তা'আলা উক্ত আয়াত নাযিল করলেন।
টিকাঃ
৫০৩. সূরা কাহফ: আয়াত-২৮
📄 কিয়ামতের দিন দরিদ্রদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে
رَوَى الْحَسَنُ رَحِمَهُ اللهُ تَعَالَى عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يُؤْتَى بِالْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ فَيَعْتَذِرُ اللَّهُ تَعَالَى إِلَيْهِ كَمَا يَعْتَذِرُ الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي الدُّنْيَا. فَيَقُولُ جَلَّ سُلْطَانُهُ وَعَظُمَ شَأْنُهُ : وَعِزَّتِي وَجَلَالِي، مَا زَوَيْتُ الدُّنْيَا عَنْكَ لِهَوَانِكَ عَلَيَّ، وَلَكِنْ لِمَا أَعْدَدْتُ لَكَ مِنَ الْكَرَامَةِ وَالْفَضِيلَةِ اخْرُجْ يَا عَبْدِي إِلَى هَذِهِ الصُّفُوفِ وَانْظُرْ مَنْ أَطْعَمَكَ فِيمَا كَانَ يُرِيدُ بِذلِكَ وَجْهِي. فَخُذْ بِيَدِهِ فَهُৱ لَكَ وَالنَّاسُ يَوْمَئِذٍ قَدْ أَلْجَمَهُمُ الْعَرَقُ. فَيَتَخَلَّلُ الصُّفُوفَ وَيَنْظُرُ مَنْ فَعَلَ ذَلِكَ بِهِ فَيَأْখُذُ بِيَدِهِ فَيُدْخِلُهُ الْجَنَّةَ .
হযরত হাসান বসরী রহ. রাসূল ﷺ থেকে বর্ণনা করেন। রাসূল ﷺ ইরশাদ করেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং আল্লাহ তা'আলা তার সাথে এমনভাবে কথোপকথন করবেন, যেভাবে দুনিয়াতে কোনো ব্যক্তি কারো কাছে ওজর পেশ করে। মহা-মহিয়ান আল্লাহ বলবেন, আমর ইজ্জত ও জালালতের কসম! তোমাকে অপমান করার জন্য দুনিয়াকে তোমার থেকে দূরে রাখিনি। বরং তোমার জন্য যে সম্মান ও ফযীলত প্রস্তুত করে রেখেছি, তার জন্য দূরে রেখেছি। তুমি এ কাতারগুলোর মধ্যে গিয়ে দেখ, কে তোমাকে অন্ন দান করেছে, কে তোমাকে বস্ত্র দান করেছে। তার হাত ধরে জান্নাতে নিয়ে যাও। সে দিন মানুষের অবস্থা এমন হবে যে, ঘাম তাদের নাক অবধি পৌঁছে যাবে। সে কাতারগুলোতে প্রবেশ করবে। দুনিয়াতে কে তার সঙ্গে এমন আচরণ করেছে, তাকে খুঁজে বের করবে এবং তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে।
رَوَى الْحَسَنُ رَحِمَهُ اللهُ تَعَالَى عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : أَكْথِرُوا مَعْرِفَةَ الْفُقَرَاءِ وَاتَّخِذُوا عِنْدَهُمُ الْأَيَادِي، فَإِنَّ لَهُمْ دَوْلَةً قَالُوا : يَا رَسُولَ اللَّهِ وَمَا دَوْلَتُهُمْ? قَالَ : إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ؛ قِيلَ لَهُمُ انْظُرُوا مَنْ أَطْعَمَكُمْ كِسْرَةً، أَوْ سَقَاكُمْ شَرْبَةً، أَوْ كَسَاكُمْ ثَوْبًا، فَخُذُوا بِيَدِهِ ثُمَّ امْضُوا بِهِ إِلَى الْجَنَّةِ.
হযরত হাসান রহ. বলেন, রাসূল ﷺ ইরশাদ করেছেন, তোমরা অধিকহারে দরিদ্রদেরকে দেখা-শোনা কর এবং তাদের নিকট সহযোগিতার হাত বাড়িয়ে দাও। কারণ, একদিন তাদেরও পালা আসবে। সাহাবীগণ বললেন, তাদের পালা কী? রাসূল ﷺ বলেন, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, দেখ! কে তেমাদেরকে পানাহার করিয়েছে। তাদের হাত ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাও।
টিকাঃ
৫০৪. তাবাকাতুশ শাফিইয়াহ, ইবনুস সুবকী:৬/৩৬৭; কাশফুল খাফা: ১/৩৭; আল-ফিরদাউস: হাদীস-২৬১; ফায়যুল কাদীর ১/১১৩। আল্লামা সাখাবীসহ অধিকাংশ হাদীসবেত্তাগণের মতে, এই মর্মের হাদীসগুলো বাতিল। তবে কেউ কেউ জয়ীফও বলেছেন।