📄 সবচেয়ে বড় দেউলিয়া
عَنِ الْفُضَيْلِ، قَالَ: قَالَ إِبْلِيسُ: إِذَا تَمَكَّنْتُ مِنِ ابْنِ آدَمَ بِثَلَاثٍ لَمْ أُبَالِ مَا عَمِلَ فَإِنِّي غَيْرُ تَارِكِهِ: إِذَا نَسِيَ ذَنْبَهُ، وَاسْتَكْثَرَ عَمَلَهُ، وَأُعْجِبَ بِرَأْيِهِ.
হযরত ফুযাইল রহ. বলেন, ইবলীস বলে, আমি যদি কোনো মানুষের উপর তিনটি বিষয়ে প্রভাব বিস্তার করতে পারি, তবে সে যা-ই করুক আমি তার পরোয়া করি না। কারণ, আমি তাকে ছাড়ব না। বিষয় তিনটি হলো-
১. সে তার গুনাহ ভুলে যায়।
২. সে তার আমলকে অনেক বেশি মনে করে।
৩. সে নিজের মতামতের প্রতি মুগ্ধ থাকে।
**আসমানী কিতাবে আল্লাহর বাণী**
কোনো এক আসামানী কিতাবে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন-
عَبْدِي إِنِّي مَلِكٌ لَا أَزُولُ، فَأَطِعْنِي فِيمَا أَمَرْتُكَ بِهِ ، وَانْتَهِ عَمَّا نَهَيْتُكَ عَنْهُ حَتَّى أَجْعَلَكَ حَيًّا لَا تَمُوتُ، عَبْدِي أَنَا الَّذِي إِذَا أَقُولُ لِلشَّيْءِ كُنْ فَيَكُونُ.
বান্দা! মনে রেখ আমি চির অধিষ্ঠিত সম্রাট, আমি যা আদেশ করি তা পালন কর। যা বারণ করি তা থেকে বিরত থাক। তাহলে আমি তোমাকে চিরঞ্জীব বানিয়ে দিব। আমি যখন কোনো জিনিসকে বলি হও, সাথে সাথে তা হয়ে যায়।
**নিজেকে কষ্ট না দেওয়া**
হযরত আবূ মুহাম্মাদ ইবনে ইয়াজিদ রহ. বলেন, তোমরা প্রিয়জনকে কষ্ট দিয়ো না। উপস্থিত লোকেরা বলল, কেউ কি তার প্রিয়জনকে কষ্ট দেয়? তিনি বললেন, হ্যাঁ, মানুষের সবচেয়ে প্রিয় হলো, তার নিজের আত্মা। আর আল্লাহর নাফরমানী করা মানে হলো, তাকে কষ্ট দেওয়া।
জনৈক আরেফের নিকট কেউ উপদেশ চাইলে তিনি বললেন, তোমার রবের সাথে দুর্ব্যবহার কর না। মানুষের সাথে দুর্ব্যবহার কর না এবং তোমার নিজের সাথেও দুর্ব্যবহার কর না। রবের সাথে দুর্ব্যবহারের অর্থ হলো, তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদতে লেগে যাওয়া। মানুষের সাথে দুর্ব্যবহারের অর্থ হলো, অন্যের কাছে তার বদনাম করা। নিজের সাথে দুর্ব্যবহারের অর্থ হলো, ফরজ বিধান পালনে অবহেলা করা।
**জনৈক ব্যক্তির তাওবা**
হযরত কাহমাস ইবনুল হাসান রহ. বলেন, আমি একটি গুনাহ করে তার জন্য চল্লিশ বছর কেঁদেছি। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করল, সে গুনাহটি কী? তিনি বললেন, আমার এক ভাই আমার নিকট বেড়াতে এলো। আমি তার জন্য একটি মাছ ক্রয় করি। তিনি খেলেন। অতঃপর আমি আমার প্রতিবেশীর দেয়াল থেকে এক টুকরা মাটি এনে তা দিয়ে হাত পরিস্কার করি।
নবী করীম ইরশাদ করেন-
أَعْظَمُ الذُّنُوبِ عِنْدَ اللهِ تَعَالَى أَصْغَرُهَا عِنْدَ النَّاسِ، وَأَصْغَرُ الذُّنُوبِ عِنْدَ اللَّهِ تَعَالَى، أَعْظَمُهَا عِنْدَ النَّاسِ.
আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহকে মানুষ ছোট গুনাহ মনে করে। আর আল্লাহর নিকট সবচেয়ে ছোট গুনাহকে মানুষ বড় গুনাহ মনে করে। অর্থাৎ, গুনাহগার যখন কোনো গুনাহকে বড় মনে করে আল্লাহকে ভয় কর, তখন সে গুনাহ যতই বড় হোক আল্লাহর কাছে ছোট হয়ে যায়। পক্ষান্তরে গুনাহগার যখন কোনো গুনাহকে গুনাহ মনে না করে তখন তা তার চোখে যত ছোটই হোক না কেন, আল্লাহর কাছে তা অনেক বড় হয়ে যায়।
যেমন জনৈক সাহাবী রাযি. বলেন, অবিরাম গুনাহলিপ্ত থাকলে কোনো গুনাহ-ই ছোট থাকে না। পক্ষান্তরে সর্বদা তাওবা করলে কোনো গুনাহ-ই বড় থাকে না।
হযরত আওয়াম ইবনে হাওশাব রহ. বলেন, গুনাহের পর চারটি কাজ গুনাহের চেয়েও মারাত্মক। যথা-
১. الإِسْتِصْغَارُ অর্থাৎ, গুনাহকে তুচ্ছ জ্ঞান করা।
২. وَالإِغْتِرَارُ অর্থাৎ, গুনাহ করে আত্মপ্রবঞ্চনায় ভোগা।
৩. وَالإِسْتِبْشَارُ অর্থাৎ, গুনাহ করে আনন্দিত হওয়া।
৪. وَالْإِصْرَارُ অর্থাৎ, অবিরাম গুনাহ করতে থাকা।
**গুনাহের ক্ষতিসমূহ**
ফকীহ সমরকন্দী রহ. বলেন, নিম্নোক্ত আয়াত যেন কাউকে বিভ্রান্ত না করে। আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزِي إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ
অর্থ: যে ব্যক্তি একটি নেক আমল নিয়ে আসবে সে তার দশগুন প্রতিদান পাবে, আর যে ব্যক্তি একটি গুনাহ করবে তাকে তার সমপরিমাণ প্রতিদানই দেওয়া হবে। তাদের সাথে কোনো প্রকার অবিচার করা হবে না।
কারণ, একটি নেকি করলে তার দশগুন প্রতিদান পাওয়া যাবে এমন বলা হয়নি। বরং শর্তযুক্ত করে বলা হয়েছে, যে ব্যক্তি কিয়ামতের দিন একটি নেকি নিয়ে হাজির হতে পারবে সে একটি নেকির সওয়াব দশগুন পাবে। কিন্তু কিয়ামতের দিন নেকি নিয়ে হাজির হওয়া অনেক কঠিন। আর একটি গুনাহের শাস্তি তার অনুরূপ হবে ঠিক। কিন্তু তাদের আরো দশটি মন্দ দিক আছে। যথা-
১. বান্দার গুনাহ তার রবকে ক্রুদ্ধ করে, অথচ রব যে কারো সাথে যে কোনো ধরনের আচরণ করতে সক্ষম।
২. বান্দার গুনাহ তার রবের সবচেয়ে বড় শত্রু ইবলীসকে খুশি করে।
৩. গুনাহ বান্দাকে সবচেয়ে উত্তম স্থান জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়।
৪. গুনাহ মানুষকে নিকৃষ্টতম স্থান জাহান্নামের নিকটবর্তী করে দেয়।
৫. গুনাহ করে মানুষ তার সবচেয়ে প্রিয়জন অর্থাৎ, নিজের আত্মার সাথে দুর্ব্যবহার করে।
৬. গুনাহের ফলে মানুষের নফস অপবিত্র হয়ে যায়, অথচ আল্লাহ প্রতিটি মানুষকে প্রবিত্র করে সৃষ্টি করেছেন।
৭. গুনাহ করে মানুষ তার সাথে থাকা হেফাজতকারী ফেরেশতাদেরকে কষ্ট দেয়।
৮. গুনাহ করে রাসূল -এর পবিত্র আত্মাকে কষ্ট দেয়।
৯. গুনাহ করে মানুষ রাত-দিনকে নিজের বিরুদ্ধে সাক্ষী বানায় এবং তাদেরকে কষ্ট দেয়।
১০. গুনাহ করে বান্দা সমস্ত মানুষ এবং অন্যান্য সৃষ্টির সাথে বিশ্বাসঘাতক্তা করে।
মানুষের সাথে বিশ্বাসঘাতকতা এভাবে হয় যে, গুনাহের কারণে তার সাক্ষ্য অগ্রহণযোগ্য হয়ে যায়। এতে অনেকের অধিকার ক্ষুণ্ণ হয়। আর বিশেষ করে অন্যান্য সৃষ্টির সাথে বিশ্বাসঘাতকাতা এভাবে যে, গুনাহ করলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, দেশে খড়া দেখা দেয়, এতে সকল সৃষ্টিই কষ্ট পায়।
বলা হয়, সবচেয়ে বড় কৃপণ সে ব্যক্তি, যে নিজের সাথে কৃপণতা করে। অথচ তাতে তার সৌভাগ্য নিহিত। আর সবচেয়ে বড় জালেম সে ব্যক্তি, যে আল্লাহর নাফরমানী করে নিজের উপর জুলুম করে। কারণ, আল্লাহর নাফরমানি করা মানে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করা।
জনৈক বিদ্বান ব্যক্তি বলেন, সাবধান! গুনাহ থেকে বেঁচে থাক। কারণ, গুনাহ খুবই অমঙ্গলজনক, যা কামানের গোলার মতো ছুটে এসে আনুগত্যের দেয়ালে আঘাত করে। ফলে প্রবৃত্তির চাহিদার বাতাসের ঝাপটা ভেতরে প্রবেশ করে এবং মারেফাতের প্রদীপ নিভিয়ে দেয়।
টিকাঃ
৯৪ সূরা আন আম ১৬০
📄 মূসা আ.-এর সহীফার ছয় বাক্য
رُوِيَ فِي أَخْبَارِ مُوسَى عَلَيْهِ السَّلَامُ أَنَّهُ قَالَ: يَا رَبِّ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ نِلْتُ بِهِ رِضَاكَ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ يَا ابْنَ عِمْرَانَ إِنَّ رِضَايَ فِي كَرَاهِيَتِكَ، وَأَنْتَ لَا تَصْبِرُ عَلَى مَا تَكْرَهُ. قَالَ: يَا رَبِّ دُلَّنِي عَلَيْهِ. قَالَ: فَإِنَّ رِضَايَ فِي أَنْ تَرْضَى بِقَضَائِي، وَتَتَوَاضَعَ لِفُقَرَاءِ عِبَادِي، وَتَحْفَظَ حُرْمَةَ أَوْلِيَائِي، وَتُحِبَّ الْخُمُولَ، وَتَدَعَ الْحَسَدَ، وَتَكُونَ كَثِيرَ الْبُكَاءِ مِنْ خَشْيَتِي.
হযরত মূসা আ.-এর ঘটনায় বর্ণিত আছে, তিনি আল্লাহকে বলেছিলেন, হে রব! আমাকে এমন আমল বাতলে দিন, যা করলে আমি আপনার সন্তুষ্টি লাভ করতে পারব। আল্লাহ তাঁর নিকট ওহী পাঠালেন, হে ইমরানের পুত্র! আমার সন্তুষ্টি তোমার অপছন্দনীয় বিষয়ের মধ্যে নিহিত। আর তুমি তো অপছন্দনীয় বিষয়ে ধৈর্যধারণ করতে পারবে না। মূসা আ. বললেন, রব! আমাকে বলুন। আল্লাহ তা'আলা বললেন,
১. আমার ফয়সালায় সন্তুষ্ট থাকা।
২. আমার দরিদ্র বান্দাদের সামনে বিনয়ী হওয়া।
৩. আমার ওলীদের সম্মান করা।
৪. অপরিচিতি ও অখ্যাতি পছন্দ করা।
৫. হিংসা পরিহার করা।
৬. আমার ভয়ে বেশি বেশি কাঁদা।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: كَانَ فِيمَا أَعْطَى اللَّهُ لِمُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فِي الْأَلْوَاحِ عَشْرَةُ أَبْوَابٍ فَأَوَّلُ مَا كُتِبَ فِي اللَّوْحِ الْأَوَّلِ : يَا مُوسَى لَا تُشْرِكَنَّ بِي شَيْئًا، فَقَدْ حَقَّ الْقَوْلُ مِنِّي لَتَلْفَحَنَّ وُجُوهَ الْمُشْرِكِينَ النَّارِ، وَاشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ أَقِيكَ الْمَتَالِفَ، أَعْنِي أَحْفَظُكَ مِنَ الْمَهَالِكِ، وَأَنْسَأُ لَكَ فِي عُمْرِكَ، وَأُحْيِيكَ حَيَاةً طَيِّبَةً، وَأَنْقُلُكَ، وَأَقْلِبُكَ إِلَى خَيْرٍ مِنْهَا، وَلَا تَقْتُلِ النَّفْسَ الَّتِي حَرَّمْتُهَا، فَتَضِيقَ عَلَيْكَ الْأَرْضُ بِرَحْبِهَا، وَالسَّمَاءُ بِأَقْطَارِهَا، وَتَبُوءَ بِسَخَطِي فِي النَّارِ، لَا تَحْلِفْ بِاسْمِي كَاذِبًا، وَلَا آئِمًا، فَإِنِّي لَا أُطَهَّرُ، وَلَا أُزَيِّنُ مَنْ لَمْ يُنَزِّهْنِي، وَمَنْ لَمْ يُعَظَّمْ أَسْمَائِي، وَلَا تَحْسُدِ النَّاسَ عَلَى مَا آتَيْتُهُمْ مِنْ فَضْلِي فَإِنَّ الْحَاسِدَ عَدُوٌّ لِنِعْمَتِي رَادُّ لِقَضَائِي سَاخِطٌ لِقِسْمَتِي الَّتِي قَسَمْتُ بَيْنَ عِبَادِي، وَمَنْ لَمْ يَكُنْ كَذَلِكَ، فَلَسْتُ مِنْهُ وَلَيْسَ مِنِّي، لَا تَشْهَدْ بِمَا لَا يَعِي سَمْعُكَ، وَيَحْفَظُهُ عَقْلُكَ، وَيَعْقِدُ عَلَيْكَ قَلْبُكَ، فَإِنِّي وَاقِفُ أَهْلَ الشَّهَادَاتِ عَلَى شَهَادَاتِهِمْ يَوْمَ الْقِيَامَةِ، أَسْأَلُهُمْ عَنْهَا سُوَّااً. حَثِيثًا، وَلَا تَسْرِقُ وَلَا تَزْنِ بِحَلِيلَةِ جَارِكَ، فَأَحْجُبُ عَنْكَ وَجْهِي، وَأُغْلِقُ عَنْكَ أَبْوَابَ السَّمَاءِ، وَأَحِبَّ لِلنَّاسِ كَمَا تُحِبُّ لِنَفْسِكَ، وَلَا تَذْبَحَنَّ لِغَيْرِي فَإِنِّي مَا أُحِبُّ مِنَ الْقُرْبَانِ إِلَّا مَا ذُكِرَ عَلَيْهِ اسْمِي، وَكَانَ خَالِصًا لِوَجْهِي وَتَفَرَّغْ لِي يَوْمَ السَّبْتِ، وَفَرَّغْ جَمِيعَ أَهْلِ بَيْتِكَ.
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল ﷺ কে বলতে শুনেছি, হযরত মূসা আ.-এর উপর যে গ্রন্থ নাযিল হয়েছিল তাতে দশটি অধ্যায় ছিল। যথা-
১. হে মূসা! আমার সাথে কোনো কিছুকে শরীক কর না। কারণ, আমার নিকট এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে, আগুন মুশরিকদের চেহারা ঝলসে দিবে।
২. আমার এবং তোমার পিতা-মাতার শুকর আদায় কর। তাহলে আমি তোমাকে বিপদাপদ থেকে রক্ষা করবো, তোমার হায়াত বাড়িয়ে দিব এবং তোমাকে উত্তম জীবন দান করবো, তারপর এরচেয়ে ভালো জীবনের দিকে নিয়ে যাব।
৩. অন্যায়ভাবে কাউকে হত্যা কর না। তাহলে প্রশস্ত আসমান ও জমিন তোমার জন্য খুবই সংকীর্ণ হয়ে যাবে। আর আমার ক্রোধের কারণে তুমি জাহান্নামে প্রবেশ করবে।
৪. আমার নামে মিথ্যা শপথ কর না। গুনাহের ক্ষেত্রে আমার নাম ব্যবহার কর না। কারণ, যে ব্যক্তি আমাকে পবিত্র রাখে না এবং আমার নামের মর্যদা রক্ষা করে না, আমিও তাকে পবিত্র করি ন।
৫. আমি মানুষকে অনুগ্রহ করে যা দান করেছি তাতে হিংসা কর না। কারণ, হিংসুক আমার নেয়ামতের শত্রু আমার ফায়সালাকে অমান্যকারী এবং আমার বণ্টনে অসন্তুষ্ট। যে ব্যক্তি এরূপ করবে তার সাথে আমার এবং আমার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না।
৬. যে বিষয়টি তোমার কান স্পষ্টভাবে শুনেনি, তোমার বিবেক ভালোভাবে উপলব্ধি করেনি এবং তোমার মন ভালোভাবে সংরক্ষণ করেনি তার সম্পর্কে সাক্ষ্য দিয়ো না। কারণ, কিয়ামতের দিন আমি সাক্ষীদের উপস্থিত করে তাদের জিজ্ঞাসাবাদ করব।
৭. চুরি কর না।
৮. পড়শীর স্ত্রীর সাথে যিনা কর না। তাহলে আমি তোমাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিব এবং তোমার উপর আসমানের দরজা বন্ধ করে দিব। নিজের বেলায় যা পছন্দ কর, অন্যের বেলায় তাই পছন্দ কর।
৯. আমার নাম ব্যতীত অন্য কারো নামে পশু জবাই কর না। কারণ, যা আমার নাম নিয়ে জবাই করা হয়েছে, শুধু তাই কবূল করি ও পছন্দ করি।
১০. শনিবার দিনটিকে তুমি একান্তভাবে আমার জন্য রাখো এবং তোমার পরিবারের লোকদের এ ব্যাপারে সজাগ কর।
রাসূল ইরশাদ করেন-
إِنَّ اللَّهَ تَعَالَى جَعَلَ السَّبْتَ لِمُوسَى عِيدًا ، وَاخْتَارَ الْجُمْعَةَ فَجَعَلَهَا لَنَا عِيدًا.
আল্লাহ তা'আলা শনিবারকে হযরত মূসা আ.-এর জন্য উৎসবের দিন বানিয়েছিলেন, আর জুমআর দিন কে আমাদের উৎসবের দিন বানিয়েছেন।
টিকাঃ
৮৮. দুররে মানসুর: ৩/৫৫১।
📄 যাযান গায়কের তাওবা
ذُكِرَ عَنْ زَاذَانَ، أَنَّهُ كَانَ غُلَامًا حَسَنَ الْوَجْهِ، حَسَنَ الصَّوْتِ، يُجِيدُ ضَرْبَ الطُّنْبُورِ، وَكَانَ مُجَالِسًا لِأَصْحَابِ الشَّرَابِ وَكَانَ يَوْمًا مِنْ أَيَّامِ الرَّبِيعِ مَعَ أَصْحَابِهِ إِلَى شَطِّ النَّهْرِ، يَشْرَبُونَ وَهُوَ يَضْرِبُ، وَيُغَنِّي، فَمَرَّ بِهِ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ، فَلَمَّا سَمِعَ صَوْتَهُ، قَالَ: يَا لَهُ مِنْ صَوْتٍ لَوْ كَانَ فِي قِرَاءَةِ كِتَابِ اللهِ. ثُمَّ غَطَّى رَأْسَهُ وَمَضَى. فَسَأَلَ زَاذَانُ مَنْ هَذَا؟ فَقِيلَ لَهُ: عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ صَاحِبُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَقَعَ فِي قَلْبِهِ شَيْءٌ فَضَرَبَ الطُّنْبُورَ عَلَى الْأَرْضِ فَكَسَرَهُ، ثُمَّ أَسْرَعَ حَتَّى لَحِقَ بِابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، فَجَعَلَ يَبْكِي بَيْنَ يَدَيْهِ فَاعْتَنَقَهُ ابْنُ مَسْعُودٍ، وَجَعَلَ يَبْكِي ثُمَّ قَالَ: كَيْفَ لَا أُحِبُّ مَنْ أَحَبَّهُ اللَّهُ تَعَالَى، ثُمَّ تَابَ زَاذَانُ، وَلَزِمَ ابْنَ مَسْعُودٍ، وَأَخَذَ عَنْهُ عِلْمَ الْقُرْآنِ، حَتَّى صَارَ إِمَامًا فِي الْعِلْمِ.
হযরত যাযান রহ. থেকে বর্ণিত। তিনি ছিলেন সুশ্রী ও সুকণ্ঠের অধিকারী একজন গায়ক। তিনি বাদ্যযন্ত্র বাজানোতে পারদর্শী ছিলেন। তিনি মদপানকারীদের সাথে ওঠাবসা করতেন। একদিন বসন্তকালে তিনি বন্ধুদের সাথে নদীর তীরে বসে মদপান করছিলেন আর গান গাইছিলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. সেদিক দিয়ে যাচ্ছিলেন। যাযানের কণ্ঠ শুনে তিনি বললেন, কী সুন্দর কণ্ঠ! যদি সে আল্লাহর কিতাব তিলাওয়াতে এ কণ্ঠ ব্যবহার করত! এ কথা বলে তিনি মাথা ঢেকে চলে গেলেন। যাযান জিজ্ঞেস করলেন, উনি কে? লোকেরা বলল, ইনি রাসূল ﷺ-এর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি.। কথাটি যাযানের মনে দাগ কাটল। সে বাদ্যযন্ত্রটি মাটিতে আছাড় দিয়ে ভেঙ্গে ফেলল। তারপর দৌড়ে গিয়ে ইবনে মাসউদ রাযি.-এর সাথে মিলিত হলো এবং তাঁর সামনে কাঁদতে লাগল। ইবনে মাসউদ রাযি. তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, যাকে আল্লাহ ভালোবাসেন আমি তাকে কেন ভালোবাসব না? এরপর যাযান তওবা করলেন এবং ইবনে মাসউদ রাযি.-এর সান্নিধ্যে থেকে কুরআন শিখতে লাগলেন। একসময় তিনি কুরআনের একজন বড় আলেম হয়ে গেলেন।
**ইসলাম দ্বারা উপকৃত না হওয়ার কারণ**
জনৈক দরবেশকে জিজ্ঞেস করা হলো, কী কারণে আমরা জ্ঞানার্জন করেও উপকৃত হতে পারি না? তিনি বললেন, পাঁচটি কারণে। যথা-
১. عَلَيْكُمْ قَدْ أَنْعَمَ اللَّهُ فَلَمْ تَشْكُرُوهُ অর্থাৎ, আল্লাহর নেয়ামত পেয়ে তোমরা তার শুকর আদায় কর না।
২. إِذَا أَذْنَبْتُمْ فَلَمْ تَسْتَغْفِرُوهُ অর্থাৎ, নাফরমানী করে তার জন্য তাওবা কর না।
১. لَمْ تَعْمَلُوا بِمَا عَلِمْتُمْ مِنَ الْعِلْمِ অর্থাৎ, ইলম অনুসারে আমল কর না।
৪. صَحِبْتُمُ الْأَخْيَارَ وَلَمْ تَقْتَدُوا بِهِمْ অর্থাৎ, নেককারদের সোহবত লাভ করেও তাদের আদর্শ গ্রহণ কর না।
৫. دَفَنْتُمُ الْأَمْوَاتَ فَلَمْ تَعْتَبِرُوا بِهِمْ অর্থাৎ, মৃতদের নিজহাতে দাফন করেও তা থেকে শিক্ষাগ্রহণ কর না।
**আসমানের পাঁচজন ফেরেশতার ঘোষণা**
رُوِيَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ: مَا مِنْ يَوْمِ إِلَّا وَيَنْزِلُ مِنَ السَّمَاءِ خَمْسٌ مِنَ الْمَلَائِكَةِ. أَحَدُهُمْ بِمَكَّةَ، وَالثَّانِي: بِالْمَدِينَةِ. وَالثَّالِثُ : بِبَيْتِ الْمَقْدِسِ، وَالرَّابِعُ: بِمَقَابِرِ الْمُسْلِمِينَ. وَالْخَامِسُ: بِأَسْوَاقِ الْمُسْلِمِينَ . فَأَمَّا الَّذِي يَنْزِلُ بِمَكَّةَ فَيُنَادِي : أَلَا مَنْ تَرَكَ فَرَائِضَ اللَّهِ تَعَالَى، فَقَدْ خَرَجَ مِنْ رَحْمَةِ اللَّهِ تَعَالَى وَأَمَّا الَّذِي يَنْزِلُ بِالْمَدِينَةِ فَيُنَادِي أَلَا مَنْ تَرَكَ سُنَنَ النَّبِيِّ ﷺ فَقَدْ خَرَجَ مِنْ شَفَاعَتِهِ، وَأَمَّا الَّذِي يَنْزِلُ بِبَيْتِ الْمَقْدِسِ، فَيُنَادِي أَلَا مَنِ اكْتَسَبَ مَالًا حَرَامًا لَمْ يَقْبَلِ اللهُ تَعَالَى سَائِرَ عَمَلِهِ، وَأَمَّا الَّذِي يَنْزِلُ بِمَقَابِرِ الْمُسْلِمِينَ، فَيُنَادِي يَا أَهْلَ الْمَقَابِرِ بِمَاذَا تَغْتَبِطُونَ؟ وَ عَلَى مَاذَا تَنْدَمُونَ؟ فَيَقُولُونَ : نَدَامَتُنَا عَلَى مَا فَاتَ مِنْ أَعْمَارِنَا، وَنَغْتَبِطُ بِأَهْلِ الْجَمَاعَاتِ لِقِرَاءَتِهِمْ كَلَامَ اللَّهِ تَعَالَى، وَتَذَاكُرِهِمْ بِالْعِلْمِ وَصَلَوَاتِهِمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتِغْفَارِهِمْ لِذُنُوبِهِمْ وَنَحْنُ لَا نَقْدِرُ عَلَى شَيْءٍ مِنْ ذُلِكَ، وَأَمَّا الَّذِي يَنْزِلُ فِي الْأَسْوَاقِ، فَيُنَادِي وَيَقُولُ: يَا مَعْشَرَ النَّاسِ مَهْلًا، مَهْلًا فَإِنَّ اللَّهَ تَعَالَى سَطْوَاتٍ وَنِقْمَاتٍ فَمَنْ خَشِيَ سَطْوَاتَهِ، وَنِقْمَاتِهِ فَلْيُدَاوِ جِرَاحَتَهُ حَتَّى يَتُوبَ مِنْ ذُنُوبِهِ شَوَّقْنَاكُمْ فَلَمْ تَشْتَاقُوا وَخَوَّفْنَاكُمْ فَلَمْ تَخَافُوا لَوْلَا رِجَالٌ خُشَعُ وَصِبْيَانُ رُضَعُ وَبَهَائِمُ رُتَّعٌ، وَشُيُوخُ رُكَّعٌ، لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا.
রাসূল ইরশাদ করেন, প্রতিদিন পাঁচজন ফেরেশতা দুনিয়াতে নেমে আসে। একজন অবতরণ করেন মক্কায়, দ্বিতীয়জন মদীনায়, তৃতীয়জন বাইতুল মুকাদ্দাসে, চতুর্থজন মুসলমানদের গোরস্থানে এবং পঞ্চমজন বাজারে।
মক্কায় অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, যে ব্যক্তি ফরজ বিধানগুলো ছেড়ে দেবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।
মদীনায় অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, যে ব্যক্তি নবী-এর সুন্নতের অনুসরণ ছেড়ে দিবে, সে তার শাফায়াত বা সুপারিশ থেকে বঞ্চিত হবে।
বাইতুল মুকাদ্দাসে অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, যে ব্যক্তি হারাম উপায়ে উপার্জন করবে আল্লাহ তা'আলা তার কোনো আমল কবুল করবেন না।
গোরস্থানে অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে কবরবাসীরা! তোমরা আজ কীসের জন্য অনুতপ্ত? কাদের ঈর্ষা কর? তারা বলে, আমাদের বিগত জীবনের জন্য অনুতপ্ত। আর যে জীবিত আজ কুরআন তিলাওয়াত করছে, ইলমের আলোচনা করছে, নবী -এর উপর দরূদ পাঠ করছে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইছে, তাদের প্রতি আমাদের খুব ঈর্ষা হয়। কারণ, আজ আমরা চাইলেও এই আমলগুলো করতে পারি না।
বাজারে অবতরণকারী ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে লোকসকল! দাঁড়াও! একটু ভাবো!! আল্লাহ তা'আলার ক্রোধ ও ক্ষমতার একটি বিষয় আছে। যদি তোমরা তার ক্রোধ থেকে বেঁচে থাকতে চাও এবং তার শাস্তিকে ভয় কর। তাহলে তোমাদের ক্ষতগুলোর চিকিৎসা কর এবং আল্লাহর কাছে তাওবা কর। আমরা তোমাদেরকে নেক আমলের ভয় দেখিয়েছি কিন্তু তোমরা ভয় পাওনি, তোমাদেরকে নেক আমলের প্রতি উৎসাহিত করেছি কিন্তু তোমরা উৎসাহিত হওনি, তোমাদেরকে আযাবের ভয় দেখিয়েছি কিন্তু তোমরা ভয় পাওনি। যদি কিছু খোদাভীরু লোক, নিরীহ শিশু, জীব-জানোয়ার, নামাযী ও বৃদ্ধরা না থাকত তাহলে অবশ্যই তোমাদের উপর আল্লাহর আযাব নেমে আসত।
টিকাঃ
৯৫. মীযানুল এতেদাল: ১/৯৮; হিলইয়াতুল আউলিয়া: ৬/১০০ (হাদীসের কিছু অংশ)।
📄 বনী ইসরাইলের জনৈকা নারীর তাওবা
عَنِ الْحَسَنِ، قَالَ: بَلَغَنِي أَنَّ امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ قَالَتْ لِعَابِدِهِمْ : أَخْبِرْنِي هَلْ يُغْفَرُ مِثْلِي، فَقَدِ ابْتُلِيتُ بِثَلَاثَةٍ مِنَ الْأَوْلَادِ مِنَ الزِّنَى، ثُمَّ قَتَلْتُهُمْ. فَقَالَ لَهَا الْعَابِدُ: قَدْ هَلَكْتِ، وَأَهْلَكْتِ، وَلَا يُغْفَرُ لَكِ. فَانْصَرَفَتْ وَهِيَ تَحْثُو التُّرَابَ عَلَى رَأْسِهَا، وَتَقُولُ: وَا خَيْبَتَاهُ خُلِقْتُ لِجَهَنَّمَ، فَقَالَ اللَّهُ تَعَالَى لِنَبِيِّ ذَلِكَ الزَّمَانِ: إِنِّي قَدْ غَفَرْتُ لِهَذِهِ الْمَرْأَةِ، وَقَدْ أَحْبَطْتُ عَمَلَ ذَلِكَ الْعَابِدِ، لِأَنَّهُ قَنَّطَ عِبَادِي مِنْ رَحْمَتِي.
হযরত হাসান রহ. থেকে বর্ণিত। বনী ইসরাঈলের এক মহিলা এক আবেদের নিকট এসে বলল, বলুন তো, আমার মতো পাপীর কি ক্ষমা আছে? আমি যিনার মাধ্যমে তিনটি সন্তান জন্ম দিয়েছি এবং তাদের হত্যা করেছি। আবেদ বললেন, তুমি ধ্বংস হয়ে গেছ, অন্যদেরও ধ্বংস করেছ। তোমার কোনো ক্ষমা নেই। মহিলাটি মাথায় মাটি ঢালতে ঢালতে ফিরে গেল এবং বলতে লাগল, হায়! আমার কপাল! আমাকে তো জাহান্নামের জন্যই সৃষ্টি করা হয়েছে। তখন আল্লাহ তা'আলা সে যুগের নবীর নিকট ওহী পাঠালেন, আমি ঐ মহিলাকে ক্ষমা করে দিয়েছি এবং ঐ আবেদের আমল নষ্ট করে দিয়েছি। কারণ সে আমার বান্দাদেরকে আমার রহমত থেকে নিরাশ করেছে।
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: يَا عَائِشَةُ إِيَّاكِ وَمُحَقِّرَاتِ الذُّنُوبِ فَإِنَّ لَهَا مِنَ اللَّهِ تَعَالَى طَالِبًا.
হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। রাসূল তাকে বললেন, হে আয়েশা! ছোট গুনাহ থেকেও বেঁচে থাক। কারণ, এর জন্যও আল্লাহর নিকট জবাব দিতে হবে।
বলা হয়, ছোট ছোট গুনাহগুলো, ছোট ছোট লাকড়ির ন্যায়। অনেকগুলো ছোট লাকড়ি একত্র করে লাগিয়ে দিলে বিশাল হয়ে যায়।
বলা হয়, তাওরাতে লেখা ছিল, যে ব্যক্তি পুণ্যের চাষ করবে সে নিরাপত্তায় ফসল কাটবে।
ইঞ্জিলে ছিল, যে ব্যক্তি গুনাহের চাষ করবে, অনুতাপ তার ফসল হবে।
কুরআনেও অনুরূপ এসেছে। আল্লাহ তা'আলা বলেন-
مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ
অর্থ: যে ব্যক্তি গুনাহ করবে তাকে তার বিনিময় দেওয়া হবে।
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ كَثِيرِ الذُّنُوبِ كَثِيرِ الْعَمَلِ أَعْجَبُ إِلَيْكَ أَمْ رَجُلٍ قَلِيلِ الذُّنُوبِ قَلِيلِ الْعَمَلِ قَالَ: مَا أُعْدِلُ بِالسَّلَامَةِ شَيْئًا، يَعْنِي قَلِيلَ الذُّنُوبِ أَعْجَبُ إِلَيَّ. হযরত ইবনে আব্বাস রাযি. কে জিজ্ঞেস করা হলো কে উত্তম ব্যক্তি? যার গুনাহও অনেক এবং নেকিও অনেক সে ব্যক্তি? নাকি যার গুনাহও কম নেকিও কম সে ব্যক্তি? তিনি বললেন, যার গুনাহ কম নেকিও কম সে ব্যক্তি উত্তম।
জনৈক ব্যক্তি বলেন, নেক আমল সাধারণ মানুষও করতে পারে। কিন্তু অসাধারণ সে, যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে।
ফকীহ সমরকন্দী রহ. বলেন, কুরআন পর্যালোচনা করলে বুঝা যায় যে, গুনাহ বর্জন নেকি অর্জন থেকে উত্তম। নেকির ক্ষেত্রে কিয়ামাতের দিন তা নিয়ে হাজির হওয়ার শর্ত দেওয়া হয়েছে। পক্ষান্তরে গুনাহের ক্ষেত্রে শুধু বর্জনের কথা বলা হয়েছে। আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا.
অর্থ: যে ব্যক্তি নেক আমল নিয়ে আসবে তাকে তার দশগুন প্রতিদান দেওয়া হবে।
গুনাহ বর্জন সম্পর্কে আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
অর্থ: যে ব্যক্তি নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখবে নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা।
হাদীসে রাসূল বলেন, আল্লাহ তা'আলার নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা, জিন ও ইনসানের ইবাদত থেকেও উত্তম।
টিকাঃ
৯৬. সুনানে ইবনে মাজাহ হাদীস-৪২৪৩; মুসনাদে আহমাদ হাদীস-২৪৪১৫; সুনানে দারেমী: হাদীস-২৭২৯। হাদীসটি সহীহ [শুয়াইব আরনাউত]।
৯৭. সূরা নিসা ১২৩
৯৮. সূরা আনআম: আয়াত-১৬০
৯৯. সূরা নাযিআত: আয়াত-৪০-৪১