📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কালেমা জান্নাতে যাওয়ার কারণ

📄 কালেমা জান্নাতে যাওয়ার কারণ


عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يُخْرَجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً، ثُمَّ يُخْرَجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ بُرَّةً، ثُمَّ يُخْرَجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ ذَرَّةً.

হযরত আনাস রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ বলেন, যাদের অন্তরে একটি যব পরিমাণও ঈমান থাকবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন। এরপর যাদের অন্তরে একটি গম পরিমাণও ঈমান থাকবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন। এরপর যাদের অন্তরে একটি অণু পরিমাণও ঈমান থাকবে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে বের করবেন।৭১

টিকাঃ
৭১. সহীহ বুখারী: হাদীস-৪৪; সহীহ মুসলিম: হাদীস-১৯৩।

হযরত উমর রাযি. এই পরিস্থিতি দেখে বললেন, হে কা'ব আমাদেরকে আনন্দিত কর। কা'ব রাযি. বললেন, তোমরা আনন্দিত হও। আল্লাহ তা'আলার তিন শত তেরটি শরীয়ত রয়েছে। কিয়ামতের দিন কেউ যদি তার একটি নিয়ে ইখলাসের কালেমাসহ উপস্থিত হয়, তবে আল্লাহ তা'আলা তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। আল্লাহর শপথ! তোমরা যদি আল্লাহ তা'আলার করুণার রহস্য সম্পর্কে জেনে যাও, তবে আমলে তোমাদেরকে অলসতা পেয়ে বসবে।

তাই উত্তম কর্ম সম্পাদন এবং মন্দকর্ম পরিহারের মাধ্যমে সে দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ কর। অচিরেই তোমাকে কিয়ামতের দিনের ভয়াবহতার মুখোমুখি হতে হবে। জীবনের যে সোনালি দিনগুলো অতিবাহিত হয়ে গেছে, তার জন্য তোমার আফসোসের শেষ থাকবে না। মনে কর তোমার মৃত্যু থেকেই তোমার কিয়ামতের সূচনা। যেমন হযরত মুগীরা বিন শুবা রাযি. বলেছেন, তোমরা বলো কিয়ামত, কিয়ামত। অথচ মৃত্যুই তো তোমাদের কিয়ামত।

আলকামা বিন কায়েস একবার জনৈক ব্যক্তির জানাযায় ছিলেন। তাকে দাফন করা হলে তিনি বললেন, এ ব্যক্তির কিয়ামত তো কায়েম হয়ে গেছে। তিনি এরূপ বলেছেন। কারণ, যার মৃত্যু হয়েছে কিয়ামতের দিনের ঘটনা পরম্পরা তার দৃষ্টির সামনে চলে এসেছে। সে চোখের সামনেই জান্নাত, জাহান্নাম ও ফেরেশতাগণকে দেখতে পাচ্ছে এবং তার আমলের দরজা ইতোমধ্যে রুদ্ধ হয়ে গেছে। সুতরাং সে যেন প্রকারন্তর কিয়ামতের দিন উপনীত হয়েছে। মৃত্যুর মাধ্যমে তার আমলের সীলমোহর হয়ে গেছে, কিয়ামতের দিন তার আমলনামায় নতুন কিছু যোগ হবে না। ধন্য সে জন, যার সমাপ্তি হয়েছে কল্যাণের মাধ্যমে。

হযরত আবূ বকর ওয়াসিতী রহ. বলেন, ঐশ্বর্য তিন ধরনের। জীবনের ঐশ্বর্য, মৃত্যুকালীন ঐশ্বর্য এবং কিয়ামত দিনের ঐশ্বর্য। জীবনের ঐশ্বর্য হলো, আল্লাহ তা'আলার আনুগত্যে জীবন অতিবাহিত করা। মৃত্যুকালীন ঐশ্বর্য হলো, তার আত্মা কালিমা পাঠ করতে করতে বের হওয়া। আর চুড়ান্ত ঐশ্বর্য হলো, যখন কিয়ামত দিবসে কবর থেকে উত্থিত হয়, তখন সুসংবাদদাতা তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করে।

হযরত ইয়াহইয়া ইবনে মায়ায রহ. থেকে বর্ণিত— একবার তার মজলিসে নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করা হলো— يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِينَ إِلَى الرَّحْمَنِ وَفُدًا وَنَسُوقُ الْمُجْرِمِينَ إِلَى جَهَنَّمَ وِرْدًا. অর্থ: যেদিন দয়াময়ের নিকট মুত্তাকীগণকে সম্মানিত মেহমানরূপে সমবেত করব এবং অপরাধীদেরকে তৃষ্ণাতুররূপে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ, মুত্তাকীগণকে বাহনে চড়িয়ে আনা হবে আর অপরাধীদেরকে আনা হবে হাঁটিয়ে তৃষ্ণার্তরূপে।

তখন তিনি বললেন, হে লোক সকল! ধৈর্য ধারণ কর। অচিরেই তোমাদেরকে হাশরের ময়দানে সমবেত করা হবে। এক একজন করে তোমাদেরকে আল্লাহ তা'আলার দরবারে দাঁড় করানো হবে। তোমরা যা করেছ, সে সম্পর্কে শব্দে শব্দে জিজ্ঞাসা করা হবে। অলীদেরকে রহমানের দরবারে মেহমানরূপে বরণ করে নেওয়া হবে। গুনাহগারদেরকে হাঁকিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা দলে দলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এসব তখন ঘটবে যখন দুনিয়াকে চূর্ণ-বিচূর্ণ করা হবে, ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, আর জাহান্নামকে টেনে আনা হবে ধ্বংসের রূপ নিয়ে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কিয়ামত দিনের দীর্ঘতা

📄 কিয়ামত দিনের দীর্ঘতা


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رَضِيَ اللهُ عَنْهُ، قِيلَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَوْمًا كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، مَا أَطْوَلَ هَذَا الْيَوْمَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهُ لَيُخَفَّفُ عَلَى الْمُؤْمِنِ حَتَّى يَكُونَ عَلَيْهِ أَخَفَّ مِنْ صَلَاةٍ مَكْتُوبَةٍ يُصَلِّيهَا فِي الدُّنْيَا.

হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত। একদা রাসূল ﷺ কে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলো, يَوْمًا كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ অর্থ: সে দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর।৭২ সেদিনটি তো অনেক দীর্ঘ! রাসূল ﷺ ইরশাদ করলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মুমিনের জন্য সে দিনটি অনেক হালকা করে দেওয়া হবে, দুনিয়ার এক ওয়াক্ত ফরজ নামায পড়ার চেয়েও হালকা মনে হবে। ৭৩

ٹکا:
৭২. সূরা মাআরিজ: আয়াত-৪
৭৩. মুসনাদে আহমাদ: হাদীস-১১৭৫১; সহীহ ইবনে হিব্বান: হাদীস-৭৩৩৪; হাদীসটি সহীহ।

হে ভায়েরা! তোমাদের জন্য রয়েছে সেই দিনের দুর্ভোগ যার পরিমাণ হলো, পঞ্চাশ হাজার বছর। সেদিন হবে প্রকম্পনের, ধ্বংসযজ্ঞ, হতাশা ও নৈরাশ্যের। সে এক কঠিন দিন। সেদিন সমস্ত মানুষ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। সে দিন হবে তুলনা, হিসাব, ওজন, জিজ্ঞাসাবাদ কম্পন, অর্তনাদ, অবশ্যম্ভী মহাপ্রলয় ও পুনরুত্থান দিন। সেদিন ইতঃপূর্বে কী আমল করেছ, তা সম্মুখে উপস্থিত দেখতে পাবে। সেদিন হবে জয়-পরাজয়ের দিন। সে দিন মানুষ তাদের আমল দেখার জন্য দলে দলে বের হয়ে আসবে। সেদিন কারো মুখমণ্ডল হবে শুভ্র, আলোকোজ্জ্বল, আবার কারো হবে কালো। সেদিন দুনিয়ার কোনো অভিভাবক কাজে আসবে না, কোনো কৌশলই কাজে খাটবে না। পুত্র পিতার, কিংবা পিতা পুত্রের কোনো কাজে আসবে না। সে দিন সকল ফন্দি ব্যর্থ হবে। জালেমদের ওযর আপত্তি কাজে আসবে না। সেদিন প্রত্যেকেই অপরের সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হবে। প্রত্যেক স্তন্যদানকারীনী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে। আর তোমরা সেদিন সকলকে দেখবে, যেন নেশায় মত্ত, আসলে তারা নেশায় মত্ত না। বরং আল্লাহর আযাব বড় কঠিন।

হযরত মুকাতিল বিন সুলাইমান রহ. বলেন, কিয়ামতের দিন সকল সৃষ্টি একশত বছর ঘামের মধ্যে ডুবে থাকবে। একশত বছর অন্ধকারে কাটাবে, দিশেহারা হয়ে। আর একশত বছর তাদের রবের নির্দেশের সম্মুখে পরস্পর বিবাদ করে কাটাবে। বলা হয়, কিয়ামত দিনের সময়কাল এক হাজার বছর। তবে মুমিন মুখলিস ব্যক্তির জন্য তা মনে হবে একটি ঘণ্টা কেবল।

সুতরাং হে জ্ঞানী ব্যক্তি! দুনিয়ার যন্ত্রণা ও তীব্রতায় আল্লাহর আনুগত্যের মাধ্যমে ধৈর্য-ধারণ কর, যাতে কিয়ামতের বিভীষিকা তোমার জন্য সহজ হয়ে যায়।

ফন্ট সাইজ
15px
17px