📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কিয়ামতের ভয়াবহতা

📄 কিয়ামতের ভয়াবহতা


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ أَنْعَمُ، وَصَاحِبُ الْقَرْنِ قَدِ الْتَقَمَ الْقَرْنَ، وَحَنَى جَبْهَتَهُ، وَأَصْغَى السَّمْعَ مَتَى يُؤْمَرُ بِالنَّفْخِ فَيَنْفُخُ. قَالَ الْمُسْلِمُونَ: فَمَا نَقُولُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: قُولُوا: حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا.
হযরত আবূ সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত। একদা রাসূল ﷺ ইরশাদ করেন, আমি কীভাবে আরাম-আয়েশে থাকব, অথচ শিংগায় ফুৎকারকারী শিংগা মুখে নিয়ে কপাল নত করে কান পেতে রেখেছেন কখন ফুঁক দেওয়ার আদেশ হয়। এ কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কী করব? রাসূল ﷺ বললেন, তোমরা বলবে, حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক, আল্লাহর উপরই আমাদের ভরসা।৬৫

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ : يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ النَّقِيِّ، لَيْسَ فِيهَا مَعْلَمٌ لِأَحَدٍ.

হযরত সাহল ইবনে সাদ রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষকে এমন এক সাদা জমিনের উপর উঠানো হবে, যেখানে কোনো পাহাড় পর্বত বা এমন কোনো বস্তু থাকবে না, যা দিয়ে কোনো কিছুকে চেনা যায়। ৬৬

ٹکا:
৬৫. সুনানে তিরমিযী: হাদীস-২৪৩১; মুসনাদে আহমাদ: হাদীস-১১০০৯; হাদীসটি সহীহ। ৬৬. সহীহ বুখারী: হাদীস-৬৫২১; সহীহ মুসলিম: হাদীস-২৭৯০।

অতঃপর আল্লাহ তা'আলা ইসরাফীলকে নির্দেশ প্রদান করবেন, তিনি শিঙ্গায় ফুৎকার দিবেন, ফলে সকলে দাঁড়িয়ে যাবে এবং চতুর্দিকে তাকিয়ে দেখবে।

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত— অতঃপর লোকেরা কবর থেকে বের হয়ে উলঙ্গ দেহে ও নগ্নপদে দ্রুত তাদের রবের দিকে ছুটতে থাকবে। এরপর একই স্থানে সত্তর বছর দাঁড়িয়ে থাকবে। এ সময় আল্লাহ তাদের দিকে তাওয়াজ্জুহ দিবেন না এবং তাদের মাঝে ফায়সালাও করবেন না। তারা কাঁদতে থাকবে। ক্রমাগত কান্নার ফলে তাদের অশ্রু শুকিয়ে চোখ দিয়ে রক্ত পড়তে থাকবে। তাদের ঘাম এ পরিমাণ হবে যে, তা কারো নাক পর্যন্ত, কারো চিবুক পর্যন্ত পৌঁছে যাবে। অতঃপর তাদেরকে হাশরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। এ প্রসঙ্গটিই কুরআনে এভাবে এসেছে— مُهْطِعِينَ إِلَى الدَّاعِ অর্থ: আহ্বানকারীর দিকে তারা দৌড়ে যাবে। অর্থাৎ, হাশরের উদ্দেশ্যে দ্রুত চলতে থাকবে।

যখন সকল সৃষ্টি জিন-ইনসান একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকবে, তখন হঠাৎ আসমান থেকে বিকট এক শব্দ শুনতে পাবে। এর ভয়ে সকলে প্রকম্পিত হয়ে পড়বে। আসমান বিদীর্ণ হবে এবং দুনিয়াবাসীর মতোই, আসমান থেকে ফেরেশতাগণ নেমে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। লোকেরা তাদেরকে বলতে থাকবে, তোমাদের সাথে কি আমাদের রবের হিসাব সংক্রান্ত নির্দেশ রয়েছে? তারা বলবে, না, তা আসছে। অতঃপর দ্বিতীয় আসমানের ফেরেশতারা নেমে আসবে এবং দুনিয়ার আসমানের ফেরেশতাদের পরই সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। এভাবে সাত আসমানের অসংখ্য ফেরেশতা নেমে আসবেন এবং সারিবদ্ধ হয়ে দুনিয়াবাসীর পাশে দাঁড়াবেন।

হযরত যাহ্হাক রহ. থেকে বর্ণিত— আল্লাহ তা'আলা দুনিয়ার আসমানকে নির্দেশ দিবেন। তা সকল ফেরেশতাকে নিয়ে বিদীর্ণ হবে। ফলে তারা অবতরণ করবেন এবং জমিন ও তার অধিবাসীদের পাশে দাঁড়াবেন। এভাবে সাত আসমানের ফেরেশতাগণ নেমে আসবেন এবং সাতটি কাতারে সারিবদ্ধ হবেন। তাদের একটি কাতার অপর কাতারের উপর থাকবে। দুনিয়াবাসী যেদিকেই তাকাবে, সাতটি কাতার তাদের পাশে দেখতে পাবে। একেই আল্লাহ তা'আলা কুরআনে এভাবে ইরশাদ করেছেন— হে জিন ও মানুষ সম্প্রদায়, তোমরা যদি আসমানসমূহ ও জমিনের সীমা অতিক্রম করতে পার, তবে কর। কিন্তু তোমরা অনুমতি ব্যতীত অতিক্রম করতে পারবে না। অন্যত্র ইরশাদ হয়েছে— আর সে দিন আসমান মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে।

হযরত আবূ হুরায়রা রাযি. বর্ণনা করেন, রাসূল বলেছেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন বলবেন, হে জিন ও ইনসান! আমি তোমাদের জন্য পূর্ণ কল্যাণ কামনা করেছি। তোমাদের আমলসমূহ তোমাদের আমলনামায় রক্ষিত রয়েছে। যে তাকে উত্তম পাবে, সে যেন আল্লাহ তা'আলার প্রশংসা করে। আর যে ভিন্ন রকম পাবে সে যেন নিজেকেই তিরষ্কার করে।

অতঃপর আল্লাহ তা'আলা জাহান্নামকে নির্দেশ দিবেন। ফলে তার ভিতর থেকে দীর্ঘ প্রশস্ত একটি কাঁধ বের হয়ে আসবে। অতঃপর আল্লাহ বলবেন— হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের দাসত্ব কর না। কারণ, সে তোমাদের প্রকাশ্য শত্রু। বরং তোমরা আমারই ইবাদত কর। এটিই সরল পথ? শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছে। তোমরা কি বুঝতে না? এটিই সে জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। আজ তোমরা তাতে প্রবেশ কর। কারণ, তোমরা একে অস্বীকার করতে।

অতঃপর প্রত্যেকে নতজানু হয়ে বসে পড়বে। কুরআনে বলা হয়েছে— এবং প্রত্যেক উম্মতকে দেখবে ভয়ে নতজানু। প্রত্যেক উম্মতকে তার আমলনামার প্রতি আহ্বান করা হবে। অতঃপর আল্লাহ তা'আলা তার সৃষ্টির মাঝে বিচার আরম্ভ করবেন এবং অন্যান্য জানোয়ার ও চতুষ্পদ প্রাণীসমূহেরও বিচার করবেন। এমনকি শিং বিহীন প্রাণীকে শিংবিশিষ্ট প্রাণী থেকে বদলা নেবার সুযোগ করে দিবেন। অতঃপর আল্লাহ তা'আলা প্রাণীসমূহকে বলবেন, তোমরা মাটিতে পরিণত হও। কাফেররা তখন বলতে থাকবে— হায়, যদি আমি মাটিতে পরিণত হতাম! অতঃপর বান্দাদের মাঝে বিচার করা হবে।

হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত— রাসূল ইরশাদ করেন, মানুষ যেভাবে মায়ের পেট থেকে আবরণহীন দেহ, নগ্ন পায়ে জন্মগ্রহণ করে, সেভাবে তাকে হাশর মাঠে সমবেত করা হবে। তখন হযরত আয়েশা রাযি. বললেন, পুরুষ ও নারীরা এক সাথে? রাসূল বললেন হ্যাঁ। আয়েশা রাযি. বললেন আশ্চর্য তো! তারা একে অপরের দিকে তাকাবে না? তখন রাসূল তার কাঁধে হাত রেখে বললেন, হে আবু কুহাফার নাতনী! সেদিন মানুষের তাকানোর সুযোগ হবে না। তারা অপলক দৃষ্টিতে দীর্ঘ চল্লিশ বছর আকাশের দিকে তাকিয়ে থাকবে। কেউ পানাহার করবে না। তাদের কারো ঘাম পায়ের পাতা পর্যন্ত পৌঁছবে, কারো টাখনু পর্যন্ত, কারো উদর পর্যন্ত আবার কারো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকাবে ফলে নাসিকা পর্যন্ত পৌঁছবে।

অতঃপর ফেরেশতাগণ আরশ ঘিরে দাঁড়াবে। আল্লাহ তা'আলার ঘোষক ঘোষণা দিবেন, অমুক নারীর পুত্র অমুক কোথায়? এ আওয়াজ শুনে সকলে মাথা উঁচু করে ঘোষণার প্রতি মনোযোগ দেবে। যাকে ডাকা হবে, সে সকলের ভিতর থেকে বের হয়ে আসবে। আহ্বানকৃত ব্যক্তি রবের সামনে দাঁড়াবে। বলা হবে, এ ব্যক্তির হাতে জুলুমের শিকার সকলে হাজির হও। এক এক করে সকলকে ডাকা হবে এবং উক্ত ব্যক্তির ভালো কাজগুলো মজলুমদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। সেদিন কোনো টাকা পয়সা থাকবে না, বরং বিনিময়ের মাধ্যম হবে ভালো ও মন্দকর্ম। এভাবে মজলুম ব্যক্তিরা জালেমদের সব ভালোকর্ম নিয়ে নিবে। যখন আর একটি ভালো কাজও অবশিষ্ট থাকবে না, তখন তাদের মন্দকর্মগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে তখন তাকে বলা হবে, তুমি তোমার ঠিকান। হাবিয়া জাহান্নামে প্রবেশ কর। কারণ, আজ কারো প্রতি জুলুম করা হবে না। নিশ্চয় আল্লাহ তা'আলা দ্রুত হিসাব গ্রহণকারী। সে দিন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, রাসূল কিংবা শহীদ সকলেই কঠোর ভয়াবহতার ফলে ভাববে যে, কেউ বাঁচতে পারবে না। তবে আল্লাহ নিজ করুণায় যাকে রক্ষা করবেন।

মুআয বিন জাবাল রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, চারটি প্রশ্ন জিজ্ঞেস না করা পর্যন্ত কারো পা স্বীয় স্থান থেকে নড়বে না। ১. তার জীবন সম্পর্কে, কী কাজে তা ব্যয় করেছে? ২. তার দেহ সম্পর্কে, কোথায় তাকে ক্ষয় করেছে? ৩. তার ইলম সম্পর্কে, কী কাজে তা ব্যয় করেছে? ৪. তার সম্পদ সম্পর্কে, কোথেকে তা উপাজর্ন করেছে এবং কোথায় তা খরচ করেছে?

টিকাঃ
৮৯. সুরা আল কুমার: আয়াত-৮
৯০. সূরা আর রাহমান: আয়াত-৩৩
৯১. সুরা ফুরকান: আয়াত-২৫
৯২. সূরা ইয়াসিন: আয়াত-৬০-৬৪
৯৩. সূরা জাছিয়া: আয়াত-২৮
৯৪. সুরা নাবা: আয়াত-৪০
৯৫. আল আযামাহ লি আবিশ শায়েখ: ৩/৮৩১; মুসনাদে ইসহাক ইবনে রাহুয়াহ: ১/৯০।
৯৬. সহীহ বুখারী: হাদীস-১৪৭৫; মুসনাদে আবি ইয়া'লা : ১০/৭৩; মুসনাদে আহমাদ: ১৮/৩৬৫ (ঘামের অংশটুকু উল্লিখিত); সহীহ মুসলিম হাদীস-২৮৫৯ (হাদীসের প্রথম অংশ উল্লেখিত); আল মাতালিবুল আলিয়া লি ইবনে হাজার আসকালানী: ১৩/৬৭ (মুসনাদে আবি ইয়া'লার সনদে সম্পূর্ণ হাদীসটি উল্লেখিত হয়েছে)। হাদীসটির সনদ সহীহ।
৯৭. সুনানে তিরমিযী: হাদীস-২৪১৭; সুনানে দারেমী হাদীস-৫৫৪; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 কেউ কারো বোঝা বহন করবে না

📄 কেউ কারো বোঝা বহন করবে না


عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، أَنَّهُ قَالَ : يُجْمَعُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ، فَيُقَالُ: أَلَا لِيَقُمْ كُلُّ إِنْسَانٍ إِلَى مَا كَانَ يَعْبُدُهُ فِي الدُّنْيَا، فَيَقُومُونَ حَتَّى يَبْقَى أَهْلُ الْإِسْلَامِ، فَيُقَالُ: مَا لَكُمْ لَمْ تَنْطَلِقُوا كَمَا انْطَلَقَ النَّاسُ؟ فَيَقُولُونَ: إِنَّ لَنَا رَبَّا وَنَحْنُ نَنْتَظِرُهُ فَيُقَالُ لَهُمْ: تَعْرِفُونَهُ؟ فَيَقُولُونَ: سُبْحَانَهُ إِذَا تَعَرَّفَ إِلَيْنَا عَرَفْنَاهُ. فَيَقُولُ لَهُمْ رَبُّهُمْ: أَنَا رَبُّكُمْ، فَيَخِرُّونَ لَهُ سُجَّدًا. وَيُقَالُ لَهُمْ يَا أَيُّهَا النَّاسُ ارْفَعُوا رُؤُوسَكُمْ، فَقَدْ جَعَلْتُ بَدَلَ كُلِّ إِنْسَانٍ مِنْكُمْ رَجُلًا مِنَ الْيَهُودِ وَالنَّصَارَى فِي النَّارِ. قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ، فَأَقُومُ فِي ظُلَلٍ مِنَ الْمَلَائِكَةِ.

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. বলেন, কিয়ামতের দিন সকল মানুষ একত্রিত হবে। তখন বলা হবে, সবাই তার উপাস্যের কাছে যাও। তখন সবাই চলে যাবে, শুধু মুসলমানরা বাকি থাকবে। তাদেরকে বলা হবে, অন্যরা যেভাবে গেল তোমরা কেন যাচ্ছ না? তারা বলবে, আমাদের একজন রব আছেন, আমরা তাঁর জন্য অপেক্ষা করছি। তাদেরকে বলা হবে, তোমরা কি তাঁকে চেন? তারা বলবে, আল্লাহ পবিত্র, তিনি যখন আমাদের নিকট নিজেকে প্রকাশ করবেন, তখন আমরা অবশ্যই তাঁকে চিনতে পারব। তখন আল্লাহ তা'আলা তাদের সামনে আবির্ভূত হবেন এবং বলবেন, আমি তোমাদের রব। তারা সেজদায় পড়ে যাবে। তাদেরকে বলা হবে, মাথা উঠাও, তোমাদের প্রত্যেকের পরিবর্তে একজন করে ইহুদী নাসারাকে জাহান্নামে দেওয়া হবে।
রাসূল ﷺ ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্ব প্রথম আমার কবর বিদীর্ণ হবে। অতঃপর আমি উঠে যাব এবং ফেরেশতাদের একটি দলের সাথে মিলিত হব। ৬৭

ٹکا:
৬৭. সহীহ মুসলিম: হাদীস-২৭৬৮; মুসনাদে আহমাদ: হাদীস-১২৭৭৮।

হযরত ইকরামা রহ. থেকে বর্ণিত— তিনি বলেন কিয়ামতের দিন পিতা তার পুত্রের নিকট এসে বলবে, বৎস! দুনিয়াতে আমি তোমার পিতা ছিলাম, তুমি আমাকে চিনতে পারছো? ছেলে তাকে চিনতে পারবে এবং তার প্রশংসা করবে। পিতা বলবে, বৎস! তোমার নেকিসমূহ থেকে আমার অণুপরিমাণ নেকির প্রয়োজন। আমার যে দুর্দশা দেখছ, হয়তো এতে তা লাঘব হবে। তখন পুত্র বলবে, আমিও তো আপনার মতোই চিন্তিত। অতঃপর সে তার স্ত্রীর নিকট গিয়ে বলবে, হে অমুক! দুনিয়াতে আমি তোমার স্বামী ছিলাম। স্ত্রী তাকে চিনতে পারবে এবং খুব প্রশংসা করবে। ব্যক্তি তখন তার স্ত্রীকে বলবে, তোমার নেকিসমূহ থেকে আমি মাত্র একটি নেকি চাই, যা তুমি আমাকে হাদিয়া স্বরূপ দেবে, যাতে আমি বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। স্ত্রী তখন বলবে, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ, আমিও তো আপনার মতোই চিন্তিত। এ প্রসঙ্গেই আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন,
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى وَإِنْ تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَى
অর্থ: আর যদি গুনাহের ভারে ন্যুজ ব্যক্তি তার গুনাহ বহনের জন্য কাউকে আহ্বান করে, তখন এমনকি নিকটাত্মীয় হলেও তার গুনাহ থেকে কেউ কিছু বহন করবে না।

হযরত ইবনে মাসউদ রাযি. বর্ণনা করেন, রাসূল ইরশাদ করেন, কিয়ামতের দিন দীর্ঘ হওয়ার ফলে কাফেরকে ঘামের লাগাম পরানো হবে অর্থাৎ, তার ঘামে নাক পর্যন্ত ডুবে যাবে। এমনকি বলতে থাকবে, হে আমার প্রভু! দয়া করুন। জাহান্নামে পাঠিয়ে হলেও এ পরিস্থিতি থেকে মুক্তি দিন।

টিকাঃ
৯৮. সুরা ফাতির: আয়াত-১৮
৯৯. মুসনাদে আবী ইয়ালা: ৮/৩৯৮(৪৯৮২); তবারানী কাবীর: হাদীস-৮৭৭৯, ১০০৮৩, ১০১১২; তবারানী আওসাত: হাদীস-৪৫৭৯, ৮৮৮১; আল্লামা হাইসামী বলেন, কাবীরের রাবীগণ বুখারী- মুসলিমের রাবী অর্থাৎ তবারানীর কাবীরের সনদটি সহীহ (মাজমাউয যাওয়ায়েদ: ১০/৬০৮)।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 শাফায়াত

📄 শাফায়াত


عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لَأَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ فَأَقُولُ: يَا رَبِّ عِبَادُكَ عَبَدُوكَ فِي أَطْرَافِ الْأَرْضِ. قَالَ: فَيُنْجِي اللَّهُ مَنْ شَاءَ مِنْهُمْ، وَتَبْقَى بَقِيَّةٌ فِي النَّارِ يَقُولُونَ: مَا أَغْنَى عَنَّا إِيمَانُنَا، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: هَؤُلَاءِ عُتَقَائِي، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ، وَيُدْخَلُونَ الْجَنَّةَ.

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি শাফাআত করব। আমি বলব, হে আমার রব! আপনার বান্দারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে আপনার ইবাদত করেছে। আল্লাহ তা'আলা যাদের চাইবেন তাদেরকে নাজাত দিবেন। আর কিছু লোক জাহান্নামে রয়ে যাবে। তারা বলবে, আমাদের ঈমান কোনো কাজে আসল না। আল্লাহ তা'আলা তখন বলবেন, তোমরা আমার নাজাতপ্রাপ্ত বান্দা। অতঃপর তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে।৬৮

ٹکا:
৬৮. মুসনাদে আবী ইয়ালা: হাদীস-২৫০৮; সুনানে ইবনে মাজাহ: হাদীস-৪৩১৩; হাদীসটি হাসান [আলবানী]।

ইবনে আব্বাস রাযি. বর্ণনা করেন, রাসূল বলেন, প্রত্যেক নবীর জন্যই একটি বিশেষ দোয়া থাকে, যা অবশ্যই কবুল করা হয়। সকল নবীই তা দুনিয়াতে করে নিয়েছেন। কিন্তু কিয়ামতের দিন আমি আমার উম্মতের শাফায়াতের জন্য তা রেখে দিয়েছি। মনে রেখ! আমি আদম সন্তানদের নেতা, এও আমার কোনো অহংকার নয়। কিয়ামতের দিন প্রশংসার ঝাণ্ডা আমার হাতে হবে, তার নীচে আদম ও তার বংশধর থাকবে। এতেও অহংকারের কিছু নেই।

অতঃপর রাসূল বললেন, কিয়াতের দিন মানুষের মাঝে যন্ত্রণা ও পেরেশানী প্রবল আকার ধারণ করবে। তাই তারা আদম আ.-এর নিকট এসে বলবে, হে মানব জাতির পিতা! আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন যাতে তিনি আমাদের বিচার শুরু করেন। আদম বলবেন, আমার সে যোগ্যতা নেই। কারণ, আমাকে নিজ গুনাহের ফলে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ আমি কেবল আমাকে নিয়েই ব্যস্ত আছি। তোমরা বরং নুহ আ.-এর কছে যাও। কারণ, তিনি প্রথম রাসূল।

অতঃপর লোকেরা নূহ আ.-এর নিকট এসে বলবে আমাদের জন্য রবের নিকট সুপারিশ করুন, যেন তিনি দ্রুত ফায়সালা শুনিয়ে দেন। নূহ আ. বলবেন আমার সে যোগ্যতা নেই। কারণ, আমার দুআয় পৃথিবীর লোকজন পানিতে ডুবে মারা গেছে। আজ কেবল আমাকে নিয়েই আমি ব্যস্ত আছি। তোমরা বরং ইব্রাহীম আ.-এর কাছে যাও, যাকে আল্লাহ তা'আলা বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। অতঃপর সকলে ইব্রাহীম আ.-এর কাছে আসবে। বলবে, আপনি আমাদের জন্য রবের নিকট সুপারিশ করুন, যাতে তিনি দ্রুত আমাদের বিচার সম্পন্ন করেন। তিনি বলবেন, আমার সে যোগ্যতা নেই, কারণ, ইসলামের ব্যাপারে তিনটি মিথ্যা বলেছি। রাসূল বলেছেন ইব্রাহীম আ. দীনের জন্য তিনটি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন।
১. فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ ، فَقَالَ إِنِّي سَقِيمٌ অর্থ: অতঃপর তিনি তারকামণ্ডলীর প্রতি দৃষ্টিপাত করলেন। বললেন, আমি অসুস্থবোধ করছি।
২. بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هُذَا অর্থ: বরং এ কাজ করেছে তাদের এই বড়টি।
৩. তিনি একবার তার স্ত্রীকে দেখিয়ে বলেছিলেন, সে আমার বোন। অতঃপর ইব্রাহীম আ. বলবেন, আমি আজ আমাকে নিয়েই ব্যস্ত আছি।

তোমরা বরং মুসার নিকট যাও, যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলেছেন। লোকেরা মূসা আ.-এর নিকট এসে বলবেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। যেন তিনি আমাদের বিচার দ্রুত করেন। তিনি বলবেন, আমার সে যোগ্যতা নেই। কারণ, আমি অন্যায়ভাবে এক ব্যক্তিকে হত্যা করেছি। আজ আমি আমাকে নিয়েই ব্যস্ত আছি। তোমরা বরং রুহুল্লাহ ও আল্লাহর কালেমা হযরত ঈসা আ. নিকট যাও। লোকেরা তার নিকট এসে বলবে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, যেন আল্লাহ আমাদের বিচার তাড়াতাড়ি সম্পন্ন করে দেন। তিনি বললেন আমার সে যোগ্যতা নেই। কারণ, আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে ইলাহরূপে গ্রহণ করা হয়েছে। আজ আমি আমাকে নিয়েই চিন্তিত আছি। তবে একটি কথা! তোমরা বলো, যদি তোমাদের কারো কাছে কিছু সম্পদ থাকে, যা সে থলিতে রেখে সীলমোহর মেরে দেয়। সে সীলমোহর তোলা ব্যতীত উক্ত সম্পদ কি নেওয়া সম্ভব? সকলে বলবে না। তখন তিনি বলবেন, নিশ্চয় মুহাম্মদ -এর মাধ্যমে নবীদের আগমনের সমাপ্তি হয়েছে। তিনি আজ এখানেই আছেন। আল্লাহ তা'আলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। বরং তোমরা তার নিকট চলে যাও।

রাসূল বলেন, অতঃপর লোকেরা আমার নিকট আসবে। আমি বলব হ্যাঁ, আমি তা করব। এটি আমার কাজ। ফলে আল্লাহ তা'আলা যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি দিবেন। অতঃপর তিনি আল্লাহ তা'আলার ইচ্ছানুসারে কিছু সময় অতিবাহিত করবেন। এরপর আল্লাহ যখন বান্দাদের মাঝে বিচার সম্পাদনের ইচ্ছা করবেন, তখন একজন ঘোষক ঘোষণা করে বলবে, মুহাম্মাদ ও তার উম্মত কোথায়? আমরাই হচ্ছি সর্বপ্রথম ও সর্বশেষ। অর্থাৎ, দুনিয়াতে আমরা সর্বশেষ জাতি এবং কিয়ামতের দিন আমরা বিচারের আহ্বানপ্রাপ্ত সর্বপ্রথম জাতি। অতঃপর আমি ও আমার উম্মত দাঁড়াবো। অন্যান্য সকল জাতি আমাদের জন্য পথ ছেড়ে দেবে। আমাদের উযূর অঙ্গগুলো পবিত্রতার কারণে ঝলমল করতে থাকবে। অন্যান্য সকলে আমাদের লক্ষ্য করে বলতে থাকবে, দেখ এ উম্মতের সকলেই মনে হয় নবী!

অতঃপর আমি জান্নাতের দরজার দিকে অগ্রসর হয়ে তা খুলে দেওয়ার আবেদন জানাব। বলা হবে কে তুমি? বলব, আমি মুহাম্মদ, আল্লাহর প্রেমিক রাসূল! তখন দরজা খুলে দেওয়া হবে। আমি প্রবেশ করে আমার রবের দরবারে সেজদায় লুটিয়ে পড়ব এবং এমন সব প্রশংসা করব, যা ইতঃপূর্বে কেউ করেনি এবং পরবর্তীতেও কেউ করবে না। বলা হবে তুমি তোমার মাথা উত্তোলন কর। বলো, তোমার দাবী শোনা হবে, চাও তোমার চাওয়া পূরণ করা হবে এবং সুপারিশ কর তোমার সুপারিশ কবুল করা হবে। আমি মাথা তুলব। যার অন্তরে অণুপরিমাণও ঈমান আছে, তার জন্য সুপারিশ করব। অর্থাৎ, একীনের সাথে যে ব্যক্তি এ সাক্ষ্য দিয়েছে যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই মুহাম্মাদ আল্লাহর রাসূল।

টিকাঃ
১০০. সূরা সাফ্ফাত: আয়াত- ৮৮-৮৯
১০১. সূরা আম্বিয়া: আয়াত-৬৩
১০২. সহীহ বুখারী: হাদীস-৭৫১০; সহীহ মুসলিম হাদীস-১৯৩; (সামান্য শাব্দিক পরিবর্তনসহ); সুনানে ইবনে মাজাহ: হাদীস-৪৩১২; মুসনাদে আহমাদ : ৪/৪২৭ (সম্পূর্ণ হাদীসটি মুসনাদের সনদে বর্ণিত); শায়েখ শুয়াইব আরনাউত বলেন, হাদীসটি হাসান লিগইরিহী তবে ঈসা আলাইহিস সালাম এর মাবুদরুপে গ্রহণ করার বক্তব্যটুকু বাদে কেননা সহীহ বর্ণনায় এই অংশটুকু আসেনি।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 হাশরের ভয়াবহতা লক্ষ্য করে প্রত্যেকেই ভাববে আজ আমার মুক্তির নেই

📄 হাশরের ভয়াবহতা লক্ষ্য করে প্রত্যেকেই ভাববে আজ আমার মুক্তির নেই


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، وَهُوَ يَقْرَأُ: وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ (الزمر: ٦٧) فَيَقُولُ: يَأْخُذُ الْجَبَّارُ سَمَوَاتِهِ وَأَرَاضِيهِ بِيَدَيْهِ جَمِيعًا، ثُمَّ يَقْبِضُ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى، فَيَقُولُ: أَنَا الْجَبَّارُ، أَنَا الْمَلِكُ، أَنَا الْقُدُّوسُ، أَنَا السَّلَامُ أَنَا الْمُؤْمِنُ، أَنَا الْمُهَيْمِنُ، أَنَا الْعَزِيزُ أَنَا الْكَبِيرُ، أَنَا الْمُتَكَبِّرُ، أَنَا الَّذِي ابْتَدَأْتُ الْأَشْيَاءَ وَلَمْ يَكُنْ شَيْءٌ، أَنَا الَّذِي أُعِيدُهَا، فَأَيْنَ الْمُلُوكُ، وَأَيْنَ الْجَبَابِرَةُ؟ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَرِّكُ يَدَهُ يَقْبِضُهَا وَيَبْسُطُهَا وَهُوَ عَلَى الْمِنْبَرِ، فَيُرْجَفُ بِهِ حَتَّى نَقُولَ لِيَخِرَّنَّ بِهِ، ثُمَّ قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَوْمَ يَأْتِي لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ (هود : ١٠٥) وَكُلُّ نَبِيٌّ يَوْمَئِذٍ يَقُولُ: اللَّهُمَّ سَلَّمْ، اللَّهُمَّ سَلِّمْ.

হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত। আমি রাসূল ﷺ কে মিম্বরে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করতে শুনেছি- وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ অর্থ: আসমান ও জমিন তাঁর ডান হাতের মুঠোয় থাকবে।৬৯ তিনি বলেন, আল্লাহ তা'আলা আসমান ও জমিনকে তাঁর দুই হাতে নিবেন। অতঃপর এক হাতে অন্য হাতের উপর রেখে বলবেন, আমিই শক্তিশালী, আমিই রাজা, আমিই পবিত্র, আমিই নিরাপত্তা দানকারী, আমিই রক্ষক, আমিই পরাক্রমশালী, আমিই বড়, আমিই অহংকারী, আমিই সবকিছু সৃষ্টি করেছি, আমিই আবার সবকিছু ফিরিয়ে আনব। কোথায় আজ রাজা-বাদশাহরা? কোথায় আজ পরাক্রমশালীরা? রাসূল ﷺ একথা বলার সময় তাঁর হাত মুষ্টিবদ্ধ করছিলেন আর খুলছিলেন, এতে মিম্বর কাঁপতে শুরু করল, আমাদের মনে হলো তিনি পড়ে যাবেন। এরপর তিনি এই আয়াত পাঠ করলেন-
يَوْمَ يَأْتِي لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ
অর্থ: সেদিন যখন আসবে, তখন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। তাদের মধ্যে কেউ হবে হতভাগা আর কেউ হবে সৌভাগ্যবান। ৭০
প্রত্যেক নবীও সেদিন বলবেন, اللَّهُمَّ سَلِّمْ، اللَّهُمَّ سَلِّمْ হে আল্লাহ আমাকে রক্ষা করুন, হে আল্লাহ আমাকে রক্ষা করুন।

ٹکا:
৬৯. সূরা যুমার: আয়াত-৬৭
৭০. সূরা হুদ: আয়াত-১০৫

হযরত উমর রাযি. থেকে বর্ণিত— একবার তিনি মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন কা'ব আল-আহ্বার রহ. মানুষদের হাদীস শোনাচ্ছে। তিনি তাকে বললেন, হে কা'ব আমাদেরকে কিছু ভয়ের কথা শোনাও। কা'ব বললেন, আল্লাহর শপথ! আল্লাহ তা'আলা কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, যারা সৃষ্টির পর থেকেই দাঁড়িয়ে আছে। কখনো তারা সামান্যতমও ঝুঁকেননি। অপর কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, যারা সেজদারত আছে। কখনো মাথা তোলেননি। শিঙ্গায় ফুৎকার দেওয়া পর্যন্ত তারা এভাবেই থাকবেন। শিঙ্গা ফুৎকার দেওয়ার পর তারা সমস্বরে বলবেন, হে আল্লাহ! আপনার পবিত্রতা ঘোষণা করছি। আমরা আপনার যথাযথ ইবাদত করতে পারিনি, যেভাবে আপনার ইবাদত করা উচিত ছিল। ওই সত্ত্বার শপথ। যার হাতে আমার প্রাণ। নিশ্চয় জাহান্নাম কিয়ামতের দিন অতি নিকটে চলে আসবে এবং তার থাকবে কর্কশ আর্তনাদ। যখন সে নিকটে আসবে, তখন এমন এক ভয়ানক চিৎকার করে উঠবে যে, নবী ও শহীদসহ সকল মানুষ নতজানু হয়ে লুটিয়ে পড়বে। প্রত্যেক নবী সিদ্দীক ও শহীদগণ বলবেন, হে রব। আমি আপনার কাছে নিজের জন্যই প্রার্থনা করছি। ইব্রাহীম আ. পুত্র ইসমাঈল আ. ও ইসহাক আ.-এর কথা বিস্মৃত হবেন। বলবেন, হে রব! আমি আপনার বন্ধু ইব্রাহীম আ.। হে ইবনে খাত্তাব, তোমার সঞ্চয়ে যদি সত্তর জন নবীর আমলও থাকে, তবুই তুমি ভাববে যে, আজ রক্ষা নেই। তখন উপস্থিত লোকেরা সশব্দে কেঁদে উঠলেন।

ফন্ট সাইজ
15px
17px