📄 মদ সকল পাপের মূল
এক খুৎবায় হযরত উসমান ইবনে আফফান রাযি. বলেন-
“হে লোক সকল! তোমরা মদপান থেকে বেঁচে থাক। কারণ, তা যাবতীয় অনিষ্টের মূল। পূর্বের কোনো জাতির এক আবেদ ছিল। সে সর্বদা মসজিদে গিয়ে নামায পড়ত। একদা এক নষ্টা নারীর সাথে তার সাক্ষাত হলো। সে তার দাসীদের লাগিয়ে লোকটিকে তার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। মহিলার কাছে একটি শিশু বাচ্চা ছিল এবং এক পেয়ালা মদ ছিল। সে লোকটিকে বলল, তুমি হয় এক পেয়ালা মদ পান করবে অথবা আমার সাথে সহবাস করবে অথবা এই শিশুটিকে হত্যা করবে। এর যে কোনো একটি করা ছাড়া তুমি এই ঘর থেকে বের হতে পারবে না। অন্যথায় আমি চিৎকার করে বলব, এই লোকটি কু-মতলব নিয়ে আমার ঘরে ঢুকেছে। এরপর কে তোমাকে সত্যায়ন করবে? একথা শুনে আবেদ দুর্বল হয়ে পড়লো এবং বলল, আমি যিনা করতে পারব না, অন্যায় কোনো প্রাণও হত্যা করতে পারব না। তবে মদ পান করতে রাজী। এরপর সে এক পেয়ালা মদ পান করল। অতঃপর সে বলল, আরেকটু দাও। এভাবে মদ পান করতে করতে এক সময় সে মাতাল হয়ে সে নারীর সাথে সহবাসও করল এবং শিশুটিকেও হত্যা করল।
এরপর উসমান রাযি. বলেন, অতএব, তোমরা মদপান থেকে বেঁচে থাক। কারণ, মদপান হলো, সমস্ত পাপের মূল। আল্লাহর কসম! কারো অন্তরে মদ ও ঈমান একত্র হয় না। তবে যদি হয় তাহলে এর যে কোনোটি অপরটিকে তাড়িয়ে দিবে।”
অর্থাৎ, মদ্যপ যখন মাতাল থাকে তখন কী বলে, সে সম্পর্কে তার হুঁশ থাকে না। অনেক সময় তার মুখে কুফরীর কথাও চলে আসে। এভাবে তার মুখ কুফরী কালেমা উচ্চারণে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে মৃত্যুর সময় হতে পারে কুফরী কালেমা উচ্চারণে তার মুখ কুফরী কালাম উচ্চারণ করে বসতে পারে। ফলে সে কাফের হয়ে মারা যাবে এবং জাহান্নামবাসী হবে।
টিকাঃ
৩২৬. সহীহ ইবনে হিব্বান : খণ্ড-১২, পৃষ্ঠা-১৬৯; সুনানে বাইহাকী : খণ্ড-৩, পৃষ্ঠা-২২৮; সুনানে দারাকুতনী: ৪/২৪৭। হাফেজ ইবনে কাসির, শায়েখ শুয়াইব আরনাউত আলবানী প্রমুখ হাদীসটিকে মাওকুফ হিসেবে সহীহ বলেছেন। তবে মারফু হিসেবে হাদীসটি জয়ীফ।
📄 চার ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না
হযরত যাহ্হাক রহ. বলেন-
مَنْ مَاتَ وَهُوَ مُدْمِنُ خَمْرٍ بُعِثَ يَوْمَ الْقِيَامَةِ وَهُوَ سَكْرَانُ
যে ব্যক্তি মদপানে অভ্যস্ত হয়ে মারা যাবে কিয়ামতের দিন তাকে মাতাল অবস্থায় পুনরুত্থিত করা হবে।
عَنْ قَتَادَةَ قَالَ: ذُكِرَ لَنَا أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أَرْبَعَةٌ لَا يَجِدُونَ رِيحَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ خَمْسِ مِائَةِ عَامٍ الْبَخِيلُ وَالْمَنَّانُ وَمُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُ لِوَالِدَيْهِ .
হযরত কাতাদা রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা শুনেছি, রাসূল ﷺ ইরশাদ করেন, জান্নাতের সুঘ্রাণ পাঁচশত বছরের পথের দূরত্ব থেকে পাওয়া গেলেও চার ব্যক্তি তার সুঘ্রাণ পাবে না। যথা- ১. কৃপণ। ২. অনুগ্রহ করে খোঁটাদানকারী। ৩. মদপানে আসক্ত ব্যক্তি। ৪. এবং পিতা-মাতার অবাধ্য সন্তান।
টিকাঃ
৩২৭. মুসতাদরাকে হাকেম ৪/১৪৬; মুসনাদে আহমাদ: ৪/৩৯৯; শায়েখ শুয়াইব আরনাউত বলেন, হাদীসটির বিভিন্ন শাওয়াহেদ বিদ্যমান থাকায় হাসান বলে গণ্য হয়।
📄 মদপানের সাথে সংশ্লিষ্ট দশ ব্যক্তির উপর আল্লাহর লানত
قَالَ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ: لُعِنَ فِي الْخَمْرِ عَشَرَةُ الْعاصِرُ لَهَا وَالْمَعْصُورَةُ لَهُ، وَشَارِبُهَا وَسَاقِيهَا وَحَامِلُهَا وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَتَاجِرُهَا وَمُتْجِرُهَا، وَبَائِعُهَا وَمُشْتَرِيهَا، وَشَاتِلُهَا يَعْنِي غَارِسُهَا.
হযরত ইবনে মাসউদ রাযি. বলেন, মদের সাথে জড়িত দশ ব্যক্তি উপর আল্লাহর লানত বর্ষিত হয়।
১. প্রস্তুতকারী।
২. ভোক্তা বা যার জন্য প্রস্তুত করা হয়।
৩. মদ্যপ।
৪. সাকী বা মদ পরিবেশনকারী।
৫. মদ বহনকারী।
৬. যার নিকট বহন করে নিয়ে যাওয়া হয় সে ব্যক্তি।
৭. মদ ব্যবসায়ী।
৮. মদপান ব্যবসায় বিনিয়োগকারী।
৯. ক্রয় বিক্রয়কারী।
১০. যা থেকে মদ তৈরি করা হয়, তার গাছ রোপণকারী।
📄 মদ্যপ ব্যক্তির পুনরুত্থান
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ أَنَّهُ قَالَ : يَخْرُجُ يَوْمَ الْقِيَامَةِ شَارِبُ الْخَمْرِ مِنْ قَبْرِهِ أَنْتَنَ مِنَ الْجِيفَةِ، وَالْكُوزُ مُعَلَّقٌ فِي عُنُقِهِ وَالْقَدَحُ بِيَدِهِ وَيَمْلَأُ مَا بَيْنَ جِلْدِهِ وَلَحْمِهِ حَيَّاتٌ وَعَقَارِبُ، وَيَلْبَسُ نَعْلًا مِنْ نَارٍ، فَيَغْلِي دِمَاغُ رَأْسِهِ وَيَجِدُ قَبْرَهُ حُفْرَةً مِنْ حُفَرِ النَّارِ، وَيَكُونُ فِي النَّارِ قَرِينَ فِرْعَوْنَ وَهَامَانَ.
নবী কারীম ﷺ থেকে বর্ণিত- তিনি বলেন, কিয়ামতের দিন মদ্যপ যখন কবর থেকে উঠবে তখন তার শরীর থেকে পচা লাশের চেয়ে খারাপ দুর্গন্ধ আসতে থাকে। তার গলায় মদের মশক ঝুলানো থাকবে। তার হাতে মদের পেয়ালা থাকবে। তার চামড়ার নিচে সাপ, বিচ্ছু থাকবে। দুই পায়ে আগুনের জুতা পরা থাকবে। ফলে মাথার মগজ টগবগ করতে থাকে। সেই সাথে জাহান্নামে সে ফিরআউন হামানের সঙ্গী হবে।