📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 খেয়ানতের কারণে কবরের আযাব

📄 খেয়ানতের কারণে কবরের আযাব


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ، قَالَ: كَانَ رَجُلٌ يُقَالُ لَهُ كِرْكِرَةُ، وَكَانَ عَلَى ثِقَلِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَاتَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هُوَ فِي النَّارِ. فَذَهَبَ أَصْحَابُهُ يَنْظُرُونَ إِلَيْهِ فَوَجَدُوا عَبَاءَةً قَدْ غَلَّهَا.

আব্দুল্লাহ ইবনে শাকীক উকাইলী রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ﷺ-এর এক খাদেম ছিল যার নাম কিরকিরা। সে মারা গেলে রাসূল বললেন, সে জাহান্নামী। সাহাবাগণ তার কারণ অনুসন্ধান করতে গিয়ে পেলেন, সে একটি চাদর খিয়ানত করেছিল। ৫০

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَفَلَ مِنْ خَيْبَرَ وَنَزَلَ وَادِيَ الْقُرَى قَامَ غُلَامٌ لَهُ يَعْمَلُ عَمَلًا، فَأَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَقَتَلَهُ، فَقَالَ النَّاسُ : هَنِيئًا لَهُ الشَّهَادَةُ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَلَّا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ الشَّمْلَةَ الَّتِي غَلَّهَا يَوْمَ خَيْبَرَ لَتَلْتَهِبُ عَلَيْهِ نَارًا.

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ খায়বার যুদ্ধ থেকে ফিরে ওয়াদিয়ে কোরায় অবস্থান করছিলেন। এক গোলাম তাঁর কাজে ব্যস্ত ছিল, এরই মধ্যে একটি অজ্ঞাত তীর এসে তাকে আঘাত করে এবং সে শহীদ হয়ে যায়। লোকেরা বলল, তাকে মুবারকবাদ, সে শহীদ হয়েছে। রাসূল ﷺ বললেন, কখনোই না। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, খায়বারের যুদ্ধে খিয়ানত করা চাদরটি তার উপর আগুন হয়ে জ্বলছে। ৫১

টিকাঃ
৫০. সহীহ বুখারী: হাদীস-৩০৭৪; মুসনাদে আহমাদ: হাদীস-১৯৫১১।
৫১. সহীহ বুখারী: হাদীস-৪২৩৪; সহীহ মুসলিম: হাদীস-১১৫।

হযরত আব্দুল হামীদ বিন মাহমূদ রহ. থেকে বর্ণিত- তিনি বলেন, একদা আমি ইবনে আব্বাস রাযি.-এর নিকট বসা ছিলাম। ইত্যবসরে এক সম্প্রদায়ের লোকেরা তার নিকট উপস্থিত হয়। অতঃপর ঘটনা বর্ণনা করে, একদা আমরা হজের সফরে বের হলাম। আমাদের সঙ্গে জনৈক ব্যক্তি ছিল। যাতুস সাফাহ নামক স্থানে পৌঁছলে, সে মৃত্যুবরণ করে। আমরা তার কাফনের ব্যবস্থা করলাম। তার কবর খুঁড়লাম। কবরে দেখতে পেলাম, একটি কালো সাপ বসে আসে। ফলে এ স্থানটি বাদ দিয়ে অন্য আরেকটি কবর খুঁড়লাম। সেখানেও দেখতে পেলাম যে, কবর জুড়ে কালোসাপ বসে আছে। এটিও বাদ দিয়ে তৃতীয় আরেকটি কবর খুঁড়লাম। কিন্তু সেখানেও দেখতে পেলাম যে, একটি কালো সাপ কবর জুড়ে বসে আছে। সুতরাং আমরা তাকে এ অবস্থায় রেখে আপনার কাছে এসেছি।
ইবনে আব্বাস রাযি. বললেন, সাপটি হলো, তার কর্ম। সুতরাং তোমরা গিয়ে যে কোনো এক কবরে তাকে দাফন করে দাও। আল্লাহর শপথ! তোমরা যদি পুরো দুনিয়ার মাটিও খুঁড়ে ফেল, তাহলে এই একই দৃশ্য দেখতে পাবে। দাফনের পর তোমরা তার সম্প্রদায়ের নিকট এ সংবাদ পৌঁছে দাও।
অতঃপর আমরা পূর্বে খননকৃত কোনো কবরে দাফন করলাম। সফর শেষে মৃত ব্যক্তির জিনিস পত্র তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য তার পরিবারের সঙ্গে সাক্ষাত করি। তার স্ত্রীকে উক্ত ব্যক্তির কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে বলল, আমার স্বামী গমের ব্যবসা করত। প্রতিদিন পরিমাণমত গম নিতো। আর তার সমপরিমাণ মাটি ও ভূষির মিশ্রণ ঘটাত।
ইমাম সমরকন্দী রহ. বলেন, এ রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে, খেয়ানত কবরের আযাবের কারণ। উক্ত ঘটনায় লোকেরা যা দেখেছে, তা জীবিতদের জন্য শিক্ষাস্বরূপ যে, তারা খিয়ানত করবে না。

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 জমিনের প্রতিদিনের ঘোষণা

📄 জমিনের প্রতিদিনের ঘোষণা


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مُصَلَّاهُ، فَرَأَى نَاسًا كَأَنَّهُمْ يَكْشِرُونَ فَقَالَ: أَمَا إِنَّكُمْ لَوْ أَكْثَرْتُمْ ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ، يَعْنِي الْمَوْتَ لَشَغَلَكُمْ عَمَّا أَرَى، فَأَكْثِرُوا ذِكْرَ هَادِمِ اللَّذَّاتِ فَإِنَّهُ مَا مِنْ يَوْمٍ إِلَّا وَالْقَبْرُ يُنَادِي فِيهِ: أَنَا بَيْتُ الْغُرْبَةِ، وَأَنَا بَيْتُ الْوَحْدَةِ، وَأَنَا بَيْتُ الدُّودِ وَالْهَوَامِ، أَنَا بَيْتُ التُّرَابِ، وَإِذَا دُفِنَ الْعَبْدُ الْمُؤْمِنُ قَالَ لَهُ الْقَبْرُ: مَرْحَبًا وَأَهْلًا أَمَا إِنْ كُنْتَ لَأَحَبَّ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَيَّ فَإِذْ وُلِّيتُكَ الْيَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَتَرَى صَنِيعِي بِكَ. قَالَ فَيَتَّسِعُ لَهُ مَدَّ بَصَرِهِ، وَيُفْتَحُ لَهُ بَابٌ إِلَى الْجَنَّةِ. وَإِذَا دُفِنَ الْعَبْدُ الْفَاجِرُ أَوِ الْكَافِرُ قَالَ لَهُ الْقَبْرُ: لَا مَرْحَبًا وَلَا أَهْلًا أَمَا إِنْ كُنْتَ لَأَبْغَضَ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَيَّ فَإِذْ وُلِّيتُكَ الْيَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَتَرَى صَنِيعِي بِكَ. قَالَ فَيَلْتَئِمُ عَلَيْهِ حَتَّى تَخْتَلِفَ فِيهِ أَضْلَاعُهُ، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَصَابِعِهِ فَأَدْخَلَ بَعْضَهَا فِي جَوْفِ بَعْضٍ وَيُفْتَحُ لَهُ بَابٌ إِلَى النَّارِ، وَيُقَيِّضُ اللَّهُ لَهُ سَبْعِينَ تِنِّينًا لَوْ نَفَخَ أَحَدُهُمْ فِي الْأَرْضِ مَا أَنْبَتَتْ شَيْئًا مَا بَقِيَتِ الدُّنْيَا، فَيَنْهَشْنَهُ وَيَخْدِشْنَهُ حَتَّى يُفْضَى بِهِ إِلَى الْحِسَابِ.

হযরত আবূ সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত। একদিন রাসূল ﷺ ঈদগাহে প্রবেশ করে কিছু লোককে হাসতে দেখে বললেন, যদি তোমরা স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি করে স্মরণ করতে, তবে তোমরা এমন করতে না। সুতরাং তোমরা স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর। প্রতিদিন কবর ডেকে বলে, আমি প্রবাসের ঘর, আমি নির্জনতার ঘর, আমি পোকা-মাকড়ের ঘর, আমি মাটির ঘর। যখন কোনো মুমিন বান্দাকে দাফন করা হয়, তখন কবর তাকে বলে, তোমাকে স্বাগতম। আমার উপর যারা চলাফেরা করত তাদের মধ্যে তুমিই ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয়। আজ যখন তুমি আমার কাছে এসেছ, তখন দেখবে আমি তোমার সাথে কেমন আচরণ করি। অতঃপর তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। আর যখন কোনো কাফের বা ফাসেককে দাফন করা হয় তখন কবর তাকে বলে, তোমার জন্য কোনো শুভেচ্ছা নেই। আমার উপর যারা চলাফেরা করত, তুমি ছিলে তাদের মধ্যে আমার কাছে সবচেয়ে ঘৃণিত। আজ তুমি আমার কাছে এসেছ। আমি তোমার সাথে কেমন ব্যবহার করি, তুমি তা দেখতে পাবে। অতঃপর তার কবর তাকে এমনভাবে চাপ দিবে যে, তার এক পাশের পাজর অন্য পাশে ঢুকে যাবে। এরপর রাসূল ﷺ তাঁর হাতের আঙ্গুলগুলো একটিকে অপরটির মধ্যে প্রবেশ করিয়ে দেখালেন। অতঃপর জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ তার জন্য সত্তরটি বিষধর সাপ নিযুক্ত করবেন। সেগুলোর কোনো একটি যদি জমিনে নিঃশ্বাস ফেলত তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসল উৎপন্ন হতো না। সে সাপগুলো তাকে বিচার পর্যন্ত দংশন করতে থাকবে। ৫২

টিকাঃ
৫২. সুনানে তিরমিযী: হাদীস-২৪৬০; মুসনাদে আবী ইয়ালা: হাদীস-১০২৮; আল-মুজামুল আওসাত: হাদীস-৬২৭৩; ইমাম তিরমিযী হাদীসটিকে গরীব বলেছেন।

বলা হয়, জমিন প্রতিদিন মানুষকে পাঁচবার সম্বোধন করে বলতে থাকে। জমিন বলে-
১. হে আদমের সন্তান, তুমি আমার উপর হাঁটছ অথচ তোমার গন্তব্য আমার উদরে।
২. হে আদম সন্তান, তুমি আমার উপর নানা রঙের খাবার খাও অথচ আমার উদরে তোমাকে কীট পতঙ্গরা খাবে।
৩. হে আদম সন্তান, তুমি আমার উপরে বসে হাসছো অথচ অচিরেই আমার উদরে বসে তুমি কাঁদবে।
৪. হে আদম সন্তান, আমার উপর আনন্দ করছ অথচ অচিরেই আমার উদরে বসে তুমি দুঃখ পোহাবে।
৫. হে আদম সন্তান, আমার উপর তুমি গুনাহ করছ অথচ অচিরেই আমার উদরে শাস্তি ভোগ করতে হবে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 চোগলখোরী ও নামাযে অবহেলা কবরের আযাবের কারণ

📄 চোগলখোরী ও নামাযে অবহেলা কবরের আযাবের কারণ


فَقِيهٌ آخَرُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَمَّا رَأَيْتُ فِي الْمَنَامِ مَا يُعْرَضُ عَلَيَّ مِنْ أَمْرِ أُمَّتِي، رَأَيْتُ رَجُلًا قَدْ وَكَّلَ بِهِ مَلَكٌ مِنْ مَلَائِكَةِ الْعَذَابِ، فَجَاءَتْهُ الصَّلَاةُ فَاسْتَنْقَذَتْهُ مِنْ يَدِهِ، وَرَأَيْتُ رَجُلًا تَجْتَمِعُ عَلَيْهِ ظُلْمَةُ الْقَبْرِ فَجَاءَهُ الْوُضُوءُ فَأَنْجَاهُ مِنْ ذَلِكَ، وَرَأَيْتُ رَجُلًا تَنَاوَشُهُ زَبَانِيَةُ الْعَذَابِ فَجَاءَتْهُ صَدَقَتُهُ فَخَلَّصَتْهُ مِنْ أَيْدِيهِمْ، وَرَأَيْتُ رَجُلًا يَلْهَثُ عَطَشًا فَجَاءَهُ صِيَامُهُ فَسَقَاهُ، وَرَأَيْتُ رَجُلًا وَبَيْنَهُ وَبَيْنَ النَّبِيِّينَ حِجَابٌ، فَجَاءَهُ غُسْلُهُ مِنَ الْجَنَابَةِ فَأَخَذَ بِيَدِهِ فَأَجْلَسَهُ إِلَى جَنْبِي.

জনৈক ফকীহ থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, আমি আমার উম্মতের আমলগুলো স্বপ্নে দেখলাম। দেখলাম, এক ব্যক্তিকে আযাবের ফেরেশতা ধরে নিয়ে যাচ্ছে, ইত্যবসরে তার নামায এসে তাকে তার হাত থেকে মুক্ত করে নিয়ে গেল। এক ব্যক্তিকে দেখলাম কবরের অন্ধকারে সে নিপতিত, তার উযু এসে তাকে উদ্ধার করল। আরেক ব্যক্তিকে দেখলাম আযাবের ফেরেশতারা তাকে মারার জন্য ঘিরে ধরেছে, এমন সময় তার সদকা এসে তাকে মুক্ত করল। এক ব্যক্তিকে পিপাসার্ত অবস্থায় হাঁপাতে দেখলাম, তার রোযা এসে তাকে পানি পান করাল। আরেক ব্যক্তিকে দেখলাম নবীগণের এবং তার মাঝে একটি পর্দা রয়েছে, এমন সময় তার গোসল এসে তাকে আমার পাশে বসিয়ে দিল। ৫৩

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ ﷺ بِقَبْرَيْنِ فَقَالَ: إِنَّهُمَا لَيُعَذِّبَانِ، وَمَا يُعَذِّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، وَأَمَّا الْآخَرُ فَكَانَ لَا يَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ.

হযরত ইবনে আব্বাস রাযি. বলেন, রাসূল ﷺ একদা দু'টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন, এ কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। তাদেরকে এমন কোনো বড় গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না, যা থেকে বেঁচে থাকা অসম্ভব। তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, অপরজন চোগলখোরী করত। ৫৪

টিকাঃ
৫৩. জামেউল বায়ান আন তা'বীলি আয়িল কুরআন, তাবারী: ৮/১৪৮; তারীখে দামেশক: ৫৯/৩৯২; মুজামুল আওসাত: ৪/৩৫; হাদীসটি মুরসাল সহীহ।
৫৪. সহীহ বুখারী: হাদীস-২১৬; সহীহ মুসলিম: হাদীস-২৯২।

হযরত আমর বিন দীনার রহ. বলেন, মদীনার জনৈক ব্যক্তির বোন পার্শ্ববর্তী এলাকায় বসবাস করত। সে অসুস্থ হলে বোনের সেবা-শুশ্রূষা করার জন্য তার নিকট যেত। ইতোমধ্যে তার মৃত্যু হয়ে যায়। তার কাফনের ব্যবস্থা করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কাফন দাফন শেষে তার মনে পড়ল যে, কবরে সে একটি থলে ফেলে এসেছে। অতঃপর একজন সঙ্গী নিয়ে কবরে যায় এবং কবর খুঁড়ে থলে তুলে নেয়। সে সঙ্গীকে বলল, তুমি একটু সরে দাঁড়াও। দেখি আমার বোনের কী অবস্থা। সে কবরের ঢাকনা খুললে দেখতে পেল কবর জুড়ে আগুন ছড়িয়ে আছে। তৎক্ষণাৎ সে তা ঢেকে দেয়। অতঃপর তার মায়ের নিকট এসে বলে, বোনের কর্মকাণ্ড সম্পর্কে আমাকে অবহিত কর। মা বললেন, তোমার বোন সম্পর্কে আমাকে জিজ্ঞেস কর না। সে তো ধ্বংস হয়ে গেছে। তোমার বোন বিলম্বে নামায পড়তো এবং পূর্ণাঙ্গ পবিত্রতা ছাড়াই নামায আদায় করত। আর প্রতিবেশীরা ঘুমিয়ে পড়লে তাদের দরজায় কান লাগিয়ে গোপন কথা শুনত এবং তা অন্যখানে লাগাত। অর্থাৎ, সে চোগলখোরী করে বেড়াত। এটি কবরের আযাবের কারণ। সুতরাং কবরের আযাব, মুনকার নাকীরের প্রশ্ন এবং আল্লাহর যাবতীয় শাস্তি থেকে মুক্তির জন্য অবশ্যই চোগলখোরী ও পাপাচার পরিহার করতে হবে।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 দুনিয়া ও আখেরাতে অবিচলতার স্বরূপ

📄 দুনিয়া ও আখেরাতে অবিচলতার স্বরূপ


عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ فِي قَوْلِهِ تَعَالَى: يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ (إبراهيم: (۲۷) قَالَ: إِذَا سُئِلَ الْمُؤْمِنُ فِي قَبْرِهِ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ.

হযরত বারা ইবনে আযিব রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ আল্লাহ তা'আলার বাণী
يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ
অর্থ: আল্লাহ মুমিনদেরকে অবিচল রাখবেন দুনিয়া ও আখেরাতে। ৫৫
এ আয়াতের তাফসীরে তিনি বলেন, মুমিনকে যখন তার কবরে প্রশ্ন করা হবে তখন সে لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ এই সাক্ষ্য দিবে। এটাই হলো, আয়াতে উল্লিখিত কথা। ৫৬

টিকাঃ
৫৫. সূরা ইবরাহিম: আয়াত-২৭
৫৬. সহীহ বুখারী: হাদীস-৪৭৫০; সহীহ মুসলিম: হাদীস-২৮৭১।

আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন— يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ অর্থ: যারা মুমিন আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবন ও আখেরাতে দৃঢ় কথার মাধ্যমে মজবুত রাখবেন।

হযরত বারা বিন আযেব রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, মুসলমানকে যখন কবরে প্রশ্ন করা হয় আর সে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদ তার বান্দা ও রাসূল, এটিই হলো আল্লাহ তা'আলার বাণী— يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ অর্থ: বিশ্বাসীদেরকে আল্লাহ ইহকাল ও পরকালে শাশ্বত বাণী দ্বারা সুপ্রতিষ্ঠিত করেন।

যে ব্যক্তি মুমিন, ইখলাস সম্পন্ন এবং আল্লাহর প্রতি পূর্ণ অনুগত, তাকে তিন অবস্থায় দৃঢ় রাখা হবে। যথা—
• মুমিন বান্দার অবিচলতার তিনটি ক্ষেত্র রয়েছে। যথা— ১. মালাকুল মওতের উপস্থিতির সময়ে। ২. মুনকার নকীরের প্রশ্নের সময়। ৩. কিয়ামতের দিন হিসাব-নিকাশের সময়।
• মালাকুল মওতের উপস্থিতির সময় দৃঢ়তা তিনভাবে হয়— ১. কুফর থেকে বাঁচিয়ে তাওহীদের উপর অটল রাখার মাধ্যমে, যেন ইসলামে থাকাকালীন তার আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়। ২. ফেরেশতাগণ কর্তৃক তাকে রহমতের সুসংবাদের মাধ্যমে। ৩. তার পরবর্তী আবাস জান্নাতে দেখানোর মাধ্যমে।
• কবরে দৃঢ়তাও তিনভাবে হয়— ১. প্রশ্নোত্তরকালে আল্লাহ তার অন্তরে সঠিক উত্তর ঢেলে দিবেন, ফলে সে তার রবের পছন্দসই জবাব দিবে। ২. ভয়-ভীতি ও বিভ্রম দূর করা হবে। ৩. জান্নাতে তার ঠিকানা দেখতে পাবে। ফলে তার কবর জান্নাতেরই একটি উদ্যানে পরিণত হবে।
• হিসাব নিকাশের সময় দৃঢ় রাখাও তিনভাবে হবে— ১. তাকে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নের উত্তর তার অন্তরে ঢেলে দেওয়া হবে। ২. হিসাবকে তার জন্য সহজ করে দেওয়া হবে। ৩. তার গুনাহ ও ভুলসমূহ মুছে দেওয়া হবে।
• আরেক বর্ণনা মতে দৃঢ় রাখা চার সময়ে হবে— ১. মৃত্যুকালে। ২. কবরে, যাতে সে নির্ভয়ে প্রশ্নের উত্তর দিতে পারে। ৩. হিসাবকালে। ৪. পুলসিরাতে, যাতে সে বিদ্যুৎ চমকের মতো তা পার হতে পারে।

টিকাঃ
৭১. সূরা ইবরাহীম: আয়াত-২৬

ফন্ট সাইজ
15px
17px